
সন্ত্রাসীরা গত বুধবার প্রাণঘাতী হামলা চালানোর জন্য ইরানের সংসদ ভবন ও ইসলামি রিপাবলিক অব ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির মাজার বেছে নিয়ে কিন্তু ১৯৭৯ সালের বিপ্লবের সবচেয়ে শক্তিশালী দুটি প্রতীকে আঘাত করল। সাধারণ ইরানিরা সম্প্রতি এ ধরনের সন্ত্রাসী হামলার আওতার বাইরে ছিল। ফলে এই হামলায় তারা মারাত্মক ধাক্কা খেয়েছে।
দৃশ্যত হামলা দুটি সমন্বিত ছিল। ইরানের কট্টরপন্থী ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে। তো এই অভিযোগের সত্যাসত্য যা-ই হোক না কেন, সম্ভবত এর রাজনৈতিক প্রভাব ইরান ছাড়িয়ে আরও বহুদূর পর্যন্ত অনুভূত হবে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের সুন্নি মুসলিম রাজতন্ত্রের সঙ্গে ইরানের দ্বন্দ্ব সৃষ্টি হবে। ইসলামিক স্টেট দ্রুতই এই হামলার দায় স্বীকার করেছে। এটা যদি সত্য হয়, তাহলে বলতে হয়, এরা নিজেদের প্রধান শিয়া শত্রুর ঘরে বিভাজনমূলক এলোপাতাড়ি সন্ত্রাস রপ্তানি করতে পেরেছে।
যে মাজারে আজ থেকে ঠিক ২৮ বছর আগে ১৯৮৯ সালের ৬ জুন খোমেনিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে, সেটা এক বড় কমপ্লেক্স। তেহরানের দক্ষিণাঞ্চলের আকাশ থেকে এটিই সবচেয়ে বেশি দৃশ্যমান। প্রতি বছর লাখ লাখ ইরানি এর বড় বড় হল দেখতে আসে। তারা এটাকে মাজার মনে করেই আসে।
তবে শহরের কেন্দ্রের দুর্গসদৃশ মজলিশ (সংসদ) ভবনের মতো এখানকার নিরাপত্তা অতটা শক্তিশালী নয়। এই ঘটনার পর পরিস্থিতি বদলে যাবে। লিংকন মেমোরিয়াল উড়িয়ে দেওয়া হলে মার্কিনদের মনে যে অনুভূতি হতো, খোমেনির সমাধিসৌধে হামলা ইরানিদের মনে একই অনুভূতি সৃষ্টি করেছে। আইএস হামলার যে দায় স্বীকার করেছে, তা যদি সত্য হয়, তাহলে তারা এই প্রথমবারের মতো সফলভাবে ইরানের কেন্দ্রে হামলা করতে সক্ষম হলো। খবর আছে, তারা এর আগে বেশ কয়েকবার হামলার চেষ্টা করেছে।
আইএস ইরানি বাহিনী এবং তার সিরিয়া ও ইরাকি মিত্রদের সঙ্গে আদর্শিক ও সামরিক যুদ্ধ শুরু করেছে। গত মার্চ মাসে আইএস এক ভিডিও বার্তায় ঘোষণা দেয়, ‘ইরান দখল করে আগের মতো সুন্নি মুসলমানদের হাতে তুলে দেওয়া হবে।’ জিহাদিরা দাবি করে, ইরানের ধর্মীয় নেতা ও তাদের পারসিক রাজপরিবারের পূর্বসূরিরা কয়েক শতক ধরে সুন্নিদের নির্যাতন করছে।
ইরানের শান্ত দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশে যে জঙ্গিগোষ্ঠীগুলো আছে, তাদের মধ্যে অনেকেই স্বাভাবিকভাবে আইএসের মিত্র। এসব অঞ্চলে বিপুলসংখ্যক সুন্নির বসবাস। ২০১০ সালে জুনডালা নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত সুন্নি চরমপন্থীরা এই প্রদেশের একটি মসজিদে ৩৯ জন মানুষকে হত্যা করেছিল। সংখ্যালঘু কুর্দি গোষ্ঠী ও নৃতাত্ত্বিকভাবে আরব জনগোষ্ঠী উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছোটখাটো হামলা চালায়।
আইএসের স্বঘোষিত রাজধানীর আসন্ন পতনের পরিপ্রেক্ষিতে এই হামলাকে দেখতে হবে। ইরান-সমর্থিত ইরাকি ও সিরীয় বাহিনী এবং তার সঙ্গে মার্কিন ও ব্রিটিশ-সমর্থিত কুর্দি বাহিনী মসুল ও রাকায় আইএসের ঘাঁটির দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে। এই চাপে পড়ে আইএস অনুসারীদের আহ্বান জানিয়েছে, যেখানে শত্রু আছে, সেখানেই হামলা চালাতে হবে। সম্প্রতি ম্যানচেস্টার, লন্ডন, কাবুল, বাগদাদ ও দক্ষিণ ফিলিপাইনের মারাওই অঞ্চলে যে হামলা হলো, তা এই তরিকায় পড়ে। অর্থাৎ নানা জায়গায় ছড়িয়ে পড়ে হামলা চালানো।
ইরানের রক্ষণশীল নেতা ও ভাষ্যকারেরা রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সুর মিলিয়ে এই হামলার সঙ্গে সৌদি আরব ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততা খুঁজে পাবেন। কারণ, ২০০০-এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন ইরানকে অস্থিতিশীল করার জন্য ইরানের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে যে অর্থ দিত, সেই ইতিহাস কিন্তু ইরানিরা ভোলেনি। এর যথেষ্ট প্রমাণ আছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র যে পিপলস মুজাহিদিন অব ইরানকে প্রায়ই সহায়তা দিত, সেটা কিন্তু অনানুষ্ঠানিক নয়। এই গোষ্ঠীকে একসময় সাদ্দাম হোসেন সমর্থন দিতেন।
এখন প্রশ্ন হচ্ছে, ইরানের প্রতি ট্রাম্পের প্রকাশ্য বৈরিতার মধ্য দিয়ে কি অতীতের অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াসের পুনরাবৃত্তি ঘটছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে সীমিত সম্পর্ক রাখার নীতি নিয়েছিলেন। কিন্তু ট্রাম্প সেটা উল্টে দিয়ে গত মাসে ইরানকে আক্রমণে বিদ্ধ করেছেন। রিয়াদ সফরে গিয়ে তিনি দাবি করেন, ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, তেহরান পৃথিবীর সবচেয়ে বড় ‘গোষ্ঠীগত দ্বন্দ্ব ও সন্ত্রাস’ রপ্তানিকারক।
সৌদি আরবের বাদশাহ সালমান ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তারা ‘বৈশ্বিক সন্ত্রাসবাদের নেতৃত্ব দিচ্ছে’। ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প ইরানের সঙ্গে সেই বিখ্যাত পারমাণবিক চুক্তি ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন। সৌদি আরবের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করে ট্রাম্প ঢোল পিটিয়েছেন। আর এ সপ্তাহে তিনি সৌদি আরব কর্তৃক কাতারকে কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে একঘরে করার নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতার একাই ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। এতে আঞ্চলিক নেতারা আসন্ন যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন।
ইরানের নেতারা ট্রাম্পের অভিযোগ খারিজ করতে সময় নেননি। তাঁরা বলেন, রিয়াদ আইএসের সবচেয়ে বড় সমর্থক। তাঁরা এ-ও বলেছেন, ইরাকের জিহাদিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে লড়াই করছে।
ইরান উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর মতো নয়, তার একটি আধা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আছে। দেশটিতে সংসদ ও নির্বাচিত প্রেসিডেন্ট আছে। ফলে তাকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ আখ্যা দেওয়াটা ঠিক হয় না। মনে হয়, এই গণতান্ত্রিক ইরান যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও আইএসের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। আর সে কারণেই তারা খেপে গেছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
সাইমন টিসডাল: দ্য গার্ডিয়ান-এর সহকারী সম্পাদক।