এমনিতেই তুরস্কের অধিকাংশ পত্রিকা ও টেলিভিশনের ওপর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কার্যত প্রভাব থাকলেও তিনি এটা যথেষ্ট মনে করেননি। ফলে গত শুক্রবার তিনি স্বৈরাচারী শাসকের জোশ নিয়ে আমাদের পত্রিকা টুডেস জামান ও তার মূল পত্রিকা তুর্কি ভাষায় প্রকাশিত জামান দখল করে নেন। এ দুটি পত্রিকা ছিল তুরস্কের স্বাধীন পত্রিকাগুলোর অন্যতম, আর ইংরেজি টুডেস জামান ছিল কূটনীতিক, একাডেমিক ও বিদেশিদের খবরপ্রাপ্তির নির্ভরযোগ্য সূত্র।
শুক্রবার সরকার-নিয়ন্ত্রিত একটি আদালত পত্রিকাটির নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্য কয়েকজন ট্রাস্টিকে নিয়োগ দেন, যেটা আসলে একরকম রাজনৈতিক আক্রমণ। মধ্যরাতে দাঙ্গা পুলিশ আমাদের ইস্তাম্বুল সদর দপ্তরে জোর করে প্রবেশ করলে মানুষ রাস্তায় বিক্ষোভ করে, তাদের ঠেকাতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
কর্তৃপক্ষ নানা রকম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে জোর করে আমাদের কার্যালয়ের লোহার ফটক খুলে ফেলে। পরের দিন আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই পালাবদল নিয়ে আমাদের কর্মীরা এক ক্রোড়পত্রের কাজ করছিলেন, সেটা ঠেকাতেই তারা আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপর সরকার আমাদের সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ডিজিটাল অভিলেখাগার ধ্বংস করে দেয়।
আমাদের কার্যালয়ে হামলার কয়েক ঘণ্টা পর আমাদের প্রধান ফটকের বাইরে এক পুলিশ কর্মকর্তা ধূমপান করছিলেন। আমি তাঁকে বলি, ‘এখানে ধূমপান বারণ।’ তিনি উত্তর দিলেন, ‘এখন আর সেই বারণ নেই।’ তাঁর এই উত্তর থেকে একটা বোঝা যায়, তুরস্কে এক বড় পরিবর্তন ঘটে গেছে। আইনের শাসন যে শেষ হতে বসেছে, এটা তার অশনিসংকেত।
তুরস্কের ২০ জনের অধিক সাংবাদিক এখন কারাগারে রয়েছেন, পরিস্থিতি যথেষ্ট খারাপ। কিন্তু এই শুক্রবারটা স্মরণীয় হয়ে থাকবে, যেদিন গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরও বড় সীমাবদ্ধতা আরোপ করা হলো। এটা সংবিধানের একদম ঘোরতর লঙ্ঘন। গত নভেম্বরে তুরস্কের দুজন বিশিষ্ট সাংবাদিক কান দুনদার ও এরদেম গুলকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করে—এমন তথ্য ছাপার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে সাংবিধানিক আদালত যখন রুল দিলেন তাঁদের অধিকার লঙ্ঘন করা হয়েছে, তখন তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাঁদের বিচার এখনো চলছে। আর তাঁরা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে সম্ভবত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ওদিকে প্রেসিডেন্ট এরদোয়ান বলে দিয়েছেন, যে আদালতের সিদ্ধান্তে তাঁরা ছাড়া পেয়েছেন, সেই সিদ্ধান্তের প্রতি তাঁর ‘শ্রদ্ধা নেই’।
এই চাপটা সাম্প্রতিক ব্যাপার নয়। ২০১৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংস্থা জামান-এর তৎকালীন সম্পাদক একরেম দুমানলিকে গ্রেপ্তার করে, সেটা ছিল সরকারবিরোধীদের গ্রেপ্তার করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। আমার আগের সম্পাদক বুলেন্ত কেনেসকে টুইটারে সমালোচনামূলক মন্তব্য করার জন্য গত অক্টোবরে গ্রেপ্তার করা হয়। ওদিকে গত বছর আমার টুইটে অন্য আরেকজন এক মন্তব্য করলে আমাকে কারাদণ্ড দেওয়া হয়, যদিও সেটা পরবর্তীকালে স্থগিত করা হয়।
আমাদের প্রেসিডেন্ট কেন আমাদের বিরুদ্ধে লাগলেন? আদালতের নির্দেশ অনুসারে, এই সংবাদপত্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা ‘সন্ত্রাসবাদী প্রচারণা’ চালিয়ে সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করছে। সরকারের সমালোচকদের কণ্ঠ স্তব্ধ করার জন্য এটা খুবই প্রচলিত এক অভিযোগ।
অতীতে জামান ও টুডেস জামান এরদোয়ানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পশ্চিমঘেঁষা নীতি সমর্থন করত। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার জন্য তারা যে সংস্কারের চেষ্টা করেছিল, তার প্রতিও সমর্থন জানিয়েছিল আমাদের পত্রিকা। তবে এই দশকের শুরু থেকে এরদোয়ান ও তাঁর দল ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠছে। ২০১৩ সালে গেজি পার্কের গাছ কাটা ও সেখানে শপিং মল বানানোর প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের কথাই ভাবুন, পুলিশ কী নির্দয়ভাবে সেটা মোকাবিলা করেছিল। এই প্রতিবাদের খবর সারা পৃথিবীতেই প্রচারিত হয়েছে। তবে তুরস্কের অটল পশ্চিমা মিত্ররা এর সমালোচনা করেছিল।
২০১৪ সালের মার্চে এরদোয়ান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি সব ভিন্নমত রুদ্ধ করার জায়গায় চলে গিয়েছিলেন, যখন তিনি ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি টুইটারকে সমাজের সবচেয়ে বাজে ব্যাপার হিসেবে আখ্যা দিয়েছিলেন।
আসল নিপীড়ন শুরু হয় ২০১৩ সালে। তখন দুটি দুর্নীতির তদন্তের ফলাফল হিসেবে দুজন মন্ত্রীকে জোর করে বিদায় দেওয়া হয়েছিল। মানুষের দৃষ্টি দুর্নীতি থেকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এরদোয়ান সমালোচকদের সম্পর্কে বললেন, তাঁরা তুর্কি ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেন ও তাঁর হিজমেত আন্দোলনের অংশ হিসেবে এসব করছেন, যার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে তাঁকে উৎখাত করা। ব্যস, আমলা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, মানবতাবাদী ও সাধারণ মানুষের মধ্যে চর খোঁজা শুরু হয়ে গেল।
আমাদের পত্রিকায় গুলেনের ধর্মীয় বাণী ছাপা হলো, যদিও পত্রিকার মালিকের সঙ্গে গুলেনের আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। তা সত্ত্বেও আদালতের যে রায়ে জামান ও টুডেস জামান জব্দ করা হলো, তাতে প্রমাণ ছাড়াই বলা হলো, এই গুলেন আমাদের পত্রিকা নিয়ন্ত্রণ করেন। আমজনতার মতো আমাদের অনেক সহকর্মীই গুলেনের শান্তিপূর্ণ প্রচারণা ও বাণী বিশ্বাস করেন, কিন্তু তিনি এঁদের সবাইকে নিয়ন্ত্রণ করেন—এ কথা বলার অর্থ হলো এই মানুষদের বিচার-বিবেচনা খাটো করে দেখা।
টুডেস জামান-এর সম্পাদক হিসেবে হয়তো এটিই আমার শেষ লেখা। কারণ, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরদিন তারা মূল নিবন্ধ হিসেবে একটি সরকারপন্থী লেখা ছাপিয়েছে। পত্রিকাটিকে তারা সরকারের মুখপত্র বানিয়ে ফেলতে চায়, কিন্তু আমি তার প্রতিবাদ করেছি। এখন সারা পৃথিবীর উচিত এরদোয়ানকে এ কথা বলা যে বাপু ঢের হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন ওই দুই সাংবাদিকের প্রতি সমর্থন জানানোর পর দুনদার ও গুলের বিষয়ে আদালত যে রুলিং দিয়েছেন, তাতে দেখা গেল, তুরস্কের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনো নিয়ন্ত্রণ আছে। পশ্চিম যদি স্রেফ গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ব্যবসা ও আঞ্চলিক চুক্তির স্বার্থে চোখ বুজে থাকে, তাতে ক্ষণিকের প্রয়োজন মিটতে পারে। কিন্তু তারা যদি এরদোয়ানের কর্তৃত্বপরায়ণতার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয়, তাহলে তারা এক স্থিতিশীল মিত্র হারাবে, যারা কিনা মুসলমান দেশগুলোর মধ্যে এক বিরল গণতান্ত্রিক দেশ।
দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
* সেভিগি আকারজেসমে: তুরস্কের টুডেস জামান পত্রিকার সম্পাদক।