রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি যে তুরস্কের স্বপ্ন দেখেন, সেটা দেশটির বর্তমান গতিধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রোববারের ভোটের পর মনে হচ্ছে, উভয়ই এখন সামঞ্জস্যপূর্ণ অবস্থানে চলে এসেছে। গণভোটের পরদিন দেশটির জনগণ এক নতুন তুরস্ক দেখবে, যে তুরস্ক প্রেসিডেন্টের হাতে নতুন ক্ষমতা তুলে দিয়েছে।
তুরস্কের যে রুগ্ণ গণতন্ত্র থেকে একনায়কত্বে উত্তরণ ঘটল, তা জনগণের ইচ্ছাতেই সম্পন্ন হলো। যে মানুষটি ১৯৯৬ সালে ঘোষণা দিয়েছিলেন, ‘গণতন্ত্র আমাদের লক্ষ্য নয়, একধরনের হাতিয়ার’, তাঁর হাতে তুরস্কের জনগণ একনায়কতন্ত্র তুলে দিল। তবে ভোটের ব্যবধান এরদোয়ানের আশার চেয়ে অনেক কম। ফলে জনগণ প্রকৃত অর্থেই তাঁকে এই একনায়কত্ব চালানোর রায় দিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
গত বছরটা তুরস্কের শতাব্দীকালের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ও হতবুদ্ধিকর ছিল। ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা, সন্ত্রাস ও ক্ষয়িষ্ণু বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে এরদোয়ান সুযোগ পেয়ে যান, যদিও তিনি নাগরিক অধিকার হরণের চেষ্টা করে আসছিলেন।
গত জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পরই এরদোয়ান ঘোষণা দেন, অবরুদ্ধ দেশ ও অরক্ষিত মানুষকে রক্ষা করার জন্য তিনিই একমাত্র যোগ্য শাসক। আদালত, সামরিক বাহিনী, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, নাগরিক সমাজকেও গোনার দরকার নেই। নতুন আইনে তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ান সব নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন। বিচারক ও সরকারি কৌঁসুলি নিয়োগ ও বরখাস্ত, মন্ত্রিসভা গঠন, প্রধানমন্ত্রীর পদ বিলুপ্তকরণ, সংসদের ভূমিকা আইন সংশোধনের মধ্যে সীমিত রাখাসহ আরও অনেক ক্ষমতার অধিকারী হবেন তিনি।
আইন পাস হলে ক্ষমতার বিভাজন বলে কিছু থাকবে না। সংসদীয় নিরীক্ষার জায়গায় এক ব্যক্তির মতই প্রধান হয়ে উঠবে, যিনি বর্তমান মেয়াদ ছাড়াই দুবার পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হতে পারবেন। আর সংসদ যদি তাঁর দ্বিতীয় মেয়াদের সময় আগাম নির্বাচন করে, তাহলে তিনি তৃতীয়বারের মতো নির্বাচন করতে পারবেন। এতে ২০৩৪ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, ইতিমধ্যে ১৪ বছর দায়িত্ব পালনের পরও।
এর মধ্য দিয়ে তুরস্কের রাষ্ট্রকাঠামোর পুনর্গঠন ছাড়াও দেশ পরিচালনায় ব্যক্তিচর্চার ধারা গড়ে উঠবে। মানুষকে বিশ্বাস করানো শুরু হয়েছে যে তারা কাছের ও দূরের শক্তির মারাত্মক হুমকির মুখে। গণমাধ্যমকে কোণঠাসা করে কাজটা অনেক সহজ হয়েছে। শত্রুর তালিকাও বড় করা যাচ্ছে। যারা বিপরীত মত দিচ্ছে, তাদের স্তব্ধ করে দেওয়া হচ্ছে।
আঙ্কারা বহুদিন ইউরোপের সঙ্গে দেনদরবার করেছে। এখন সেই ইউরোপকে তারা সন্দেহের চোখে দেখে। হোয়াইট হাউস ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃহৎ অর্থে তারা নাশকতামূলক শক্তি হিসেবে দেখছে, কারণ গত জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের কথিত হোতা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে তারা তুরস্কের হাতে তুলে দেয়নি।
গত জানুয়ারিতে তুরস্কের ৮০ জনের বেশি সাংবাদিক ও ১৫০ গণমাধ্যমকর্মী কারাগারে ছিলেন। পৃথিবীর আর কোনো দেশে এত গণমাধ্যমকর্মী কারাগারে নেই। গণভোটের আগে দেশটির শীর্ষ সাংবাদিকেরা ব্যাপক চাপে ছিলেন। এরদোয়ান তাঁদের চাপ দিয়েছেন, যাতে তাঁরা ‘হঁ্যা’-এর পক্ষে সমর্থন জানান।
গণভোটে এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধি ছাড়া আরও একটি ভয় ছিল, তিনি যদি জনগণের রায় না পেতেন, তাহলে কী হতো। দেখা গেল, ইস্তাম্বুল ও আঙ্কারায় ‘হঁ্যা’ ভোট হেরেছে। আবার শহুরে রক্ষণশীলেরা প্রত্যাশামাফিক সমর্থন দেয়নি। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একেপি) পার্টির নিচের স্তরের নেতা-কর্মীদের মধ্যে রোববার রাতে উচ্ছ্বাস দেখা যায়নি; বরং মানুষের মধ্যে এমন একটা ধারণা ছিল যে এরদোয়ান হয়তো যথেষ্ট করেননি। স্বল্প ব্যবধানের জয় নিশ্চয়তা সৃষ্টি না করে দল ও দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে। দেশের বিপুলসংখ্যক মানুষ নেতৃত্বের ব্যাপারে ইতিমধ্যে অসন্তুষ্ট বা দোদুল্যমান। তুরস্কের অনেকের কাছেই জীবনের অর্থ শুধু বেঁচে থাকা।
২০১৫ সালের নির্বাচনকে এরদোয়ানের অ্যাজেন্ডার বৈধকরণ হিসেবে দেখা হয়। এই গণভোট সরাসরি এরদোয়ানের রায় না হলেও অনেকেই সে রকম মনে করেন। আর দলের ভেতরে সমর্থন কমে যাওয়া মানে বাড়াবাড়ির জন্য মানুষটির গালে থাপ্পড় দেওয়ার মতো। ইসলামি মনোভাবাপন্ন রক্ষণশীল দল একেপি সম্প্রতি আত্মানুসন্ধান শুরু করেছে। কারণ, দলটির কিছু প্রতিষ্ঠাতা সদস্য এর বর্তমান মূল্যবোধ ও গতিধারার সঙ্গে ১৬ বছর আগের ধারা মেলাতে পারছেন না।
অন্যদিকে এরদোয়ান বিশ্বদরবারে স্বস্তি খুঁজতে পারেন। কারণ, রাশিয়া, ফিলিপাইন, মিসর ও আরবের একনায়কেরা এবং ওয়াশিংটনের লৌহমানব বেশ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অস্তিত্বের ঘোষণা দিচ্ছেন। এক আরব নেতা বলেছেন, এরদোয়ান তাঁদের মতো হতে পারেন। তিনি ভ্লাদিমির পুতিনকে দেখে তাঁর মতো হতে চান। তুরস্ক রাশিয়ার চেয়েও বেশি তেজি। এখন পর্যন্ত তিনি শুধু অনিশ্চয়তাই সৃষ্টি করেছেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
মার্টিন চুলভ: দ্য গার্ডিয়ানের মধ্যপ্রাচ্যবিষয়ক সাংবাদিক।