প্রতিটি দিন যখন আগের দিনের চেয়ে উদ্বেগজনক হয়ে ওঠে, অনিশ্চয়তা যখন গতকালের চেয়েও গভীর হয়, আশঙ্কা যখন সম্ভাবনাকে পরাজিত করে, তখন মানুষের মনে এই প্রশ্নই বড় হয়ে ওঠে—এরপর কী হবে? বাংলাদেশের এখনকার অবস্থা এর থেকে ভিন্ন কিছু নয়, কোনো বিবেচনায়ই ব্যতিক্রম নয়। সরকার, সরকারি দল ও সরকার-সমর্থকেরা যতটা উচ্চ স্বরেই বলুক না কেন যে পরিস্থিতি স্বাভাবিক, দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে একে স্বাভাবিক মনে করার মতো কারণ নেই। প্রতিদিন যে মানুষগুলোর প্রাণহানি ঘটছে, তাদের পরিবার-পরিজনকে জিজ্ঞেস করলে নিশ্চয় তারা বিরাজমান অবস্থাকে স্বাভাবিক বলে বর্ণনা করবে না। সন্তানকে বুকে জড়িয়ে ধরে যে জননী আগুনে পুড়ে ছাই হয়ে গেছেন, পিকেটারের হামলায় যে মানুষটি মারা গেছেন কিংবা যাঁরা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, তাঁদের পরিবার নিশ্চয় এ অবস্থাকে সরকারের ভাষ্যের সঙ্গে সংগতিপূর্ণ মনে করবে না।
নিরাপত্তা বাহিনীর পাহারায় আন্তজেলা যানবাহন চলাচলের ছবি স্বাভাবিকতার দাবিকে সমর্থন করে না। ২২ জেলায় স্থানীয় প্রশাসনের অনুরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার নির্দেশ নিশ্চয় প্রতিদিন ঘটে না। সরকারের সমর্থক ও মন্ত্রিসভার অংশীদার একটি দলের একজন শীর্ষনেতা ও ‘আইনপ্রণেতা’ যখন একটি প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের গুলি করে হত্যা করার জন্য ‘আইনশৃঙ্খলা’ বাহিনীর প্রতি আহ্বান জানান (বা নির্দেশ দেন), তখন এ কথা বলার অপেক্ষা রাখে না যে দেশে একটি সংকট তৈরি হয়েছে। তা অস্বীকার করার মধ্যে আত্মম্ভরিতা থাকতে পারে, আত্মতৃপ্তিও থাকতে পারে, কিন্তু এগুলো সমাধানের পথ তৈরি করে না। এই অনিশ্চয়তার কারণেই সাধারণের মনে প্রশ্ন ওঠে—এরপর কী হবে? ৩ জানুয়ারি রাত থেকে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা প্রতিদিন উন্নতির বদলে অবনতির দিকেই যাচ্ছে। এর জন্য সরকার, বিরোধী দল ও তাদের সমর্থকেরা পরস্পরের দিকে আঙুল তুলতে পারে। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করা, দলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া, নেতাদের আটক করা এবং দলটিকে সভা-সমাবেশ করতে না দেওয়ার কারণেই যে সাম্প্রতিক এই পরিস্থিতির সূচনা হয়েছে, তা অস্বীকার করলেই অবস্থার বদল ঘটবে না। আমরা এ-ও জানি যে এগুলো সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আশু উৎস, কিন্তু মূল উৎস কোথায়, তা কারও অজানা থাকার কথা নয়।
২০১৩ সালের শেষ দিকে সংঘাত ও সহিংসতার কারণে নাভিশ্বাস ওঠা সাধারণ মানুষ যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের অব্যবহিত পরে আর রাজনৈতিক অস্থিরতা চায়নি, সংখ্যাগরিষ্ঠের অংশগ্রহণ ব্যতিরেকে অনুষ্ঠিত নির্বাচন মেনে নিয়েছিল, তার একটা কারণ এই যে তারা একে সাময়িক ব্যবস্থা বলেই বিবেচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১৯ ডিসেম্বর ২০১৩ সালের এই বক্তব্যকে সমাধানের ইঙ্গিত বলে বিবেচনা করেছিলেন যে ‘সমঝোতায় আসলে দশম সংসদ ভেঙে দিয়ে সংবিধান অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে’, প্রধানমন্ত্রী এ-ও বলেছিলেন যে ‘আলোচনা চলতে থাকবে’। ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী নির্বাচনের পর অবস্থান বদলেছেন। কিন্তু সাধারণ মানুষের মনে এই আশা ছিল যে এক-দেড় বছরের মধ্যেই এ বিষয়ে ‘আলোচনা’ হবে এবং অগ্রগতির লক্ষণ দেখা যাবে।
বিরোধী দল হিসেবে বিএনপি সম্ভবত সেই প্রত্যাশা থেকেই ২০১৪ সালে কোনো রকম উত্তেজনা সৃষ্টির পথে এগোতে চায়নি। দলগতভাবে তাদের সাংগঠনিক অবস্থাও সরকারবিরোধী আন্দোলন তৈরির অনুকূলে ছিল না। জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের প্রশ্ন থেকে শুরু করে দলের নেতাদের বক্তব্য ও কিছু নেতার ভূমিকা পর্যন্ত অনেক বিষয়েই দলটিকে প্রতিকূল জনমতের মুখোমুখি হতে হয়েছে। দলগতভাবে বিএনপি পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের উপায় বিষয়েও তার অবস্থান স্পষ্ট করতে পারেনি। এ সময় সাধারণ মানুষের দাবিদাওয়া বা সংকটে যে নেতৃত্ব দিতে পেরেছে বা তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে, সে দাবিও তারা করতে পারবে না। অন্যদিকে ‘আন্দোলনের সময়সূচি’ নিয়ে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যকে ব্যঙ্গ-বিদ্রূপ করতে সরকারি দলের নেতারা যেমন, তেমনি সাধারণ মানুষও পিছপা হয়নি।
কিন্তু তার পরও ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার কারণ কী থাকতে পারে, তা বোধগম্য নয়। সেই থেকে অবস্থার অবনতি ঘটতে শুরু করে। বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিয়ে এই সমাবেশের আয়োজন করেছিল, এমন মনে করার পক্ষে সমর্থন মেলে না, যখন দেখা যায় যে অপরিকল্পিতভাবেই খালেদা জিয়া অবরোধ কর্মসূচি ঘোষণা করেন এবং এর পরবর্তী পদক্ষেপ কী হবে, এ বিষয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত তিনি বা তাঁর দল দিতে পারছে না। কিন্তু এই অবরোধকে কেন্দ্র করেই এখন সহিংসতার ঘটনা ঘটছে। ফলে ঘটমান সহিংসতার দায় বিএনপির ওপরেই এসে পড়ছে। বিএনপি না চাইলেও যেমন এর দায় অস্বীকার করতে পারবে না, তেমনি এই পরিস্থিতি অবসানে রাজনৈতিক পদক্ষেপ না নেওয়ার এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ব্যর্থতার দায় সরকারের। কেবল উচ্চকণ্ঠে বিরোধী দলকে দায়ী করে সরকার পার পেতে পারে না। শক্তি প্রয়োগের হুমকি ও শক্তি প্রয়োগের ফলে পরিস্থিতি ক্ষমতাসীনদের অনুকূলে আসবে বলে যারা ধারণা করছে, তারা নাগরিকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিচ্ছে বলে মনে হয় না। এটি গণতান্ত্রিক আচরণ বলে গণ্য হতে পারে না।
গত কয়েক দিনে সংঘটিত ঘটনাবলি, যার পরিণতিতে কমপক্ষে ২২ জন মানুষকে প্রাণ দিতে হয়েছে এবং অবস্থা যে উত্তরোত্তর খারাপ হচ্ছে, তা দেখেই এই প্রশ্ন ওঠে যে এরপর কী হবে? আজকের ঘটনাই যে চূড়ান্ত নয়, আগামীকাল যে আরও দুঃসংবাদ বয়ে আনবে, এ ভেবে কমবেশি সবাই শঙ্কিত। আমার এক বন্ধুর ফেসবুকে মন্তব্য এ প্রসঙ্গে যথাযথ: ‘নিজ দায়িত্বে নিরাপদে থাকুন।’ কিন্তু তার চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো এই যে সহিংস ঘটনা ঘটছে, তার ওপর আদৌ কারও নিয়ন্ত্রণ আছে কি না। সরকার-সমর্থকেরা বলবে যে যেহেতু খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই এর সূচনা, এটি তাঁর দায়িত্ব। কিন্তু খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখলে ও তাঁর দলের মহাসচিবসহ নেতাদের আটক করে রাখলে ঘটনাপ্রবাহের ওপর বিএনপির নিয়ন্ত্রণ আদৌও আছে কি না এবং ভবিষ্যতে কত দিন থাকবে, সেটা নিয়ে আমার মনে প্রশ্ন রয়েছে।
২০১৩ সালের শেষ দিকে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে আমি এ আশঙ্কা প্রকাশ করেছিলাম, এ সহিংসতা শেষ পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসীদের হাতে না-ও থাকতে পারে। কেননা, এ ধারা অব্যাহত থাকলে সহিংসতার মাত্রা বাড়বে এবং তা নতুন নতুন রূপ নেবে। এতে করে এর ওপর এমন শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার আশঙ্কা রয়েছে, যা নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। নির্বাচনের পর বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় তাদের দাবি আদায়ের পথ খোঁজার কারণে তা নিয়ন্ত্রিত হয়েছিল। বিতর্কিত নির্বাচনের পর বিএনপির কর্মীদের একাংশের এবং সাধারণের মধ্যেও এই আশা ছিল যে ‘নিয়ম রক্ষার নির্বাচনের’ পর আলোচনা শুরু হবে। ফলে অবস্থার অবসান ঘটানোর সঙ্গে একার্থে তাদের স্বার্থ জড়িত ছিল, ভবিষ্যতে সেই সম্ভাবনা না থাকলে কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে সহিংসতা মোকাবিলা করা যাবে কি না, তা প্রশ্নসাপেক্ষ।
যদিও এটা কোনো নতুন কথা নয়, তবু বলা দরকার যে এই আশঙ্কার বিবেচনায় এই অবস্থা থেকে বেরোবার পথ খুঁজতে হবে জরুরি ভিত্তিতে। কিন্তু সেই পথ কী? আমার বিবেচনায় এ অবস্থার অবসান হওয়ার সম্ভাব্য পথ তিনটি। সেই প্রসঙ্গ পরের লেখায়।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।