এরশাদের জোট বনাম দলনিরপেক্ষ টেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে উল্টো গুনছি। এক শ...নিরানব্বই...আটানব্বই...সাতানব্বই...এই রকম আর কি! গরম মাথা ঠান্ডা করার দাওয়াই। ‘বহুব্রীহি’ নাটকের মামার কাছ থেকে শেখা। বড় ধন্বন্তরি কায়দা। মারাত্মক কাজ দেয়। বিক্ষিপ্ত মনকে কেন্দ্রীভূত করে। 

কিন্তু আজ কপাল খারাপ। মামার তরিকায় কাজ হচ্ছে না। অ্যাকশনের বদলে চেইন রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যত উল্টো গুনছি, মাথার গরম তত বাড়ছে। বিক্ষিপ্ত মন ক্রমশ ক্ষিপ্ত হচ্ছে। শান্ত হচ্ছে না।
আমার এই দলনিরপেক্ষ মস্তিষ্কের ক্রমবর্ধনশীল উত্তাপ এবং উচাটন মনের অযাচিত চাঞ্চল্য যার কারণে, তিনি হুসেইন মুহম্মদ এরশাদ। নব্বইয়ের দশকের বিরলপ্রজ শক্তিমান কবি; দোর্দণ্ড প্রতাপশালী সাবেক প্রেসিডেন্ট; বর্তমান সরকারপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং ‘ক্ষমতাসীন’ বিরোধী দলের চেয়ারম্যান।
চিরসবুজ এই মজলুম জননেতা রোববার বলেছেন, দেশের মানুষ ভারি অশান্তির মধ্যে দিন গুজরান করছে। একটা শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। এ অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ বিএনপিকে চায় না, হাওয়া ভবন চায় না, এমনকি তারা এই সরকারও চায় না। তারা চায় জাতীয় পার্টির ছায়াতলে এসে শান্তির সুবাতাস নিতে।
এরশাদের এ কথা নতুন নয়। প্রায়ই তিনি এ কথা বলেন। এতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এমনকি তাঁর নিজের দলের কর্মী-সমর্থকেরা নির্মল বিনোদন পান। এত স্নিগ্ধ, এত পেলব একটি বাণী হঠাৎ করে আমার মাথার দপদপানি বাড়াল কেন, সেটা একটা জনগুরুত্বসম্পন্ন তারকাচিহ্নিত প্রশ্ন।

অতি সম্প্রতি এই বঙ্গভূমিতে নতুন একটি রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে। জোটের নাম বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)। এই জোটে আছে ৫৮টি দল। বিশাল এই কাফেলার মুতাকাল্লিম হচ্ছে এরশাদের জাপা। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই জোটের প্রথম প্রতিনিধি সম্মেলন হয়।
৫৮টি দল! ভাবতেই গা ছম ছম করে ওঠে। এতগুলো দলের কর্মী-সমর্থক যদি এক হয়ে কোথাও জড়ো হয়, তাহলে কী অবস্থা দাঁড়াবে! আমার কল্পনায় ভেসে ওঠে লঙ্কা আক্রমণের আগে পবনপুত্র হনুমানের নেতৃত্বে লাখ লাখ বানরের লাফালাফি। ভাগ্য ভালো, সে রকম কিছু ঘটেনি। সম্মেলনের দিন অফিস কাছারি খোলা ছিল। তার ওপর বৃষ্টি-বাদলার দিন। কর্মী-সমর্থকেরা আসতে পারেনি। তারপরও লোক কম হয় নাই। এক শ জনের বেশি তো হবেই!

৫৮ দলের মধ্যে ১০টা দলের নাম এরশাদ বলতে পারবেন না—এ ব্যাপারে আমি আমার এক মাসের মাইনে বাজি ধরতে রাজি আছি। ৫৮টা দল। কম কথা নয়। এরপরও জোট নিয়েও সন্তুষ্ট নন এরশাদ। তিনি বলেন, ‘জোট বড় করতে পারতাম। অনেকেই ইচ্ছা ব্যক্ত করেছিল। কিন্তু সরকার মনে করল, আমাদের দল শক্তিশালী হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই বাধা দিয়েছিল। বাধা দিয়ে কী হবে, বন্যার পানিকে কী বাধা দিয়ে রাখা যায়?’
এরশাদের এই কথায় কার না কানে তালা লাগে? কী বিমূর্ত বাচনভঙ্গি! ভাবনার কী অতলস্পর্শী বিস্তার! কবি মানুষ তো!
খেয়াল করুন, এরশাদ বলছেন, জোট তিনি বড় করতে পারতেন; কিন্তু করলেন না। কেন করলেন না? এরশাদের ব্যাখ্যা—জোট যদি এর চেয়ে বড় হয়, তাহলে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না এবং এই কারণে তারা জোটকে বড় করতে দেয়নি। মানে জোটের পরিধি বিস্তারে সরকার বাধা দিয়েছে এবং সরকার সফল হয়েছে। বিষয়টিকে অন্যভাবে দেখলে বলা যায়, সরকার ক্ষমতা থেকে সরে যাক, আপাতত এরশাদ তা চাচ্ছেন না। তাই জোট বড় করার ব্যাপারে তেমন গাঁইগুঁই করেননি। সরকারের সঙ্গে তাঁর নিয়তি যে জাহাজের কাছির মতো মোটা দড়ি দিয়ে বাঁধা, তা তিনি ভালোভাবে বোঝেন।
এরশাদ পরের লাইনেই বলছেন, অযুত নিযুত জাকেরান আশেকান তাঁর দিকে বন্যার পানির মতো ধেয়ে আসছে। সরকার ফারাক্কা বাঁধ দিক আর যত বড় বেড়িবাঁধ দিক, এই অপ্রতিরোধ্য বন্যার পানি ঠেকিয়ে রাখা যাবে না। আমরা দেশবাসী এমনিতেই আতঙ্কে আছি, ভারত থেকে একে তো ভয়ানক বন্যা ধেয়ে আসছে। এর মধ্যে এরশাদগামী জনস্রোত এলে দেশের রাজনীতিকে তা আরও বহুগামী করে ফেলতে পারে। একই সঙ্গে স্ট্রাইকার ও গোলকিপার হওয়ার যে বহুগামী কায়দা তিনি একই সঙ্গে সরকার এবং বিরোধী দলে থেকে দেখিয়েছেন, তা রাষ্ট্রবিজ্ঞানের অবশ্যপাঠ্য চ্যাপটার হয়ে থাকবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেছেন, ‘ক্ষমতায় গিয়ে লুটপাট নয়, শান্তি ফিরিয়ে আনব। আমরা ক্ষমতায় আসতে চাই পরিবর্তনের জন্য। দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য নয়।’
‘পরিবর্তন’—এই শব্দটার জনপ্রিয়তা যে এখন কোথায় গিয়ে ঠেকেছে তা আল্লাহ মালুম। বারাক ওবামা থেকে মমতা ব্যানার্জি উতরে গেছেন পরিবর্তনের স্লোগান নিয়ে। সংসদ থেকে ইউপি কাউন্সিল—সবখানে সবার মুখে মুখস্থ একটা শব্দ শোনা যায় ‘পরিবর্তন’। বাজারে এখন এই জিনিসের খুব ডিমান্ড। ধরুন ‘ঠাটারিবাজার বহুমুখী সমবায় সমিতি’র নির্বাচন চলছে। সেখানেও দেখবেন প্রত্যেক প্রার্থী মুচকি হেসে বলবেন, ‘বুঝলেন, একটা পরিবর্তন দরকার। আমি পরিবর্তনে বিশ্বাসী।’
এরশাদও বলেছেন, তিনি পরিবর্তনে বিশ্বাসী। তিনি যে মুহূর্তে মুহূর্তে মত পরিবর্তন করতে পারেন, সেটা তো মুখস্থ কথা! তাঁর সকালের কথা বিকেলে পরিবর্তনের বাতাসে ভেসে কোথায় উড়ে যাবে তা তিনি নিজেও জানেন না। কবি এরশাদ এইবার সিরিয়াসলি বলেছেন, ‘সত্যিকারের পরিবর্তন’ কী জিনিস, এইবার জাতি দেখবে।
যে সময়টাতে এরশাদের মধ্যে এই ‘পরিবর্তনপ্রীতি’ অতি জোরালো হয়েছে, সেটি কিন্তু সিরিয়াসলি ভাবার বিষয়। তিনি গত মাসে দিল্লি সফর করে ফিরেছেন। এয়ারপোর্টে নামার পরপরই ঘোষণা করেছেন জাপা আগামী নির্বাচনে ৩০০ আসনে দাঁড়াবে। তখন থেকেই তাঁর মন ফুরফুরা। এখন ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকার কিছুটা বেকায়দায়। এতেও খানিকটা খুশি হতে পারেন তিনি। সরকারের কাছে এতে হয়তো তাঁর দাম বাড়বে।
এরশাদ বলেছেন, ‘বিএনপিকে নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে। এই বিএনপির অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেত। এই বিষবৃক্ষ বিএনপিকে সরকারই বাঁচিয়ে রেখেছে।’ বিএনপি যে তাঁর জন্য বিষবৃক্ষ, তা তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় একবার টের পেয়েছিলেন। আরেকবার পেয়েছিলেন ক্ষমতা হারিয়ে বিএনপির আমলে জেলে যাওয়ার পর। সেই উপলব্ধি পুনরায় তাঁর এখনই কেন জাগল, তা-ও এক প্রশ্ন বটে।
এরশাদ বলেছেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার ঘৃণা করি। আমরা সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’ জোটের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রস্তুতি গ্রহণ করো। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের।’
গভীরভাবে উপলব্ধি করার মতো কথা। তিনি কয়দিন পরপর বলেন, এই সরকারের কারণে মানুষের দম বন্ধ হয়ে আসছে। মানুষের কথা বলারও স্বাধীনতা নেই। কিন্তু সেই ‘সাংবিধানিক সরকারের’ ওপর তাঁর অগাধ বিশ্বাস। সেই সরকারের অধীনে নির্বাচনে যেতে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। অবশ্য তিনি ভালো করেই জানেন, ‘এই নিয়মে খেলব না’ বললেই তাঁর অসুখ করতে পারে। তারপর অসুস্থ অবস্থায় কে বা কারা এসে তাঁকে সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুইয়ে রেখে তালপাখার বাতাস করতে পারে। সেই বাতাস যে নির্বাচনের বাতাসের চেয়ে আতঙ্কপ্রদায়ক; মুক্ত বাতাসের অক্সিজেন আর সিলিন্ডারের অক্সিজেন যে এক জিনিস নয়, সেটা তিনি জানেন। আর জানেন বলেই খালি ‘পরিবর্তনের কথা’ বলেন। আমরা শুনে আমোদ পাই; আরাম পাই না। ষড়যন্ত্রের গন্ধ পাই।
আফটার অল, দেশটা তো জনগণের; মানে আমারও। তাই এরশাদের আলাদা করে ৩০০ আসনে নির্বাচনের খাহেশাত; নতুন মহাজোট গঠন—ইত্যাদি খবরে মন চঞ্চল হয়। এরশাদের মতো গৃহপালিত প্রতিদ্বন্দ্বী নিয়ে আরেকটি ভোটারবিহীন নির্বাচনের সম্ভাব্য ছকের কথা মাথায় আসে। মাথা গরম হয়। তাই এক শ থেকে উল্টো করে গুনি।