এরা কেন এভাবে মানুষ মারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সপ্তাহে স্টিফেন প্যাডক নামের এক ব্যক্তি নেভাদার লাস ভেগাসের এক সংগীতানুষ্ঠানে হোটেলকক্ষ থেকে গুলি করে অন্তত ৫৯ জনকে হত্যা করেছেন। এই ঘটনায় আরও ৫০০ জন আহত হয়েছে। ৬৪ বছর বয়সী সাবেক হিসাবরক্ষক প্যাডকের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। ঘটনার পর তাঁকে হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাঁর কক্ষে বিপুলসংখ্যক অস্ত্র ও বিস্ফোরক পেলেও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেনি।

আগামী দিনগুলোতে প্যাডকের মনোভাব ও উদ্দেশ্য সম্পর্কে আরও অনেক কিছু পুঙ্খানুপুঙ্খরূপে পাওয়া যাবে। কিন্তু এই তথাকথিত ‘নিঃসঙ্গ হন্তারক’-এর ব্যাপারটা নতুন কিছু নয়, যাদের সঙ্গে আন্দোলন বা আদর্শের যোগ নেই। এসব ঘটনায় একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ হত্যাকারীদের উদ্দেশ্য ও চিন্তার প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

এই প্রকৃতির অধিকাংশ হত্যাকারী হামলার পর টিকে থাকতে পারে না, ঘটনার পরপরই তাদের মৃত্যু হয়। তাদের কেউ কেউ আত্মহত্যা করে, আবার কেউ কেউ পুলিশের আগমনের অপেক্ষায় থাকে। কিন্তু যারা বেঁচে যায়, তাদের মধ্যে কিছু অভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। এর মধ্যে আত্মপ্রেমজাত বিশৃঙ্খল-ব্যক্তিত্ব ও ভ্রমগ্রস্ত ভগ্নমনস্কতা অন্যতম। নরওয়ের অতি ডানপন্থী আন্দ্রে ব্রেইভিকেরও একই অবস্থা হয়েছিল, যিনি ২০১১ সালে গ্রীষ্মকালীন যুবশিবিরে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করার আগে ভ্যানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আটজনকে হত্যা করেন। তিনি এখন নরওয়ের কারাগারে।

দ্য ওয়াইলি হ্যান্ডবুক অব দ্য সাইকোলজি অব ম্যাস শুটিং বই লিখতে গিয়ে মিনেসোটা ডিপার্টমেন্ট অব কারেকশনসের গবেষণা পরিচালক গ্র্যান্ট ডুয়ে ১৯১৫ থেকে ২০১৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের এমন ১৬০টি গণগুলিবর্ষণের ঘটনা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি দেখেছেন, ৬০ শতাংশ হামলাকারীর মধ্যে ঘটনার আগে মানসিক বৈকল্য বা অশান্তি দেখা গেছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশ মানসিক স্বাস্থ্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের মধ্যে মূলত ভ্রমগ্রস্ত ভগ্নমনস্কতা দেখা যায়। দ্বিতীয়ত, তাদের মধ্যে বিষাদ দেখা যায়।

তাদের অধিকাংশই মানুষের জন্য ক্ষতিকর না হলেও এই রোগনির্ণয় আমাদের পুরো চিত্রটা দেয় না। ডুয়ে বলেছেন, এই পার্থক্যের সূত্রের আংশিক যন্ত্রণাপীড়িত হওয়ার বোধের মধ্যে নিহিত, যার সঙ্গে থাকে প্রতিশোধপরায়ণতার তীব্র এক বোধ।

অস্ট্রেলীয় ফরেনসিক মনস্তত্ত্ববিদ পল মুলেন এই দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে সমর্থন করেছেন। পাঁচটি হত্যাযজ্ঞ ব্যক্তিগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মুলেন সিদ্ধান্ত নিয়েছেন, এই হন্তারকেরা নিজেদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করে কিন্তু কর্মক্ষেত্র বা সম্পর্কের ক্ষেত্রে তারা সফল হতে পারে না। এটা তারা মানতে পারে না। তারা সিদ্ধান্ত নেয়, এর একমাত্র ব্যাখ্যা হচ্ছে অন্যরা অন্তর্ঘাত করে তাকে ব্যর্থ করে দিচ্ছে।

বস্তুত মুলেনের সমীক্ষায় দেখা যায়, এসব হত্যাযজ্ঞের ধরন প্রায় একই রকম। তিনি যাদের নিয়ে কাজ করেছেন, তাদের সবাইকে ভীতসন্ত্রস্ত করা হয়েছে বা শিশু বলে সামাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে। তাদের সবার মধ্যে সন্দেহবাতিকগ্রস্ততা ছিল, তারা অনমনীয় ছিল। এসব কারণে তাদের বিচ্ছিন্নতা আরও তীব্র হয়েছে। তারা সব সময় নিজেদের সমস্যার জন্য অন্যকে দোষারোপ করে এই বিশ্বাসে যে সমাজ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা এটা বোঝে না যে তারা নিজেরাই আত্মকেন্দ্রিক ও একঘেয়ে।

যে সমাজ মুলেনের রোগীদের একঘরে করে রেখেছে বলে তঁারা বিশ্বাস করেন, সেই সমাজের মানুষের বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভ। তারা অতীতের অপমান নিয়ে ক্লান্তিহীনভাবে জাবর কাটতে থাকে, যে অভ্যাসের কারণে তাদের মধ্যে ক্রোধের জন্ম হয়। একপর্যায়ে তারা কুখ্যাতি অর্জনের জন্য হত্যাযজ্ঞের সিদ্ধান্ত নেয় এবং যারা তাদের আহত করেছে, তাদের আহত করতে চায়, এমনকি এতে যদি তাদের মৃত্যুও হয়, সেটা তারা ‘মেনে নিতে’ প্রস্তুত।

এই পরিপ্রেক্ষিতে গণগুলিবর্ষণকারীদের শিকার বাছাইয়ের ক্ষেত্রে একধরনের বিকৃত যুক্তি থাকে। স্কুলে গুলিবর্ষণের ক্ষেত্রে এটা দেখা যায়, বিশেষ করে ১৯৯৯ সালে কলাম্বিয়ান হাইস্কুলে গুলিবর্ষণের ঘটনাতেই এই যুক্তিটা পরিষ্কার। অর্থাৎ তাদের যারা সামাজিকভাবে বয়কট করেছে, হন্তারকেরা তাদের শাস্তি দিতে চায়। একইভাবে কর্মক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের পরিপ্রেক্ষিতে এমনটা ঘটে থাকে। আবার এলোপাতাড়ি হত্যাকাণ্ডের ক্ষেত্রে যুক্তিটা পরবর্তীকালে উদ্ভূত হয়, এমনকি সেটা যদি পুরো সমাজকে শাস্তি দেওয়ার ঘটনাও হয়।

প্যাডকের ক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তরই দৃশ্যত পাওয়া যায় না, যেমন তিনি কেন ওই কনসার্ট বেছে নিলেন। তবে তাঁর কাহিনির নানা দিক বেরোতে শুরু করেছে। এই নিঃসঙ্গ থাকার ব্যাপারটা তাঁর এক প্রতিবেশী নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাঁর সঙ্গে থাকা মানে প্রায় কোনো কিছুর সঙ্গে না থাকার শামিল। এ-ও জানা গেছে, ২০১২ সালে লাস ভেগাসের এক হোটেলে পড়ে যাওয়ায় প্যাডক তাঁদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছিলেন। অর্থাৎ মামলা করাও ক্রোধোন্মত্ত ও ভ্রমগ্রস্ত মানুষের বৈশিষ্ট্য।

ডুয়ের যুক্তি হলো মানুষের বিশ্বাস সত্ত্বেও এসব হুট করে ঘটে না। যদিও এই গণগুলিবর্ষণকারীদের দুই-তৃতীয়াংশ হামলার কিছুদিন আগে মারাত্মক স্নায়ুরোগে ভোগে (চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া), তাদের অধিকাংশ কয়েক সপ্তাহ থেকে এক বছর সময় নিয়ে এই পরিকল্পনা করে থাকে। প্যাডকের হোটেলের ঘরে যে এত অস্ত্র পাওয়া গেল, এটি হয়তো তার কারণ। হামলার বেশ কদিন আগেই তিনি ঘরটি ভাড়া করেন।

এ রকম হত্যাকাণ্ডের পর অর্ধেকের বেশি গণগুলিবর্ষণকারী আত্মহত্যা করে অথবা পুলিশকে সেটা করতে প্ররোচিত করে। ডুয়ে প্রশ্ন করেন, এতে কি বোঝা যায় তারা মানসিকভাবে কতটা বিপর্যস্ত? সম্ভবত তারা বিশ্বাস করে, জীবনের এই সন্তাপ আর বইবার নয়। হিসাব মেটানোর পর বেঁচে থেকে আর লাভ কী?

এখন কথা হলো অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে এমন ঘটনা ঘটেই চলবে।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।

রাজ পারসৌদ: মনস্তত্ত্ববিদ।

অ্যাড্রিয়ান ফার্নহাম: ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক।