এল বান ইঁদুরের বাসরঘরের 'ফোঁকল গলে'

খুব ভদ্রভাবে ভাদ্র মাস শুরু হলো না। শ্রাবণে ফতুর হওয়া প্রায় ৩৩ লাখ মানুষ এখনো বানভাসির জীবন নিয়ে তাকিয়ে আছে বোবা দৃষ্টিতে। শ্রাবণ-বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৪০ জনের বেশি (সরকারি হিসাব ১২০)। হতবিহ্বল মানুষ। কত স্কুলের পাঠদান শিকেয় উঠেছে আর উঠবে, কেউ বলতে পারে না; সরকারি জবানিতেই বলা হচ্ছে ৪ লাখ ১১ হাজার মানুষের জন্য ১ হাজার ৫৯৯টি স্কুলকে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। বলা যায়, পানির ওপরে থাকা প্রায় সব স্কুলই এখন বানভাসি মানুষের ঠিকানা। আর যে স্কুলে পানি উঠেছে, সেটা বন্ধ। আদতে পড়াশোনায় কপাট লেগেছে।
সচেতন মহলের উৎসাহে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত আলাপ চলছে হর্তাকর্তাদের, কিন্তু মানুষের বিলাপ সে আলাপে শোনা যাচ্ছে কই? এক আলাপে খোশমজলিশে এক সচিব বলেছেন, ‘যদি ত্রাণ পেতে কারও কোনো অসুবিধা হয়, তবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তারা যেন যোগাযোগ করে।’ এর চেয়ে আবদুল আলীমের ‘তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো/ সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো’ গানটি শুনিয়ে দেওয়া বেহতর হতো।
১৯৯১ সালের পর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী কোনো বন্যা দেখেনি। ওসব অঞ্চলের মানুষের নৌকা দূরে থাক, সামান্য লগি-বইঠাও নেই: সেই বন্যার ত্রাণে গিয়ে দেখা ‘পাড়ের কাঁথা, মাটির বাড়ি’র (ঋণ, শক্তি চট্টোপাধ্যায়ের কাছে) দুরবস্থা এখনো তাড়িয়ে বেড়ায়; ওই অঞ্চলে বন্যার ক্ষত দগদগে ঘা হয়ে ভোগায় অনেক দিন। ‘আমন তো গেল, ঘরটাও মুখ থুবড়ে পোলো।’ কী দিয়ে কী হবে? দিনাজপুর-পঞ্চগড় অঞ্চলের বন্যালাঞ্ছিত চলচ্চিত্রের এক কণাও আমাদের বোকা বাক্স ধারণ করতে পারেনি; স্বাভাবিক রবিশস্যে যেতে সময় লাগবে। আগাম কোনো রবি করে জীবনটাকে টেনে নিতে পারবে কি? সে খবর তাকে কে দেবে? কখন দেবে? তথ্যও ত্রাণের কাজ করতে পারে, যারা জল দেখেনি, তারা বন্যায় হাবুডুবু খেল। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের মানুষদের জীবন নিয়ে খাবি খাওয়া কেবল শুরু। আমনের পর রবিশস্যের কাজে লাগে মানুষ। আমন ফসলের উদ্বৃত্ত দিয়েই কৃষক রবিশস্যের লাঙল ধরেন। এবার কী হবে? একজন কৃষক সংবাদমাধ্যমকে বলেছেন, ধার-দেনা-দাদন ছাড়া উপায় দেখি না। সেই ঋণ কি তিনি পরিশোধ করতে পারবেন রবির ফসল বেচে? রবি ফসলের সঠিক বাজারমূল্য পাবেন কি তিনি?
খুব বড় বন্যা হয়নি, তাতেই নাভিশ্বাস। বন্যার পানি কোথাও বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হয়নি, উপচে পড়েনি। তবু খেত গেল, ঘর গেল, হাঁস-মুরগি ভেসে গেল; ছাগল-গরুর খাবার নেই—রাখবে কী করে এই নিদানে? পানির দরে বেচে দিয়ে কিনতে হবে আকাশের দরে। দারিদ্র্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসার পথ আর খুলবে কি? ফাঁদে আটকে গেল যেন। বাঁধ টপকে নয়, পানি ঢুকল বাঁধ ফুটো করে; ইঁদুরের বাসরঘরের ‘ফোঁকল গলে’ (দ্র. ‘লিচু-চোর’, কাজী নজরুল ইসলাম)। এটা কি এড়ানোর উপায় ছিল? পানি অফিস বলছে, আমাদের বাঁধ দেখাশোনার লোকবল নেই, এরশাদের এনাম কমিটি কেটে দিয়েছে। এরশাদের কেটে দেওয়া কত কিছুই জোড়া লাগল—এ কাটাটা কাঁটা হয়েই থেকে গেল। বরাদ্দ লোকবলেরও সবটা নেই।
নিয়োগদানের হাজারো গলিঘুপচি আর তার এত সব হ্যাপা কে সামলাবে? তার চেয়ে সুখের সময়ের জাবর কেটে দিনটা পার করে দিলে ক্ষতি কী? এ কথা ঠিক, মাথাভারী প্রশাসন আর ভর্তুকি দিয়ে পানির অফিস না চালানোর প্রেসক্রিপশনদাতাদের সামনে ছুড়ে ফেলার মতো বুকের পাটা আমাদের হয়নি।
তাহলে অন্য কী ব্যবস্থা হতে পারে?
বাঁধগুলো যাদের ফসল, বাড়ি, খেত, জমি রক্ষার জন্য করা, তাদের হাতে ছেড়ে দিলে কেমন হয়? ছেড়ে দেওয়া কথাটা ভুল হলো, ঠিক করে বলতে গেলে বলতে হবে, জনগণের বা ব্যবহারকারীদের মালিকানা প্রতিষ্ঠা। সেটা করতে হবে বন্যা থেকে রক্ষার কাঠামোগুলোর পরিকল্পনালগ্ন থেকে। খবর নেই, পাত্তা নেই; কার সঙ্গে ঘর করে সন্তান পেলাম, তা-ও কেউ জানল না, আর সন্তান অবাধ্য হলে বা খোরপোষের বোঝা বইতে পারছি না বলে তোমাকে দিয়ে দিলাম—এমনটি হলে চলবে না। একজনের তালুর গরম আলু আরেকজনকে দিলে সে তো ফেলে দেবেই। রাতারাতি জলখালাসির (স্লুইসগেট কেয়ারটেকার) চাকরি নট করে যদি বলি, আমরা গ্রাম কমিটি বানিয়ে দিয়েছি, খাতায় রেজল্যুশন হয়েছে, এখন থেকে গ্রামের মানুষ জলকপাট খুলবে, লাগাবে। বাঁধের দুর্বল জায়গা খুঁজে বের করে জনগণকে নিয়ে মেরামত করা হবে, আর আমরা দূরে বসে শাবাশ দেব, তালি দেব, আওয়াজ করব; তা হবে না।
চাই জনগণের প্রকৃত আর গণতান্ত্রিক অংশগ্রহণ। তা না হলে বন্যার হাত থেকে এ দেশের মানুষকে রক্ষার প্রতিশ্রুতি কোনো দিন আলো দেখবে না। যত বড় বিজলি বাতিই জ্বলুক না কেন, সুন্দরবনের বিজলি দিয়ে।
গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী ও শিক্ষক।