এলএনজি আমদানি ও আমাদের বাস্তবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি খাত এক নতুন যুগে প্রবেশ করেছে। ২৫ এপ্রিল এলএনজিবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছে। সরকার বেশ আগেই এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছিল। আমদানিকৃত এই গ্যাসের দাম দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের তুলনায় অনেক বেশি হবে। ফলে স্বাভাবিকভাবেই গ্যাস ব্যবহারকারী বা ভোক্তারা চিন্তিত। বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতি, গত তিন দশকে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার এবং শেষ পর্যন্ত কেন আমরা এলএনজি আমদানির পথে গেলাম, তা একটু বিচার-বিশ্লেষণের দাবি রাখে।

চাহিদার তুলনায় দেশে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের স্বল্পতাই এর কারণ। তদুপরি প্রাকৃতিক গ্যাসের চাহিদা যে গতিতে বাড়ছে, এর উৎপাদন সেই গতিতে বাড়ছে না বা বাড়বে না। এর কারণ, আমাদের অপ্রতুল প্রাথমিক উত্তোলনযোগ্য মজুত, দেশীয় বিনিয়োগের অভাব বা অক্ষমতা, বিদেশি বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোর বড় আকারের বিনিয়োগে অনিচ্ছা।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আশি ও নব্বইয়ের দশকে সন্তোষজনক ছিল না। এই দুই দশকে যেখানে প্রবৃদ্ধি ছিল ২ থেকে ৫ শতাংশের মতো, সেখানে গত দুই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অতিক্রম করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে খাতওয়ারি অবদানেরও পরিবর্তন এসেছে। গত তিন দশকে জিডিপিতে খাতওয়ারি অবদানের হার হিসাব করলে দেখা যায় যে অতীতে (আশি বা নব্বইয়ের দশকে) কৃষিক্ষেত্রের অবদান ছিল সবচেয়ে বেশি (শতকরা ৩০ থেকে ৪০ ভাগ)। শিল্পক্ষেত্রে তখন অবদান ছিল কম (১০ থেকে ১৫ ভাগ)। ২০১৬-১৭ অর্থবছরে এসে আমরা দেখছি, জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান দাঁড়িয়েছে ১৫ ভাগের কম আর শিল্পক্ষেত্রের অবদান বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশ। শিল্পক্ষেত্রে জ্বালানি চাহিদা কৃষি বা অর্থনীতির অন্যান্য খাতের চেয়ে অনেক বেশি। সাধারণভাবেই এটা বোঝা যায় যে দেশে জ্বালানি চাহিদা বাড়ার প্রধান কারণ দেশের বিদ্যুতায়ন ও শিল্পায়ন, তথা অর্থনৈতিক উন্নয়ন।

গত দুই দশকে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিলে আমরা দেখব যে বিদ্যুৎ, শিল্প ও গৃহস্থালি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও ব্যবহার বেড়েছে, অন্যদিকে সার উৎপাদন কমেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনীতির কাঠামোগত পরিবর্তন, শিল্পায়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির কারণে এই পরিবর্তন ঘটেছে।

বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বেড়ে ২০২১,২০৩১ ও ২০৪১ সালে হবে যথাক্রমে ২৪ হাজার মেগাওয়াট, ৪০ হাজার মেগাওয়াট ও ৬০ হাজার মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালে মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার ৫০ ভাগ আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতার ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে মনে হয় না। বড় আকারে কয়লা ব্যবহার পরিবেশের জন্য বিপর্যয়কর হবে।

অক্সফোর্ড জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ২০১৩ সালে এক প্রতিবেদনে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের অপূর্ণ চাহিদার পরিমাণ প্রতিবছর ৯ দশমিক ৭ বিলিয়ন ঘনমিটার থেকে ১২ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার (এলএনজির হিসাবে ৭ দশমিক ৪৬ থেকে ৯ দশমিক ৬২ মিলিয়ন টন) বলে হিসাব করেছিল। নিজস্ব উৎপাদন বৃদ্ধি বা আমদানির মাধ্যমে এই চাহিদা মেটাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম মনে করেন, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মজুত শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু পর্যাপ্ত অনুসন্ধানের অভাবে ঘাটতি দেখা দিচ্ছে। ইতিমধ্যে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের মজুত বৃদ্ধি ও নতুন মজুত যোগ করে এই ঘাটতি মেটানো যেতে পারে, যা অতীতে করা হয়েছে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান পরিণত পর্যায়ে যায়নি। অধ্যাপক বদরুল ইমামের মতে, মজুত শেষ হয়ে যাওয়ার ভয় অযৌক্তিক। দেশের মূল ভূখণ্ডে বড় আকারের প্রাকৃতিক গ্যাসের মজুত খুঁজে পাওয়ার সম্ভাবনা কম (যদিও ছোট অনেক অনাবিষ্কৃত মজুত আছে বলে মনে করা হয়) ; সমুদ্রে প্রাকৃতিক গ্যাসের বড় আকারের মজুত খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ সরকারের গ্যাস সেক্টর মাস্টারপ্ল্যান ২০১৭ অনুযায়ী, দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদার তুলনায় ঘাটতির পরিমাণ বছরে প্রায় ১০ বিলিয়ন কিউবিক মিটার (এলএনজির হিসাবে যা দাঁড়ায় ৭ দশমিক ৭৫ মিলিয়ন টন)। ২০১৮ সালে গ্যাসের মোট চাহিদার ১৭ ভাগ এলএনজি আমদানির মাধ্যমে পূরণ করা হবে, যা ২০২৩ সালে দাঁড়াবে ৪০ ভাগ, ২০২৮ সালে দাঁড়াবে ৫০ ভাগ এবং ২০৪১ সালে দাঁড়াবে ৭০ ভাগ। পরিকল্পনা অনুযায়ী, সেই হিসাবে ২০৪১ সালে এলএনজি আমদানির পরিমাণ প্রতিবছর ৩০ মিলিয়ন টন হতে পারে। জ্বালানিবিষয়ক পরামর্শ ও গবেষণা ব্যবসায়ী কোম্পানি উড ম্যাকেঞ্জি ২০১৭ সালের এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে যে ২০২০,২০২৫ ও ২০৩০ সালে প্রতিবছর বাংলাদেশের এলএনজির চাহিদার পরিমাণ হবে ৪ মিলিয়ন টন, ৮ মিলিয়ন টন ও ১১ মিলিয়ন টন।
কাতার ও ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ এলএনজি আমদানির দীর্ঘমেয়াদি চুক্তির সই করেছে বা করবে। তবে বর্তমানে মধ্যমেয়াদি চুক্তিতে এবং খোলাবাজারেও (স্পট মার্কেটে) প্রতিযোগিতামূলক মূল্যে পর্যাপ্ত এলএনজি সহজলভ্য। আমাদের অঞ্চলে ওমান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোও এলএনজি রপ্তানি করে। দেখেশুনে ও বাজার যাচাই করে আমাদের সুবিধামতো এলএনজি কেনার উদ্যোগ নিতে হবে।

২০১৬ সালে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত ও তাইওয়ান ছিল পৃথিবীর সর্বোচ্চ এলএনজি আমদানিকারক প্রথম পাঁচটি দেশ। এ ছাড়া আমাদের অঞ্চলে পাকিস্তান ও থাইল্যান্ড তাদের জ্বালানি চাহিদা মেটানোর জন্য এলএনজি আমদানি করে। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, ২০১৯-২০ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৮ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব অনুযায়ী, বাংলাদেশ যদি ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হতে চায়, তবে আগামী ২০ বছর ধরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ১০ শতাংশ হতে হবে। এর অর্থ, আরও দ্রুত শিল্পায়ন ও জ্বালানি চাহিদা বৃদ্ধি।

সরকারের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশের স্থলভাগে ও সমুদ্রসীমায় ব্যাপক আকারে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং শুধু ঘাটতির ক্ষেত্রে আমদানির মাধ্যমে পূরণ করতে হবে। এভাবেই দেশে এলএনজি আমদানি সীমিত রাখা যাবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে হলে আমাদের ভয় পাওয়ার বা পেছনে ফিরে তাকানোর অবকাশ নেই। তবে এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে পরিচ্ছন্ন জ্বালানি, দক্ষ জ্বালানি প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রগুলোকে। সেই সঙ্গে ভোক্তাদের ওপর যেন জ্বালানির উচ্চমূল্যের কারণে অন্যায্য বা অনভিপ্রেত চাপের সৃষ্টি না হয়।

প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কয়লার তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব, সুতরাং আমাদের প্রাকৃতিক গ্যাস বা এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে সামনের দিনগুলোতে কয়লার ব্যবহার কমবে এবং প্রাকৃতিক গ্যাস ও এলএনজির ব্যবহার বাড়বে। আর ২০৫০-এর মধ্যেই নবায়নযোগ্য জ্বালানি হবে বিশ্বময় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদেরও সেই পথেই যেতে হবে।

রবিউল হোসেন জ্বালানি নীতি ও পরিকল্পনা বিশেষজ্ঞ, অস্ট্রেলিয়ায় জ্বালানি পরিকাঠামো ব্যবস্থাপনায় কর্মরত।