
সুপ্রিম কোর্টের বার ভবনের সিঁড়ি দিয়ে ওঠানামা করা বেশ বিপজ্জনক হয়ে উঠেছে কয়েক দিন ধরে। বার নির্বাচন এসে গেছে। ভোটাভুটি শুরু আজ ২৩ মার্চ। চলবে ২৪ মার্চ পর্যন্ত। তাই স্বাভাবিকভাবেই প্রার্থীদের দৌড়ঝাঁপের অন্ত নেই।
বহু বছর ধরেই অন্তত নির্বাচনের ব্যাপারে আমরা ‘দালিলিক সমাজ’। আমাদের সমাজের বহু বহু ব্যাপারে যেখানে কাগজপত্র-দলিল দস্তাবেজ থাকার কথা, রাখার কথা, সেখানে তার বিন্দুমাত্র লেশ নেই, কিন্তু নির্বাচনের ব্যাপারে কাগজ-লিফলেট-পোস্টারের অন্ত নেই। জন্মের দলিল নেই, মৃত্যুর দলিল নেই, অনেক সম্প্রদায়ের বিবাহেরও দলিল ঠিকমতো রাখার আইনি বাধ্যবাধকতা নেই,
কিন্তু নির্বাচন? কত লিফলেট-পোস্টার চান? শত, হাজার, লাখ? দুই রং, চার রং, আট রং।
বার ভবনের সিঁড়িতে ছোট ছোট লিফলেট—অমুক তমুক পদে আপনার দোয়াপ্রার্থী গোছের ছাপানো কাগজ পড়ে আছে প্রতিটি
সিঁড়ির ধাপে ডজন-ডজন, শয়ে-শয়ে। সিঁড়ি দিয়ে উঠতে-নামতে গিয়ে পিছলে পড়ে কোমর ভাঙলে পা-হাঁটু অথবা মাজা—তাহলে লসটা প্রার্থীর। কারণ তিনি আপনার ভোট থেকে বঞ্চিত হবেন। অতএব ভোটার সাবধান। নিজ পা ভেঙে প্রার্থীকে আপনার ভোট থেকে বঞ্চিত করবেন না।
নির্বাচনী লিফলেট-কার্ড-পোস্টারের প্রায় সবই হয় সাদা, নয়তো নীল। সাদা আওয়ামী, নীল বিএনপি। নীল প্যানেল জিতলে সারা বছর বিএনপির পক্ষে রাজনৈতিক বিবৃতি দেবে আর আওয়ামী প্যানেল জিতলে সরকারের জয়গানই হবে তাদের মূল দায়িত্ব ও কর্তব্য। আইন, বিচার, বিচারপ্রার্থীর সুখ-দুঃখ বা কম বিড়ম্বনায় বিচার পাওয়া ইত্যাদি তুচ্ছ ব্যাপার নিয়ে আমাদের বার অ্যাসোসিয়েশনগুলোর মাথা ঘামানোর ইতিহাস নেই বললেই চলে।
তাই বিজ্ঞ আইনজীবী-ভোটার বন্ধুদের কাছে সবিনয় নিবেদন, প্যানেল ধরে ভোট দেওয়া থেকে নিবৃত্ত থাকুন। সভাপতি পদে সাদা প্যানেলের প্রার্থীকে ভোট দিলে সম্পাদক পদে দিন নীল প্যানেলের প্রার্থীকে। অথবা উল্টো। বিভিন্ন সম্পাদক ও সদস্যপদ থাকে বেশ কয়েকটা। সাদা-নীল ভাগাভাগি করে দিন। ধরে নিচ্ছি আপনারা অর্থাৎ সুপ্রিম কোর্টের আইনজীবী বন্ধুরা প্রধান প্রধান রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন না।
যাঁরাই নির্বাচিত হোক না, আইন ও বিচারের সংস্কার, গণতন্ত্রায়ণ, বিচারপ্রার্থী, ক্ষমতাধরদের হাতে নিগৃহীত-নিপীড়িত—এতসব ভাবার সময় থাকবে না। অন্তত একচ্ছত্রভাবে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে চোঙ ফোঁকাই একমাত্র কাজ না হয়ে পড়ে, সে জন্য ভাগাভাগি করে ভোট দেওয়াটাই উত্তম। আমাদের নির্বাচনী প্রচারণা চলে ভোটের দিনেও। স্লোগান-মিছিলের নামে যে উচ্ছৃঙ্খলতা আর বিরিয়ানির প্যাকেট বিতরণ নিয়ে যে মহোৎসব তার ‘লাইভ’ প্রচার চ্যানেলগুলো করলে আমাদের ভাবমূর্তি কোথায় যেত, ভাবছি। সংস্কার দরকার। করবে কে?
২.
প্রায় সবকিছুই চলছে এলোপাতাড়িভাবে। এলোপাতাড়ি শব্দের আজকাল বহুল প্রচলিত প্রয়োগ হলো—খুনির এলোপাতাড়ি কুড়াল/ছুরির আঘাতে নিহত হওয়া। এলোপাতাড়ি আঘাত না হোক কিন্তু এলোপাতাড়ি নিহত হওয়া এখন নির্বাচনের অংশ হয়ে দাঁড়াচ্ছে। ১৭ মার্চ প্রথম আলোর একটা শিরোনাম—‘মেহেন্দীগঞ্জে একজন নিহত, ছয় জেলায় আহত ৬৮’। দু–একজন খুন, বেশ কিছু আহত গোছের খবর একেবারে নিত্যনৈমিত্তিক না হলেও দুর্লভ নয়।
বর্তমান নির্বাচন কমিশনের এটা নিঃসন্দেহে বড় সাফল্য। ভয়ভীতি দেখানো, ভোটদানে বাধা, জাল ভোট ইত্যাদি অতীতে অনেক নির্বাচন কমিশনের আমলেই হয়েছে। কিন্তু এলোপাতাড়ি মৃত্যু-জখম নতুন অর্জন। অবশ্য কোনো কিছু করব না, পাছে ক্ষমতাসীনেরা গোস্সা করেন—এমন একটা নীতি দীর্ঘদিন মেনে চললে শেষতক খুনখারাবি যে অবশ্যম্ভাবী, এটাও কি বোঝার ক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের নেই। নাকি কিছু মানুষ মরলে দেশের ভালো হবে, নির্বাচন কমিশন বোধ হয় এ নীতিতে এখন বিশ্বাসী। নির্বাচনকালীন সহিংসতার জন্য আফ্রিকার দুটো দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। দুনিয়া বদলাচ্ছে।
সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হতে বেশ কয়েক সপ্তাহ লাগবে। এই নির্বাচন কমিশন আজতক জোরালো কোনো পদক্ষেপ নিয়েছে বলে মনে পড়ে না। চার বছরে যা করতে পারেনি, শেষ বছরে তা করতে পারবে বলে আশা বাতুলতা। এলোপাতাড়ি মানুষ মরবে, আহত হবে, পঙ্গু হবে। নির্বাচন হয়ে উঠবে এলোপাতাড়ি মাইর।
৩.
বছর কয়েক ধরে বিদেশ যাওয়া হয় না। প্রধানত দায়ী অধমের দৃষ্টিশক্তির স্বল্পতা। তাও মাস দুয়েক আগে পার্শ্ববর্তী দেশের সবচেয়ে কাছের বড় শহরে গিয়েছিলাম বিমানবন্দর থেকে উড়োজাহাজে চড়ে। আমাদের বিমানবন্দরগুলো দিয়ে আস্ত হাতি না হলেও হাতির বাচ্চা পার করতে বিশেষ বেগ পাওয়ার কথা নয়। পার্থক্যটা বোঝা যাবে প্রতিবেশী ভারতের দুদুটো এয়ারপোর্ট ঘুরে এলেই। আর মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানে ভ্রমণ করলে। মার্কিন বিমানবন্দরের বিমানে উঠতে হলে জুতা, প্যান্টের বেল্ট সবই খোলাবে! পানির বোতলও পর্যন্ত সঙ্গে নিতে দেয় না, দেয় না ‘আফটার শেভ’-এর বোতলটাও, টুথপেস্টের তো প্রশ্নই ওঠে না।
আমাদের বিমানবন্দরে পাতি ভিআইপি নেতা হলে তার সঙ্গে হুড়মুড় করে ঢুকে যায় গন্ডা খানেক। বিশেষত সরকারি দলের লোক হলে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্পূর্ণ অসম্ভব না হলেও, অন্তত কষ্টকর। জনশ্রুতি আছে, শাহজালাল বিমানবন্দরে যাঁরা বদলি হন তাঁদের অনেককেই কিছু ‘খরচা’ করতে হয়। কাস্টমস, ইমিগ্রেশন, সিভিল এভিয়েশন, আইনশৃঙ্খলা—যে বিভাগই হোক না কেন বিমানবন্দরে পোস্টিংয়ে খরচা আছে। ধরে নেওয়া হয় যাঁরা ‘খরচা’ করেছেন তাঁরা মনোযোগী থাকবেন ‘খরচা’র প্রতিদানের ব্যাপারে; নিরাপত্তা বিবেচ্য নয়।
বছরের পর বছর অর্থ, তদবির, দলীয় পরিচয় ইত্যাদি যেখানে নিয়োগ, বদলি আর পদোন্নতির নিয়ামক সেখানে দক্ষতা, যোগ্যতা, সততা ইত্যাদির মতো আজেবাজে বিষয় অবশ্যই বহু আগেই বিদায় হয়ে গেছে। তাই বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানের হতে সময় লাগবে অনেক দিন। শত শত কোটি টাকার ক্ষতি গুনতে হবে বহু বছর। আশা করি, আশঙ্কা বৃথা হবে।
৪.
অন্তত এক সপ্তাহ ধরে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং হওয়া অর্থের ব্যাপারে ফিলিপাইন সরকার, সিনেটসহ অন্যান্য অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন তদন্তকাজের সচিত্র প্রতিবেদন সবই দেখছি। একে-ওকে ধরে এনে সিনেটে চলছে প্রকাশ্যে প্রশ্নোত্তর। সিনেটর ও তদন্তকারীদের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ ব্যাপারগুলো জানতে-বুঝতে পারছে। দোষীরা চিহ্নিত হচ্ছে প্রকাশ্যভাবে।
আর আমাদের দেশে? ঘটনার ঠিক ৪০ দিনের মাথায় মামলা দায়ের করা হয়েছে। জনগণের মাত্র ৮০০ কোটি টাকা। এটা কি কোনো ব্যাপার নাকি যে হইচই করতে হবে, মামলা করতে হবে, তদন্ত করতে হবে। টাকা চুরি আর পদত্যাগের মাঝে যে মাস খানেকের বেশি সময় চলে গেল, তাতে গভর্নর সাহেবের বিদেশ ভ্রমণের ছন্দচ্যুতি হয়েছিল কি? অবশ্য শেষ পর্যন্ত এবং দেরিতে হলেও তিনি তাঁর মহানুভবতায় স্বীকার করেছেন যে হাজার হলেও ৮০০ কোটি টাকা লোপাট হওয়া চাট্টিখানি ব্যাপার নয়।
বিমানবন্দরের মতো বাংলাদেশ ব্যাংকেও নিঃসন্দেহে কিছু যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তি আছেন। তবে না জেনেও ধরে নেওয়া যায় যে সেখানেও দলীয় তদবির এবং ‘খরচা’ নিয়োজিত ব্যক্তিরাও আছেন।
অতএব ফলাফল—৮০০ কোটির মধ্যে ৮০ কোটি উদ্ধার হলেও হতে পারে।
দেশ এখন এলোপাতাড়ি।
৫.
প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য খালেদা জিয়া ছোট্ট একটা ঘোষণা দিলেই পারতেন—ক্ষমতায় এলে বিএনপির প্রধানমন্ত্রী অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকবেন না, যেমন আছেন বর্তমান প্রধানমন্ত্রী। তা না করে বিএনপির সম্মেলনে খালেদা জিয়া কি-না-কি সংসদের একটা উচ্চকক্ষের ঘোষণা দিলেন। দেশ পরিচালনায় এ রকম একটা আমূল পরিবর্তনের ঘোষণা দিলেন কোথাও কোনো আলাপ-আলোচনা ছাড়াই।
বিভিন্ন পদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ করলে যেমন দেশের মানুষের সমৃদ্ধি বাড়ে না, তেমনি দলের বিভিন্ন পদে লোকের পদধারীদের সংখ্যা দ্বিগুণ বা ত্রিগুণ করলে দল উজ্জীবিত হবে না। এত গণতন্ত্রের কথা বলে বলে দলীয় পদে নিয়োগের একচ্ছত্র ক্ষমতা যদি চেয়ারপারসনের হাতেই থাকল তাহলে গণতন্ত্র তো নির্বাসিত হলো, অন্তত দল থেকে। যে দলের ভেতরে কোনো নির্বাচন নেই, সে দল দেশের সুষ্ঠু নির্বাচন চাইবে কোন মুখে।
হতাশ হয়েও হলাম না, কারণ দেশ চলছে এলোপাতাড়িভাবে।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট।