
এ বছরের জুনে রাশিয়া সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এটা ঠিক, চীনের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ আছে। কিন্তু গত ৪০ বছরে এ নিয়ে একটি গুলিও হয়নি।’ তিনি একুশ শতককে ‘এশীয় শতক’ হিসেবে অভিহিত করেছেন, যেখানে চীন ও ভারত ‘আগামী শতকে পৃথিবীকে প্রভাবিত করার’ মতো জায়গায় আছে। তবে মাঠের পরিস্থিতি ভিন্ন। ভারত ও চীনের মধ্যকার কয়েক দশকের ‘শীতল শান্তি’ এখন মারাত্মক চাপের মুখে পড়েছে। গত দুই মাসে শত শত ভারতীয় ও চীনা সেনা দোকলামে পরস্পরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে।
দুই পক্ষের মধ্যে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। চীনা ও ভারতীয় সেনারা পরস্পরের প্রতি পাথর ছুড়ছে, যদিও এখন পর্যন্ত তারা গুলি ছোড়েনি। কিন্তু প্রতিদিনই উত্তেজনা বাড়ছে, কূটনৈতিক ধৈর্য কমে আসছে। এশিয়ার এই দুই বড় দেশে পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষের বসবাস। তারা আবারও সরাসরি সামরিক সংঘাতের জায়গায় চলে গেছে, যা এই অঞ্চলসহ বাইরের জন্যও মারাত্মক ভীতির কারণ।
তথাকথিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) ভারত ও চীনকে বিভক্ত করেছে। এই নিয়ন্ত্রণরেখা খুবই বিস্ফোরণমুখর জায়গা, এই রেখা না পরিষ্কারভাবে দেশ দুটিকে বিভক্ত করেছে, আবার কেউ পুরোপুরি নিয়ন্ত্রণেও নেই।
এই অস্পষ্ট সীমান্তটি মূলত উনিশ শতকের ঔপনিবেশিক শাসনের বিষাক্ত উত্তরাধিকার বহন করছে। তখন ব্রিটিশরাজ ও চিং রাজবংশের সীমান্ত নিয়ে অস্পষ্টতা তৈরি হলে তখনকার অশান্ত সময়ে তারা আলোচনার উদ্যোগ নেয়।
এখন ভারত ও চীন উভয়েরই অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বাড়ছে, তারা উভয়েই সীমান্তরেখা কিছুটা পরস্পরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দোকলামে (ভারত, চীন ও ভুটানের সীমান্ত) যা হচ্ছে, তা মূলত বেইজিং ও থিম্পুর মধ্যকার বিবাদের কারণে ঘটছে। ভারত ভুটানের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। সীমান্ত নিয়ে ভারত ও চীন ১৯৬২ সালে যুদ্ধে জড়িয়েছিল। এখনো অনেক জায়গায় সীমান্ত অমীমাংসিত রয়েছে।
এবার মধ্য জুনে চীনা সীমান্তরক্ষীরা সীমান্তের বিতর্কিত অঞ্চলে সড়ক নির্মাণের উপকরণ আনতে শুরু করলে ভারতীয় সেনারা মালভূমির ভেতরে ঢুকে তাদের বাধা দেয়।
নয়াদিল্লি বলেছে, বন্ধুরাষ্ট্র ভুটানকে সমর্থন দিতে তারা এই কাজ করছে, যার সঙ্গে চীনের সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। যে ভুটান
কার্যত ভারতের আশ্রিত রাজ্য। কিন্তু ভারতের মূল শঙ্কার কারণ হচ্ছে, চীন ভুটানের দাবিকৃত অঞ্চলে সড়ক নির্মাণ করে চিকেন নেক পর্যন্ত এসে যেতে পারে। এই কৌশলগত করিডর ভারতের মূল ভূমিকে আটটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে যুক্ত করেছে।
নয়াদিল্লির আশঙ্কা হচ্ছে, তাকে চীনের কাছে কৌশলগত সুবিধা হারাতে হবে। স্মরণ রাখা দরকার, চীনের সামরিক বাজেট ভারতের চার গুণ। একই সঙ্গে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোতে বড় বড় অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করছে। এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, চীন যেমন ভারতের মতো কাছের প্রতিবেশী রাষ্ট্রকে জ্বালাতন করছে, তেমনি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে জাপান, ভিয়েতনাম, ফিলিপাইনস ও মালয়েশিয়ার মতো সমুদ্র প্রতিবেশীদের জ্বালাতন করছে।
চীন নিজেই তো মহাদেশের সমান, তার যেমন ১৪টি দেশের সঙ্গে স্থলসীমান্ত আছে, তেমনি সমুদ্রসীমা আছে ছয়টি দেশের সঙ্গে। বিগত সময়ে দেশটি ২৩ বার সীমান্ত বিবাদে জড়িয়ে পড়েছে। রাশিয়াসহ মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে সে বিবাদ মিটিয়ে ফেলেছে। কিন্তু সম্প্রতি ভারত, জাপান ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে।
দোকলাম মালভূমিতে ভারত সেনা পাঠানোর পর চীন খেপে গিয়ে সরাসরি সামরিক সংঘাতের হুমকি দেয়। এমনকি তারা ভারতকে ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধে পরাজয়ের কথাও স্মরণ করিয়ে দেয়। এই ক্রমাবনতিশীল কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারত ও চীনের নেতারা বড় বড় সম্মেলনের সময় দ্বিপক্ষীয় বৈঠক করছেন না। অন্যদিকে উভয় পক্ষের যুদ্ধবাজ ও চমক সৃষ্টিকারী গণমাধ্যম দামামা বাজিয়ে যাচ্ছে। উভয় পক্ষের মধ্যে তিক্ত বাক্যবিনিময় ঘটছে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে।
তবে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বেইজিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছেন। সর্বোপরি তিনি গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী, যে বর্ধিষ্ণু রাজ্যটি বিপুল চীনা বিনিয়োগের কারণে লাভবান হয়েছে। ক্ষমতায় আসার কয়েক দিন পরই তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে বিলাসবহুল হায়দরাবাদ হাউসে আমন্ত্রণ জানান। তিনি তাঁর সঙ্গে ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্ক তৈরির চেষ্টা করেন।
পরের বছর মোদি চীন সফর করে শত শত কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি করেন। তিনি চীনের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেন এবং চীনা প্রধানমন্ত্রী লি চেচিয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সেলফি তোলেন। সামাজিক মাধ্যমে এই ছবি ব্যাপক শেয়ার হয়েছে।
ভারতেও যে বৌদ্ধধর্মের ঐতিহ্য বহন করা হয়, তা বোঝানোর জন্য মোদি প্রাচীন শহর জিয়ান সফর করেন, যেটি প্রাচীন সিল্ক রোডের তীর্থস্থান। সেখানে বৌদ্ধ ভিক্ষুরা তাঁকে উপহার দিয়েছেন।
কিন্তু ভূমি বিরোধের পরিপ্রেক্ষিতে মোদির এই কূটনৈতিক প্রচেষ্টা ও ব্যক্তিগত উদ্যোগ তোপের মতো উড়ে গেল। হিমালয়ের এই মুখোমুখি অবস্থা দেখেই বোঝা যায়, বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক কতটা ভঙ্গুর।
এতে আরও বোঝা যায়, উভয় পক্ষই ভৌগোলিক জাতীয়তাবাদ ও পেশিশক্তির ব্যবহার করছে। মোদি ও সি চিন পিং উভয়েই অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশে জাতিগত আবেগ কাজে লাগানোর চেষ্টা করছেন। এ অবস্থায় কারোরই পিছু হটার মতো জায়গা নেই;
কারণ, তিনি দেশকে ‘আবারও মহান বানানোর’ অঙ্গীকার করেছেন।
এতে আমাদের স্বার্থের বড় একটা অংশ জড়িয়ে আছে, তাই দুই দেশের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে এশিয়ার ভবিষ্যৎ।
আল-জাজিরা অনলাইন থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
রিচার্ড জাভেদ হেইডারিয়ান: এশিয়ার ভূরাজনীতি বিশেষজ্ঞ।