এশিয়ার সংস্কারকামী ত্রিধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের এক মধুর ক্ষণে প্রবেশের অপেক্ষায় রয়েছে এশিয়া। মহাদেশটির তিনটি জনবহুল রাষ্ট্রে বর্তমানে শক্তিমান, গতিশীল ও সংস্কারমনা নেতৃত্ব ক্ষমতাসীন: চীন, ভারত ও ইন্দোনেশিয়া। এ প্রেক্ষাপটে বলা যায়, চীনের শি জিনপিং, ভারতের নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার জোকো ‘জোকোউই’ উইদোদো দেশগুলোর আধুনিক সময়ের সবচেয়ে মহান নেতায় পরিণত হতে পারেন।
মাও সে তুং ১৯৪৯ সালে চীনকে একত্র করেন, আর দেং জিয়াওপিং সেখানে এক অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের
নেতৃত্ব দেন। শি জিনপিং যদি এ কাতারে শামিল হতে চান, তাহলে তাঁকে আইনের শাসনের ভিত্তিতে এক আধুনিক
রাষ্ট্রের সৃষ্টি করতে হবে। সে জন্য তাঁকে প্রথমে ও সর্বাংশে দুর্নীতির রাশ টেনে ধরতে হবে। চীনের দুর্নীতি বর্তমানে ড্রাগনের আকার ধারণ করেছে।
বিগত বছরগুলোতে দুর্নীতি চীনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। কমিউনিস্ট পার্টির স্থানীয় পর্যায়ের নেতৃত্ব রাষ্ট্রীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর্তা হয়ে ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিচ্ছেন, ব্যক্তিগত সম্পদ সৃষ্টি করছেন। এতে চীনা কমিউনিস্ট পার্টির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। আর চীনা অর্থনীতিকে মর্যাদার আসনে বসাতে অর্থনীতিতে যে বাজারভিত্তিক প্রতিযোগিতা দরকার, সেটাও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এখন পর্যন্ত মনে হচ্ছে, শি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জেনারেল ঝু কাইহু ও পলিটব্যুরোর স্থায়ী কমিটির সাবেক সদস্য ঝউ ইয়াংক্যাঙের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছেন। আগে ধারণা করা হতো, এই মানুষেরা ধরাছোঁয়ার বাইরে।
কিন্তু দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হলে শুধু শি জিনপিংনির্ভর হলে চলবে না। সেটা নিশ্চিত করতে হলে দেশটিতে কিছু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ও আইনের শাসন বজায় রাখতে হবে, যাতে শি ক্ষমতায় না থাকলেও এই প্রক্রিয়া জারি রাখা যায়। শি সেটা করতে চাইলে পারবেন।
চীনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এ বছরের শুরুতে একটি বক্তৃতায় বলেছিলেন, চীনে আইনের শাসনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। চতুর্থ শতাব্দীতে সংস্কারক ও রাজনীতিক শ্যাং ইয়ং একটি প্রখ্যাত উক্তি করেছিলেন, ‘সাধারণ মানুষ আইন ভঙ্গ করলে তারা যে শাস্তি পাবে, যুবরাজ আইন ভঙ্গ করলে তাঁর জন্যও একই শাস্তি প্রযোজ্য হবে।’
শি যদি এই প্রথার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাহলে সেই প্রতিষ্ঠান কালের পরীক্ষায় উতরে যাবে। পার্টির সবচেয়ে প্রভাবশালী নেতার ক্ষেত্রে আইন একইভাবে প্রযোজ্য হবে, এটা নিশ্চিত করতে পারলে শি আধুনিক চীনের তৃতীয় গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হবেন।
ভারতের মহাত্মা গান্ধী দেশটির আত্মার পুনর্জাগরণ ঘটিয়েছেন। উপনিবেশের অভিঘাতে দেশটি প্রাণ শুকিয়ে মরতে বসেছিল। জওহরলাল নেহরু দেশটিতে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি স্থাপন করেন। এখন মোদির কাজ হবে, ভারতকে একটি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে মনপ্রাণ সমর্পণ করা। মোদির নেতৃত্বে গুজরাটে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বছরে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, সেই মডেল অনুসরণ করা হলে তা ভারতের উন্নয়ন ও বৈশ্বিক যশ অর্জনে আশীর্বাদ হয়ে উঠবে।
কিন্তু টেকসই উপায়ে প্রবৃদ্ধির এরূপ উচ্চ হার অর্জন করতে হলে কিছু সুদূরপ্রসারী ও ঝামেলাপূর্ণ সংস্কার আনতে হবে। যেমন তেলে যে অপচয়ী ভর্তুকি দেওয়া হয়, সেটা বন্ধ করতে হবে। এটা হলে স্বাস্থ্যসেবায় বেশি ব্যয়ের সুযোগ সৃষ্টি হবে। আরও যেসব আশু পদক্ষেপ নিতে হবে সেগুলো হচ্ছে, বাজেট ঘাটতি কমানো, বাণিজ্যের পথে অভ্যন্তরীণ বাধা দূর করা ও ব্যক্তিগত বিনিয়োগে উৎসাহদান।
রাজনৈতিক স্থিতাবস্থা ও সামাজিক অখণ্ডতা বজায় রেখে এসব সংস্কার করতে হলে মোদিকে প্রমাণ করতে হবে, তিনি একজন সর্বজনীন নেতা। হিন্দু জাতীয়তাবাদের স্লোগান তুলে তিনি ক্ষমতায় এলেও তাঁকে দেখাতে হবে, ভারতের ১৫ কোটি মুসলমান তাঁর দৃষ্টির বাইরে নয়। সফল হলে মোদিও দেশটির পরবর্তী আইকনে পরিণত হবেন।
ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী দুজন নেতা হচ্ছেন সুকর্ণ ও সুহার্তো। সুকর্ণ একজন শক্তিশালী রেটরিক দিয়ে বৈচিত্র্যপূর্ণ দেশটিকে মালার মতো একই সুতায় গেঁথেছেন। আর তাঁকে উৎখাত করে সুহার্তো দেশটিতে শক্ত অর্থনৈতিক ভিত্তি তৈরি করেন, ফলে বহু মানুষ দারিদ্র্যের জোয়াল থেকে বেরিয়ে আসে। জোকোউইয়ের কাজ হবে, সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিকতার ভিত তৈরি করা।
জোকোউই একদম সাধারণ ঘর থেকে উঠে এসে ক্ষমতার শীর্ষে আরোহণ করলেও ‘জনতার মানুষ’ হিসেবে তাঁর যে খ্যাতি ছিল, সেটা তিনি খোয়াননি। যে প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গি ও সততার জন্য তিনি প্রসিদ্ধ, সেটাও তিনি বিসর্জন দেননি। সুশাসনের জন্য তাঁর সুনাম দীর্ঘদিনের, সুরাকার্তার মেয়র হিসেবে তিনি অনেক নীতিই কার্যকরভাবে বাস্তবায়ন করেছেন। জাকার্তার গভর্নর হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন।
কিন্তু জাতীয় পরিসরে এ মডেলের অনুসরণ কোনো সহজ ব্যাপার হবে না। জোকোউই ক্ষমতা গ্রহণ করছেন এই অক্টোবরে। তাঁকে এমন নীতি নিতে হবে যাতে ক্রমবর্ধমান অসমতা, তেলে ভর্তুকি ও শিকড় গেড়ে বসা দুর্নীতির রাশ টেনে ধরা যায়। একই সঙ্গে সীমাবদ্ধ শ্রম আইনের ব্যাপারেও পদেক্ষপ নিতে হবে। পাশাপাশি, ইন্দোনেশীয় প্রতিষ্ঠানগুলোয় আস্থা ফিরিয়ে আনার কাজও তাঁকে করতে হবে।
জোকোউইয়ের নেতৃত্বে গঠিত জোট সংসদে মাত্র এক-তৃতীয়াংশ আসন পেয়েছে, বাকি আসনগুলো পেয়েছে তাঁর বিরোধী পক্ষ প্রাবোও সুবিয়ানতোর নেতৃত্বে গঠিত জোট। নীতি বাস্তবায়নের পথে এটা একটা সমস্যাই বটে। তাই নতুন ধরনের কোনো সুশাসনের নজির স্থাপন করতে গেলে মানে মেধার ভিত্তিতে মন্ত্রী নিয়োগদানের ক্ষেত্রে জোকোউইকে সতর্ক থাকতে হবে, যাতে রাজনৈতিক ও ব্যবসায়িক অভিজাতরা তাঁর প্রতি বৈরী না হয়ে যায়। সংক্ষেপে, দেশটির প্রয়োজন মাফিক প্রতিষ্ঠান গড়ে তুলতে জোকোউই যদি ঐকমত্য সৃষ্টি করতে চান, তাহলে তাঁকে এই রাজনৈতিক বিভাজন রেখা অতিক্রম করে যেতে হবে। এ লক্ষ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর আন্তপার্টি ‘প্যাক্ট ফর মেক্সিকো’ একটি গুরুত্বপূর্ণ মডেল হতে পারে।
তবে একটি সম্ভাবনাময় ব্যাপার হচ্ছে, গোঁড়া বা ধর্মীয় রাজনীতির সঙ্গে জোকোউইয়ের কোনো সম্পর্ক নেই। আবার জনগণের সঙ্গে তাঁর যোগাযোগও ভালো। একজন বহিরাগত হিসেবে ইন্দোনেশিয়াকে সমৃদ্ধিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার মতো বিশেষ অবস্থান তাঁর রয়েছে। এর মাধ্যমে তিনি দেশটির মহান নেতাদের কাতারে চলে আসতে পারেন।
চীন, ভারত ও ইন্দোনেশিয়া সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। যেসব করণীয় তা শি, মোদি ও জোকোউই করলে সেসব দেশে সুদূরপ্রসারী ও দ্রুত পরিবর্তন ঘটবে, এশিয়া ও বৈশ্বিক পরিসরেও এর প্রভাব অনুভূত হবে।
ইংরেজি থেকে অনূদিত; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
কিশোর মাহবুবানি: সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির ডিন।