এশিয়ার স্ববিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ুন ইয়ং-কোয়ান
ইয়ুন ইয়ং-কোয়ান

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) ২১টি সদস্যরাষ্ট্রের সম্মিলিত জিডিপি দুনিয়ার মোট জিডিপির ৫৪ শতাংশ, বৈশ্বিক বাণিজ্যের ৪৪ শতাংশও তাদের। এ মাসে অ্যাপেকের যে সম্মেলন হতে যাচ্ছে, তার গুরুত্ব এই পরিসংখ্যানের চেয়েও একটু বেশি। কিন্তু তার পরও সবাই যে বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছে, তা হলো এই সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সম্ভাব্য আলোচনা, আর সেটা হলে তাঁদের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা হ্রাস পাওয়ার মতো কিছু ঘটবে কি না।
হ্যাঁ, এ বিষয়ে গুরুত্ব দেওয়া খুব একটা অযৌক্তিক ব্যাপার নয়। কারণ, পূর্ব এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে দেশ দুটি সব সময়ই অগ্রগামী ভূমিকা পালন করেছে। কিন্তু এ দুই নেতা পরস্পরের সঙ্গে কথা বলবেন কি না, তা নিয়েও সন্দেহের ধূম্রজাল তৈরি হয়েছে। যে ‘এশীয় শতাব্দী’র সম্ভাবনা আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে, একটি স্ববিরোধিতার কারণে তা ক্ষতিগ্রস্ত হয়েছে: গভীর অর্থনৈতিক আন্তনির্ভরশীলতা সত্ত্বেও কৌশলগত অবিশ্বাস দূর না হওয়া।
চীন-জাপান সম্পর্কের যেরূপ অবনতি হয়েছে, সে পরিপ্রেক্ষিতে আবের এই সম্মেলনে অংশগ্রহণই একটি বড় ব্যাপার। ২০১২ সালে জাপান সরকার ব্যক্তিমালিকানাধীন ও বিতর্কিত সেনকাকু দ্বীপ কিনে নেয়, যাতে দ্বীপটি জাপানি জাতীয়তাবাদের খপ্পরে না পড়ে। এর ফলেই চীন-জাপান সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে শুরু করে। এ অবস্থায় আবে ও শির মধ্যে আলোচনা হওয়াটাই একটি বড় অগ্রগতি। ক্ষমতায় আসার পর এ দুজনের এটাই হবে প্রথম সাক্ষাৎ।
জাপান চীনের সঙ্গে একটি সাক্ষাতের আয়োজন করতে প্রাণান্তকর কূটনৈতিক চেষ্টা চালিয়েছে। এ লক্ষ্যে সাবেক জাপানি প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা বেইজিং সফরও করেছিলেন। এমনকি সংবাদমাধ্যমে এমন খবরও বেরিয়েছে, অ্যাপেক সম্মেলনের একটি বৈঠকে চীনের অংশগ্রহণ নিশ্চিত করতে আবে এটাও স্বীকার করতে রাজি হয়েছেন, যে সেনকাকু দ্বীপপুঞ্জের ওপর জাপানের দাবি একটি বিতর্কিত ব্যাপার।
আবে নিশ্চয়ই জানেন, এরূপ কথা বলা সেই দ্বীপপুঞ্জের ওপর চীনা দাবি স্বীকার করে নেওয়ার শামিল। ফলে আবে যে এটা স্বীকার করতে রাজি হয়েছেন, সেটা মোটেও তুচ্ছ ব্যাপার নয়। এর অর্থ এমনও হতে পারে যে তিনি চীনের সঙ্গে বিরাজমান অবস্থা (স্ট্যাটাস কুয়ো) বজায় রাখতে চান। সে ক্ষেত্রে এটা আশা করা যায়, শি দেং জিওয়াপিঙের নীতি অনুসরণ করে ইস্যুটি ‘কিছুদিনের জন্য তাকে তুলে রাখবেন’, যাতে ভবিষ্যতের ‘বিজ্ঞতর’ প্রজন্ম এ সমস্যার সর্বজনগৃহীত কোনো সমাধান বের করতে পারে।
এটা অনেকটা বাস্তবসম্মত সম্ভাবনা বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সম্প্রতি শি একটু নরম সুরে কথা বলছেন, তবে কূটনৈতিক রাজনীতিতে তিনি নরম হয়েছেন, সেটা হয়তো নয়। আবে ও শির মধ্যে যে হঠাৎ করে নমনীয়তা দেখা যাচ্ছে, তার একটি কারণ হতে পারে দুই দেশেরই অভ্যন্তরীণ কিছু পরিবর্তন। এর ফলে দেশ দুটির রক্ষণশীল, জাতীয়তাবাদী ও আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একধরনের ভারসাম্য সাধিত হয়েছে। দুই নেতাই গত দুই বছরে দেশের ভেতরে বিরোধী পক্ষগুলোকে জয় করেছেন, এর মধ্য দিয়ে তাঁদের ক্ষমতাও সংহত হয়েছে। ফলে তাঁরা নিজেদের আপস-মীমাংসার সক্ষমতার ওপর আরও আস্থাশীল হয়েছেন।
আবে তাঁর রক্ষণশীল সমর্থকদের খুশি করতে মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাস করেছেন। এর মাধ্যমে জাপানের আত্মরক্ষার পরিসর আরও বিস্তৃত হয়েছে। আবার জাপানের এই নতুন নিরাপত্তানীতির বিরোধিতাও হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রাজনৈতিক শক্তিই আবের এই অ্যাপ্রোচের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধ ও বিরোধিতা গড়ে তুলতে পারেনি।
জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধার-প্রক্রিয়া কিছুটা থমকে গেছে। ফলে দেশটির ব্যবসায়ী মহল এখন আবেকে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের তাগাদা দিচ্ছে। চীনা সরকারের তথ্য অনুসারে, ২০১৪ সালের প্রথম ভাগে চীনে জাপানের প্রত্যক্ষ বিনিয়োগ প্রায় ৫০ শতাংশ কমে গেছে।
অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি দেশে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আত্মবিশ্বাস ফিের পেয়েছেন। শীর্ষ সামরিক কর্মকর্তাদের শাস্তি দিয়ে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওপর নিজের প্রাধান্য সংহত করেছেন। ফলে চীনের অর্থনৈতিক শ্লথগতি রুখতে শির হাতে এখন অধিকতর সুযোগ আছে।
এই মূল্যায়ন সঠিক হলে পরে যে প্রশ্নটির উদয় হয়, তা হচ্ছে আবে ও শি এই উত্তপ্ত অবস্থার প্রশমনে কত দূর যেতে পারবেন, যার মাধ্যমে তাঁদের দেশের ব্যবসায়ী মহল আশ্বস্ত হবে, আবার জাতীয়তাবাদীদের সমর্থনও হ্রাস পাবে না। এই জাতীয়তাবাদীদের কাছে দ্বিপক্ষীয় সম্পর্ক হচ্ছে যোগফলশূন্য অঙ্কের মতো।
আবেকে বেছে নিতে হবে—হয় তাঁকে জাতীয়তাবাদী রেটরিকের সুর নরম করতে হবে অথবা বিতর্কিত জাতীয়তাবাদী ইস্যুতে তাঁর অবস্থান নমনীয় করতে হবে। তাঁকে বিতর্কিত ইয়াসুকোনি মন্দিরে যাতায়াত বন্ধ করতে হবে (যেখানে প্রথম শ্রেণির ১৪ জন যুদ্ধাপরাধীকে সম্মাননা দেওয়া হয়েছে, যাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফাঁসিতে ঝোলানো হয়েছে)। আর যে কোরীয় নারীদের জোর করে জাপানি সাম্রাজ্যবাদী সেনাদের মনোরঞ্জন করতে বাধ্য করা হতো, তাঁদের বিষয়ে যে সংশোধনবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে, তা ত্যাগ করতে হবে। এ দুটি বিষয়েও তাঁকে চিন্তা করতে হবে।
একইভাবে শি যদি পিএলএর ওপর তাঁর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন আর চীনের ‘শান্তিপূর্ণ উন্নয়নের’ পথ অনুসরণ করেন, তাহলে দেং যে দূরদর্শী নীতির কথা বলেছিলেন, তিনি তা গ্রহণ করতে পারবেন। চীনের এই উত্থানে প্রতিবেশীদের মধ্যে যে শঙ্কা সৃষ্টি হয়েছে, তাঁকে সেটা প্রশমন করতে হবে। ১৮৭১ সালে অটো ভন বিসমার্ক জার্মানির একীভূত করার পর ঠিক যা করেছিলেন।
এ অবস্থায় অ্যাপেক সম্মেলনে আবে ও শির প্রকৃত অভিপ্রায় পরিষ্কার হয়ে উঠবে। এর মধ্য দিয়েই বোঝা যাবে, চীন-জাপান সম্পর্কের গতিমুখ কোন দিকে যাবে। অর্থাৎ, পূর্ব এশিয়ার ভবিষ্যৎ কী হবে, তার একটি মূর্ত রূপ আমরা হয়তো দেখতে পাব।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
ইয়ুন ইয়ং-কোয়ান: গণপ্রজাতন্ত্রী কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী।