
এ বছরের শুরুর দিকে জাপানি সম্রাট আকিহিতো ভিয়েতনামের রাজরাজড়াদের আমলের রাজধানী হিউ সফরের সময় তাঁকেসহ সফরসঙ্গীদের মনে করিয়ে দেওয়া হয়, ভিয়েতনামের সঙ্গে তাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। ফাত ত্রিয়েত নামের এক চাম গোত্রীয় বৌদ্ধ ভিক্ষু অষ্টম শতাব্দীতে জাপান সফর করেছিলেন। ওখানে তিনি চাম সংগীত ও নৃত্য জনপ্রিয় করতে সহায়তা করেন, যেটা পরবর্তীকালে জাপানি সাম্রাজ্যিক আদালতের ‘গাগাকু’ পারফরম্যান্সে যুক্ত করা হয়। এই সফরের সময় জাপানি সম্রাট ভিয়েতনামি গাগাকু উপভোগ করার সুযোগ পান, যার উৎসও এই চাম।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পূর্ণবিকশিত করার পেছনে জাপানি সম্রাটের এই সফল গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। শুধু শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন নয়, তেজি অর্থনৈতিক বন্ধন ও ক্রমবিকাশমান কৌশলগত সহযোগিতার মধ্য দিয়ে এই বন্ধন ক্রমেই শক্তিশালী হচ্ছে। গত বছরের শেষে দেখা গেল, জাপান ভিয়েতনামের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগীতে পরিণত হয়েছে। তারা ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী এবং চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার।
সাম্প্রতিক বছরগুলোতে নিবিড় অর্থনৈতিক সহযোগিতার সঙ্গে জাপান ও ভিয়েতনামের মধ্যকার কৌশলগত সম্পর্কও দৃঢ় হচ্ছে। ২০০৯ সালে তাদের মধ্যে যে দ্বিপক্ষীয় ‘কৌশলগত অংশীদারি’ গড়ে উঠেছিল, তা ২০১৪ সালে ‘বর্ধিত কৌশলগত অংশীদারিতে’ পরিণত হয়। সুনির্দিষ্টভাবে বলা যায়, দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। ২০১১ সালে প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় করতে জাপান ও ভিয়েতনাম সমঝোতা স্মারক সই করে। এই সহযোগিতার সিংহভাগ দক্ষিণ চীন সাগরকেন্দ্রিক, যেখানে চীন সার্বভৌমত্বের দাবি নিয়ে কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, চীন এককভাবে পূর্ব চীন সাগরে আকাশ সুরক্ষা চিহ্নিতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে এবং দক্ষিণ ভিয়েতনাম উপকূলের অদূরে সাতটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে।
জুলাইয়ের শেষের দিকে চীন ভিয়েতনামকে হুমকি দেয়, তারা যদি চীনের কুখ্যাত নাইন-ড্যাশ লাইন বরাবর তেল উত্তোলন বন্ধ না করে, তাহলে তারা স্প্রাটলি দ্বীপপুঞ্জে ভিয়েতনামের ঘাঁটিতে হামলা করবে। যদিও এই এলাকাটি ভিয়েতনামের মহাদেশীয় সীমার মধ্যে পড়ে। ২০১৬ সালের সালিস ট্রাইব্যুনালের রায় অনুসারে নাইন-ড্যাশ লাইনের ভিত্তিতে চীন যে সমুদ্রসীমা দাবি করে, তা আইনসম্মত নয়। এই অঞ্চলে ভিয়েতনামের দাবিই বেশি শক্তিশালী। কিন্তু ভিয়েতনাম সশস্ত্র সংঘাতের পথে না গিয়ে পশ্চাদপসরণ করেছে।
তার মানে এই নয় যে চীনের এই বলদর্পী আচরণ কেউ প্রতিরোধের চেষ্টা করেনি। তার এই আচরণের কারণে শুধু ভিয়েতনামের নিরাপত্তাই বিঘ্নিত হয়নি, বরং এই অঞ্চলের বিরাজমান অবস্থাও হুমকির মুখে পড়ছে। ২০১৩ সালে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোডেরা ভিয়েতনাম কাম রান উপসাগরে স্প্রাটলির জন্য স্থাপিত ফোর্থ নেভি জোন হেডকোয়ার্টার পরিদর্শন করেন। এই সফরের সময় জাপান ও ভিয়েতনাম প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ব্যাপারে সম্মত হয়। বিশেষভাবে তারা ভিয়েতনামের নৌ প্রতিরক্ষা বাহিনী ও সামরিক প্রযুক্তি আধুনিকায়নে সম্মত হয়।
ভিয়েতনামের অনুরোধে জাপান তাকে ছয়টি টহল নৌকা দিয়েছে। দক্ষিণ চীন সাগরের প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্য তারা এটি চেয়েছে। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে জানুয়ারি মাসে ভিয়েতনাম সফরের সময় ৩৮ কোটি ডলার মূল্যের আরও ছয়টি নৌযান দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, জাপান ভিয়েতনামের কাছে আরও দুটি উন্নত রাডার-ভিত্তিক স্যাটেলাইট বিক্রি করবে। ২০১৮ সালের মধ্যে এটি হস্তান্তরিত হওয়ার কথা। জাপানের উন্নয়ন সহায়তার টাকা দিয়ে এ দুটি কেনার কথা। এতে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের নৌ সক্ষমতা বাড়বে। এ ছাড়া ভিয়েতনাম জাপানের কাছ থেকে পুরোনো পি-৩সি অ্যান্টি-সাবমেরিন ও নৌ নজরদারির বিমান কেনার কথা ভাবছে। এই নৌযানগুলো সম্ভবত দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হবে।
চীনের সামুদ্রিক সম্প্রসারণ ও প্রভাব বিস্তারের পরিপ্রেক্ষিতে ভারসাম্য আনতে জাপান ভিয়েতনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। জাপান শুধু অর্থনৈতিক ও সামরিকভাবে সক্ষম নয়, তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশীদের সহায়তা করতেও উৎসুক। সে কারণে তারাও আঞ্চলিক ভারসাম্য আনতে সহায়তা করতে পারে। জাপানের শক্তি ও চীনের সঙ্গে দীর্ঘ বিবাদের কারণে ভিয়েতনাম ও এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রতি তার অঙ্গীকারের ওপর আস্থা রাখাটা জোরদার হয়। জাপানের আবে প্রশাসন দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে স্বাভাবিক করার যে চেষ্টা করছে, তাতে ভিয়েতনামের সঙ্গে তার প্রতিরক্ষা শক্তিশালী হয়। জাপান ভিয়েতনামকে প্রতিশ্রুতিশীল নিরাপত্তা অংশীদার মনে করে। কারণ, তাদের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে অভিন্ন উদ্বেগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া থেকে সেনা প্রত্যাহার করতে চাইছেন, ফলে আঞ্চলিক ক্রীড়নকদের মধ্যকার কৌশলগত সহযোগিতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এটা দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে চলে যায়। এর মধ্যে ‘নীতিগত নিরাপত্তা নেটওয়ার্ক’ গড়ে তোলারও সম্ভাবনা থেকে যায়, যেটা বারাক ওবামার প্রশাসন একসময় প্রস্তাব করেছিল।
এই ধরনের বন্দোবস্ত অনেকটা আন-মেরি স্লটার ও মিরা র্যাপ-হুপার কথিত ‘মেশ নেটওয়ার্কের’ মতো। তাঁদের ভাষায়, এ ধরনের নেওয়ার্ক ‘অত্যন্ত টেকসই, কারণ কোনো ব্যক্তি এই কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ নয়, এমনকি একটি লাইন ভেঙে পড়লেও কাঠামোটি টিকে যায়’। ভিয়েতনামসহ অন্যান্য সমমনা এশীয় দেশ যেমন, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে তার ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্কের মধ্য দিয়ে এ রকম একটা টেকসই নেটওয়ার্ক গড়ে উঠতে পারেনি। এ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের হাত গুটিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা রক্ষাকবচ হতে পারে। অবশ্যই, সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে। ঐতিহাসিক বিদ্বেষের কারণে অনেক এশীয় দেশের সঙ্গে জাপানের সম্পর্কে কালো ছায়া ফেলে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলদারির সেই অন্ধকার দিনগুলো ভিয়েতনাম স্মরণ করে, যখন দুর্ভিক্ষে ২০ লাখ মানুষ মারা পড়ে।
কিন্তু ভিয়েতনাম অনেকাংশে জাপানবিরোধী ক্ষোভ কাটিয়ে উঠেছে। বস্তুত, সাম্প্রতিক সফরে আকিহিতো সেই জাপানি সেনাদের আত্মীয়দের সঙ্গে দেখা করেছেন, যাঁরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামে থেকে সেখানকার মেয়েদের বিয়ে করেছিলেন। এটা সমঝোতার লক্ষণ। আরও গভীর অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার পথ এখন আগের চেয়ে অনেক পরিষ্কার, যেখানে তাদের জাতীয় স্বার্থ এক বিন্দুতে মিলিত হয়েছে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
লে হং হিয়েপ: সিঙ্গাপুরভিত্তিক গবেষক।