এস এম ফজলুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম ফজলুল হক
প্রতিকৃতি অঙ্কন: মুসলিম মিয়া

রাজশাহী সরকারি কলেজের অঙ্কের শিক্ষক ছিলেন এস এম ফজলুল হক। মিষ্টি স্বভাবের কারণে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন তিনি।

নাটক ও আবৃত্তিতে ছিল তাঁর বিপুল উৎসাহ। সুবক্তা হিসেবেও তাঁর সুনাম ছিল। অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি নওগাঁয় তাঁর গ্রামের বাড়িতে চলে যান।


২৫ এপ্রিল সকালে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী একদল বিহারি তাঁর গ্রামের বাড়িতে আক্রমণ করে।

পাকিস্তানি সেনারা বাড়ি ঘিরে ফেলে এস এম ফজলুল হক, তাঁর মা ও ভাইবোনকে গুলি করে হত্যা করে।

সেদিন এক বাড়িতে তিনিসহ ১২ জন পাকিস্তানি সেনার হাতে শহীদ হন।

বিহারিরা পাকিস্তানি সেনাদের উপস্থিতিতে ওই বাড়িতে লুটপাট চালায়। পরে আগুন লাগিয়ে দেয়।


এস এম ফজলুল হকসহ কাউকে কবর দেওয়া যায়নি। কোনোরকমে গর্ত খুঁড়ে, এক-একটা গর্তে দুই থেকে তিনজনকে মাটিচাপা দেওয়া হয়।


এ ঘটনার বিবরণ জানা যায় তাঁর ভাগিনা ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. এনামুল হকের কাছ থেকে।

তিনি বলেন, ‘আমাদের বাড়ি ছিল সান্তাহার রেলওয়ে জংশনসংলগ্ন ছাতনিতে। ওই সময় সান্তাহার বিহারি-অধ্যুষিত ছিল।

মুক্তিযুদ্ধ শুরু হলে আমাদের এলাকায় বিহারিদের অত্যাচার বেড়ে গেলে আমরা মামাবাড়িতে আশ্রয় নিই।


‘২৫ এপ্রিল সকাল ছয়টায় আমরা বাড়ির বাইরে বসে ফজলু মামাসহ কয়েকজন রেডিওতে খবর শুনছিলাম।

এমন সময় মামাবাড়ির পূর্বদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসে। আমরা দেখতে পেলাম, লোকজন মাঠের দিকে দৌড়াচ্ছে।

আমরা খবর শোনা বন্ধ করে দ্রুত বাড়ির ভেতরে যাই। আমার মামাদের বাড়িটা ছিল ওই এলাকায় বেশ বড় এবং মাটির দেয়াল দিয়ে ঘেরা।

মামার কয়েকজন আত্মীয়ও এই বাড়ির বিভিন্ন ঘরে আশ্রয় নেয়। একটু পর স্বাধীনতাবিরোধী বিহারিদের সঙ্গে নিয়ে পাকিস্তানি সেনারা মামাবাড়িতে প্রবেশ করে।


‘ফজলু মামা, নানি, আমি ও মা একটা ঘরে আশ্রয় নিয়েছিলাম। পাকিস্তানি সেনারা এই ঘরের দরজা লক্ষ্য করে গুলি করা শুরু করে।

আমার মা ও নানির মাথায় গুলি লাগে।

তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ঘরের দরজার খিল খুলে যায়। তখন ফজলু মামা ও আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াই।

বারান্দায় আসামাত্র সেনারা ফজলু মামার বুক লক্ষ্য করে গুলি করে। তিনি কালেমা পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়েন।

আমি দৌড়ে আবার ঘরের ভেতরে যাই। সেনারা বিহারিদের সহযোগিতায় আমাকে ঘর থেকে বের করে আনে।

‘ওই ঘরে আমার আরেক মামা মোখলেস লুকিয়ে ছিলেন। তাঁকেও তারা টেনেহিঁচড়ে বের করে আনে।

তাঁকে ঘর থেকে এনে আমার সামনেই প্রথমে গুলি করে। তারপর বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলে।

এরপর আমাকেও মারার জন্য দাঁড় করায়। তখন তাদেরই কয়েকজন আমার বয়স কম বলে বাধা দেয়। ঘটনাচক্রে আমি বেঁচে যাই।


‘বাড়ির বাইরের ঘরে আশ্রয় নিয়েছিলেন ছোট মামা, আজিজুল মামা, জব্বার নানা, হামিদ নানা, আবদুল নানা ও ইয়াসিন নানা।

তাঁরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সামনে পুকুরপাড়ে পাকিস্তানি সেনা ও বিহারিরা তাঁদের আটক করে।

তাঁদের প্রথমে গুলি, পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। একমুহূর্তে সবকিছু শেষ হয়ে যায়।

এরপর পাকিস্তানি সেনাদের উপস্থিতিতে বিহারিরা মামাবাড়িতে লুটপাট করে। তারপর আগুন লাগিয়ে চলে যায়।’ (সাক্ষাৎকার ৮ মার্চ ২০১৫)।


এস এম ফজলুল হকের জন্ম ১৯৩৬ সালে। নওগাঁ জেলা সদর থেকে ৮ থেকে ১০ মাইল পশ্চিমে মোহনপুর গ্রামে।

তাঁদের বাড়ি নওগাঁ–হাপানিয়া মহাসড়কের পাশেই। বাবা গুল মোহাম্মদ, মা ফতেমন বেওয়া। তাঁর বাবা কৃষি বিভাগে চাকরি করতেন।

১৯৫২ সালে তিনি চকআতিয়া হাইস্কুল থেকে অঙ্কে লেটারসহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তাঁর এলাকায় তিনিই প্রথম ম্যাট্রিক পাস করেন।

রাজশাহী কলেজ থেকে ১৯৫৪ সালে আইএ ও ১৯৫৬ সালে বিএ পাস করেন।

১৯৫৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কশাস্ত্রে দ্বিতীয় শেণিতে এমএ পাস করেন।


তাঁর অধ্যাপনাজীবন শুরু হয় ১৯৬০ সালে, নওগাঁর বিএমসি (বশিরউদ্দিন মেমোরিয়াল কলেজ) কলেজে প্রভাষক হিসেবে।

’৬৫ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে বদলি হন। কয়েক মাস পর রাজশাহী কলেজে যোগ দেন।


এস এম ফজলুল হকের অবদান ছিল নিজ এলাকায় শিক্ষাবিস্তারে। তাঁর উদ্যোগে হাপানিয়া হাইস্কুল ও হাপানিয়া ইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠিত হয়।


প্রতিকৃতি: শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট (সপ্তম পর্যায়) প্রকাশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা (১৯৯৮) থেকে।
গ্রন্থনা: রাশেদুর রহমান
[email protected]