এসব রাগের উৎস কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর কাছে ভাত চেয়েছিলেন মারুফ হোসেন। কিন্তু রমজান মাসে দিনের বেলা কিসের আবার ভাত খাওয়া! তাই স্ত্রী ইমা বেগম স্বামীকে ভাত দেন না। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে মারুফ ক্ষিপ্ত হয়ে স্ত্রী ইমার গলা টিপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ইমা। ঘটনাটি ঘটেছে গত বুধবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখইর গ্রামে। গতকাল শুক্রবার প্রথম আলোসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে খবরটি ছাপা হয়। পাঠক, ঘটনাটি পড়ে বুঝলেন তো কত তুচ্ছ কারণে আর কত সহজেই না একজনকে মেরে ফেলা যায়!

অনেকে হয়তো বলবেন, রাগের চোটে স্বামী মারুফ হোসেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। স্ত্রীকে মেরে ফেলার কোনো ইচ্ছা তাঁর ছিল না। হয়তো হত্যার পেছনের কারণ তা-ই। কিন্তু এ কেমন রাগ? আমাদের এই চণ্ডাল রাগের উৎস কোথায়, যে রাগের কারণে মানুষ খুন হয়ে যেতে পারে? কেন এই রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না?

গত ৫ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলায় সালমা বেগম তাঁর ১৫ মাস বয়সী শিশু মাহাথিরকে হত্যা করেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সালমা বলেন, ‘বাচ্চা কান্নাকাটি করে, ঠিকমতো খায় না। তার বাবাও খোঁজখবর নেয় না। তাই রাগের চোটে বাচ্চাকে মেরেছি।’

২০১২ সালের জুন মাসের ঘটনা। ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গৃহবধূ নাছিমা বেগম তাঁর দুই বছরের কন্যাশিশুর দুধ বানানোর জন্য পানি গরম করছিলেন। এ সময় নাছিমার সঙ্গে শাশুড়ি আনোয়ারা বেগমের (৬০) সাংসারিক কাজ নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে রাগের বশবর্তী হয়ে গরম পানি শাশুড়ির গায়ে ঢেলে দেন নাছিমা। এতে তাঁর গায়ের চামড়া ঝলসে যায়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।

রাগের বশে শুধু খুন নয়; ধর্ষণ করা, অ্যাসিড ছুড়ে মারা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুকুরের মাছ মেরে ফেলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে।

কিন্তু এসব অপরাধের দায় কার? যে অপরাধটা করছে তার, নাকি অন্য কারও? অপরাধবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতে, পারিবারিক অশান্তি, যথাযথ শিক্ষার অভাব ও পারিপার্শ্বিক পরিস্থিতি মানুষকে অপরাধী করে তোলে। মনোবিজ্ঞানীদের এই মতকে আমি শতভাগ সমর্থন করি।

একটি শিশু তার পরিবার থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। পারিবারিক শিক্ষাই শিশুর আচার-ব্যবহার, মন-মানসিকতা, সামাজিকীকরণ ও চরিত্র গঠনে প্রধান ভূমিকা পালন করে। পরিবারে বাবা-মা বা অন্যান্য সদস্যরা যে আচরণ করবে, একটি শিশু সে রকম আচরণই করবে। সেটাই স্বাভাবিক।

সহিংস হয়ে কোনো শিশু জন্ম নেয় না। নানা কারণে সে পরবর্তী সময়ে সহিংস হয়ে ওঠে। একটি ছেলেশিশু যদি দেখে বাবা তার মাকে মারধর করছে, তাহলে বড় হয়ে সে তার স্ত্রীর সঙ্গে একই আচরণ করবে। কারণ, এটাই সে শিখেছে। অনেক পরিবারে শাসনের নামে শিশুকে মারধর করা হয়। আবার অনেক সময় কোনো অপরাধের শাস্তি হিসেবে শিশুকে খেতে দেওয়া হয় না। দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা। এসব সহিংস আচরণ শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলে। একসময় সে নিজে সহিংস হয়ে ওঠে। ফলে ঘটে মর্মান্তিক সব ঘটনা।

পরিবারের অভিভাবকেরা যদি তাঁদের সন্তানদের সততা, নৈতিকতার শিক্ষা দেন এবং সেভাবে কঠোর অনুশাসনের মধ্যে গড়ে তোলেন, তবে ওই সন্তানেরা কখনো অপরাধ করতে পারে না।

কাজেই পরিবার থেকে অস্থিরতা দূর করতে হবে। পারিবারিক বন্ধন জোরদার করতে হবে। বাবা-মা তাঁদের সন্তানদের ভালোবাসবেন। তাদের নৈতিক শিক্ষা দেবেন, সহিষ্ণুতার শিক্ষা দেবেন। পরিবার থেকে ভুল শিক্ষা নিয়ে কেউ যখন বাইরের সমাজে পা রাখে, তার কাছ থেকে আমরা তখন আর কী আশা করতে পারি। সে যখন আবার পরিবারের কর্তা বা কর্ত্রী হবে, তখন সেও তার বাচ্চাকে ভুল শিক্ষা দেবে। অনিয়ন্ত্রিত, নিরাপত্তাহীন পরিবেশ যেভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, তেমনি নিরাপদ পরিবেশ সন্তানের সুস্থ বিকাশের পথ সহজতর করে দেয়।

রোকেয়া রহমান: সাংবাদিক