>গতকাল শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেইলি স্টার-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভাষণটির পূর্ণ বিবরণ প্রকাশ করা হলো।
আসসালামু আলাইকুম।

দ্য ডেইলি স্টার-এর ২৫তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রোকিয়া আফজাল রহমান,
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক জনাব মাহ্ফুজ আনাম,
দেশ-বিদেশের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ,
গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ,
সম্মানিত সুধীমণ্ডলী,
এবং
ভদ্রমহিলা ও মহোদয়গণ,
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ২৫তম প্রতিষ্ঠাবাষির্কী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। সাফল্যের সাথে এই দীর্ঘ পথ অতিক্রম করা সত্যিই একটি বিরাট অর্জন। এ উপলক্ষে আমি ডেইলি স্টার-এর সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। পৃথিবীতে বোধ করি বাঙালিই একমাত্র জাতি, যাঁদের মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনে আত্মোত্সর্গকারী ভাষাশহীদদের, যাঁদের আত্মত্যাগের পথ বেয়ে মাতৃভাষার অধিকারসহ স্বাধিকার আন্দোলনের সংগ্রাম বেগবান হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন। তাঁরই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমি আজ পরম শ্রদ্ধার সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করছি। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে জীবন উত্সর্গকারী বীর শহীদদের।
ভদ্রমহিলা ও মহোদয়গণ,
সংবাদপত্র একটি দেশের দর্পণস্বরূপ। কারণ, তারা জাতির বিবেকের প্রতিফলন ঘটায়। বাংলাদেশের ইতিহাসে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত তাত্পর্যপূর্ণ। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে সংবাদপত্র সোচ্চার ভূমিকা পালন করে এবং সাধারণ মানুষের মুক্তির দাবি ঊর্ধ্বে তুলে ধরে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে আন্তর্জাতিক গণমাধ্যম অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তারা নিজেদের আত্মনিয়োগ করে। পরবর্তী সময়ে অধিকাংশ সংবাদপত্র তাদের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভূমিকা ধরে রেখেছে এবং জাতির গুরুত্বপূর্ণ সময়ে দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। সমাজের অবহেলিত অংশের মানুষদের দুঃখ-বঞ্চনাকে ভাষা জুগিয়ে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য নিরসন, গ্রাম ও শহরের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে তাদের বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।
সম্মানিত সুধীমণ্ডলী,
বাংলাদেশের গণমাধ্যমগুলির মধ্যে ইংরেজি দৈনিকগুলোর বিশেষ অবস্থান রয়েছে। তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের খবর পৌঁছে দিয়ে বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ সুদৃঢ় করেছে। বিশ্বদরবারে দেশের সাফল্য তুলে ধরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এ ক্ষেত্রে ডেইলি স্টার-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দীর্ঘ ২৫ বছরের যাত্রায় বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার গুণে তারা একটি নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে দেশ ও দেশের বাইরের মানুষের মনে জায়গা করে নিয়েছে। মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক দায়বদ্ধতাও প্রশংসাযোগ্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নদী বাঁচাও আন্দোলন ও পরিবেশ সংরক্ষণ, নারী ও শিশু অধিকার রক্ষা, দারিদ্র্য নিরসনসহ বিভিন্ন উন্নয়ন ইস্যুতে তারা সর্বদাই সোচ্চার ভূমিকা পালন করছে। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গোলটেবিল বৈঠক আয়োজনের মাধ্যমে বিশেষজ্ঞদের মধ্যে চিন্তার আদান-প্রদান ও সাধারণ জনগণকে সচেতন করে তোলার কাজটিও তারা বিশেষ দক্ষতার সাথে পালন করে আসছে। ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা প্রদান করা তাদের নিয়মিত কর্মকাণ্ডের অংশ। ডিএইচএল বিজনেস অ্যাওয়ার্ড, এইচএসবিসি-ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ এগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। প্রতিবছর ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তরুণদের বিভিন্ন উদ্যোগকে দেশের মানুষের কাছে তুলে ধরে যুবসমাজকে দেশসেবার কাজে অংশগ্রহণে উত্সাহ প্রদান করে আসছে। তাদের এ সকল উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশা করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ যাত্রাকে আরও এগিয়ে নিতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসই পারে একজন সাংবাদিককে পেশাগত উত্কর্ষের শীর্ষে নিয়ে যেতে। আপনারা সরকারের, এমনকি আমার নিজেরও সমালোচনা করবেন। তবে মনে রাখতে হবে, তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতিগঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে অবাধ তথ্যপ্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এ ব্যাপারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এ লক্ষ্যে তথ্য অধিকার আইন প্রণয়নের পাশাপাশি গণমাধ্যম যাতে স্বাধীনভাবে পরিচালিত হতে পারে, সরকার সে ব্যাপারে সার্বিক সহায়তা দিচ্ছে। মনে রাখতে হবে, স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা বা যথেচ্ছাচার নয়। একজনের স্বাধীনতার জন্য অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কেউ কাউকে দেয়নি। তাই দায়িত্ব পালনকালে আপনাদের সচেতন হতে হবে। সেলফ সেন্সরশিপকে কাজে লাগাতে হবে। বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা চাই এই স্বাধীনতা যথাযথভাবে ব্যবহার করে সংবাদপত্র দেশের ও জনগণের কল্যাণ বয়ে আনবে। সংবাদপত্রের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে মোকাবিলা করতে হবে।
সম্মানিত সুধীমণ্ডলী,
সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ এখন আর কোনো দেশের একক ভূখণ্ড ও সীমানার মধ্যে সীমিত নয়। এটি এখন একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বায়নের এ যুগে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বৈশ্বিক সন্ত্রাসবাদসহ সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘবদ্ধ অপরাধ ও স্থানীয় পরিসরে নানা ধরনের অপরাধ প্রতিরোধ এবং উদ্ঘাটনে গণমাধ্যমকেও সর্বশেষ প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। ধর্মকে ব্যবহার করে কেউ যাতে অশুভ কিছু করতে না পারে, সে ব্যাপারেও গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে। সংবাদপত্রসহ সকল গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় কাজ করতে হবে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে এবং প্রতিটি ধর্মীয় উত্সব সার্বজনীনভাবে পালিত হয়। আমরা কখনোই আমাদের এই ঐতিহ্য রক্ষায় কোনো ছাড় দিতে পারি না।
সংবাদপত্রের দায়িত্বশীল ও পেশাদারি ভূমিকা সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদান করে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন সমস্যার গভীরে প্রবেশ করে সমাধানের পথ খুঁজতে সহযোগিতা করে। জাতীয় বিভিন্ন ইস্যুতে জনমত গঠনেও তাদের ভূমিকা অপরিসীম। আমি আশা করি, সকল গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতির উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে। দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তারা আরও তত্পর হবে।
দ্য ডেইলি স্টার আগামীতে আরও এগিয়ে যাক এবং দেশ ও জাতির কল্যাণে তাদের প্রয়াস অব্যাহত থাকুক—এ প্রত্যাশা করি। ডেইলি স্টার-এর ২৫ বছর পূর্তি সফল হোক—এ কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।