ঐক্যের রাজনীতি ছাড়া মুক্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর বিজয় উৎসব পালনের মধ্য দিয়ে স্বাধীনতার ৪৫ বছর উদ্যাপন করলাম আমরা। মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলাম একদিন, তার কতটা আজ পূরণ হয়েছে, সে হিসাব আমরা করতেই পারি।
এ কথা মানতে হবে যে প্রবৃদ্ধির সঙ্গে তাল রেখে বৈষম্য বাড়লেও ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ ঝেড়ে ফেলে বাংলাদেশ আজ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাবে বাংলাদেশ। দক্ষ ও কর্মক্ষম জনসম্পদ, কৃষিতে বিপ্লব, প্রবৃদ্ধি নিঃসন্দেহে দেশের জন্য আশার বার্তা বহন করে। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে শুধু অর্থনৈতিক আর অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়। টেকসই উন্নয়নের জন্য চাই একটি অংশীদারিমূলক, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারসম্পন্ন, জনকল্যাণমূলক, সহিষ্ণু, শান্তিকামী ও সমৃদ্ধ সমাজ। এর জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক কাঠামোর কোনো বিকল্প নেই। আজকের রাজনীতিই ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।
তাহলে কেমন রাজনীতি দেখতে চাই আমরা? দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতা-পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদল ঘটেছে বারবার, কিন্তু রাজনীতির সুস্থ ধারা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক হওয়ায় ক্ষমতায় যাওয়া এবং যেকোনোভাবে ক্ষমতায় থাকাটাই প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে মুখ্য বলে বিবেচিত হয়েছে।
এ কারণে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও দলীয় প্রভাবমুক্ত করার জন্য ক্ষমতাসীনদের কখনোই তেমন আগ্রহী হতে দেখা যায়নি। ছোট্ট দুটি উদাহরণ দিই। সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ এবং নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে দীর্ঘ ৪৫ বছরেও কোনো আইন কেউ করেনি, যদিও সংবিধানে এ দুটি পদে নিয়োগ বিষয়ে আইন প্রণয়নের কথা স্পষ্ট বলা আছে। মজার বিষয় হলো, রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থেকে যেসব বিষয়ের পক্ষে সোচ্চার হয়, ক্ষমতায় গিয়ে সর্বাগ্রে সেগুলোই
অগ্রাহ্য করে। জনগণের স্বার্থের কথা যদি বাদও দিই, তবু ক্ষমতাসীনদের নিজেদের প্রয়োজনেই এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক ও শক্তিশালী করা উচিত।
সংবিধানের চারটি মূলনীতির অন্যতম যে গণতন্ত্র, সেটিকেও আমরা শুধু এক দিনের নির্বাচনের বৃত্তে বন্দী করে রেখেছি। সেই নির্বাচন ঘিরেও পাঁচ বছর পর পর সংঘাত-রক্তপাত হয়। অর্থাৎ নির্বাচনকে ঘিরে কোনো স্থায়ী সমাধানে আজও দলগুলো পৌঁছাতে পারেনি। একইভাবে পারেনি দলীয় আনুগত্য বিবেচনায় না নিয়ে কেবল সততা, দক্ষতা, যোগ্যতার ওপর নির্ভর করে রাষ্ট্রের প্রশাসনযন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাঁড় করাতে। সুশাসন প্রতিষ্ঠার জন্য এর সবই অত্যাবশ্যক। ভবিষ্যৎ রাজনীতিতে এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া না হলে কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠা রাজনীতির পথ কঠিনতম হয়ে উঠবে। আর এর মাশুল গুনতে হবে রাজনীতিবিদদেরও।
রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর কিছু পরিবর্তন প্রয়োজন। বর্তমান কাঠামোয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার একক মালিক প্রধানমন্ত্রী। এটি সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দেয়। যিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, আবার তিনিই ক্ষমতাসীন দলের প্রধান। রাষ্ট্র, সরকার ও দল এক ব্যক্তিতে লীন। কারও কাছে তাঁর জবাবদিহি নেই। এই অস্বচ্ছতা ও জবাবদিহিহীনতা স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়। সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা যৌথভাবে মন্ত্রিসভার ওপর ন্যস্ত করে জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করা দরকার। আমেরিকার কংগ্রেস, সিনেট ও প্রেসিডেন্ট কিংবা ভারতের লোকসভা ও রাজ্যসভার মতো বাংলাদেশের সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের প্রবর্তন করে ক্ষমতায় ভারসাম্য আনা জরুরি। প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতাও বাড়ানো দরকার।
রাজনীতিকে আরও অংশগ্রহণমূলক করতে হলে সংবিধানের ৭০ ধারা বিলোপেরও কোনো বিকল্প নেই। ক্ষমতা শুধু সচিবালয়ের হাতে কেন্দ্রীভূত না রেখে দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা সুস্পষ্ট করে স্থানীয় সরকারব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে।
ভিন্নমত ও আদর্শের প্রতি সহিষ্ণুতার অভাব ক্রমেই বাক, ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা সংকুচিত করে রাজনীতিতে এক দমবন্ধ পরিস্থিতির জন্ম দিয়েছে। এ পরিস্থিতি সৃষ্টিশীলতা বিকাশের পরিপন্থী এবং উগ্রবাদের জন্য অত্যন্ত অনুকূল। আর বাংলাদেশ তা প্রত্যক্ষও করেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধী মত দমন ইত্যাদির মূল্য শুধতে হয় দিন শেষে নাগরিকদেরই। সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে মানুষ ভবিষ্যৎমুখী নতুন ধারার রাজনীতি দেখতে চায়।
কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে। কথাটিতে দ্বিমত করার সুযোগ নেই। বর্তমানে ৭০ শতাংশ সাংসদই ব্যবসায়ী। ব্যবসায়ীরা সাংসদ হতে পারবেন না, এমন কোনো আইন নেই। কিন্তু যে সংসদের দুই-তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা, সেটি কী করে গণমুখী হবে? দৃশ্যমান কোনো বৈধ আয় না থাকা সত্ত্বেও মন্ত্রী-এমপিদের সম্পদ বহুগুণ বৃদ্ধি পাওয়া, কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের বিভিন্ন গ্রুপের ভাগ-বাঁটোয়ারা এবং দলীয় আচ্ছাদনে নানাবিধ দুর্নীতি করে বিনা প্রশ্নে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এর মধ্য দিয়েই সমাজে গেড়ে বসেছে।
রাজনীতি কেমন হবে তা বহুলাংশে নির্ভর করে রাজনীতিবিদেরা কেমন, তার ওপর। রাজনীতিতে আজকাল সৎ, মেধাবী ও নেতৃত্বগুণ-সম্পন্ন মানুষ কম দেখা যায়। এর কারণ রাজনীতিতে সুস্থ পরিবেশের অভাব, কালোটাকা ও পেশিশক্তির ওপর নির্ভরতা, রাজনীতি সম্পর্কে নেতিবাচক মনোভাব ও আদর্শের সংকট। দলগুলোতে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার অভাব এবং এক ব্যক্তির ওপর নির্ভরশীলতার কারণে ত্যাগী ও যোগ্য নেতা ও কর্মীর মূল্যায়ন যথার্থভাবে হয় না। রাজনীতিতে পরিবারতন্ত্র, তেলবাজি ও কালোটাকার একচ্ছত্র আধিপত্য যোগ্য নেতা তৈরির এক বিরাট অন্তরায়। রাজনীতিতে আমরা আজও কোনো মান নির্ধারণ করতে পারিনি। এ কারণে কোনো দলের শাসনামলের ভুলভ্রান্তির বিচার হয় অন্য দলের রাজনীতির মানদণ্ডে। ফলে দলগুলোতে ইতিবাচক কর্মকাণ্ডের বদলে নেতিবাচক কর্মকাণ্ডের প্রতিযোগিতা চলে।
জাতির অস্তিত্বের সঙ্গে মিশে থাকা আমাদের মহান মুক্তিযুদ্ধ একদিন সাড়ে ৭ কোটি বাঙালিকে এক সুতোয় গেঁথেছিল। যে বিভাজনের রাজনীতি আমরা কৌশল হিসেবে গ্রহণ করেছি, তাতে কোনো মুক্তি নেই। সামনে এগোতে হলে মুক্তিযুদ্ধের সময়ের মতো আমাদের ঐক্যের রাজনীতির কাছে ফিরতে হবে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
রুমিন ফারহানা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।