আজ ১৭ সেপ্টেম্বর। ঐতিহাসিক শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে ‘শরিফ শিক্ষা কমিশন’ রিপোর্ট বাতিলের দাবিতে পূর্ব বাংলার ছাত্রসমাজ হরতাল আহ্বান করে। হরতাল চলাকালে আবদুল গনি রোডে পুলিশের গুলিতে শহীদ হন মোস্তফা, ওয়াজিউল্লাহ ও বাবুল। ছাত্রসমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বৈরশাসক আইয়ুব খান শরিফ শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন স্থগিত করেন। উল্লেখ্য, পাকিস্তানের সেনাশাসক আইয়ুব খান ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি শিক্ষা কমিশন গঠন করেন। শিক্ষা বিভাগের সচিব ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের আইয়ুব খানের প্রাক্তন শিক্ষক এস এম শরিফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়। ১৯৬২ সালে শরিফ কমিশনের রিপোর্ট গ্রন্থাকারে মুদ্রিত ও প্রকাশিত এবং তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। এই রিপোর্টের কতিপয় গণবিরোধী সুপারিশ প্রত্যাখ্যান করে ছাত্রসমাজ। যেসব সুপারিশ প্রত্যাখ্যাত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. মুদ্রণযোগ্য উর্দু ও বাংলা বর্ণমালার জন্য একটি রোমান বর্ণমালা গঠন ও মান নির্ধারণ, ২. ‘শিক্ষা সস্তায় পাওয়া সম্ভব নয়, শিক্ষা একটি বিনিয়োগ’ প্রস্তাব করা, ৩. অবৈতনিক শিক্ষার ধারণা বস্তুত অবাস্তব কল্পনামাত্র বলে মন্তব্য করা, ৪. যে সন্তানের পিতার টাকা আছে তার জন্যই শিক্ষার দ্বার খোলা রাখা, ৫. তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্স চালু করা, ৬. ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি স্তর পর্যন্ত ইংরেজি ভাষাশিক্ষা বাধ্যতামূলক করা, ৭. পাকিস্তানের জাতীয় ভাষার জন্য একটি সাধারণ বর্ণমালা প্রবর্তন করা, যা হবে সব মুসলমানের পাঠ্য আরবি (নাম্খ্) বর্ণমালা ইত্যাদি।‘শরিফ কমিশন’-বিরোধী আন্দোলন প্রথম শুরু করেন ঢাকা কলেজের ছাত্ররা। তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের বিরুদ্ধে তাঁরা সোচ্চার হন। এর পরপরই ইডেন কলেজ, জগন্নাথ কলেজ ও কায়েদে আজম কলেজে (বর্তমান সোহরাওয়ার্দী কলেজ) এ আন্দোলন প্রবল হয়ে ওঠে।১৯৬২ সালের ১০ আগস্ট ঢাকা কলেজের ক্যানটিনে ছাত্রসভা করা হয়। তাতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক কাজী ফারুক আহমদ। সভায় সিদ্ধান্ত হয় ১৫ আগস্ট সারা দেশে ছাত্র ধর্মঘট পালন করার। এই কর্মসূচি ধরে গঠিত হয় ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ফোরাম। ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ মিলে এই ফোরাম গঠন করে। তারা প্রতিদিনই মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে থাকে। এ সময় সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে চলছিল অবিরাম ধর্মঘট।ছাত্ররা ১০ সেপ্টেম্বর সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। পূর্ব পাকিস্তান সরকার অবস্থান ধর্মঘট থেকে বিরত রাখার জন্য ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা অবস্থান ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। তবে এর পরিবর্তে ১৭ সেপ্টেম্বর হরতালের ডাক দেন।ছাত্ররা হরতালের সমর্থনে প্রতিদিন সমাবেশ ও মিছিল করতে থাকেন। তাঁরা ঢাকার ব্যবসায়ী সমিতি, কর্মচারী সমিতি, রিকশা ইউনিয়ন ও শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে যোগাযোগ করে হরতালের পক্ষে সমর্থন আদায় করেন। ফলে ১৭ সেপ্টেম্বরের হরতাল হয়ে ওঠে ছাত্র-জনতার হরতাল। হরতালের দিন খুব ভোরে ছাত্ররা বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেন। পিকেটারদের সামনে পড়ে মোনায়েম খানের মন্ত্রিসভার সদস্য হাসান আসকারির মার্সিডিজ গাড়ি। বিক্ষুব্ধ ছাত্ররা মন্ত্রীর গাড়িসহ পুলিশের দু-তিনটি জিপ পুড়িয়ে দেন। ক্ষিপ্ত পুলিশ নবাবপুর রেলক্রসিং থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় ছাত্রমিছিলে বেধড়ক লাঠি চার্জ করে; গ্রেপ্তার করে জগন্নাথ কলেজের ছাত্রদের। এ সময় ঢাকার প্রধান সড়কগুলো ছাত্র-জনতায় পরিপূর্ণ হয়ে যায়। হঠা ৎ খবর আসে, জগন্নাথ কলেজের ছাত্ররা আহত হয়েছেন। খবর শুনে ক্ষুব্ধ ছাত্ররা নির্ধারিত সকাল ১০টার পরিবর্তে নয়টায় সমাবেশ করেন। এখানে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের নেতা কাজী জাফর আহমদ। সকাল সাড়ে নয়টায় বের হয় ছাত্রদের বিশাল জঙ্গি মিছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন ছাত্রনেতা সিরাজুল আলম খান, মফিজুর রহমান, মহিউদ্দিন আহমদ, হায়দার আকবর খান রনো, রাশেদ খান মেনন, আইয়ুব রেজা চৌধুরী, রেজা আলী প্রমুখ। মিছিল যখন হাইকোর্ট পার হয়ে আবদুল গনি রোডে ঢোকে তখন পুলিশ গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে শহীদ হন বাবুল ও গোলাম মোস্তফা। আহত হয় অনেক ছাত্র ও জনতা। পরদিন হাসপাতালে মৃত্যুবরণ করেন আহত ওয়াজিউল্লাহ। একদল ছাত্র আহত ব্যক্তিদের নিয়ে যান ঢাকা মেডিকেলে। বাকি ছাত্রদের জঙ্গি মিছিল এগিয়ে যায় রথখোলার মোড়ের দিকে। অপরদিক থেকে জগন্নাথ কলেজের ছাত্রদের বিশাল মিছিল আসে রথখোলার দিকে। পুলিশ দুই মিছিলের মাঝখানে অবস্থান নেয়। এ সময় আসে সেনাবাহিনী। এখানে তুমুল সংঘর্ষ হয়। আহত হয় প্রায় ২৫০ জন ছাত্র ও জনতা। এ মিছিলে বুড়িগঙ্গার মাঝিরা বৈঠা নিয়ে অংশগ্রহণ করেন। দুপুরের দিকে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্ররা ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুলিশ ও সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রাখে। সেনাবাহিনী মেডিকেল থেকে লাশ গায়েবের চেষ্টা করে। ছাত্ররা প্রতিরোধ করেন। পরদিন সকালে সলিমুল্লাহ হলে গায়েবানা জানাজা হয়। এরপর প্রতিদিন চলে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ। ২৪ তারিখ পল্টন ময়দানে ছাত্র-জনতার সভা হয়। এদিন পাকিস্তান সরকার ‘শরিফ কমিশন রিপোর্ট’ বাস্তবায়ন স্থগিত করে এবং ছাত্র আন্দোলন আংশিক বিজয়ের মধ্য দিয়ে স্তিমিত হয়ে যায়। এর পরের বছর অর্থা ৎ ১৯৬৩ সাল থেকে মোস্তফা-ওয়াজিউল্লাহ-বাবুলের রক্তস্নাত ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস হিসেবে পালিত হতে থাকে।রতন সিদ্দিকী