
দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোতে ইউরোপের চেয়ে বেশি মানুষের বসবাস। তারপরও ইউরোপীয়রা তাদের অঞ্চলকে মহাদেশ বলে, আর আমাদেরটাকে বলে উপমহাদেশ। আমরা নিজেরাও তাদের দেওয়া তকমা অনায়াসে গিলে খাচ্ছি। অথচ সম্পদ, সংস্কৃতিতে, বৈচিত্র্যে আমরা মোটেও পিছিয়ে নেই। যদিও আমাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই আছে। তবে সেটা কোথায় নেই?
সেন্ট মার্টিন দ্বীপ থেকে খাইবার গিরিপথ পর্যন্ত দেশগুলোর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়। তা হলো রাজনৈতিক পদ্ধতি। এ অঞ্চলের চারটি দেশে—বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে সংসদীয় সরকারব্যবস্থা চালু আছে। বাংলাদেশ ও পাকিস্তানে অবশ্য এ ব্যবস্থা অতীতে হোঁচট খেলেও আবারও সংসদীয় পদ্ধতিতে ফিরে এসেছে। ভারতে এই ব্যবস্থা বেশ টেকসই। নেপাল রাজতন্ত্র হটিয়ে সংসদীয় গণতন্ত্রকেই বেছে নিয়েছে। মাঝে অবশ্য তাদের একটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে গেছে একটানা ১০ বছর। এখন সেখানে মোটামুটি শান্তি ও স্থিতি বিরাজমান।
গত বছর এক প্রলয়ংকরী ভূমিকম্পে নেপালের অনেক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তারা আবার উঠে দাঁড়িয়েছে। সম্প্রতি ‘কাষ্ঠমণ্ডপ’ অর্থাৎ কাঠমান্ডুতে গিয়েছিলাম একটা কাজে। যে জিনিসটা প্রথমেই চোখে পড়ল, তা হলো অনেক পর্যটকের আনাগোনা। থামেল এলাকাটি পর্যটকদের ভিড়ে গিজগিজ করছে। কিছু ঘটনা-দুর্ঘটনার কারণে পর্যটনশিল্প এ দেশে মুখ থুবড়ে পড়েছে। নেপালের ছবিটা পুরোপুরি আলাদা। মাঝরাতেও একজন বিদেশি—তা পুরুষ হোক কিংবা নারী—স্বচ্ছন্দে হাঁটাচলা করছেন। এ রকম পর্যটকবান্ধব দেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়টি নেই। গৃহযুদ্ধের সময় নেপালে মাওবাদীরা অস্ত্র হাতে শ্রেণিসংগ্রামের ক্ল্যাসিক্যাল তত্ত্বটি প্রয়োগ করেছিলেন। হাজার হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। কিন্তু কোনো বিদেশি পর্যটকের গায়ে কেউ হাত তুলেছে, এমন অভিযোগ নেই। একটানা সাত দিনের হরতাল হয়েছে বহুবার। কিন্তু এয়ারপোর্ট থেকে পর্যটকবাহী গাড়ি ‘ফর টু্যরিস্ট’ ব্যানার লাগিয়ে দিব্যি চলাফেরা করেছে। গাড়ি ভাঙচুরের ‘আন্দোলন’ হয়নি। আমার মনে হলো, নেপালের রাজনীতি মানুষকে অধিকার-সচেতন করেছে, অন্ধ করেনি। হিমালয়ের ছোট এই দেশটি থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি।
তবে রাজনীতিতে নেপালিরা প্রতিবেশীদের কাছ থেকে কিছু খারাপ আচরণও শিখেছে। তার একটা হলো, শব্দ নিয়ে মারামারি। ২০০৮ সালের নির্বাচিত গণপরিষদ পাঁচ বছরেও একটা সংবিধান দিতে পারেনি, যা দুই বছরের মধ্যে করার কথা ছিল। ২০১৩ সালের নির্বাচনে নতুন গণপরিষদ হলো। একটা সংবিধান অবশ্য তাঁরা তৈরি করেছেন। কিন্তু এটা এখনো কার্যকর করা যায়নি। নেপাল যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল পদ্ধতির সংসদীয় ব্যবস্থায় গেছে। কিন্তু অঙ্গরাজ্যগুলোর সংখ্যাও সীমানা নিয়ে অস্বস্তি ও বিরোধ আছে। ভারত সীমান্তের সমতলের বাসিন্দারা আলাদা দাবি তুলেছেন। পর্বতের বাসিন্দারা তাঁদের বলেন, ‘মদেশি’—অর্থাৎ বিদেশি। বিশ্লেষকদের অনেকেই সম্প্রতি মদেশি আন্দোলনের পেছনে ভারতের উসকানি আছে বলে মনে করেন। তাঁদের অভিযোগ, ভারত তার সীমান্তে পছন্দমতো দুটো রাজ্য বানাতে চায়, যারা ‘প্রয়োজনে’ ভারতের পক্ষে থাকবে। এ নিয়ে হুজ্জত হাঙ্গামা হয়েছে অনেক। এখনো ঐকমত্য হয়নি।
নেপালই এই অঞ্চলের একমাত্র দেশ, যেখানে এলাকাভিত্তিক প্রতিনিধি ছাড়াও দলীয় ভিত্তিতে পাওয়া ভোটের আনুপাতিক হারে দলের প্রতিনিধি আছেন সংসদে। এই ব্যবস্থার সুবিধা হলো, যাদের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই বা রাজনীতিতে নেই কিন্তু মেধা কাজে লাগানোর অনুকূল পরিবেশ পেলে জাতীয় ক্ষেত্রে মূল্যবান অবদান রাখতে পারেন, এমন লোকদের তারা দলীয় কোটায় সংসদে নিয়ে আসেন। ফলে নাগরিক সমাজের অনেক প্রতিনিধি সংসদে আছেন। নেপালে রাজনীতিবিদেরা ‘সুশীল সমাজ’ বলে এদের গাল দেয় না, বরং তাঁদের সামর্থ্যকে কাজে লাগানোর জন্য সাংবিধানিক পদ্ধতিতে সুযোগ করে দিয়েছে। এই পদ্ধতিতে অনেক নারীও সংসদ সদস্য হতে পেরেছেন, যাঁরা হয়তো সাধারণ নিয়মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় টিকিট পেতেন না। মোটামুটি সব দলই এই ব্যবস্থাটি মেনে নিয়েছে।
নেপালের সংসদে নারী প্রতিনিধি মোট সদস্যের শতকরা ৩৩ ভাগ। এটা এই অঞ্চলে তো বটেই, স্ক্যান্ডিনেভিয়ার দু-একটা দেশ ছাড়া পৃথিবীতে সম্ভবত সবচেয়ে বেশি। আমরা প্রায়ই রাজনীতির মূল ধারায় নারীর অংশগ্রহণের কথা বলতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলি। নেপাল পদ্ধতিটি ভালোভাবেই আত্মস্থ করেছে। ভোটের আনুপাতিক হারে দলীয় মনোনয়নে যাঁরা সংসদ সদস্য হচ্ছেন, তাঁদের একটা উল্লেখযোগ্য অংশ হলো নারী।
নেপালের আর একটি বৈশিষ্ট্যের কথা না বললেই নয়। এ দেশের সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির যেকোনো একজন হতে হবে নারী। একই ব্যবস্থা সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য। এই মুহূর্তে নেপালের তিনটি গুরুত্বপূর্ণ পদে নারীর সরব অবস্থান। রাষ্ট্রপতি, স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নারী। বিচারপতিদের লাইনে যাঁরা অপেক্ষমাণ, তাঁদের মধ্যে যিনি জ্যেষ্ঠ, তিনিও একজন নারী। অর্থাৎ আগামী পাঁচ-দশ বছর নেপালের বিচারালয় নারী নেতৃত্বেই পরিচালিত হবে। নেপালের সৌভাগ্য, এটা চ্যালেঞ্জ করার মতো কোনো উগ্র বা ধর্মান্ধ গোষ্ঠী নেই।
নেপালের বর্তমান রাষ্ট্রপতি হলেন বিদ্যাদেবী ভান্ডারি। তাঁর স্বামী মদন ভান্ডারি একসময় নেপালের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। নব্বইয়ের দশকে এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। পাহাড়ি পথে চলতে গিয়ে তাঁর গাড়ি খাদে পড়ে গিয়েছিল। বিদ্যা ভান্ডারি অবশ্য উত্তরাধিকার সূত্রে রাজনীতির নাটাইটা হাতে পাননি। ছাত্ররাজনীতি করেছেন। কমিউনিস্ট পার্টিতে সক্রিয় ছিলেন বরাবর। অনেক বছর আগেই সংসদ সদস্য হয়েছিলেন, মন্ত্রীও ছিলেন। দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি রামবরণ যাদব ছিলেন ‘মদেশি’।
বিদ্যাদেবী ভান্ডারি রাষ্ট্রপতি হওয়ার পর দল থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতির কোনো দলীয় পরিচয় থাকে না। মেয়াদ শেষ হওয়ার পরও তাঁরা দলীয় রাজনীতি করতে পারবেন না। কেননা, এই পদগুলো জাতীয় ঐক্যের প্রতীক-প্রতিভূ। সুতরাং তাঁরা কেউ মোহাম্মদ উল্লাহ, হুসেইন মুহম্মদ এরশাদ কিংবা বদরুদ্দোজা চৌধুরী হবেন না।
রাষ্ট্রপতি বিদ্যা ভান্ডারিকে আমি চিনি ১৫-২০ বছর ধরে। নাগরিক সমাজের নানা সভা-সম্মেলনে আমরা একসঙ্গে অংশ নিয়েছি। তিনি দীর্ঘদিন ‘অলনেপাল উইমেনস অ্যাসোসিয়েশনের’ সভাপতি ছিলেন। এবার আমরা দক্ষিণ এশিয়ার আটটি দেশের নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি পূর্বনির্ধারিত একটা সভায় কাঠমান্ডুতে মিলিত হয়েছিলাম। বিদ্যা ভান্ডারি এই নাগরিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। খবর পেয়েই তিনি আমাদের আমন্ত্রণ জানালেন। আড্ডা হলো তাঁর সরকারি বাসভবনে। কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ভাবলাম সাক্ষাৎকারের জন্য প্রশ্ন করি কয়েকটা। বলতেই তিনি হ্যাঁ সূচক সাড়া দিলেন। বললাম, সংসদীয় পদ্ধতিতে আপনার কী করার আছে। জবাবে বললেন, সীমাবদ্ধ সাংবিধানিক ক্ষমতার মধ্যেও কিছুটা নড়াচড়া করা যায়। সম্প্রতি তাঁর দলের নেতা কৃষ্ণ প্রসাদ ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন। তাঁর জায়গায় ফিরে এসেছেন প্রজাতান্ত্রিক নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড। এখানে বিদ্যার অনুমোদন ছিল জরুরি ও গুরুত্বপূর্ণ। যদিও প্রচণ্ড অন্য দলের নেতা।
নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকলেই নারীর ক্ষমতায়ন হয় না। বিদ্যা একটা উদাহরণ দিলেন। নেপালের আইনে মেয়েরা পারিবারিক আইনে সম্পত্তির উত্তরাধিকারী হয় না। সংসদে বিল উঠল, ছেলেমেয়ে উভয়ই সমান সম্পত্তি পাবে। ডান-বাম নির্বিশেষে সদস্যরা অনেকেই ভেটো দিলেন। এখন ঠিক হয়েছে, বাবা ইচ্ছেমতো ‘উইল’ করবেন, তার ভিত্তিতে উত্তরাধিকার ঠিক করা হবে। অর্থাৎ পিছু হঠতে হলো তাঁদের।
বিদ্যা আরেকটা উদাহরণ দিলেন। এখন গাঁও-গেরামে কোনো নারী হাঁটাচলা করলেই পুরুষেরা বলেন—রাষ্ট্রপতি আওনুভায়ো, অর্থাৎ দেখো দেখো, রাষ্ট্রপতি আসছেন! হাসি-ঠাট্টার মধ্য দিয়ে কথাটা বললেও এর মধ্যে সমাজে নারীর অবস্থানের একটা করুণ দিক ফুটে ওঠে। এই উচ্চারণে কৌতুক যেমন আছে, তাচ্ছিল্যও আছে।
বিদ্যা ভান্ডারি যখন রাষ্ট্রপতি হলেন গত বছর, তখন তাঁকে নিয়ে প্রথম আলোয় একটা কলাম লিখেছিলাম, ‘বিদ্যার জন্য শুভকামনা।’ আমি আবারও তাঁকে শুভাশীষ জানাই। গত ১০ বছর তাঁর বুকে কর্কট রোগ বাসা বেঁধেছে। নিরন্তর লড়াই করে টিকে আছেন তিনি। তাঁর এই লড়াইয়ে আমরাও সমব্যথী। আশা করি তিনি দীর্ঘজীবী হবেন। দেশের মানুষকে তাঁর আরও দেওয়ার আছে।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।