ঈদ এলে এই ‘দেশের’ মানুষ ওই ‘দ্যাশে’ যায়। ঢাকার মানুষ পথে নামে। পথের মানুষ ঘরে যায়। বাসার মানুষ বাড়ি যায়। ঢাকাকে খালি করে দিয়ে গ্রাম-মফস্বলে ঈদ জমে। সরকার তো কেবল ছুটি দিয়ে খালাস। যোগাযোগব্যবস্থাও যোগের বদলে বিয়োগপ্রধান। বাস-ট্রেন-লঞ্চের টিকিট আকাশের চাঁদ। তবু ছেড়ে আসা স্থান, ফেলে আসা গ্রাম আর দূরে থাকা মানুষের সঙ্গে মিলছে মানুষ। উৎসব পালনের নামে তারা আসলে শতবর্ষ যাবৎ সংস্কারহীন ছেঁড়া-ফাটা এই সমাজেরই নবায়ন ঘটাচ্ছে। বড় সামাজিক উৎসব মানেই পাবলিক লাইফের পুনরুজ্জীবন। বাংলাদেশের মতো এজমালি সংস্কৃতির জের রয়ে যাওয়া এই দেশে ধর্মীয় উৎসবের এই ধর্মনিরপেক্ষ তাৎপর্য রোমাঞ্চিত করার মতো ঘটনা। অথচ এ ঘটনাকে সহজ, সাবলীল আর আনন্দের সঙ্গে উদ্যাপন করার রাষ্ট্রীয় আয়োজন কত সামান্য! বাংলাদেশের অধিকাংশ মানুষেরই দেশ একটা নয়, দুটো। একটা দেশ মানচিত্রে থাকে, অন্য দেশটা হারানো দেশ আটলান্টিসের মতো মনের সাগরতলে ঘুমিয়ে থাকে। দুই দেশ সর্বদাই আলাদা, পরস্পরের সঙ্গে তাদের হয় নাকো দেখা। একটা তার জাতীয় ‘দেশ’, অন্যটা তার জন্মস্থানের ‘দ্যাশ’। ঈদ এলে এই ‘দেশের’ মানুষ ওই ‘দ্যাশে’ যায়। এখানে অফিস, ব্যবসা, পড়ালেখা, ক্যারিয়ার, দৌড়াদৌড়ি; আর ওখানে আত্মীয় সমাজ, ভাই-বন্ধু আর আপন মানুষ। এখানে তার বাসা, ওখানে তার বাড়ি। এখানে ইট-কাঠ-কাচ আর লোহার বাজারি পরিবেশ আর সেখানে নদী-গাছ-খেতখামারের মানবজমিন। এটা তার অস্থায়ী ঠিকানার সোসাইটি, ওটা তার স্থায়ী ঠিকানার কমিউনিটি। একটা স্বার্থের অন্যটা আবেগের, একটা বাস্তব অন্যটা রোমান্টিক। ঈদ এলে এই দুইয়ের মধ্যে দেখাদেখি হয়। বাস্তবকে ছাপিয়ে, মানচিত্রের ঊর্ধ্বে এক কল্পনার ‘দ্যাশ’ জেগে ওঠে। অনুভূতির এই ‘দ্যাশ’ ঈদের চাঁদের মতোই ক্ষণস্থায়ী কিন্তু তার আকর্ষণ কত জোরদার। বাস্তবে দেশ আর দ্যাশের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু সংস্কৃতির আস্বাদনে, শৈশবের মায়াবী স্মৃতির স্পর্শে সেই ‘দ্যাশ’ মনের অতলে ঘাই মারে। মানুষকে তখন ভাটার টানের মতো ফেরার টানে পায়। এই টান কিসের টান, যার টানে দেশের মানুষ দ্যাশের মানুষ হয়ে যায়?বাংলাদেশি সমাজের একটা গভীর গোপন সত্য এই ঘটনায় প্রকাশ পায়। ঢাকায় সমাজ জিনিসটা নিস্তেজ। আত্মীয়, প্রতিবেশী, বন্ধু সবার সঙ্গেই এখানে যোগাযোগ অনেক পাতলা। গভীর যোগাযোগের ভার অনেক। দায়িত্ব নিতে হয়, সময় দিতে হয়, খরচও করতে হয়। তাই মানবিক যোগাযোগে আলগা থাকাতেই মহানগরের মহা-নাগরিক মানুষের স্বস্তি বেশি। এখানকার পরিবারগুলোও বেশির ভাগই স্বামী-স্ত্রী-সন্তানকেন্দ্রিক—একান্নবর্তী পরিবার হাতেগোনা। নাড়ির টান অনুভব করার সুযোগ এখানে কম। ঢাকায় যতই ‘নাড়ির টানে’র অভাব, ফেলে আসা জন্মস্থান সেই টানে ততই টানে। নাড়ির টান কথাটার এমন ফলিত প্রয়োগ আর দেখা যায় না। ঈদ এলে সেই অদৃশ্য নাড়ি জেগে ওঠে আঁকুপাঁকু করে। সে ঘরে ফিরতে চায়। ঘরের মানুষও ঈদ এলে অবুঝ হয়ে ওঠে। যত ব্যস্ততা বা সমস্যাই থাক বাড়ির ছেলেমেয়ে যতই লায়েক হোক বাড়ি তাকে যেতেই হবে। নইলে মা-বাবার উৎসব মাটি হবে, আত্মীয়রা গোস্সা করবে, ছোটবেলার সঙ্গী-সাথিদের অভিমান হবে। দ্যাশের সমাজ এভাবে তার দূরের সদস্যদের ফিরিয়ে নিয়ে নাড়ির যোগটা আরও পোক্ত করে। একেই বলছি পাবলিক লাইফের নবায়ন। দেশের থেকে দ্যাশ কেন কখনো কখনো বড় হয়ে ওঠে, সেই প্রশ্নের উত্তর ইতিহাসবিদ ও সমাজতাত্ত্বিকেরা দেবেন। তবে ঔপনিবেশিক আমলেই যে এই দুটো স্তর তৈরি হয়ে গেছে, সেটা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। ব্রিটিশ আমলে গড়ে ওঠা নতুন শহর কলকাতা ছিল ক্ষমতা, বিত্ত আর বিদ্যার কেন্দ্র। ঔপনিবেশিক দেশে রাজধানী মানেই তাই। ক্ষমতা, বিত্ত আর বিদ্যার পতিরা হয় কলকাতায় থাকতেন, নতুবা সেখানে একটা অবস্থান তৈরি করে নিতেন। বাদবাকিদেরও মামলা-মোকদ্দমা, চাকরি-বাকরি, শিক্ষা বা চিকিৎসার খাতিরে কলকাতায় ধরনা দিতেই হতো। কলকাতা নগর যতই তিলোত্তমা হতে চাক, দ্যাশের মানুষের তা আপন হতে পারেনি। ঔপনিবেশিকতার জের বয়ে চলা বাংলাদেশের রাজধানীর সঙ্গে আমাদের প্রেমও তেমনি পরকীয়া, আপনকীয়া প্রেম এখনো শৈশবের দ্যাশ-গেরামের সঙ্গেই।আধুনিক বাংলাদেশের রাজধানী কলকাতার আদলে বিবর্তিত হলেও এখানে ঘটেছে অভিনব এক ঘটনা। ঢাকা যেমন বাকি বাংলাদেশকে আত্মসাৎ করে গড়ে উঠেছে, তেমনি বাকি বাংলাদেশও ঢাকার মধ্যে ঢুকে পড়ে একে অধিকার করে নিয়েছে। ঢাকার নিজস্ব স্থানীয় মানুষ খুবই কম। যারা এর প্রধান বাসিন্দা, তারা কেউ এখানে স্থায়ী আবাস গড়ে নিতে পেরেছে, কেউবা জীবনের প্রয়োজনে এই শহরে আস্তানা গেড়েছে। কিন্তু এদের বেশির ভাগেরই পেছনে এখনো ‘দ্যাশের’ অদৃশ্য লেজ ঝুলছে। পথেঘাটে-দপ্তরে বা অন্দরে আঞ্চলিক ভাষার ও আঞ্চলিক কায়দার জীবনযাপন এবং রান্না ও ঘরগেরস্থালির হিসাব নিলে এই সত্য ফকফকা হয়। একমাত্র পুরান ঢাকার মানুষ ছাড়া খুব কম লোকই নিজেকে ‘ঢাকাইয়া’ বলেন। এভাবে ঢাকা সারা বাংলাদেশের স্থানান্তরিত ও অভ্যন্তরীণ অভিবাসী মানুষের দ্বারা একরকম অধিকৃত হলেও আপন হয়নি। বাৎসরিক ঈদ উৎসবে মানুষ তাই আপন ঠাঁইয়ের উদ্দেশে ঢাকাকে ছেড়ে যায়। ঢাকা ফাঁকা হয়ে যায়, আর ভরে ওঠে গ্রাম-মফস্বল। তখন তো মনে হতেই পারে, ট্রেনে বাসে লঞ্চে চড়ে ঢাকাই বুঝি সারা দেশে ছড়িয়ে পড়ছে।তখনই বোঝা যায়, ঢাকা কী রকম বাদবাকি বাংলাদেশকে ঢেকে ফেলেছে। ঢাকার মতো সড়ক-মার্কেট-ফাস্ট ফুডের দোকান, বিলবোর্ড দেখতে দেখতে একসময় মনে হতে পারে, জেলা শহরগুলো যেন মিনি ঢাকা। ওদিকে টেলিভিশনের বরাতে ঢাকার মধ্যবিত্তের জীবনকেন্দ্রিক নাটক, ঢাকাই রুচির লাইফস্টাইল, পোশাক ইত্যাদিও ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। ঈদের সময় ঢাকা থেকে কেনা কিংবা ঢাকার মানুষের কেনা ঢাকাই পণ্যও দেশময় ছড়িয়ে পড়ে। এভাবে ঢাকা যেমন অ-ঢাকা দ্বারা ঢাকা পড়ে, তেমনি অ-ঢাকাও ঢাকার দ্বারা ঢাকা পড়ে যায়। ঢাকা ছাড়লেও তাই ঢাকায় ফেরার জন্য মন টানে। ঢাকা ও ঢাকার বাইরের এই টানাপোড়েনই বাংলাদেশের জনপদগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসে। ঢাকাকে তাই ছেড়ে যাওয়ার উপায় নেই। দুই.ঢাকার ঈদ এখনো শুরু হয়নি। কিন্তু দ্যাশ-গ্রামে ঈদের আমেজ লেগে গেছে। নতুন পোশাক হয়তো গায়ে ওঠেনি; তবে দ্যাশের পথঘাটে নতুন মানুষের আনাগোনা। বর্ষার নতুন পানির মতো এসব নতুন মানুষ তাদের পুরোনো আবাসকে প্লাবিত করে দিচ্ছে। ওই যে লক্ষ্মীপুরের পাটোয়ারি বাড়ির কাচারির সামনে রিকশা থেকে নামছে বছর খানেক গ্রামে না আসা গ্রামের ছেলেটি। ওই যে বরিশালের কীর্তনখোলার লঞ্চঘাটে পুত্র-পুত্রবধূ আর নাতিনাতনিদের নিতে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। ওই যে উলিপুর স্টেশনে এইমাত্র খালাস করে দেওয়া যাত্রীরা পাকা রাস্তা ছেড়ে মেঠোপথ হয়ে জমির আইল দিয়ে ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামগুলোয়। এই ঈদে দেশের মানুষ দ্যাশে যাক, সুখে থাক, নিরাপদ থাক। ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।[email protected]