ওদের আর ব্যথিত করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুদের বাস চাপা দিয়েছে। একবার না, বারবার। খোলা চোখ ওরা দেখেছে অভাবনীয় ভয়ংকর মৃত্যু। দৃশ্যটা আক্রান্ত করেছে ওদের অনেকের মন। প্রত্যক্ষদর্শীর কষ্ট ছড়িয়ে গেছে সমবয়সীদের মনোজগতেও। মিডিয়ার কল্যাণে এ খবর পৌঁছে গেছে ঘরে ঘরে। এমনকি আন্দোলন চলার সময়ও বাস-ট্রাকের চাপায় শিক্ষার্থীদের মৃত্যু ঘটতে দেখছে ওরা। এসবের মানসিক আঘাতে বাচ্চাদের নরম মনে ক্ষত তৈরি হয়েছে। এটা একধরনের ‘সাইকোলজিকাল ট্রমা’ তারা কষ্ট পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে, প্রতিবাদী হয়েছে। বহির্মুখী হয়েছে তাঁদের আবেগের ঝড়। ভার্চ্যুয়াল মিডিয়ার কারণে সংবদ্ধ হয়েছে তাঁরা। 

তাঁদের দাবি স্বচ্ছ, নিষ্কলুষ
ঘরে ঘরে অনেকে কাঁদছে, অনেকে হতবিহ্বল। স্তব্ধ অনেকে, অনেকের ক্ষুব্ধতা আনুষঙ্গিক নানা ঘটনায় প্রজ্বলিত হচ্ছে। এদের অনেকেই অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন/ডিসঅর্ডারে আক্রান্ত। এ অবস্থা ২৮ দিনের বেশি চলতে থাকলে মনঃ জখম স্থায়ী হয়ে যাবে। এ ধরনের অবস্থা সৃষ্টি হলে জাতির জন্য পরিণতি হবে ভয়াবহ। যারা আন্দোলনে আছে তাদের বেলায়ও এটা হতে পারে, যারা ঘরে বসে অস্থিরতা বোধ করছে, আশাবাদী হওয়ার পরিণতি না পেলে তারাও মুষড়ে পড়তে পারে।

ওরা যেন মমতা আর সহমর্মিতার ছোঁয়া পেয়ে ঘরে ফিরতে পারে, ভয় পাইয়ে দিয়ে ঘরে ফেরাতে গেলে সমস্যার সমাধান হবে না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর মমতা আর ভালোবাসার ঘাটতি আছে বলে মনে হয় না। তাঁর চোখ দেখে বোঝা যায় তিনিও মানসিকভাবে আহত হয়েছেন। ঘরে ঘরে বাচ্চাদের মা-বাবারও একই অবস্থায় রয়েছে।

অশুভ শক্তি যেন কোমলমতি বাচ্চাদের মনের দাবি কলুষিত করতে না পারে, কোনো শক্তি যেন তাদের আঘাত করতে না পারে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, খেয়াল রাখুন। এই কিশোর-কিশোরীরা আমাদের নৈতিকতা শিক্ষা দিয়েছে, শৃঙ্খলা শিখিয়েছে, আপনাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে। ওরা লাইসেন্সবিহীন এক চালককে তুলে দিচ্ছে আপনাদের হাতে।

বড়দের উচিত, নিজেদের বোধ দিয়ে নয়, বাচ্চাদের বয়সের স্তরে নেমে এসে বুঝুন ওদের। জাতির ভালোবাসাই ওদেরকে ভবিষ্যতে মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলবে। ওদের আর হতাশ আর ব্যথিত করবেন না।

মোহিত কামাল: মনোচিকিৎসক ও সাহিত্যিক।