ওবামার আফ্রিকা সফর: নতুন সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জুলাইয়ে আফ্রিকা সফরে বারাক ওবামা
গত জুলাইয়ে আফ্রিকা সফরে বারাক ওবামা

ইথিওপিয়ায় বারাক ওবামার সাম্প্রতিক সফর এবং আফ্রিকান ইউনিয়নে তাঁর ভাষণকে (২৮ জুলাই, ২০১৫) কেন্দ্র করে আমার অভিজ্ঞতা বর্ণনার আগে ইথিওপিয়ার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা দরকার।
আফ্রিকা মহাদেশের পূর্বে অবস্থিত ইথিওপিয়া একটি ব্যতিক্রমধর্মী ও অত্যাশ্চর্য রাষ্ট্র। এর প্রাচীন নাম আবিসিনিয়া, যার সঙ্গে কয়েক হাজার বছর ধরেই গ্রিস, রোম, মিসর, পারস্য, আরব দেশ ও ভারতীয় উপমহাদেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। সত্তর দশকের গৃহযুদ্ধ, সম্রাট হাইলে সেলাসিকে উৎখাত করে কমিউনিস্ট মেনগেসতুর ক্ষমতা দখল, নব্বই দশকে তাঁর ক্ষমতাচ্যুতি ও পলায়ন, আশির দশকে খরায় আক্রান্ত ইথিওপিয়া এবং তিন দশকের যুদ্ধের মাধ্যমে নব্বই দশকে ইরিত্রিয়ার আলাদা হয়ে যাওয়ার পরে বর্তমানে ইথিওপিয়ার নবজাগরণ ও অর্থনৈতিক উন্নয়নের সাফল্য ঈর্ষণীয়।
ইথিওপিয়ার নবজাগরণের এই পর্বেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ইথিওপিয়া সফর এবং দেশটির রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের কার্যালয়ে তঁার ভাষণটি ছিল তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ও একই রাজধানীতে। এই আদ্দিস আবাবাতেই আমার স্বামী ড. আমর খাইরি আবদাল্লার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি আসার ফলে ওবামার ঐতিহাসিক ভাষণটি সরাসরি শোনার সৌভাগ্য হয়। আফ্রিকান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানের আমন্ত্রণলিপি হাতে করে আমর ও আমি যখন আফ্রিকান ইউনিয়নের মূল কার্যালয়ে পৌঁছালাম, তখন সকাল ১০টা এবং আমাদের মতোই আমন্ত্রিত অন্য অতিথিরা কড়া নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে প্রবেশ করছেন।
চীনের অর্থে গড়া আফ্রিকান ইউনিয়নের নেলসন ম্যান্ডেলা কক্ষে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ওবামা, যাঁর দেশ চীনের কট্টর সমালোচক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী। অতিথিদের কেউ কেউ বললেন যে কেনিয়া ও ইথিওপিয়ায় ওবামার আগমনের অন্যতম কারণ আফ্রিকায় দ্রুত প্রসারিত চীনের আধিপত্যকে খর্ব করা। ভারতও চীনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আফ্রিকায় জায়গা করে নিচ্ছে, তাকেও সামাল দেওয়া। আফ্রিকান ইউনিয়নের মূল সভাকক্ষে প্রবেশের পথে চোখে পড়ল দেয়ালভরা আফ্রিকান ইউনিয়নের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতাদের ছবি। এর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, মিসরের গামাল আবদুল নাসের, ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি, আলজেরিয়ার বেনবেল্লা ও কঙ্গোর প্যাট্রিস লুমুম্বার ছবি। ষাট-সত্তর দশকের নয়া সম্ভাবনা ও আদর্শবাদী যুগের কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম নেলসন ম্যান্ডেলা কক্ষের দিকে।
সচরাচর এমন বিশিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, মর্যাদাশীল প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বনামধন্য ব্যক্তিত্বদের আধিক্য লক্ষ করা যায়। কিন্তু এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের এক বিপুল অংশই ছিল তরুণ প্রজন্ম, যা ওবামাও লক্ষ করে তাঁর সেদিনের বক্তব্যে উল্লেখ করেন। তৃণমূল সংগঠনের প্রতিনিধিত্বকারী নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। মার্কিন দূতাবাস দক্ষতার সঙ্গেই আমন্ত্রণ সর্বস্তরে পৌঁছে দিয়েছে। আমাদের সামনের আসনে বসা, ‘ইথিওপিয়ান উইমেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের’ সভানেত্রী হাদিয়া গঞ্জি জানালেন যে কঠোর পরিশ্রমী, অথচ নিম্ন পারিশ্রমিক পাওয়া কফিশ্রমিকদের ৭৫ শতাংশই নারী। উন্নত দেশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দরিদ্র দেশগুলো থেকে নামমাত্র মূল্যে সম্পদ সংগ্রহ করে বিশাল অঙ্কের মুনাফা করছে, সেই ক্ষেত্রে নারী রপ্তানিকারক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় স্বীয় রাষ্ট্রের নীতি প্রণয়নেও তাঁর সংগঠন অবদান রাখে।

>ওবামা বলেন, তিনি আমেরিকান হওয়ার জন্য যেমন গর্বিত, তেমনি গর্বিত একজন আফ্রিকান পিতার পুত্র হওয়ার জন্য। স্রষ্টার কাছে সব মানুষই সমান

ওবামা যখন সভাকক্ষে প্রবেশ করলেন, তখন বেলা দেড়টা পেরিয়ে গিয়েছে। কড়া নিরাপত্তার কারণে তাঁর আগমনের সময় উল্লেখ করা হয়নি। নিরাপত্তা কঠোর হলেও সভাকক্ষে নিরাপত্তা প্রহরীর উপস্থিতিকে যথাসম্ভব আড়াল করে সহজ-স্বাভাবিক পরিবেশ গড়ে তোলার প্রয়াস লক্ষ করা যায়।

আফ্রিকান ইউনিয়নের সভানেত্রী, দক্ষিণ আফ্রিকার নাগরিক এনকোসাজানা জুমা স্বাগত ভাষণে বললেন, আফ্রিকার রক্ত-ঘাম যুক্তরাষ্ট্রের উন্নয়নে বিশাল অবদান রেখেছে। আফ্রিকায় এই বছরকে বলা হয় নারীর ক্ষমতায়নের বছর। ফিদেল কাস্ত্রো ১৯৭৩ সালে বলেছিলেন, কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মানের প্রেসিডেন্ট ক্ষমতায় আসীন হবেন। ওবামা তারই নিদর্শন।
যুক্তি-বুদ্ধি, আবেগ ও রসিকতার সংমিশ্রণে উপস্থাপিত ওবামার প্রায় ৪৭ মিনিটের বক্তব্য অতিথিদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ওবামা বলেন, তিনি আমেরিকান হওয়ার জন্য যেমন গর্বিত, তেমনি গর্বিত একজন আফ্রিকান পিতার পুত্র হওয়ার জন্য। তাঁর দুই কন্যা জানে যে একই সঙ্গে আফ্রিকান দাস ও দাসদের ইউরোপীয় মনিবের ঐতিহ্য তাদের বংশধারায় মিশে রয়েছে। স্রষ্টার কাছে সব মানুষই সমান। ইথিওপিয়ার প্রাচীন মানবী লুসি, যাকে দেখতে তিনি জাতীয় জাদুঘরে গিয়েছিলেন, একই মানব পরিবারের প্রতীক। আফ্রিকার জন্য শক্তিশালী মানুষের প্রয়োজন নেই। প্রয়োজন রয়েছে শক্তিশালী প্রতিষ্ঠানের। ইসলাম অর্থ শান্তি, যা আফ্রিকার লাখ লাখ মুসলিমের জানা। কিন্তু ধর্মকে অপব্যবহার করে সন্ত্রাসীরা ত্রাসের সৃষ্টি করছে। সন্ত্রাস রুখতে প্রয়োজন ভালো সরকার, যাতে সন্ত্রাসীরা মানুষের দুর্দশাকে নিজ স্বার্থে ব্যবহার না করতে পারে। নিরাপত্তা কায়েমের জন্য যদি মানুষের স্বাধীনতা হরণ করা হয়, তাহলে আমরা নিরাপত্তা ও স্বাধীনতা উভয়ই হারাব।
ওবামা বলেন, ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন যে শুধু নিজ স্বাধীনতাই রক্ষা নয়, বরং অপরের স্বাধীনতাও রক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাধীনতা রক্ষার জন্য রাইফেল নয়, প্রয়োজন নীতি ও আদর্শের প্রয়োগ। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলাপে এই রাষ্ট্রের সাংবাদিকদের স্বাধীনতা হরণ ও নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করেছেন বলে তিনি জানান। দুর্নীতির ক্যানসারে আজ আফ্রিকা আক্রান্ত, যা আফ্রিকার মর্যাদা বিনষ্ট করছে—এই বলে তিনি দুঃখ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রেও রয়েছে বহু ত্রুটি-বিচ্যুতি, কিন্তু আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণের চর্চা সেখানে অব্যাহত। পুরোনো মানুষ পুরোনো পদ্ধতিতে চিন্তা করে। অগ্রগতির জন্য দরকার নতুনদের পথ করে দেওয়া। তিনি আরও বলেন, আফ্রিকায় একবার ক্ষমতায় যিনি যান, তিনি নিজ থেকে সহজে ক্ষমতা ছাড়েন না। তিনি নিজেকে সর্বোত্তম মনে করেন। ‘আমি বুঝি না তিনি কেন আজীবন ক্ষমতায় থাকতে চান! বিশেষত আফ্রিকার প্রেসিডেন্টের তো অর্থকড়ির অভাব নেই। আমিও আমার কাজ পছন্দ করি এবং মনে করি যে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে আমি জিতব। কিন্তু আমার দেশের আইনে তা সম্ভবপর নয়।’ তাঁর এই কথায় পুরো সভা হর্ষধ্বনি ও মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ে।
ওবামার ভাষণের পর আমাদের পরিচিত ও বন্ধুস্থানীয় অনেক ইথিওপিয়ান আমাদের কাছে তাঁদের মতামত ব্যক্ত করলেন। ইথিওপিয়ার বর্তমান সরকারের মিডিয়া নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের কঠোরভাবে দমননীতির বিরুদ্ধে ওবামার সমালোচনাকে তাঁরা স্বাগত জানালেন। কেউ কেউ বললেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হলে যুক্তরাষ্ট্রকেও আন্তরিক সদিচ্ছা দেখাতে হবে। বিশ্বের বৃহত্তম অস্ত্র বিক্রেতা রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র রপ্তানিকারী ব্রিটেন, সুইডেন, রাশিয়া ও চীনের মতো ধনশালী ও উন্নত রাষ্ট্রগুলোকে বিসর্জন দিতে হবে যুদ্ধনির্ভর অর্থনীতি। অনুন্নত দেশগুলোয় সন্ত্রাস ও ত্রাস ও হিংস্রতাকে উসকে দিয়ে এবং জিইয়ে রেখে বল্গাহীন মুনাফা অর্জনের অনৈতিক প্রথা বর্জন করতে হবে।
শারমিন আহমদ: লেখক, গবেষক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা।