ওবামার আমেরিকায় শ্রেণীযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোড়াতেই মহামতি মার্ক্সের শরণাপন্ন হওয়া যাক।সভ্য পৃথিবীর ইতিহাসকে মার্ক্স শ্রেণীসংগ্রামের ইতিহাস বলে চিহ্নিত করেছেন। একদিকে শাসক, অন্যদিকে শাসিত। সমাজ এগিয়েছে এই দুই শ্রেণীর অব্যাহত লড়াইয়ের ভেতর দিয়ে। আধুনিক ইতিহাসে এই শ্রেণীসংগ্রাম ঘটেছে মূলত শ্রমিক ও বুর্জোয়া শ্রেণীর মধ্যে, যে যুদ্ধে শ্রমিকশ্রেণীর জয় অবশ্যম্ভাবী। বুর্জোয়া শ্রেণীর কবজায় রয়েছে পুঁজি ও উৎপাদনের মাধ্যম। শ্রেণীযুদ্ধের লক্ষ্য উৎপাদনের সে মাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে আনা। সমাজের প্রধান চালিকাশক্তি হিসেবে এই যুদ্ধে শ্রমিকশ্রেণীর বিজয় শুধু স্বাভাবিকই নয়, তা অবশ্যম্ভাবীও বটে।মার্ক্সের এই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়নি। তাঁর মৃত্যুর সোয়া শ বছর পর এখনো ক্ষমতার শীর্ষে সেই বুর্জোয়ারাই। শ্রমিকশ্রেণী তাদের সংগ্রাম চালিয়ে গেছে তা ঠিক, কিন্তু সে লড়াইতে সে ক্রমাগতই পিছু হটেছে। বুর্জোয়া শ্রেণী—অর্থাৎ যাদের হাতে ধন ও রাজনৈতিক ক্ষমতা—তারা এখন আগের যেকোনো সময়ের চেয়ে অধিক শক্তিশালী। পৃথিবীর ধনী ১ শতাংশ মানুষের হাতে বিশ্বের ৪০ শতাংশ সম্পদ। মাত্র তিনজন সেরা ধনীর হাতে যে পরিমাণ ধনসম্পদ রয়েছে, ডলারের হিসাবে তা বিশ্বের ৫০টি দেশের অধিক।এই পরিসংখ্যান এখন চোখে পড়লে মহামতি মার্ক্স সম্ভবত ব্যথিত হতেন, শ্রেণীযুদ্ধে শ্রমিকশ্রেণীর বিজয় বিষয়ে তাঁর ভবিষ্যদ্বাণী অত নিশ্চিতভাবে প্রচার না করে কিঞ্চিৎ রয়েসয়ে বলতেন। তবে এক অপ্রত্যাশিত স্থান থেকে তাঁর তত্ত্বের প্রতি সমর্থন এসেছে। সে হলো মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, বিশ্বের এক নম্বর বুর্জোয়া রাষ্ট্র, সব নষ্ট কর্মের হোতা, উত্তর-সাম্রাজ্যবাদী এই রাষ্ট্রে শ্রেণীযুদ্ধ কেবল টিকেই নেই, রীতিমতো পা ছুড়ে জানান দিচ্ছে। কারও কারও বিশ্বাস, এই যুদ্ধে বুর্জোয়া শ্রেণী হটছে, শোষিত শ্রেণী এগোচ্ছে। প্রমাণ: সম্প্রতি সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন। কথাটা বিশ্বাস না হলে নিউ রিপাবলিক পত্রিকার অন্যতম সম্পাদক জনাথন শেইটের সাম্প্রতিক একটি লেখা পড়ে দেখুন, সে লেখার শিরোনাম: ‘আমেরিকায় শ্রেণীযুদ্ধ শেষ হলো’।নির্বাচিত হওয়ার পর শিকাগোতে উল্লসিত জনসমুদ্রের সামনে ওবামা যে বিজয়-ভাষণ দেন, জনাথন তা থেকে একটি বাক্য উদ্ধৃত করেছেন তাঁর তত্ত্বের সপক্ষে। ধন্যবাদ ও একাধিক দেশপ্রেমমূলক বাগাড়ম্বরের পর ওবামা গুরুত্বপূর্ণ যে কথাটি বলেন তা হলো, ‘অনেক ব্যাপারে ভিন্নমত থাকলেও এ দেশের অধিকাংশ মানুষ আমেরিকার ভবিষ্যৎ বিষয়ে একমত।’ ওই যে ‘সবাই’ না বলে ‘অধিকাংশ’ বললেন, তা থেকে জনাথন ধরে নিয়েছেন, ওবামা শ্রেণীবিভক্ত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। এই অধিকাংশ মানুষ হলো আমেরিকার ৯৮ শতাংশ। বাকি রইল ২ শতাংশ। নির্বাচনী প্রচারণার সময় ওবামা অনেক বিষয় উপেক্ষা করেও যে কথা বারবার বলেছেন তা হলো, দেশের ধনী ২ শতাংশের ওপর অতিরিক্ত করারোপ করতে হবে। কারণ, সেটাই হবে ন্যায়সংগত পদক্ষেপ।১ শতাংশ বনাম ৯৯ শতাংশ—এ ছিল এ বছর বসন্তে ও গ্রীষ্মে আমেরিকার এক নম্বর স্লোগান। ওবামা যে ৯৮ শতাংশের কথা বলেন, তা-ই বস্তুত আমেরিকার ৯৯ শতাংশ। ‘আমরাই হলাম ৯৯ শতাংশ’ স্লোগান বুকে ঝুলিয়ে দেশের প্রায় প্রতিটি শহরে ‘অকুপাই আন্দোলন’ গড়ে ওঠে। তাদের দাবি: আমেরিকার চলতি অর্থনৈতিক মন্দাবস্থার জন্য দায়ী ওই ১ শতাংশ, তাদের সীমাহীন লোভের ফলে আমেরিকার এই দুর্দশা। ব্যাংক লাটে উঠেছে, দেউলিয়া হয়েছে সাধারণ মানুষ, বেকারত্বে ভুগছে প্রতি ১০০ জনের আটজন। যাদের জন্য এই নরককাণ্ড, তাদের বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া যাবে না। নির্বাচনী প্রচারণার সময় ওবামা অবশ্য অত কঠিন কথা বলেননি, হাজার হোক আয়ের হিসাবে তিনি নিজেও তো ওই ১ শতাংশের দলে পড়েন। তাঁর দাবি ছিল, গত ২০ বছরে আমেরিকার অর্থনৈতিক অব্যবস্থার দরুন সবচেয়ে লাভবান হয়েছে দেশের মাত্র ২ শতাংশ মানুষ। এখন সময় এসেছে তাদের ঘাড়ে আনুপাতিক দায়িত্ব চাপানো। অন্য কথায়, ধনীর দল, তোমরা এত দিন আঙুল ফুলে কলাগাছ হয়েছ, এবার বাড়তি কিছু কড়ি ফেল।ওবামার এই প্রস্তাবকে রিপাবলিকানরা শ্রেণীযুদ্ধ বলে অভিহিত করেছে। এ বছর গোড়ার দিকে ওয়াল স্ট্রিটের লাগামহীন ব্যবহারের প্রতিবাদে যখন ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলন শুরু হয়, রমনি গং খোলামেলাভাবেই তাকে ‘শ্রেণীযুদ্ধ’ বলে অভিহিত করেন। মিশেল বাখম্যান নামে এক রিপাবলিকান কংগ্রেস সদস্য তো বলেই বসেন, অকুপাই-টকুপাই আসলে কিছু না, সব হলো ওবামাকে জিতিয়ে আনার পাঁয়তারা। তাঁর অভিযোগ ছিল, ওবামা জিতলে আমেরিকা ফ্রান্সের মতো সমাজতান্ত্রিক হবে, অথবা তার চেয়েও খারাপ, তৃতীয় বিশ্বের মতো এক দেশে পরিণত হবে।শ্রেণীযুদ্ধের টুপি শুধু রিপাবলিকানরা নয়, ডেমোক্র্যাটদের তরফ থেকেও ব্যবহূত হয়েছে। তাদের অভিযোগ, রিপাবলিকান দল ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। রোনাল্ড রিগান তাঁর আট বছরে যে ‘চুইয়ে পড়া অর্থনীতি’র প্রবক্তা ছিলেন, তার লক্ষ্যই ছিল তেলে মাথায় তেল ঢালা। সে মাথা থেকে চুইয়ে যে দু-চার ফোঁটা বাড়তি তেল গড়িয়ে পড়বে, নিচের তলার মানুষের তা নিয়েই খুশি থাকতে হবে। বড়লোক যদি আরও বড়লোক হয়, তাহলে তার মাথা থেকে চুইয়ে পড়া তেলের পরিমাণ বাড়বে। অতএব ঢালো আরও তেল। রিগানের এই ‘সাপ্লাই সাইড ইকোনমি’কে ডেমোক্র্যাটরা ‘গরিব ও মধ্যবিত্তের বিরুদ্ধে শ্রেণীযুদ্ধ’ নামে অভিহিত করতে দ্বিধা করেনি।নির্বাচনের পর ভোটারদের যে শ্রেণী-পরিচয় মিলেছে তা স্পষ্ট, রমনি (এবং রিপাবলিকান দল) মুখ্যত এ দেশের শ্বেতাঙ্গদের ওপর ভরসা করে লড়াইতে নেমেছিলেন। শ্বেতাঙ্গ মানেই যে সবাই ধনকুবের তা নয়, কিন্তু শ্রেণী চেতনায় তারা সবাই অভিন্ন। কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও অন্য বহিরাগতদের এরা উড়ে এসে জুড়ে বসা মানুষ ভাবে। ওবামার বিজয় মানে শ্বেত আমেরিকার পরাজয়, এমন একটি বোধ থেকে নির্বাচনের ফল প্রকাশ হতে না হতেই আমেরিকার অধিকাংশ রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য থেকে জোর দাবি উঠেছে ‘আমেরিকা থেকে বিচ্ছিন্ন’ হওয়ার। এই বিচ্ছিন্নতা-প্রবণতাকে গুরুত্বের সঙ্গে গ্রহণের কোনো কারণ নেই, তবে চারিত্রিক বিচারে এই দাবি যে একই সঙ্গে শ্রেণীবৈষম্যমূলক ও বর্ণবাদী, তাতে কোনো সন্দেহ নেই।ধনী ও দরিদ্রের এই লড়াই আমেরিকায় যে এমন প্রকটভাবে প্রকাশিত হবে, তা ভাবা কঠিন বৈকি। দুই দিন আগেও এ দেশে ‘লিবার‌্যাল’ হিসেবে নিজেকে পরিচয় দিতে কারও সাহস হতো না। ‘প্রগ্রেসিভ’ কথাটা একটি গালিবিশেষ বলেই বিবেচিত হতো। ওবামাও নিজেকে মধ্য বাম থেকে মধ্য ডানে সরিয়ে এনেছিলেন। কিন্তু এ বছরের নির্বাচনে সেই ওবামা খোলামেলাভাবেই একটি বামপন্থী এজেন্ডা অনুসরণ করেন। অতি ধনীদের ওপর অতিরিক্ত করারোপের প্রস্তাব তার একটি। দুর্বল ও দরিদ্রদের কল্যাণে রাষ্ট্রব্যবস্থা ব্যবহারের অঙ্গীকার আরেকটি। আমেরিকার স্বপ্ন অনুসরণের অধিকার সবার আছে, এই যুক্তিতে তিনি ছাত্রদের সহজ শর্তে শিক্ষাঋণের ব্যবস্থা করেছেন, অবৈধ অভিবাসীদের শিক্ষার আইনসংগত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অর্থনৈতিক মন্দাবস্থার কারণে বেকার ভাতার সময়সীমা বৃদ্ধি করেছেন, দরিদ্রদের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা নিশ্চিত করতে আইন প্রণয়ন করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনি ওবামার এসব অঙ্গীকারকেই ‘গরিবের কাছে ওবামার উপহার’ বলে ব্যঙ্গ করেছেন। রমনি প্রশ্ন করেছেন—দেশের ৪৭ শতাংশ মানুষ কাজ না করে সরকারের ঘাড়ে থালা ঠেকিয়ে বহাল তবিয়তে থাকতে পারলে তারা আমাকে ভোট দেবে কেন? শেষ পর্যন্ত ওবামার প্রস্তাবিত পথেই আমেরিকার মানুষ ভোট দিয়েছে। একে যদি ধনিক গোষ্ঠীর (অলিগার্ক) ওপর শ্রমিকশ্রেণীর বিজয় বলে কেউ বর্ণনা করে, তাকে তর্কে হারিয়ে দেওয়া কঠিন হবে। যে ক্লাসিক্যাল শ্রেণীযুদ্ধের কথা মার্ক্স বলে গেছেন, একুশ শতকে সে যুদ্ধ অবাস্তব। সংখ্যার হিসাবে শ্রমিকশ্রেণী এখন আর চালিকাশক্তি নয়। দোকানপাট, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ‘সার্ভিস’ খাতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ নিয়োজিত। অচিরে অর্থনীতিতে চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে এক নতুন কর্মজীবী শ্রেণী, যাকে পণ্ডিতরা নাম দিয়েছেন ‘নলেজ ওয়ার্কার্স’ বা জ্ঞান শ্রমিক। পেশি ব্যবহার না করে বুদ্ধি দিয়ে কাজ করে বলে এদের নাম জ্ঞান শ্রমিক। হাতুড়ির বদলে কম্পিউটার হলো তাদের প্রধান হাতিয়ার। তা যে নামেই ডাকি, এই কর্মশক্তির সঙ্গেও ধনিকশ্রেণীর দ্বন্দ্ব লাগবে, কিন্তু সে দ্বন্দ্ব রক্তারক্তিতে গড়াবে না, কারণ ওবামা যাকে মধ্যবিত্ত শ্রেণী বলেছেন, তাদের সবার আসল লক্ষ্য যত দ্রুত সম্ভব মধ্যবর্তী সব সিঁড়ি ডিঙিয়ে ওই ধনিকশ্রেণীর কাতারে শামিল হওয়া।একুশ শতকের রাজনীতিক ওবামা, তিনি এই কথাটা খুব ভালোভাবে বুঝেছেন যে বড়লোক হওয়া কোনো অপরাধ নয়। এমনকি ‘লোভ’ ব্যাপারটাও সম্পূর্ণ পরিত্যাজ্য নয়। ‘লোভের’ সেতুর ওপর দিয়ে হেঁটে নির্মিত হয়েছে ওয়াল স্ট্রিট। আমেরিকা এখন আর প্রধান পণ্য উৎপাদক দেশ নয়, কিন্তু আর্থিক সম্পদের হিসাবে সে এখনো এক নম্বর। ওয়াল স্ট্রিটকে বাদ দিয়ে এক নম্বরে টিকে থাকা তার পক্ষে সম্ভব নয়। ওবামা যে ‘কোয়ালিশন’-এর জোরে জিতেছেন, তা ওয়াল স্ট্রিট বাদ দিয়ে নয়। যাদের ‘ওয়ান পার্সেন্ট’ বলা হচ্ছে, তাদের বাদ দিয়েও নয়। যে এক বিলিয়ন ডলার ওবামা তাঁর নির্বাচনের পেছনে ব্যয় করেছেন, তার অর্ধেক এসেছে সাধারণ নাগরিকদের ১০-২০ ডলারের চাঁদা থেকে। কিন্তু বাকি যে আধা বিলিয়ন, তা কিন্তু এসেছে ওয়াল স্ট্রিটের ভেনচার ক্যাপিটালিস্ট, সিলিকন ভ্যালির নব্য ধনকুবের, হলিউডের মিলিয়নিয়ার সেলিব্রেটি, কোটিপতি আইনজীবী ও বিমা ব্যবসায়ীদের কাছ থেকে। এরা সবাই কোনো না কোনো কারণে ওবামা ক্ষমতায় এলে অধিক লাভবান হবে, এই কারণে ডেমোক্র্যাটদের ছাতার নিচে মিলিত হয়েছে। বলাই বাহুল্য, এদের কেউই তথাকথিত ‘৯৯ শতাংশের’ মধ্যে পড়ে না।ওবামার কৃতিত্ব, নতুন সময়ের দাবি মেনে তিনি বিভিন্ন শ্রেণীশক্তির সমন্বয়ে এক নতুন আঁতাত নির্মাণ করতে পেরেছেন। দক্ষিণপন্থীদের কটাক্ষ এড়াতে তিনি শ্রেণী কথাটা খুব জোরেশোরে ব্যবহার করেননি। বরং ‘মধ্যবিত্ত-মধ্যবিত্ত’ এই মন্ত্র জপতে মুখে ফেনা তুলে ফেলেছেন। কিন্তু মধ্যবিত্ত ব্যাপারটা অনড়-অজড় কোনো অবস্থা নয়। যারা আজ মধ্যবিত্ত, কাল তারা উচ্চবিত্ত। এই দুইয়ের মধ্যে একটা ‘গণতান্ত্রিক সিঁড়ি’ বানাতে চান ওবামা, যাতে সবাই সে সিঁড়িতে ওঠার অন্ততপক্ষে সুযোগ পায়।সমাজতন্ত্র-টন্ত্র বুঝি না, দেশের সব মানুষ যদি ওপরে ওঠার একটা মই কুড়িয়ে পায়, আমরা তাতেই সন্তুষ্ট হব। মার্ক্সবাদ নয়, ওবামাতন্ত্রই তখন হবে নতুন হজমি দাওয়াই। তাঁর সাফল্যের অপেক্ষায় থাকব।নিউইয়র্ক, ২১ নভেম্বর ২০১২হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।