ওবামার মিয়ানমার সফর ও আমাদের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এককেন্দ্রিক বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ ১৯ নভেম্বর মিয়ানমার সফরে আসছেন। এ ধরনের সফরে প্রায়ই বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা গিয়ে থাকেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফর বলে একটু ভিন্ন কথা। এ সফর আমাদের নিকট প্রতিবেশী মিয়ানমারে হচ্ছে বিধায় এখানে আমাদের প্রত্যাশায় একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। সংবাদমাধ্যমে জানা যায়, হোয়াইট হাউসের কর্মকর্তারা গত বৃহস্পতিবার বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর আসন্ন মিয়ানমার সফরে ওই দেশের পশ্চিমাঞ্চলে শান্তি ফিরিয়ে আনা ও জাতিগত সংঘাতে উসকানি ও মদদদাতাদের বিচারের আওতায় আনতে দেশটির নেতাদের প্রভাবিত করবেন। আরও জানা যায়, ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্বেগের কারণ মিয়ানমারের সাম্প্রদায়িক সংঘাত।’ এদিকে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন আন্ডার সেক্রেটারি মারিও ওটেরোও গত শুক্রবার কক্সবাজারে বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামার মিয়ানমার সফরে অন্য ইস্যুগুলোর মধ্যে রোহিঙ্গা ইস্যু থাকবে।’ এসব বিবেচনায়ই এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। দীর্ঘদিনের বরফ গলে এখন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক উন্নত করতে চাইছে। মিয়ানমারও তা-ই চায়। পাশাপাশি আমরা জানি, পশ্চিমা বিশ্ব প্রায়ই বলে থাকে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠায় তারা সে দেশটির মানবাধিকার পরিস্থিতিকে অধিক গুরুত্ব দেয়। আমাদের দেশেও যখন মানবাধিকার লঙ্ঘিত হয়, তাদের তরফ থেকেও প্রতিবাদ আসে। ক্ষেত্রবিশেষে প্রতিকারও হয়। তাদেরই অব্যাহত তাগাদায় আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। ঠিক তেমনভাবে আশা করতে পারি, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত নিরসনের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিক্রিয়াটি মিয়ানমার গুরুত্বসহকারে বিবেচনায় নেবে।এটা সবার জানা যে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে তাদের রাখাইন প্রদেশ। এককালে এর নাম ছিল আরাকান। প্রায় ছয় লাখ ৭৭ হাজার বর্গকিলোমিটারের দেশটির মধ্যে রাখাইন প্রদেশের আয়তন প্রায় ৩৭ হাজার বর্গকিলোমিটার। আর ছয় কোটির অধিক জনসংখ্যার দেশটিতে সে প্রদেশের জনসংখ্যা ৩৮ লাখের কিছু বেশি। প্রদেশটিতে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর বসবাস। সংখ্যাগুরু রাখাইনরা। আর বৃহত্তম সংখ্যালঘু রোহিঙ্গারা। জাতিসংঘের তথ্যানুসারে, এককালে রোহিঙ্গাদের সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ। গত কয়েক দশকে নির্যাতন-নিপীড়নের ফলে প্রায় অর্ধেক দেশান্তরি হয়ে এখন আট লাখের কিছু কমে দাঁড়িয়েছে। দেশান্তরি রাখাইনদের মধ্যে তিন লাখকে ধারণ করছে বাংলাদেশ। আর যারা এখন মিয়ানমারের রাখাইন প্রদেশে বসবাস করছে, প্রায় ছয় মাস ধরে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে প্রায় এক লাখ পলাতক বা শিবির জীবনযাপন করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়। পলাতক ব্যক্তিদের অনেকেই বাংলাদেশে প্রবেশে সদাসচেষ্ট। জনবহুল বাংলাদেশ দীর্ঘদিন রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করছে। একাধিকবার তাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে। সবাইকে প্রত্যাবাসন করাও সম্ভব হয়নি। আর এখন তো মিয়ানমার তার নতুন নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করেছে। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের প্রত্যাবাসনে জানাচ্ছে অসম্মতি। শরণার্থী স্বীকৃতি ছাড়া যে আড়াই লাখের অধিক রোহিঙ্গা বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বসবাস করছে, তাদের বিষয়টি তো আলোচনাতেই আসছে না। এমনই অবস্থায় বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ নতুনভাবে শরণার্থী গ্রহণে দৃঢ়ভাবে অসম্মতি জানিয়ে আসছে। এ সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।মিয়ানমার সরকারের তরফ থেকে দাবি করা হয়, চলমান সাম্প্রদায়িক দাঙ্গার সূচনায় কিছু রোহিঙ্গা যুবকের ভূমিকা ছিল। মিয়ানমারের আইনের আওতায় তাদের সাজা দিলে কারও প্রতিবাদ করার সুযোগ নেই। কিন্তু একটি ঘটনার পরিণতিতে গোটা সম্প্রদায়টির জীবন, সম্ভ্রম ও সহায়-সম্পদ আজ বিপন্ন। জানা যায়, এ পর্যন্ত শতাধিক নিহত হয়েছে। রোহিঙ্গারা প্রায় হাজার বছর ধরে আরাকানের (আজকের রাখাইন প্রদেশ) অধিবাসী বলে জোরালো তথ্যাদি রয়েছে। অবশ্য মিয়ানমার সরকার বলছে, ১৯৫০-এর দিকে তারা চট্টগ্রাম অঞ্চল থেকে সেখানে গিয়ে বসতি স্থাপন করেছে। তথ্যটি নির্জলা অসত্য।রোহিঙ্গা নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে বনজঙ্গল উজাড় করা ও আইনশৃঙ্খলা সমস্যাদিই প্রধান নয়। আমাদের দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে এরা কিছুটা হলেও আঘাত হানতে পারে। উল্লেখ করা হয়েছে, প্রায় তিন লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। নাফ নদীর অপর তীরেই ছিল তাদের বাস। তাই স্বাভাবিকভাবে এপারে তাদের আত্মীয়স্বজনও রয়েছে। যেমনটা আছে রাখাইনদেরও। তাই রোহিঙ্গা ইস্যুটি আমাদের কাছে অনেকটা বিষফোড়া হয়ে আছে। তবে বলতে হবে, সিংহভাগ রোহিঙ্গাই নিরীহ, শান্তিপ্রিয় এবং অন্য সবার মতো সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখতে চায়। তাদের একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে আমাদের উদ্বেগ বৃদ্ধি করে চলেছে। নিজ দেশে মর্যাদার সঙ্গে তাদের প্রত্যাবাসন ও শান্তিপূর্ণ পরিবেশ সে সোনালি ভবিষ্যতের স্বপ্নকে তাদের জন্য সফল করার সুযোগ সৃষ্টি করতে পারে। এসব কারণেই রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ ও ন্যায়সংগত সমাধান এই অঞ্চলের দীর্ঘদিনের অশান্ত পরিস্থিতির উপশম ঘটাতে পারে। সমস্যাটি সমাধানে আমাদের পক্ষ থেকেও জোরালো কূটনৈতিক প্রয়াস আজ সময়ের দাবি। মিয়ানমার সরকার, সেখানকার বিরোধী দলের নেতা অং সান সুচির কাছে সরাসরি আর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং চীন, ভারত, ওআইসিভুক্ত দেশগুলো ও জাতিসংঘের মাধ্যমে আমরা আমাদের অবস্থানের যথাযথ ব্যাখ্যা দিতে পারি। রাখাইন প্রদেশে অশান্তির ঢেউ প্রতিনিয়তই আমাদের বেলাভূমিতে আঘাত করছে। কূটনৈতিক প্রয়াস কিছুটা আছে। তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। তাই বারাক ওবামার মিয়ানমার সফরটি সফল আর প্রধানত রোহিঙ্গা ইস্যুটির একটি যৌক্তিক সমাধান হোক—এটা আমাদের প্রত্যাশা। বারাক ওবামা অতি সম্প্রতি দ্বিতীয়বারের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন। তাঁর দেশবাসীর মতোই তাঁকে ঘিরে পৃথিবীর শান্তিকামী মানুষের প্রত্যাশা অনেক। বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সূচনা থেকে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। হয়তো বা সফল তেমন হয়নি সেসব প্রচেষ্টা। কিন্তু কোথাও তাঁর সময়কালে নতুনভাবে অশান্তি সৃষ্টির কোনো কারণও ঘটেনি; এটাও কম সাফল্য নয়। প্রথমবার নির্বাচিত হয়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন। সে পুরস্কারের মর্যাদা যথাযথভাবে ধরে রাখতে তিনি সচেষ্ট রয়েছেন, এটা সহজেই উপলব্ধি করা যায়। তাই তাঁর মিয়ানমার সফরকে ঘিরে বাংলাদেশের এত প্রত্যাশা।আমরা এটাও জানি, মিয়ানমারের দীর্ঘকাল গণতান্ত্রিক সংগ্রামের পুরোধা, যিনি জীবনের একটি মূল্যবান অধ্যায় কাটিয়েছেন কঠোর অন্তরীণ অবস্থায়, সেই অং সান সুচিও শান্তিতে নোবেল বিজয়ী। তিনি মিয়ানমারের অত্যন্ত সম্মানিত জাতীয়তাবাদী নেতা প্রয়াত অং সানের দুহিতা। তিনি আজ গণতন্ত্রের পথে চলমান মিয়ানমারের বিরোধী দলের নেতা। অসাধারণ তাঁর প্রভাব দেশে ও বিদেশে। ঢাকার সর্বাধিক প্রচারিত ইংরেজি একটি দৈনিকের খবর অনুসারে, সম্প্রতি নয়াদিল্লি সফরকালে তিনি বলেছেন, ‘বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে হবে।’ যেসব রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, তাদের ফেরত নিতেও তিনি অস্বীকার করেছেন বলে সে খবরে জানা যায়। অং সান সুচির গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম শুধু তাঁর দেশবাসী নয়, সারা বিশ্ববাসীর মতো বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণও শ্রদ্ধার সঙ্গে লক্ষ করেছে। অথচ আজ নিজ দেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতি বৈরিতা, মানবাধিকারের প্রতি তাঁর সুদৃঢ় আস্থার বিষয়টি নিয়ে ভেবে অনেকে বিভ্রান্ত হচ্ছে। আমরা ভাবতে চাই, দীর্ঘদিন বন্দী জীবনযাপনের জন্য তিনি দেশের অতি প্রত্যন্ত অঞ্চলে এ সমস্যার বাস্তবতা সম্পর্কে সঠিক তথ্য পাননি। হয়তোবা তাঁর দলের উগ্র জাতীয়তাবাদী কিছু লোক এসব তথ্য তাঁকে দিয়ে থাকতে পারে। থাকতে পারে সে দেশের সরকারের তথ্যের ওপর তাঁর অতিনির্ভরতা। নচেৎ বাংলাদেশ থেকে মিয়ানমারে সাম্প্রতিক দশকগুলোতে বেআইনি অনুপ্রবেশের বিষয়টি যে সর্বৈব অসত্য, এটা অন্তত তাঁর জানা থাকার কথা। তিনি মানুষের নেতা, তাই মানবতা উপেক্ষিত হোক—এটা তিনি চাইতে পারার কথা নয়। আশা রইল তিনি বিষয়টির প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি দেবেন। প্রিয় অং সান সুচি, আমরা রাখাইন রাজ্যটিতে দেখছি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। জাতিসংঘের তথ্য বিবরণী অনুসারে, রোহিঙ্গারা আজ পৃথিবীর অন্যতম নিপীড়িত (Peৎsecuted) জনগোষ্ঠী। তবু আপনি আমাদের দেশের গণতন্ত্রকামী মানুষের কাছে স্মরণীয় ও বরণীয়। রোহিঙ্গা বিষয়ে আপনার সাম্প্রতিক বক্তব্যে আমরা আপনাকে বাহিরদ্বার থেকে ব্যর্থ নমস্কারে ফেরাতে চাই না। আপনার দেশটির ও সমগ্র অঞ্চলের বৃহত্তর স্থায়ী শান্তির স্বার্থে আপনি বাস্তবসম্মত ও মানবিক দৃষ্টিভঙ্গি নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। থাকুন সবার কাছে নন্দিত হয়ে, যেমনটা আছেন। বোধোদয় ঘটুক মিয়ানমারের বর্তমান শাসকদের। হয়তোবা ইতিমধ্যে তা কিছুটা ঘটতে শুরু করেছে বলে আমরা জানতে পারছি। সফল হোক বারাক ওবামার মিয়ানমার সফর। এটা অবদান রাখুক বর্তমান বিশ্বের সর্বাধিক যন্ত্রণাভোগকারী ভাগ্যাহত মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাতে।আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।