ওবামার শেষ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিজাবেথ ড্রিউ
এলিজাবেথ ড্রিউ

বারাক ওবামা নিজেকে উপভোগ করতে শুরু করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য এবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাঁর মনটা নিশ্চয়ই খচখচ করছে। প্রচারণাপর্বে এটা পরিষ্কার ছিল যে তিনি নিজের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেই সমর্থন করছেন। কিন্তু কনভেনশনে বার্নি স্যান্ডার্স পরাজিত হওয়ার আগে পর্যন্ত তাঁর পক্ষে প্রকাশ্যে হিলারিকে সমর্থন দেওয়া সম্ভব ছিল না।
প্রচারণাপর্বে তিনি ঢুকলেন এমন এক সময়ে যখন ৫৬ শতাংশ মার্কিন নাগরিক তাঁর পারফরম্যান্স ভালো মনে করেন, যেটা গত অনেক দিনের মধ্যে সর্বোচ্চ। ২০১৪ সালে অর্থনৈতিক বিপর্যয় এবং আইএস ইরাক ও সিরিয়ার অংশবিশেষ দখল করে ফেলার কারণে তাঁর কার্যক্রমের প্রতি সমর্থন ছিল ৪০ শতাংশ মানুষের। সে বছর পুনর্নির্বাচন হয়েছিল, যে ডেমোক্র্যাটরা তাতে অংশ নিয়েছিলেন, তাঁরা তখন ওবামার সঙ্গে যৌথভাবে জনসমক্ষে আসা থেকে বিরত থাকতেন। আর এখন তাঁরা প্রচারণা সভায় ওবামার উপস্থিতির জন্য চেঁচামেচি করেন।

অরল্যান্ডোর পুরুষ সমকামীদের ক্লাবে হামলার কারণে ওবামা ও হিলারির যৌথ প্রচারণায় হাজির হওয়ার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ৫ জুলাই তাঁদের একসঙ্গে প্রচারণায় অংশ নেওয়ার তারিখ পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু সেদিন এফবিআইয়ের পরিচালক জেমস কোমি অপ্রত্যাশিতভাবে হিলারির ব্যক্তিগত মেইল হিসাবের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেইল আদান-প্রদানের বিষয়ে সংস্থাটির তদন্তের ব্যাপারে সংবাদ সম্মেলন করেন। শ্রেণিকৃত নথি আদান-প্রদানে হিলারি ‘অত্যন্ত অসতর্ক’ ছিলেন। কিন্তু তা সত্ত্বেও কোমি বলেন, এই কারণে হিলারিকে অভিযুক্ত করা যাবে না, কারণ এতে তাঁর মধ্যে অপরাধমূলক প্রবণতা দেখা যায়নি।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় প্রার্থী হিসেবে আবির্ভূত হতে অনেক সময় লাগলেও ষড়যন্ত্র-তাত্ত্বিকেরা এতে মওকা পেয়ে যান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যিনি হচ্ছেন ‘প্রধান ষড়যন্ত্র-তাত্ত্বিক’। তাঁরা বললেন, প্রেসিডেন্ট ওবামাও এই বড় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ক্লিনটনকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। ওদিকে উত্তর ক্যারোলাইনার শার্লটে হিলারির সঙ্গে প্রচারণায় অংশ নেওয়ার সময় ওবামাকে খুব সুখী মানুষ মনে হয়েছে। আর সেটা হবেই না বা কেন? তিনি তো প্রেসিডেন্টের চাপ থেকে মুক্তি পেতে যাচ্ছেন। তাঁর কার্যভার ছাড়ার সময়ে সমর্থন বেড়ে যাওয়াটা রিপাবলিকানদের জন্য ধাক্কার শামিল, যাঁরা গত আট বছরে ওবামার প্রতিটি পদক্ষেপে বাগড়া দেওয়ার চেষ্টা করেছেন। এর এক সপ্তাহ পর ওবামাকে প্রেসিডেন্ট হিসেবে শহর সফরে যেতে হয়। এবার তিনি ডালাসে যান। দেশটির বর্ণবাদী বিভাজন ও গোলাগুলির ঘটনার কারণে তাঁকে সেখানে যেতে হয়েছিল। সেখানকার এক মিছিলের মধ্যে পাঁচজন পুলিশকে হত্যা করা হয়েছে। পুলিশ দুজন কৃষ্ণাঙ্গকে মেরে ফেলায় প্রতিবাদের ওই মিছিল আয়োজন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা খুব সাধারণ ঘটনা। কিন্তু গণহারে স্মার্টফোনের ব্যবহার ও তাতে উচ্চমানের ভিডিও ধারণের সুবাদে এসব ঘটনা এখন সংবাদের কাতারে প্রায়ই দেখা যায়। ডালাসে মডেল পুলিশ বাহিনী আছে। এটি একসময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিয়ন্ত্রণহীন বাহিনী হলেও পরবর্তী সময়ে এর সংস্কার হয়েছে। তবে এই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে কারণ, পুলিশ কর্মকর্তারা সহজেই মিছিলকারীদের সঙ্গে মিশে যান, যে কাণ্ড ঘটিয়েছেন মানসিকভাবে অসুস্থ এক সাবেক কর্মকর্তা।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ওবামাকে যুক্তরাষ্ট্রের সমাজের বর্ণগত বিভাজন ও আফ্রিকান-আমেরিকানদের হত্যার বিষয়টি সামলাতে হিমশিম খেতে হয়েছে। তিনি তরুণ বয়সেই বুঝে গিয়েছিলেন, তিনি ‘রাগী কালো’ মানুষ হিসেবে চিহ্নিত হতে পারেন না, এমনকি তাঁর সাদা মায়ের কাছেও। কিন্তু ২০০৯ সালে সুপরিচিত হার্ভার্ড অধ্যাপক হেনরি লুইস গেটস জুনিয়রকে নিজের বাসায় ঢোকার সময় গ্রেপ্তার করা হলে ওবামার পুলিশ সমালোচনার ভিন্ন ফল আসতে শুরু করে। আবার তিনি যখন ট্রেভন মার্টিন নামের এক কিশোরের পিতামাতার প্রতি সমবেদনা প্রকাশ করেন, তখন অনেকেই সেটার বিরোধিতা করেছিলেন। ছেলেটিকে গুলি করেছিল ওর নিজের রক্ষীই, যে আবার তার প্রতিবেশীও ছিল।

ওবামা অনেক আবেগসঞ্চারী ভাষণ দিয়েছেন, তার মধ্যে এই বর্ণবাদী উত্তেজনা ও হরে-দরে মানুষ হত্যা নিয়েও বেশ কিছু আবেগসঞ্চারী ভাষণ দিয়েছেন তিনি। তাঁর যন্ত্রণা অকৃত্রিম। আবার বন্দুক বিক্রি নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, তা কংগ্রেসে পাস করাতে না পারার জন্যও তিনি বেদনাহত হয়েছিলেন, যার কারণ বোধগম্য। শক্তিশালী ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন ও তাদের রিপাবলিকান মিত্রদের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি।

এখন ওবামার জনপ্রিয়তা বাড়তে থাকায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের ভুলগুলো দৃশ্যমান হতে পারে। দ্বিতীয় ব্যক্তি মার্কিন ইতিহাসের সবচেয়ে ঘৃণিত প্রেসিডেন্ট পদপ্রার্থী। কিন্তু এটাও সত্য, ওবামা এই আট বছর আত্মবিশ্বাস ও মর্যাদা নিয়ে বুদ্ধিমানের মতো কাজ করেছেন। তিনি দেশকে লজ্জিত করেননি। এ সময় তাঁর কথা ও কাজে কখনো কানে তালা লাগার উপক্রম হয়নি। নভেম্বর মাসের দিকে আমরা যতই এগোব, ততই রিপাবলিকানরা ওবামাকে আক্রমণ করবেন। কিন্তু এর মধ্যে অপ্রত্যাশিত কিছু না ঘটলে সম্ভবত তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক চরিত্র হিসেবে পরিগণিত হবেন। এরপর তাঁর কথা লোকের মনে পড়বে।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, ইংরেজি থেকে অনূদিত।

এলিজাবেথ ড্রিউ: মার্কিন লেখক।