ওবায়েদুল্লাহ সাহেবদের 'অভূতপূর্ব' হৃৎকম্পন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএনও গাজী তারিক সালমন
ইউএনও গাজী তারিক সালমন

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও (বর্তমানে বরগুনা সদর উপজেলায় কর্মরত) গাজী তারিক সালমনের বিরুদ্ধে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহর করা মানহানির মামলাটি নিয়ে এখন সারা দেশ তোলপাড়। যদিও গতকাল রোববারই বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন।

এর আগে মামলার বাদী ওবায়েদুল্লাহকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি। ১৫ দিনের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। ইতিমধ্যে এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সিদ্ধান্তটি বিপরীত হলেও তাঁরা অভিনন্দন জানাতে কার্পণ্য করতেন না।

এ ক্ষেত্রে গাজী তারিক সালমনকে ভাগ্যবানই বলতে হবে। আওয়ামী লীগ নেতার করা মামলার আসামি হয়ে দুই ঘণ্টা জেলহাজতে থেকে তিনি রীতিমতো বীর বনে গেছেন। প্রশাসন তাঁর পক্ষে দাঁড়িয়েছে, ক্ষমতাসীন দল তাঁর পক্ষে অবস্থান নিয়ে বাদীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে। বাদী মামলা প্রত্যাহার করে ‘মহানুভবতার’ পরিচয় দিয়েছেন। এ রকম মহানুভব ব্যক্তির সংখ্যা আওয়ামী লীগে কতজন, যাঁরা ঘটনা বা পরিস্থিতির অপব্যাখ্যা দিয়ে মামলা করে সাধারণ মানুষকে নাজেহাল করেন।

প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে আগৈলঝাড়ায় যোগদানের পর তারিক সালমন বিভিন্ন পাবলিক পরীক্ষায় অনিয়ম, টিআর, কাবিখা প্রকল্পে দুর্নীতি রোধ ও ক্ষমতাসীন দলের নেতাদের দখলবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের একাংশ তাঁর প্রতি ক্ষুব্ধ ছিল। আর সেই ক্ষোভ থেকেই এই মামলা। গাজী তারিক সালমনও বলেছেন, মামলার বাদী ওবায়েদুল্লাহর সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। তিনি তাঁকে চিনতেনও না।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে ইউএনও পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর আঁকা বঙ্গবন্ধুর ছবিটি ব্যবহার করেন। আর এটাই তাঁর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। আদালতে মামলার আগে গত এপ্রিল মাসেই প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তা বরিশালের তৎকালীন বিভাগীয় কমিশনার মো. গাউস এবং বর্তমান জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এ জন্য প্রথমে তারিক সালমনকে কারণ দর্শানোর নোটিশ দেন বরিশালের জেলা প্রশাসক। তারিক নোটিশের জবাবও দেন। পরে সেই জবাব যায় বিভাগীয় কমিশনারের কাছে। কিন্তু বিভাগীয় কমিশনার নোটিশের জবাবে সন্তুষ্ট না হয়ে সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেন।

কিন্তু প্রশাসনের এই ‘মৃদু পদক্ষেপ’ বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহকে মোটেই আশ্বস্ত করতে পারেনি। তিনি গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তারিক সালমনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। ইতিমধ্যে বরগুনায় বদলি হওয়া ইউএনও তারিক সালমন গত বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত প্রথমে তা নামঞ্জুর করেন এবং পুলিশ ইউএনওকে দুই হাত ধরে আদালতের হাজতখানায় নিয়ে যায়।

অবশ্য দুই ঘণ্টা পর তাঁর জামিন মঞ্জুর করা হয়। গত জুনের প্রথম সপ্তাহেই তারিক সালমনকে বরগুনা সদর উপজেলায় বদলি করা হয়েছিল। সে ক্ষেত্রে এটি জোর দিয়ে বলা যাবে না যে তারিক সালমনের বদলির সঙ্গে এই মামলার কোনো সম্পর্কই নেই।

ইউএনও তারিক সালমনকে কারাগারে পাঠানোর ঘটনাটি প্রশাসনের কর্মকর্তাদের দারুণভাবে ক্ষুব্ধ করে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন জরুরি সভা করে মানহানিকর আদেশ প্রদান, পুলিশের ‘আইনবহির্ভূত’ কার্যক্রম এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানায়। গত শুক্রবার ঢাকায় সরকারি কর্মকর্তাদের আরেকটি সভায়ও ক্ষোভ প্রকাশ করা হয়।

সৈয়দ ওবায়েদুল্লাহ
সৈয়দ ওবায়েদুল্লাহ

প্রকৃত ঘটনা হলো, আগৈলঝাড়া উপজেলায় ইউএনও থাকাকালে তাঁর কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা। ওই সময় তিনি স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলেকে ডিগ্রি পরীক্ষায় বহিষ্কার করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়াসহ কিছু ঘটনায় ক্ষুব্ধ ছিল স্থানীয় একটি পক্ষ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানের মতে, ওই কর্মকর্তার সঙ্গে আইনের আবরণে অন্যায় কাজ হয়েছে। পুলিশের আচরণও বাড়াবাড়ি মনে হয়েছে।

মামলাটি নিঃসন্দেহে উদ্দেশ্যমূলক। কিন্তু এই মামলার আসামি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা না হয়ে যদি একজন সাধারণ নাগরিক বা অন্য পেশার মানুষ হতেন, তাহলে কি ফল একই হতো? আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব কি এত ত্বরিত বাদীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিত? নিকট অতীতের ঘটনাগুলো তা প্রমাণ করে না। অধিকাংশ ক্ষেত্রে এসব মানহানি মামলার বাদীরা বাহবা পেয়ে থাকেন।

বরিশাল আওয়ামী লীগ নেতা ওবায়েদুল্লাহ তাঁর মামলার এজাহারে বলেছেন, বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখে নাকি তাঁর হৃৎকম্পন শুরু হয়েছিল। আওয়ামী লীগে এ রকম হৃৎকম্পন জাগা নেতার অভাব নেই। ওবায়েদুল্লাহ সাহেবের হৃৎকম্পন আপাতত বন্ধ হয়েছে। কিন্তু মামলাবাজ অন্য নেতাদের কথিত হৃৎকম্পন বন্ধ করবে কে?

ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনামের টিভি টক শোতে দেওয়া একটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগ মহলে শোরগোল উঠল। সেই বক্তব্যে দলের স্থানীয় পর্যায়ের নেতাদের এমনই হৃৎকম্পন দেখা দিল যে তাঁরা তাঁর বিরুদ্ধে ৭০টির বেশি মানহানির মামলা ঠুকে দিলেন। আর মাহ্‌ফুজ আনামকে প্রতিটি মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে হয়েছে। তার আগে প্রথম আলোয় পাওয়ার টিলার কেনায় অনিয়ম নিয়ে খবর ছাপা হওয়ায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হৃৎকম্পন জাগা নেতারা মামলা করলে তাঁকেও আদালতে গিয়ে জামিন নিতে হয়।

গাজী তারিক সালমন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বলেই বাদীর হৃৎকম্পন কয়েক দিনের ব্যবধানে থেমে গেছে। স্থানীয় সরকারমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ইউএনও হয়রানি ঘটনার তিনি শেষ দেখে নেবেন। কিন্তু অন্যদের হয়রানি করা মামলাগুলোর কী হবে?

গাজী তারিক সালমনের ঘটনায় প্রমাণিত হলো যে ওবায়েদুল্লাহদের হৃৎকম্পন জাগলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে। তাই ওবায়েদুল্লাহ সাহেবদের বাড়তি হৃৎকম্পনটা বন্ধ হওয়া জরুরি।

আওয়ামী লীগে হৃৎকম্পন জাগা নেতার সংখ্যা কত, জানালে বাধিত হব।