ওরা আমাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে (ডিসেম্বর) পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে ভূরাজনীতির এক জটিল সমীকরণ সৃষ্টি হয়। সে সময় পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সখ্য ছিল, ফলে দেশটি মুক্তিযুদ্ধে তাকেই সমর্থন দেয়। ১৯৭১ সালে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এস এম নন্দের স্মৃতিকথা দ্য ম্যান হু বম্বড করাচি: অ্যা মেমোয়ার-এ এসব ঘটনার অনেক কিছুই উঠে এসেছে। সেখান থেকে একটি নির্বাচিত অংশের অনুবাদ প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশিত হলো।

যুদ্ধ যখন শুরু হলো, তখন আমরা দেখলাম, পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের সব যান্ত্রিক জলযানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। ফলে বাংলাদেশিদের হাতে কিছু ছোট দাঁড় টানা নৌকা ছাড়া কিছু ছিল না। প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিলাম, সব জলযানেই আমরা হামলা করব না। কারণ, অপ্রয়োজনীয় ধ্বংসযজ্ঞের কারণে স্বাধীনতার পর বাংলাদেশকেই ভুগতে হবে। যদিও পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত উল্টে দেওয়া হয়, বিমানবাহী যুদ্ধজাহাজ ‘বিক্রান্ত’কে নির্দেশ দেওয়া হয়, নদী বা পোতাশ্রয়ে যান্ত্রিক জলযান দেখামাত্র হামলা করতে হবে, যেহেতু ওগুলো স্পষ্টতই ছিল শত্রুপক্ষের জাহাজ।

মনে হচ্ছিল সবাই জানত যে ভারতীয় সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন হামলার মুখে পাকিস্তান বাহিনীর সুযোগ সীমিত হয়ে আসছে: হয় তাদের আত্মসমর্পণ করতে হতো, নাহয় সমুদ্রপথে পালাতে হতো। আমরা যখন খবর পেলাম, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের আগমন আসন্ন, তখন বুঝলাম, পাকিস্তানিরা দ্বিতীয় সুযোগটাই নেবে।
পাকিস্তানিরা চট্টগ্রাম, চালনা, খুলনা প্রভৃতি বন্দর থেকে ইঞ্জিনচালিত জলযান ও ফেরিতে করে সমুদ্রে গিয়ে বড় জাহাজে উঠে পালিয়ে যেতে পারে—হঠাৎ করে এমন সম্ভাবনা যখন আমাদের কাছে খুবই বাস্তব বলে মনে হলো, তখন আমরা সিদ্ধান্ত নিলাম, চট্টগ্রামসহ সব বন্দরে অপেক্ষমাণ সমস্ত জলযান নিশ্চল করে দেওয়া হবে, যাতে পাকিস্তানিরা ওভাবে পালিয়ে যেতে না পারে।
পাকিস্তানিরা যদি তাদের সেনা কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে হয় তাদের চট্টগ্রাম বন্দরে জাহাজে উঠতে হতো, নয়তো নদীবন্দরের জলযানে করে সমুদ্রে অপেক্ষমাণ বড় জাহাজে উঠতে হতো। সে অনুযায়ী আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, বন্দরগুলোর সব নৌযানে আক্রমণ করে সেগুলো নিশ্চল করে দিতে হবে, যাতে তাদের পালানোর সব পথ বন্ধ হয়ে যায়।

.
.

পূর্ব পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতির সময় সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশ ও বিমানবাহিনীর প্রধান প্রতাপ লালের সঙ্গে আমরা জলে ও স্থলে উভয় জায়গাতেই অবতরণ করতে পারি কি না, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। সেনা মোতায়েনের দায়িত্ব ছিল সেনাপ্রধানের, আর ল্যান্ডিং ক্র্যাফট ও তাদের তীরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের। আমরা দুটি এলএসটি (ল্যান্ডিং শিপ ট্যাংক-ভেসেল, যেটা জাহাজ থেকে ভূমিতে নামানোর জন্য ট্যাংক ও সেনা পরিবহন করে) প্রস্তুত করেছিলাম, আর সেনাপ্রধান এই অভিযানের জন্য কিছু গোর্খা সেনা মোতায়েন করেছিলেন।
১৯৭১ সালের ১২ ডিসেম্বর বা তার আশপাশের কোনো এক তারিখে সশস্ত্র বাহিনীগুলোর প্রধানদের এক বৈঠকে এই উভচর অবতরণের সম্ভাবনার বিষয়টি আলোচিত হয়। পাকিস্তানি বাহিনী সে সময় প্রায় সব যুদ্ধেই পরাজিত হয়েছিল, আমাদের উভচর বাহিনী তখন প্রস্তুতও ছিল, কিন্তু তাদের মোতায়েন করা হয়নি। সেনাবাহিনী মনে করল, তারা যেহেতু প্রস্তুতি নিয়েছে আর বাহিনীকেও এ রকম প্রস্তুত করে ফেলেছে, সেহেতু এই পরিস্থিতি কাজে লাগানো যায়।
আমরা জানতাম, ওই এলাকায় আমরা বাধাগ্রস্ত হব না। আমরা এটাও জানতাম যে এই ব্যাপারটা ছিল অনুশীলনের মতো, যা থেকে আমরা বুঝতে পারব আমরা যা অর্জন করতে চাই, তা অর্জন করতে পারব কি না। এই অভিপ্রায় থেকেই পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডকে এই অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিল। গোর্খারা এসে আমাদের এলএসটিগুলোতে যোগ দেয় এবং তাদেরকে অবতরণের জায়গায় নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা হয় সব সম্ভাবনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখিনি, অথবা সংশ্লিষ্ট সেনাদের যথেষ্ট প্রশিক্ষণ ছিল না। ফলে কয়েকজন সেনা জীবন হারান।
বাংলাদেশ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী সত্যের মুখোমুখি হয় ১০ ডিসেম্বর, যেদিন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় দলটি মেঘনা নদী অতিক্রম করে। সেদিন থেকেই এটা পরিষ্কার হয়ে যায় যে পাকিস্তান পূর্বাঞ্চলের যুদ্ধে হেরে গেছে। কিন্তু পূর্বাঞ্চলের যুদ্ধের সঙ্গে পশ্চিমাঞ্চলের যুদ্ধ একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল, কারণ পাকিস্তান আসলে সেটাই চেয়েছিল। যুদ্ধটা স্রেফ পূর্ব পাকিস্তানে সীমাবদ্ধ বা সেটা স্থানীয় পরিসরে সীমিত না রেখে পাকিস্তান শুরু থেকেই এক মহাপরিকল্পনা নেয়, তারা পশ্চিমেও তীব্র লড়াই চালাবে। এটা ছিল তাদের এক কৌশল, পূর্বাঞ্চলের ওপর চাপ কমানোর কৌশল। এই ব্যাপারটা বোঝা জরুরি, কারণ পশ্চিমাঞ্চলে কী হবে, সেটা তখনো অনিশ্চিত ছিল।
ওদিকে উপমহাদেশের দুই প্রতিবেশীর মধ্যকার যুদ্ধের পাশাপাশি ভূরাজনীতিতে আরেকটি খেলাও চলছিল, যার খেলোয়াড় ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। দুই পক্ষই তখন স্নায়ুযুদ্ধের পরিপ্রেক্ষিতে অন্যের ওপর একহাত নেওয়ার জন্য এই লড়াই শুরু করেছিল।
এই পরিপ্রেক্ষিতেই ‘ইউএসএস এন্টারপ্রাইজ’ বঙ্গোপসাগরে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র যদি ভারত মহাসাগরে কোনো খেলা খেলতে চাইত, তাহলে সাগরপথেই তাকে সেটা করতে হতো। ফলে যখন আমরা শুনলাম, সেই এন্টারপ্রাইজ আসছে, তখন যুক্তরাষ্ট্রের আসল মতলবটা দ্রুত বোঝা জরুরি হয়ে ওঠে। সপ্তম নৌবহরের কাছে যে নির্দেশ চলে গেছে, সেই খবরটা আমরা জানলাম ১০ ডিসেম্বর বিকেলে, গোয়েন্দা ও গণমাধ্যম সূত্রে। এ সময় প্রধানমন্ত্রী আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, সপ্তম নৌবহর যে আসছে সেই খবর আমরা জানি কি না। বললাম, হ্যাঁ, আমি জানি। তিনি তখন বললেন, ‘আপনারা তাহলে কী করতে যাচ্ছেন?’ আমি উত্তর দিলাম, ‘আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যুদ্ধে জড়াতে চায়?’ তিনি বললেন, ‘আপনি এমন কথা বলছেন কেন?’ উত্তরে আমি বললাম, ‘ম্যাডাম, তারা যদি আমাদের জাহাজে আঘাত করে, তাহলে সেটা যুদ্ধের রূপ হবে।’ প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, এখন তাহলে কী করা দরকার বলে আমি মনে করছি। আমি উত্তর দিলাম, ‘ম্যাডাম, ওরা আমাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে, ফলে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমি আমাদের জাহাজগুলোর ক্যাপ্টেনদের বলে দিচ্ছি, তাঁরা যদি মার্কিন জাহাজ দেখেন, তাহলে যেন নিজেদের পরিচয় দিয়ে তাদের পান করার আমন্ত্রণ জানায়।’
তিনি শুধু হাসলেন। তখন আমি অ্যাডমিরাল কৃষ্ণানকে বললাম, তিনি যেন জাহাজগুলোকে সেইভাবে অবহিত করেন।
আগামীকাল বাকি অংশ
অ্যাডমিরাল এস এম নন্দ: ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান।