
‘না’য়ের প্রতিবাদে হ্যাঁয়ের প্রকাশ
ময়দানে যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, সে-ই জয়ী। শিক্ষায় ‘নো ভ্যাট’ আন্দোলন ময়দানে দাঁড়িয়ে থেকেই জয় পেল। সরকারের জন্য এই হার জয়ের চেয়েও বেশি। কারণ, সমস্যাটা শান্তিপূর্ণভাবেই পেরোনো গেল—গ্যাস-বিদ্যুতের জ্বলন্ত ইস্যুটা উঠল না। অন্যদিকে দেখা হলো, খোকারা ঘুমায়নি, পাড়াও জুড়ায়নি। খেলার নিয়ম বদলে দিল নবাগত এক ‘এক্স ফ্যাক্টর’। দেশকে নাড়া দিল তারুণ্যের নতুন জমায়েত। তাদের দল নেই, নামকরা নেতা নেই, একক হিরো নেই, গরম বক্তৃতা নেই। একদম ভাঙচুর নেই। আছে শুধু মরিয়া চ্যালেঞ্জ: ‘নো ভ্যাট/করো গুলি’। কিন্তু কেমন তারা? ছররা গুলি ও প্রহারের মুখেও তারা অহিংস। হাজার হাজার শিক্ষার্থীর আন্দোলনে একটা কাচও ভাঙল না, এটা বিস্ময়কর! ‘আমি শিক্ষার শহীদ হতে চাই’ কিংবা ‘দুশ্চিন্তা দেবেন না, পড়তে দিন’ কিংবা ‘শিক্ষা কি পণ্য, ভ্যাট কী জন্য’; এমন তাদের ভাষা। ‘গার্জেনও রাস্তায় নামবে, গার্জেনও নামবে’ বলে গর্জানো অভিভাবকও তাদের অংশ। এরা মিলেই ‘এক্স ফ্যাক্টর’—জনগণ যাদের মধ্যে দিয়ে নিজেদের ‘না’ কে জানান দিয়েছে। ‘না’ হলেও এটা আসলে বিরাট ইতিবাচকতা। পুরোনো কোনো দাগেই দাগানো যাচ্ছে না এদের। গুলির ভয় না-পাওয়াই তাদের নৈতিক শক্তি। দলীয় রাজনীতি এখানে দর্শক।
শিক্ষা ও স্বাধীনতাই বাংলাদেশের প্রাণ
গ্যাস-বিদ্যুৎ-পানি ও সিএনজির মূল্য আর শিক্ষাব্যয় বৃদ্ধির বহুমুখী চাপে দিশেহারা সংখ্যাগরিষ্ঠ পরিবার। এমন সময়ে নতুন নতুন বিক্ষোভের ক্ষেত্র তৈরি করার কী দরকার সরকারের? প্রশ্নটা ধানমন্ডিবাসী এক উচ্চপদস্থ বিনিয়োগ উপদেষ্টার। সোমবার দুপুরে ভ্যাটবিরোধী অবরোধে ক্লান্ত পায়ে বাড়ি ফিরছিলেন।
শংকরের স্টেট ইউনিভার্সিটির ছাত্র আসিফ। বাবা আইনজীবী ছিলেন মফস্বলে। অনেক দিন হলো অবসরে। শিক্ষক মা–ও অবসর নেবেন। ছেলেটি ছোট একটি দৈনিকে কিছুদিন কাজ করে পড়ালেখার ব্যয় মিটিয়েছে। অতিরিক্ত আর দেওয়ার সামর্থ্য নেই তার। আসিফের কথা: ‘শিক্ষাকে পণ্য না বানিয়ে তো ভ্যাট নেওয়া যাবে না। তাহলে শিক্ষানীতি, সংবিধান—সব বদলে ফেলতে হবে।’ বিজয় মিছিলের স্লোগানও ছিল, ‘শিক্ষা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। ভ্যাট প্রত্যাহারের এক বছরের মেয়াদ শেষ হলে তারা কী করবে?
বাংলাদেশিদের শিক্ষাপ্রীতি অসাধারণ। শিক্ষা ও স্বাধীনতার দাবি এখানে হাতে হাত ধরে এগিয়েছে। হতদরিদ্র মানুষটিও চায়, সন্তান পড়ালেখা করে ভালো জীবন পাক। এর জন্য সর্বস্ব বিনিয়োগ করতে তারা রাজি। কিন্তু এবার মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এল ভ্যাটের বাড়াবাড়ি। স্টেট ইউনিভার্সিটির শাহানাকে ভ্যাটের জন্য প্রতি সেমিস্টারে বাড়তি ১৭ হাজার টাকা গুনতে হতো। তার বাবাও অবসরে। ছিলেন সরকারি কৃষি কর্মকর্তা। যশোরের এই মেয়েটির ভয়, হয়তো এখানেই ইতি। তার কয়েকজন বন্ধু না পেরে আগেই বিশ্ববিদ্যালয় ছেড়ে কলেজে চলে গেছে।
দেশ চালাতে হৃদয়ও লাগে, জ্ঞানও লাগে
একটি পোস্টারে লেখা, ‘আমাদের বাবা-মা এটিএম বুথ না’। তারা বারবার মা-বাবার কষ্টের দোহাই দিচ্ছে কেন? বাড়ি থেকে টাকা চাইতে সংকোচ হয়। অর্থমন্ত্রীর ভাষায় যারা হাজার-বিলাসি, তন্নতন্ন করে খুঁজেও তাঁদের পেলাম না। যারা বেশি টাকা দিতে পারে, তারা আন্দোলনে আসবে না; এটা কাণ্ডজ্ঞানের কথা। রাস্তায় নামা এই ‘প্রাইভেট’ শিক্ষার্থীদের তাই চিনতে হবে। তারা উঠতি মধ্যবিত্তের ছেলেমেয়ে; কারও–বা খরচ আসে জমি বেচা টাকায়, কেউবা করে টিউশনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস-মারামারির ভয়েও অনেকে সাধ্যের বাইরে প্রাইভেটে আসে। মনগড়া তথ্যের ভিত্তিতে তো দেশ চলতে পারে না। দেশ চালাতে হৃদয়ও লাগে, জ্ঞানও লাগে।
রাজনীতির নতুন স্পেস
এদিকে মিছিল আসছেই। ধানমন্ডির সাতমসজিদ রোডের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট। রাপা প্লাজার সামনে আরও একগুচ্ছ। কাঁচা হাতে ভুল বানানে লেখা ‘রক্ত আরো দিব, কিন্তু ভ্যাটমুক্ত শিক্ষা আদায় করে ছারবো’। দেয়ালে লেখা, ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না’। একজনের হাতের প্ল্যাকার্ডে লেখা: ‘বঙ্গবন্ধুর বাংলায় ভ্যাট-বাণিজ্যের সুযোগ নাই’! বঙ্গবন্ধুর ভাষা, সেই আবেগময় উদাত্ত বক্তৃতার ঢং এই তরুণদেরও আদর্শ। বঙ্গবন্ধু যেমন জনগণের নতুন নতুন অংশকে রাজনীতির ময়দানে এনেছেন, এরাও আন্দোলন-প্রতিবাদকে নতুন এলাকায় নিয়ে গেছে। সৃষ্টি হয়েছে নতুন সামাজিক স্পেস। এর দখল নেওয়ার কামড়াকামড়িই এখনকার ভয়।
ময়মনসিংহের ছেলে অভি অনেক স্পষ্টভাষী ‘সরকার সব টাকা খরচ করে ফেলেছে। হল-মার্কের টাকার হিসাব মিলতেছে না। মধ্যপ্রাচ্য থেকে সুবিধা আসা কমছে। শেয়ারবাজার, ব্যাংক লুটের টাকার হিসাবেও গরমিল। এখন দুর্নীতির হিসাব মিলাতে আমাদের পকেট কাটার ব্যবস্থা করছে।’ ওর বাবা খামারি, পাশাপাশি স্থানীয় পত্রিকায় লেখেন। ধানমন্ডি নিবাসী ওই বিনিয়োগ উপদেষ্টাও বলছিলেন, ‘উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতে পারে সরকার, তবে এভাবে নয়। অবস্থাপন্নদের আয়ে সারচার্জ বসাতে পারে, ভ্যাট নয়। করের আওতা বাড়াতে পারে। কিন্তু মুশকিল হলো, সরকারি হিসাবে অনেক গরমিল।’
উঠতি মধ্যবিত্তের আত্মপ্রকাশের ভাষা
ওদিকে স্লোগান উঠছে, ‘পুলিশ জনতা ভাই ভাই, শিক্ষাক্ষেত্রে ভ্যাট নাই’। মাইকে একজন সংগঠক বলছে, ‘দয়া করে কেউ আগুন জ্বালো স্লোগান দেবে না, বলবে জাগো জাগো, শিক্ষার জন্য জাগো। শিক্ষা আমার অধিকার, ভ্যাট নেওয়ার স্বার্থ কার?’ অরূপ, মিম, ইমিরা গলা তুলছে। অরূপের বাবা শিক্ষক, মিমের বাবা চাকরিজীবী, ইমির বাবা দোকানদার। অরূপের প্রশ্ন, ‘জনশক্তি রপ্তানিতে ভাটা কেন? রাষ্ট্রীয় কোষাগারের টাকা কোথায় যায়? ছাত্ররা কেন সরকারের প্রতিপক্ষ হবে? আগে তো এমন হয়নি?’ কবীর সুমনের বিখ্যাত গান মনে পড়ে, ‘প্রশ্নগুলো সোজা আর উত্তরও তো জানা’।
যাদের বলা হয় আত্মকেন্দ্রিক, রাজনীতিবিমুখ, ‘ফার্মের মুরগি’ তারা এখানে ছিল না। তারা সেই ‘চ্যাটারিং ক্লাস’ যারা শৌখিন কফিশপে গোলাপি আলাপ চালাবে, নতুন ব্র্যান্ডের গেজেট নিয়ে মাতবে। তারা রাস্তার পদাতিক কখনোই নয়। কিন্তু রোদে পুড়ে যারা ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’ করে, তাদের বাস আরেকটু নিচুতলায়। নতুন জাগা চরের মতো নতুন এক মধ্যবিত্তের আগুয়ান সন্তান তারা। উন্নতি ও অধিকার দুটোই তাদের চাই। ইউডা’র ছাত্র রিফাদ বলে, ‘আগে উচ্চশিক্ষার্থীদের ২৫ শতাংশ ভারতে পড়তে যেত, এখন মাত্র ৫ শতাংশ যায়। আমরা চাই দেশের টাকা দেশে থাকুক। ব্যয় বাড়লে তো অনেকে বিদেশের পথ ধরবে।’ পাশ থেকে আরেকজন বলে, ‘ওপর মহলের দুর্নীতির বোঝা আমরা নিব ক্যান?’
একটা আধো-জাগর জনগোষ্ঠীর আত্মপ্রকাশ দেখল বাংলাদেশ। নজরের দুরবিন আরও জুম করলে দেখা যাবে, লাখো মধ্যবিত্ত পরিবারের ভরসার প্রদীপ এরা। তাদের করুণ–কঠিন স্বপ্নের বিনিয়োগ এরা। বাস্তব কষ্ট সইতে তারা রাজি, স্বপ্নের অপমৃত্যু মানা কঠিন। তাদের অভিভাবকদের হয়রান জীবনের একটাই আশা: ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে আর তারাও শান্তিতে চোখ বুজবে।
‘কোথায় পড়ে’ বললে যারা আগে থতমত হতো, এখন তারাই গর্ব করবে। অধিকাংশেরই নিজস্ব ক্যাম্পাস নেই, রাজপথই হয়ে ছিল তাদের আপন ক্যাম্পাস। ওরা বন্ধু চিনছে সংগ্রামে। শিখছে অধিকার, জানছে মর্যাদা। ওদের সাময়িক ছত্রভঙ্গ করা যাবে, দমানো যাবে না। দেশবাসীর প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে ওরা। শিক্ষাঙ্গনকে কম বাণিজ্যিক বেশি মানমুখী করায় ওদের যেতে হবে আরও অনেক পথ।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]