
প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লি হেবদোর অফিসে যে সন্ত্রাসীরা হত্যাকাণ্ড চালিয়েছে, তারা বলতে চায় যে তারা ধর্মের নামে, ইসলামের নামে এই ঘটনা ঘটিয়েছে। হত্যাকারীরা ও তাদের সমর্থকেরা এই ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনাকে যে ধর্মের সঙ্গে যুক্ত করেছে, তার কারণ, তারা চায় আপনি-আমিও সেভাবেই দেখি। তারা ধর্ম কী, সেটা নির্ধারণ করে দিতে চায়। তারা চায় ফরাসি সরকার সেভাবেই একে মোকাবিলা করুক। তাদের এই যুক্তি বৈধতা পাবে যখন আপনি-আমি তাদের মতো করে এর সঙ্গে ধর্মের প্রশ্নকে জড়িয়ে ফেলব। সন্ত্রাসীদের ঘৃণ্য কাজের কারণে ধর্ম বা ধর্মাবলম্বীদের আক্রমণ করার মধ্য দিয়ে অনিচ্ছাকৃতভাবে আপনি-আমি ওই কাজেই ভূমিকা রাখব। ধর্মের নামে এরা পৃথিবীকে ভাগ করতে চায়। সেইভাবে ভাগ করলে তাদের শক্তি বাড়ে। তাদের ধারণা, এতে করে তাদের গ্রহণযোগ্য বলে মনে হবে।
এই হত্যাকাণ্ডকে মত প্রকাশের স্বাধীনতার ওপর সন্ত্রাসী হামলা ব্যতিরেকে আর কিছুই বলার দরকার হয় না। যারা হামলা চালিয়েছে, তারা কেবল বর্বর, হত্যাকারী বলেই শনাক্ত হওয়ার যোগ্য, এর বেশি কিছু নয়। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, মত প্রকাশের স্বাধীনতা কতটা প্রয়োজন। যেকোনো বক্তব্য, এমনকি ধর্মের বিষয়েও আলোচনা-সমালোচনার অধিকার নিশ্চিত করা এবং তার বিরুদ্ধে যে শক্তিই থাকুক, তাকে আদর্শিকভাবে মোকাবিলা করা, রাজনৈতিকভাবে পরাস্ত করাই হচ্ছে এর সমুচিত জবাব। কিন্তু কণ্ঠ রোধ করার পথ তারাই বেছে নেয়, যারা নৈতিকভাবে দুর্বল, যুক্তিতে নিশ্চিতভাবে পরাজিত ও অসহিষ্ণু। এই হত্যাকারীরা সেই পথ বেছে নিয়েছে। পত্রিকাটির সম্পাদক স্তিফান শার্বোনিয়ে বছর দুই আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ‘হাঁটু মুড়ে জীবনযাপনের চেয়ে আমি বরং দাঁড়িয়ে মৃত্যুবরণ করব।’ তাঁর এই কথা নির্মমভাবে সত্য হয়েছে, কিন্তু তাতে এও প্রমাণিত হয়েছে যে হত্যাকারীরা তাঁকে মোকাবিলা করতে পারেনি। শক্তি প্রয়োগ ও হত্যাকাণ্ড কেবল সাময়িকভাবে একটি বা দুটি কণ্ঠস্বরকে নীরব করতে পারে। কিন্তু একটি গণতান্ত্রিক সমাজ, যার মূল কথা সংখ্যালঘুর অধিকারের নিশ্চয়তা বিধান করা, যার লক্ষ৵ সব মত প্রকাশের অধিকার সংরক্ষণ করা, যার লক্ষ৵ মানুষকে তার মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করা, সেই সমাজ তৈরির সংগ্রামকে বন্ধ করতে পারে না। এই সংগ্রাম কেবল গণতন্ত্রাকাঙ্ক্ষী রাষ্ট্রের জন্যই প্রযোজ্য তা নয়, প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রেও সেই সংগ্রাম বহাল রাখতে হয়।
এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের ধর্মের বর্ম ব্যবহারের যুক্তিকে আমি-আপনি যখনই বিবেচনায় নেব এবং প্রকারান্তরে বৈধতা দেব, তার একটা প্রতিক্রিয়া হবে। এই বৈধতা প্রদানের পরিণতি বহন করতে হবে সাধারণ ও দরিদ্র মানুষকে, যাদের কাছে ধর্ম বা রাষ্ট্রীয় আদর্শের চেয়ে প্রতিদিন জীবনযাপনের সংগ্রাম অনেক কঠোর। তারা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইউরোপে কিছুদিন ধরে অভিবাসী ও মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যে প্রচারণা এবং তাদের ওপরে যে ধরনের মৌখিক আক্রমণ চলছে, এই সন্ত্রাসী আক্রমণকে ধর্মীয় লেবাসে দেখলে সেই ধারাই শক্তিশালী হবে। ওই ধারাও একই ধরনের অসহিষ্ণুতা ও অগণতান্ত্রিক মনোভাব থেকেই উৎসারিত। সাম্প্রতিক কালে জার্মানিতে যে ধরনের সমাবেশ আমরা দেখতে পেয়েছি এবং তার সংগঠকেরা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তা থেকে অন্য রকম মনে করার কারণ নেই। আশার বিষয় হলো, জার্মানিতে এই ধরনের অসহিষ্ণুতার বিরুদ্ধে নাগরিকদের সমাবেশগুলো থেকে আমরা শক্তিশালী ভিন্নমত দেখতে পাই। জার্মান সরকারপ্রধান ও মূলধারার রাজনৈতিক দলের ৫০ জন নেতা একত্রে বিবৃতি দিয়ে এই ধরনের অভিবাসীবিরোধী সমাবেশের সমালোচনা করেছেন। এগুলো কেবল এ কারণে আশাবাদী করে না যে তা বিশেষ কোনো ধর্মের বিরুদ্ধে কিছু উগ্রপন্থীকে চ্যালেঞ্জ করেছে, এই কারণে আশাবাদী করে যে তা টোটালিটারিয়ানিজমের বিরুদ্ধে, উগ্রপন্থার বিরুদ্ধে নাগরিকের সমান অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। প্রাসঙ্গিকভাবে মনে রাখা দরকার, ধর্মের নামে এ ধরনের উগ্রপন্থী মানসিকতার প্রকাশ আমরা পৃথিবীর অন্যত্রও দেখতে পাচ্ছি। ভারতে জোর করে ধর্মান্তরকরণের ঘটনাবলি তার একটি উদাহরণ।
পত্রিকাটির দৃষ্টিভঙ্গি বিষয়ে যাদের ভিন্নমত আছে, তাদের বক্তব্যও আমরা শুনব, এ কথা বলার অর্থ এটা নয় যে আমরা কোনোভাবেই পত্রিকার ওপরে হামলাকে গ্রহণযোগ্য বলে মনে করতে পারি। কিন্তু তার অর্থ এও নয় যে আমরা রিচার্ড সিমোরের বক্তব্য একেবারে অগ্রাহ্য করব। রিচার্ড সিমোর এই ঘটনার পরে জ্যাকোবিয়ান সাময়িকীর ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, তাঁর ধারণা, এই পত্রিকার সম্পাদকীয় নীতির মধ্যে একধরনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়ে থাকে। শার্লি হেবদো অতীতে ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশ করেছে, সেটা আমাদের জানা আছে। এই আলোচনার এটি ঠিক সময় কি না, অনেকে সেই নিয়ে প্রশ্ন তুলতে পারেন। রিচার্ড সিমোর বলছেন, তাঁর ধারণা সেই প্রশ্ন উঠবে। অনেকে অভিযোগ করতে পারেন যে এতে করে সন্ত্রাসীদের পক্ষে যুক্তি প্রদর্শন হবে। আমি অন্তত তা মনে করি না, বিপরীতক্রমে এতে প্রমাণিত হবে, আপনি এই পত্রিকার সমালোচনা করতে পারেন, তার সঙ্গে ভিন্নমত প্রকাশ করতে পারেন, পত্রিকাটিকে অগ্রহণযোগ্য মনে করতে পারেন। ভিন্নমত মানে কাউকে হত্যা করার অধিকার নয়। পত্রিকাটি প্রসঙ্গে এ কথাও বলা দরকার যে এর সর্বসাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদের বিষয় ছিল সম্প্রতি প্রকাশিত একটি উপন্যাসের ফরাসি লেখক মিশেল ওয়েলেবেক। ওয়েলেবেকের এই উপন্যাসে কল্পনা করা হয়েছে ২০২২ সালের ফ্রান্স, যেখানে দেশ শাসন করছে একটি ইসলামপন্থী দল, নারীদের বোরকা পরিধানে উৎসাহিত করা হচ্ছে, বহুবিবাহ বৈধ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন পড়ানো হচ্ছে। ওয়েলেবেকের আগের উপন্যাসগুলোও বিতর্কিত ও সমালোচিত। শার্লি হেবদো ওয়েলেবেকের ধারণাকে ব্যঙ্গ করেই তাঁকে নিয়ে প্রচ্ছদ এঁকেছে। ফলে রিচার্ড সিমোরের বক্তব্যে যেমন যুক্তি আছে, তেমনি এর বিপক্ষে উদাহরণও আছে।
এসব সত্ত্বেও আমাদের স্বীকার করতেই হবে, উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের কাজ সহজ নয়। তার উৎস কেবল নিজ সমাজেই থাকে তা নয়, বাইরে থেকেও সে শক্তি সঞ্চয় করে। কিন্তু তার বিরুদ্ধে সংগ্রামে যত বহুত্ববাদী শক্তি একত্র করা সম্ভব হয়, যত বেশি ভিন্নমতের প্রকাশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সব ধরনের উগ্রপন্থার বিরুদ্ধে যত শক্তিশালী অবস্থান নেওয়া যায়, বিজয়ের সম্ভাবনা ততই বেশি। সেটা যে যেখানে আছেন, তাঁকে সেভাবেই করতে হবে। উগ্রপন্থা যদি আমার-আপনার ধর্মাবলম্বীদের ভেতরে থাকে, তা যদি আমার-আপনার রাজনৈতিক বিশ্বাসের অনুসারীদের মধ্যে থাকে, তা যদি রাষ্ট্র পরিচালনার নীতির মধ্যে থাকে, তবে তার বিরুদ্ধে আপনাকে-আমাকে সংগ্রাম করতে হবে। বহুত্ববাদিতা, চিন্তার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সবার সমান মর্যাদা প্রতিষ্ঠাই হচ্ছে এই ধরনের আদর্শের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র। উগ্রপন্থা তখনই বিজয়ী হয়, যখন আমরা স্বেচ্ছায় আমাদের চিন্তার ও মত প্রকাশের স্বাধীনতাকে সেন্সর বা নিয়ন্ত্রণ করি। শার্লি হেবদোর অফিসে যাঁরা হাঁটু মুড়ে জীবনযাপনের চেয়ে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করলেন, তাঁদের কাছ থেকে এই শিক্ষা নেওয়া দরকার, তাঁদের প্রতি সেইভাবেই শ্রদ্ধা জানানো দরকার।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।