
গত ১৯ ডিসেম্বর মন্ত্রিসভা ‘জাতীয় ওষুধনীতি ২০১৬’ অনুমোদন করেছে। বাংলাদেশের ওষুধশিল্প এখন খুবই অগ্রসর একটা শিল্প; আন্তর্জাতিক মানের শিল্প। ১৯৮২ সালে যখন প্রথম ওষুধনীতি গ্রহণ করা হয়, তখন ৭৫ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো। দরিদ্র জনগোষ্ঠীর জন্য তো বটেই, মধ্যবিত্তের জন্যও ওষুধ সহজলভ্য ছিল না। অনেক ওষুধ সামর্থ্যবানদের কাছেও দুর্লভ ছিল। টাকা দিলেই সব ওষুধ সবখানে প্রয়োজনের সময় পাওয়া যেত না।
কিন্তু ওষুধের লভ্যতা এখন আর খুব বড় সমস্যা নয়। ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। অবশ্য আর্থিক বিবেচনায় সব ওষুধ সব মানুষের কাছে এখনো সহজলভ্য হয়নি। কিন্তু তা সত্ত্বেও দেশে ওষুধের বিক্রি অনেক বেড়েছে ও বাড়ছে। ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসেস (আইএমএস) নামের এক সংস্থার দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাংলাদেশের স্থানীয় বাজারে ২০১০ সালে বিক্রি হয়েছে মোট ৬ হাজার ৮০০ কোটি টাকার ওষুধ। আর ২০১৪ সালে মোট বিক্রি হয়েছে ১১ হাজার ৩০০ কোটি টাকার ওষুধ। অর্থাৎ চার বছরে ওষুধ বিক্রি বেড়েছে দ্বিগুণের কিছু কম। বাড়ার কয়েকটা কারণ আছে। প্রথমত জনসংখ্যা বেড়েছে, দ্বিতীয়ত ওষুধ কিনতে সক্ষম মানুষের সংখ্যা বেড়েছে, তৃতীয়ত ওষুধের বিপণনব্যবস্থা আরও ভালো হয়েছে। ‘আইএমএস হেলথ’ নামের প্রতিষ্ঠানটি হিসাব করে দেখেছে, ওষুধের বিক্রি বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে ২০১৮ সালে দেশের বাজারে ওষুধ বিক্রির পরিমাণ বেড়ে ১৬ হাজার কোটি টাকায় উঠবে।
এটা খুবই ভালো কথা। যে দেশে একসময় ওষুধের অভাবে অসুস্থ মানুষের যথাযথ চিকিৎসা হতো না, সেখানে এত ওষুধ বিক্রি হচ্ছে মানে ওষুধের সেই সংকট আর নেই। কিন্তু এ ব্যাপারটিতে একটা জটিল সমস্যা আছে, যা নিয়ে এ দেশে খুব একটা আলাপ-আলোচনা হয় না। মন্ত্রিসভার অনুমোদিত নতুন জাতীয় ওষুধনীতিতে এর পাঁচটি লক্ষ্যের কথা বলা হয়েছে, যার একটা হলো ‘ওষুধের যৌক্তিক ও নিরাপদ’ ব্যবহার নিশ্চিত করা। আমার এই লেখার উদ্দেশ্য এই একটা বিষয়ের প্রতি সরকার, নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা।
‘ইরর্যাশনাল ইউজ অব মেডিসিন’ বা ওষুধের অযৌক্তিক ব্যবহার বিশ্বব্যাপী একটা বড় সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করে যে তারা হিসাব করে দেখেছে, বিশ্বজুড়ে একটা নির্দিষ্ট সময়ে চিকিৎসকেরা রোগীদের যত ওষুধ সেবনের পরামর্শ দেন এবং যত ওষুধ বিক্রি করা হয়, তার অর্ধেকেরই বেশি করা হয় ‘ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি’ বা অযথাযথভাবে। অর্থাৎ অর্ধেকের বেশি চিকিৎসক রোগীকে যে ব্যবস্থাপত্র দেন, তা ওষুধ নির্বাচন এবং ওষুধের সংখ্যা ও মাত্রা নির্ধারণের বিবেচনায় যথার্থ হয় না। আর ওষুধ বিক্রেতাদের অর্ধেকের বেশি ওষুধ বিক্রি করেন ওষুধ বিক্রির যথাযথ নিয়ম না মেনে (মূলত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও দাবি করে, প্রায় অর্ধেক রোগী সঠিকভাবে ওষুধ সেবন করেন না। চিকিৎসক, ওষুধ বিক্রেতা ও রোগী—এই তিন পক্ষের মিলিত অবদান হলো ‘ওষুধের অযৌক্তিক ব্যবহার’।
বাংলাদেশে এই সমস্যা অত্যন্ত প্রকট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও গবেষক আমাকে বলেছিলেন, এ দেশে ওষুধের অযৌক্তিক ব্যবহারের সবচেয়ে বড় বিপজ্জনক দিক হলো প্রয়োজনের অতিরিক্ত ওষুধ সেবনের পরামর্শ দেওয়া এবং সেবন করা (পলিফার্মেসি)। এ দেশে চিকিৎসকদের একটা বড় অংশের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ সেবনের পরামর্শ দেওয়ার প্রবণতা আছে; ওষুধ কোম্পানিগুলোর নানা রকমের ‘প্রণোদনা’র অভিযোগ আছে।
ওষুধ কোম্পানিগুলোর কথিত ‘প্রণোদনা’ ছাড়াও অনেক চিকিৎসক রোগীর জন্য যথেষ্ট সময় দিতে পারেন না, ওষুধ নির্বাচন, ওষুধের সংখ্যা ও মাত্রা নির্ধারণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন অত্যন্ত দ্রুত। অনেক চিকিৎসক এমনকি রোগীর বয়স, ওজন, রক্তচাপ ইত্যাদি সাধারণ তথ্য ব্যবস্থাপত্রে লেখার সময় পান না। রোগীকে দ্রুত সারিয়ে তোলা, ইনফেকশনের ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ লেখেন।
তা ছাড়া, রোগীদেরও সচেতনতার অভাব আছে, আছে দৃষ্টিভঙ্গির সমস্যা। এমন রোগীও আছেন, যাঁরা দ্রুত আরোগ্যলাভের জন্য অস্থির হয়ে ওঠেন এবং নিজেই চিকিৎসককে চাপ দেন অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। এমন মা-বাবাও আছেন, যাঁরা শিশুসন্তানের সর্দিজ্বরে অস্থির হয়ে ওঠেন, ‘ছেলের জ্বর ভালো হচ্ছে না কেন?’ ‘মেয়ের কাশি যায় না কেন?’ ইত্যাদি বলে চিকিৎসকদের ব্যতিব্যস্ত করে তোলেন। গ্রাম-মফস্বলে সেই চিকিৎসকের নামডাক হয়, যিনি রোগীকে ‘কড়া’ ওষুধ দেন, যাঁর ওষুধে ‘কুইক অ্যাকশন’ হয়। আর যে চিকিৎসক অ্যান্টিবায়োটিকের ব্যাপারে কম উৎসাহী, তাঁর সম্পর্কে লোকে বলাবলি করে, ‘ওই ডাক্তার তো সামান্য সর্দিজ্বরই সারাইতে পারে না!’
এমন লোকের সংখ্যাও কম নয়, যাঁরা চিকিৎসকের কাছে না গিয়ে ওষুধের দোকানির কাছে অ্যান্টিবায়োটিক চান, ব্যথার ওষুধ চান। যদিও চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ও পেইন কিলার কেনাবেচা করা নিষিদ্ধ, কিন্তু এই নিষেধ রোগীও মানেন না, ওষুধের দোকানিও মানেন না।
বাজারে বেশি ওষুধ বিক্রি হওয়ার একটা অর্থ ওষুধ সহজলভ্য এবং বেশিসংখ্যক মানুষ তা কিনতে পারছে; অন্য অর্থ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওষুধ বেশি বিক্রি হচ্ছে। সদ্য অনুমোদিত জাতীয় ওষুধনীতিতে এই সমস্যা সমাধান করার লক্ষ্যে কিছু করণীয় উল্লেখ করা হয়েছে। যেমন ‘প্রমিত চিকিৎসা নির্দেশিকা’ অনুযায়ী ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা হবে। ১০০ বা তার বেশি শয্যাবিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব ‘অ্যান্টিবায়োটিক ব্যবহার নির্দেশিকা’ থাকতে হবে, তা নিয়মিত হালনাগাদ করতে হবে এবং চিকিৎসাসেবা প্রদানকালে তা অনুসরণ করতে হবে।
আরও বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপের কথা জাতীয় ওষুধনীতিতে আছে। কিন্তু সমস্যা হলো, এই সব পদক্ষেপ নিয়মিতভাবে বাস্তবায়ন করা যাবে কীভাবে? ওষুধনীতিতে ৩৯ রকমের ওষুধ আছে, যেগুলো চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই কেনা ও সেবন করা যাবে। বাকি সব ওষুধ কেনার জন্য ওষুধের দোকানিকে অবশ্যই ব্যবস্থাপত্র দেখাতে হবে। কিন্তু এই বিধান কার্যকর করা যাবে কীভাবে? রোগী ও দোকানি উভয় পক্ষই যদি বিধান ভঙ্গ করতে চায় এবং সেই বিধান ভঙ্গ করলে যদি রোগীর ডাক্তারের ফি বাবদ পয়সা বাঁচে আর দোকানির বিক্রি বাড়ে, তাহলে তাদের ঠেকানোর উপায় কী?
কিন্তু যে রোগী চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসককে পয়সা দেবেন সুচিকিৎসা পাওয়ার আশায়, তাঁর ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে, পলিফার্মেসি এড়াতে চিকিৎসক মহোদয় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।