ওয়াজিরিস্তানে ন্যায়বিচার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের যে নীতির কোনো রকম জবাবদিহি ও স্বচ্ছতা নেই।

ওয়াজিরিস্তান ভুল কারণে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। ৯/১১-এর হামলার পর আফগানিস্তানে যখন ন্যাটোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স অভিযান শুরু করে, তখন আল-কায়েদা, তালেবান ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে ওয়াজিরিস্তানে পালিয়ে আসে। এরপর জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে তালেবানদের যে বিভিন্ন চুক্তি হয়েছে, তাতে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো শুধু ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া শাসন করারই অধিকার পায়নি, এতে তারা আফগানিস্তানে দীর্ঘদিন যুদ্ধ করারও শক্তি পায়, যদিও ইসলামাবাদ খুব জোরেশোরে এই অভিযোগ অস্বীকার করে। ওয়াজিরিস্তানের মানুষ এসবের মধ্যে আটকা পড়েছে। তারা যেমন একদিকে সন্ত্রাসীদের হাতে মারা পড়ছে, তেমনি অন্যদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির মাঝখানে ক্রসফায়ারে পড়েছে। এক দশকেরও বেশি সময় ধরে তাদের এই রক্তপাত ও দুর্দশার মধ্যে থাকতে হচ্ছে, সেই ২০০৩ সালে তালেবানরা ওয়াজিরিস্তানে সাম্রাজ্য স্থাপন করার পর থেকে ২০১৪ সালের জুনে জার্ব-ই-আজব অভিযান শুরুর আগ পর্যন্ত।

এই অভিযানের পর স্থানীয় মানুষেরা কিছুটা স্বস্তি পেয়েছিল। কারণ, এই অভিযানে পাকিস্তানি সেনাবাহিনী মিরান শাহ্, মির আলি ও অন্যান্য স্থানে সন্ত্রাসীদের শক্তিশালী ডেরা গুঁড়িয়ে দেয়। আর সন্ত্রাসীদের আফগানিস্তানে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু ওয়াজিরিস্তানের পশতু আদিবাসীদের আরও অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে। খুবই কম সময়ের মধ্যে তাদের ঘরবাড়ি ও সম্পদ ফেলে আসতে হয়েছে। সোজা কথায়, তাদের সবকিছু ফেলে আসতে হয়েছে। পরবর্তীকালে তারা আরও বিভীষিকার সঙ্গে আবিষ্কার করল, কোথাও কিছু নেই। এই এলাকার বয়স্ক মানুষের তথ্যমতে, মিরান শাহ বাজারে ১১ হাজার ও মির আলি বাজারে ৭ হাজারেরও বেশি দোকান ছিল। এই বাজারগুলো একসময় গমগম করত। কিন্তু সেখানে একটি ম্যাচের বাক্সও ছিল না। অধিকাংশ বাড়িঘরই ধ্বংস হয়ে গিয়েছিল। যা–ও কয়েকটা টিকে ছিল, সেখানে কোনো মাল-সামান ছিল না। এমনকি ধ্বংসস্তূপের মধ্যে যেসব মূল্যবান বস্তু ছিল, সেগুলোও হাওয়া হয়ে গিয়েছিল। আর তাদের রেখে যাওয়া সম্পদের কথা তো বলাই বাহুল্য।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে পারেনি। দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি। কর্তৃপক্ষ সবচেয়ে চৌকস যে কাজটা করতে পারত, তা হচ্ছে নাম পরিবর্তন। তারা করল কী, আইনি ঝামেলা এড়াতে এই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের সাময়িকভাবে বাস্তুচ্যুত মানুষ আখ্যা দিল। আবার এই জার্ব-ই-আজব অভিযান ২০০৯ সালের সোয়াত অভিযানের মতো ছিল না, যেখানে সেনাবাহিনী প্রদেশের রাজনৈতিক সরকার ও ফেডারেল সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। কিন্তু জার্ব-ই-আজবের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না।

এই ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়ার সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের জবাবদিহি ও স্বচ্ছতা ছিল না। ফলে ওয়াজিরিস্তানের মানুষের প্রত্যাবর্তন ও পুনর্বাসনে নানা সমস্যা ছিল। কর্তৃপক্ষ সব প্রজ্ঞা নিয়ে এই বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরার জন্য আট পাতার এক ‘সামাজিক চুক্তি’-তে সই করা বাধ্যতামূলক করল, যেটা মানুষের ওপর অন্যায্য ও স্বেচ্ছাচারী শর্ত চাপিয়ে দিল। এখন কথা হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধিরা কোন ক্ষমতাবলে ওয়াজিরিস্তানের পশতুদের এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করল? যারা এই সমান্তরাল সামাজিক চুক্তি করল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আরও কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে, যে মানুষেরা শিবির থেকে ঘরে ফিরছিল, তাদের প্রতি পদে পদে তল্লাশি করা হয়েছে। কর্তৃপক্ষের ভয়, তারা অস্ত্র নিয়ে আসছে কি না! অথচ এই নিরস্ত্র মানুষের শুধু নিজেদের নিরাপত্তারই দায়িত্ব নিতে হবে না, তাদের সরকারি স্থাপনারও দায়িত্ব নিতে হবে। ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশনস (এফসিআর) অনুযায়ী, একজনের অপরাধের জন্য পুরো গোষ্ঠী শাস্তি পাবে।

এই গৃহে প্রত্যাবর্তনরত মানুষের জীবনে নিরাপত্তা বড় সংকট হিসেবে দেখা দেবে। একদিকে তারা যেমন সুপ্রশিক্ষিত ও সশস্ত্র সন্ত্রাসীদের হুমকির মুখে আছে, অন্যদিকে তারা কর্তৃপক্ষের আক্রোশও মোকাবিলা করছে। আক্ষরিকভাবে তারা এক উভয়সংকটে পড়েছে। উত্তর ওয়াজিরিস্তানে প্রতি রোববার রাতে কারফিউ জারি করা রুটিন হয়ে গেছে, যাতে রাতের বেলা সেনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় হামলা না হয়। ঠিক আছে, এর না হয় প্রয়োজন ছিল। কিন্তু এই এলাকায় সামরিক অভিযান সম্পন্ন হলে এই রীতিরও অবসান ঘটা উচিত।  

আবার কখনো কখনো স্থানীয় জনগণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কারফিউ জারি করা হয়। এই ১৪ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে স্থানীয় তরুণ জামশেদের মৃত্যুর পর যখন মানুষ প্রতিবাদ করল, তখন এক হাজার ঘণ্টা কারফিউ জারি করা হলো। এভাবে মানুষের হৃদয় ও মন জয় করা যায় না।

শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়া, এটি ঘরে ফেরা মানুষের আরেকটি চ্যালেঞ্জ। স্থানীয় শিক্ষিত মানুষের পরিচালিত এক জরিপ অনুযায়ী, উত্তর ওয়াজিরিস্তানে বিভিন্ন পর্যায়ের ১ লাখ ১০ হাজার ছাত্রছাত্রী আছে। সন্ত্রাসীরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অথবা যুদ্ধের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কোথাও কোথাও দেখা গেছে, মানুষ এই শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

ছাত্ররা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য সরকারকে যুদ্ধকালীন তৎপরতা দেখাতে হবে। ধ্বংসপ্রাপ্ত সম্পদের জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা খুবই কম। আরেকটি সমস্যা হচ্ছে, জমির মালিকানা। মিরান শাহের কর্তৃপক্ষ ব্যক্তিগত জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেছে, তার জন্য ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মানুষ আশা করে, ইসলামাবাদের যাঁরা ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করছেন, তাঁরা ওয়াজিরিস্তানের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন। তা না হলে সার্বিকভাবে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া ও সুনির্দিষ্টভাবে ওয়াজিরিস্তান পাকিস্তানের হৃদয়ে এক রক্তাক্ত ক্ষত হিসেবে থেকে যাবে, পশতুরা যার আলোকে নানা আচরণ করবে। ডুরান্ড লাইনের উভয় পারে যারা আছে, তাদের আধিপত্যের লড়াইয়ে এরা নিজেদের ভুক্তভোগী মনে করছে।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য নেশন থেকে নেওয়া।

আফ্রাসিয়াব খাটাক: আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।