গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে যুক্তরাজ্যের ভোটারদের সিদ্ধান্ত (ব্রেক্সিট) এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দুই প্রজন্মের মধ্যকার বিভক্তি দৃশ্যমান হলো। এই বিভক্তি উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন যুবসমাজ ও জাতীয়তাবাদী পেনশনভোগীদের মধ্যে, যাঁদের মার্কিন সাংবাদিক ও লেখক টমাস ফ্রিডম্যান Web People (ওয়েব মানব) ও Wall People (দেয়াল মানব) নামে অভিহিত করেছেন। এ দুই প্রজন্মের মধ্যে মিল না থাকলেও তারা রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকটের বিষয়ে একই মনোভাব পোষণ করে।
যুক্তরাজ্যে ব্রেক্সিটের পক্ষে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁদের প্রতি চারজনে একজনের বয়স ছিল ২৪ বছরের নিচে। বাকি তিনজনের বয়স ছিল ৬৫ বছরের ওপরে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ক্ষেত্রে একই ধরনের চিত্র পাওয়া গেছে। ট্রাম্প ৫৩ শতাংশ ভোট পেয়েছেন তাঁদের, যাঁদের বয়স ৬৫ বছরের বেশি। অন্যদিকে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৩৭ শতাংশ তাঁকে ভোট দিয়েছেন।
এই দুই ক্ষেত্রেই দেখা গেছে, প্রবীণ নাগরিকেরা হতাশাবাদী। তাঁরা মুক্তবাণিজ্য, অবাধ চলাচল, মুক্ত ভালোবাসা ও মানবমুক্ত প্রযুক্তি—এসব কিছুকে তাঁদের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছিলেন। অন্যদিকে তরুণেরা ভবিষ্যৎ এবং তাঁদের ব্যক্তিগত সম্ভাবনা নিয়ে অনেক বেশি আশাবাদী। নির্বাচনে হতাশাবাদীদের জয় হয়েছে। তাঁরা এখন আশাবাদী হচ্ছেন। অন্যদিকে সাবেক আশাবাদীদের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। তবে প্রযুক্তি ও বিশ্বায়ন নিয়ে দুই প্রজন্মের মধ্যে মৌলিক ভিন্নতা থাকলেও ওয়েব পিপল ও ওয়াল পিপলের মধ্যে একটা বিষয়ে মিল রয়েছে। তাঁরা উভয়েই বিদ্যমান ব্যবস্থা নিয়ে গভীরভাবে সন্দিহান। তাঁরা মনে করছেন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ভেঙে পড়েছে।
ওয়াল পিপলরা এই আশায় বিদ্যমান ব্যবস্থা ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছেন যে, এর চেয়ে ভালো কিছুর দেখা মিলবে, যে রকমটা দূর অতীতে ছিল বা যেটা তাঁরা কল্পনা করেন। অন্যদিকে ওয়েব পিপলরা বিশ্বাস করেন, প্রযুক্তি একসময় গোটা রাজনৈতিক ব্যবস্থাকেই বদলে দেবে, যেমন করে তা সংবাদপত্র, ট্যাক্সি সেবা ও হোটেলগুলো বদলে দিয়েছে।
>বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রবীণ ও নবীনদের ক্ষোভ খুবই খাঁটি। গত কয়েক দশকের অর্থনৈতিক অর্জন যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে জনগণের সেবা করার চেয়ে নিজেদের নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে
এ রকম একজন ওয়েব পিপল হচ্ছেন ভায়াচেসলাভ পলোনস্কি। ইউক্রেনীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী এই নেটওয়ার্ক বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এখন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামাজিক গণমাধ্যমের ওপর পিএইচডি করছেন। তিনি আমাকে বলেন, ‘আমরা এখন একবিংশ শতাব্দীতে বসবাস করছি। কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থা ১৮ শতক ও ১৯ শতকের পর আর বিকশিত হয়নি।’
পলোনস্কি বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্মের ঠিক অব্যবহিত আগে প্রতিষ্ঠিত হয়নি; এমনকি টেলিভিশন ও রেডিও আবিষ্কারের সময়ও নয়। আমাদের অর্থনীতি এখন পছন্দ, স্বনির্ধারণ ও অংশগ্রহণের দ্বারা চিহ্নিত হয়, আমাদের রাজনীতি এখনো আমলাতন্ত্র ও বিশেষ স্বার্থের কারণে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। আমাদের রাজনীতি যদি গতিশীল হয়, তাহলে একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার চেয়ে জনগণ সুনির্দিষ্ট ধারণা ও বিষয়ের ওপর ভোট দিতে পারবে। এর ফলে রাজনীতি আরও খোলামেলা ও বিকেন্দ্রীভূত হবে।’
বক্তব্যকে আরও জোরদার করার জন্য পলোনস্কি তাঁর বান্ধবী মারিয়া লুসিয়া মার্টিনেজ ডিবারবারের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেন। ২৭ বছর বয়সী এই প্রশিক্ষণার্থী আইনজীবী তাঁর নিজের দেশ উরুগুয়েতে একটি নতুন ডিজিটাল রাজনৈতিক দল গঠন করেছেন। দলের নাম দিয়েছেন ‘এল পারটিডো ডিজিটাল’। মারিয়া মনে করেন, যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই। তাঁর দল এল পারটিডো ডিজিটাল এখন পার্লামেন্টে একজন প্রতিনিধি নির্বাচন করতে কাজ করছে। ওই প্রতিনিধি প্রতিটি পার্লামেন্ট নির্বাচনের সময় তাঁর এলাকায় ভোটের জন্য ইন্টারনেট ব্যবহার করবেন।
মারিয়া লুসিয়ার এই ধারণা কিন্তু প্রচলিত নির্বাচন বা গণভোটের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। তিনি ও পলোনস্কি এটাকে ‘লিকুইড ডেমোক্রেসি’ হিসেবে অভিহিত করেছেন। মারিয়া বলেন, ‘আমরা ডান বা বামদের প্রতিনিধিত্ব করব না। আমরা জনগণের প্রতিনিধিত্ব করব।’
পলোনস্কি ও মারিয়া ‘গ্লোবাল শেপারস’ নামে একটি সংগঠনের সদস্য, যেখানে তাঁরাসহ মোট ছয় হাজার সদস্য আছেন। তাঁদের বয়স ২৩ থেকে ২৭ বছরের মধ্যে। তাঁরা সবাই সৃজনশীল, উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন ও প্রাণশক্তিতে ভরপুর। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে তাঁরা হতাশ। মারিয়া বলেন, ‘২০১৬ সালটা ছিল এমন একটা বছর, যেবার আমি মানবজাতির ওপর বিশ্বাস হারিয়েছি।’
তবে আমার ধারণা, মারিয়ার এই হারিয়ে যাওয়া বিশ্বাস আবার ফিরে আসবে এবং বর্তমান রাজনৈতিক দুরবস্থার মধ্যেও তাঁরা নানা সুযোগ পাবেন। ওয়াল পিপল ও ওয়েব পিপল, অর্থাৎ প্রবীণ ও নবীনেরা হয়তো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের আশা করছেন। তবে ওয়াল পিপল যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা আশা করছেন, তা যে একেবারে যথাযথ তা নয়। আবার নবীণেরা যেমনটি ভাবছেন, সেটা যে যথযাথ হবে, তারও মানে নেই।
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রবীণ ও নবীনদের ক্ষোভ খুবই খাঁটি। গত কয়েক দশকের অর্থনৈতিক অর্জন যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে জনগণের সেবা করার চেয়ে নিজেদের নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। এখানে যেমন ধনীদের জন্য সমাজতন্ত্র আছে, তেমনি গরিবদের জন্য আছে পুঁজিবাদ। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আরও সন্ত্রাসীর জন্ম দিয়েছে এবং বাণিজ্য ও অভিবাসন নীতি জনসমর্থন হারাচ্ছে।
পাল্টা বিপ্লবের হাত থেকে বিরাজমান ব্যবস্থাকে রক্ষা না করে রাজনৈতিক দলগুলোর উচিত হচ্ছে, নতুন ব্যবস্থা প্রবর্তনে কাজ করা। জনগণের প্রয়োজনে সাড়া দিতে হবে তাদের। নবীন ও প্রবীণ উভয়েই দাবি জানিয়েছেন। সময় এসেছে, এখন তাদের সাড়া দিতে হবে।
অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
মার্ক লিওনার্ড: ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের পরিচালক।