ওয়াশিংটন পোস্টের সাফল্যের রহস্য কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘দ্য ওয়াশিংটন পোস্ট উইল ফিনিশ দিস ইয়ার অ্যাজ আ প্রফিটেবল অ্যান্ড গ্রোয়িং কোম্পানি।’ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রকাশক ফ্রেড রায়ান ১৩ ডিসেম্বর পত্রিকাটির কর্মীদের উদ্দেশে পাঠানো এক ‘মনোবল চাঙা করা’ পত্রে এ কথা লিখেছেন। কিন্তু খবরটি ওই পত্রিকাতেই ছাপা হয়নি, কারণ বৈঠকটি ছিল তাঁদের একান্তই ঘরোয়া। এই ২০১৬ সালে পত্রিকাটির আয় যে ভালো হয়েছে, এ খবর তাঁরা পত্রিকার বাইরের কাউকে জানাতে চাননি। শুধু ওয়াশিংটন পোস্ট-এর কর্মীদের উদ্দেশে লেখা প্রকাশকের ওই পত্র ফাঁস হয়ে গেছে। পত্রিকাটির ‘লাভজনক ও বর্ধনশীল’ হয়ে ওঠার খবর অন্যান্য সংবাদপ্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে; তারা এটা প্রচার করেছে। কোনো কোনো অনলাইন সংবাদপ্রতিষ্ঠান রায়ানের পুরো পত্রটিই প্রকাশ করেছে, যেমন পয়েন্টার ডট কম।
যুক্তরাষ্ট্রের মাসিক সাময়িকী ওয়াশিংটনিয়ান-এ প্রকাশিত এক খবরের ভিত্তিতে প্রথম আলোও ১৯ ডিসেম্বর এই সুসংবাদটি বাংলাদেশের পাঠকদের জানিয়েছে। এটা একটা বড় সুসংবাদই বটে, শুধু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। কারণ, এক দশকের বেশি সময় ধরে পৃথিবীর সব অঞ্চলেই অধিকাংশ সংবাদমাধ্যমের আয় কমে যাচ্ছে। আয় কমে যাওয়ার ফলে আমেরিকা ও ইউরোপের অনেক নামী ও প্রভাবশালী সংবাদপত্র কর্মিসংখ্যা কমাতে বাধ্য হয়েছে। কিছু সংবাদপত্রের মালিক লোকসান গুনতে অপারগ হয়ে পত্রিকা বিক্রি করে দিয়েছেন। যেমন যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য ইনডিপেনডেন্ট ২০১০ সালে কিনে নিয়েছেন রুশ ধনকুবের আলেকসান্দর লেবেদেভ। তিনি পত্রিকাটিতে আরও অর্থ বিনিয়োগ করার পরও সেটার লোকসান থামাতে পারেননি। অবশেষে এ বছরের মার্চ মাসে পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করে দিয়েছেন; এখন এটির শুধু অনলাইন সংস্করণ প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক-এর মুদ্রণ সংস্করণ ২০১২ সালের ৩১ ডিসেম্বর বন্ধ হয়ে যায়। অবশ্য ১৫ মাস বন্ধ থাকার পর ২০১৪ সালের মার্চ থেকে মুদ্রণ সংস্করণ আবার ছাপা হতে থাকে।
যুক্তরাজ্যের আরেক প্রধান দৈনিক গার্ডিয়ান-এর আর্থিক অবস্থাও এখন ভীষণ খারাপ। পত্রিকাটি নিজেই এ বছরের ২৭ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, ওই সময় পর্যন্ত পত্রিকাটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৩ লাখ পাউন্ড। শুধু বিগত অর্থবছরেই লোকসান হয়েছে ৬ কোটি ৯ লাখ পাউন্ড। তার আগের অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৪৭ লাখ পাউন্ড। অর্থাৎ লোকসানের পরিমাণ বাড়ছে অত্যন্ত দ্রুতগতিতে। পত্রিকাটি ইতিমধ্যে ২৬০ জন কর্মীকে চাকরি থেকে বিদায় দিয়েছে; এর ফলে বছরে ১ কোটি ৭০ লাখ পাউন্ড সাশ্রয় হবে। পত্রিকাটি আগামী তিন বছরে ২০ শতাংশ ব্যয় কমানোর পরিকল্পনা করেছে। ক্রমাগত লোকসানের মুখে টিকে থাকার জন্য গার্ডিয়ান কর্তৃপক্ষ ব্যয় কমানোর পাশাপাশি আয়ের নতুন নতুন পন্থা উদ্ভাবন করছে; যেমন ‘মেম্বারশিপ স্কিম’, ‘গার্ডিয়ান সাপোর্টার’ ইত্যাদি। সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে ভিন্ন ভিন্ন অঙ্কের চাঁদার বিনিময়ে গার্ডিয়ান-এর মেম্বার ও সাপোর্টারদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়।

সংবাদপত্রশিল্পের আয় কমার প্রধান কারণ মুদ্রিত সংবাদপত্রের পাঠকের সংখ্যা দ্রুত কমে যাওয়া এবং তার ফলে মুদ্রিত বিজ্ঞাপনও কমে যাওয়া। এই প্রবণতা শুরু হয়েছে এক দশকের বেশি সময় আগে। সে সময় অনেকে ধারণা করেছিলেন, সংবাদপত্রগুলোর মুদ্রণ সংস্করণের বিজ্ঞাপন কমে গিয়ে ডিজিটাল বা অনলাইন সংস্করণের বিজ্ঞাপন ক্রমে বাড়তে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে, সেটা ঘটছে না। মুদ্রণ ও ডিজিটাল উভয় সংস্করণের বিজ্ঞাপনই কমে যাচ্ছে। ২০১৫ সালে গার্ডিয়ান-এর ডিজিটাল সংস্করণের বিজ্ঞাপন থেকে আয় তার আগের বছরের তুলনায় ২০ লাখ পাউন্ড কমে গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্রগুলোর অন্যতম দ্য নিউইয়র্ক টাইমসও এ বছরের ২৮ জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় সর্বশেষ এক প্রান্তিকে ৭ শতাংশ কমে গেছে।

>অনেকে ধারণা করেছিলেন, সংবাদপত্রগুলোর মুদ্রণ সংস্করণের বিজ্ঞাপন কমে গিয়ে ডিজিটাল বা অনলাইন সংস্করণের বিজ্ঞাপন ক্রমে বাড়তে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে, সেটা ঘটছে না। মুদ্রণ ও ডিজিটাল উভয় সংস্করণের বিজ্ঞাপনই কমে যাচ্ছে

ওয়াশিংটন পোস্টও গভীর সংকটে পড়েছিল; মুদ্রিত ও অনলাইন উভয় সংস্করণেরই পাঠকসংখ্যা ও বিজ্ঞাপনের আয় কমতে কমতে এমন দুর্দশা সৃষ্টি হয়েছিল যে, চার প্রজন্ম ধরে যারা এর মালিক ছিল, সেই গ্রাহাম পরিবার ২০১৩ সালের অক্টোবরে এটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। ২৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এর মালিকানাস্বত্ব ও আনুষঙ্গিক সম্পদ কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অনলাইন শপিং কোম্পানি আমাজন ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফরি পি বেইজস (জেফ বেইজস)। কেনার পর তিনি এই পত্রিকায় আরও কয়েক কোটি ডলার বিনিয়োগ করেছেন, শুধু ২০১৫ সালেই বিনিয়োগের পরিমাণ ছিল ৫ কোটি মার্কিন ডলার। এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক ম্যাগাজিন, এ বছরের ২৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনে। কিন্তু জেফ বেইজস ওয়াশিংটন পোস্ট পত্রিকার আয়-ব্যয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেন না, যদিও আগের মালিকেরা সেটা করতেন।
মুদ্রিত ও ডিজিটাল উভয় প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমের আয় কমে যাওয়ার এমন সাধারণ প্রবণতার প্রেক্ষাপটে ওয়াশিংটন পোস্ট-এর প্রকাশক ফ্রেড রায়ান তাঁর সহকর্মীদের উদ্দেশে বছর শেষে যে পত্র পাঠিয়েছেন, তা থেকে যেসব তথ্য জানা গেল তার কিছু এখন তুলে ধরা যাক।
ফ্রেড লিখেছেন, ওয়াশিংটন পোস্ট ২০১৫ সালে ডিজিটাল পাঠকসংখ্যা বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে; পত্রিকাটি তার চিরাচরিত সব প্রতিদ্বন্দ্বী এবং বৃহত্তম ডিজিটাল সাইটগুলোকে ছাড়িয়ে গেছে। শুধু যুক্তরাষ্ট্রেই এই পত্রিকার ওয়েবসাইটে মাসিক ভিজিটরের সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে, আরও ৩০ কোটি ভিজিট করে বিশ্বজুড়ে। এ নিয়ে এর ডিজিটাল ট্রাফিক এক বছরে প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে ফ্রেড দাবি করেছেন। পত্রিকাটির ডিজিটাল সাবস্ক্রিপশন এ বছরের জানুয়ারি থেকে পরবর্তী ১১ মাসে বেড়েছে ৭৫ শতাংশ। ডিজিটাল সাবস্ক্রাইবাররা নির্দিষ্ট অঙ্কের অর্থের বিনিময়ে পত্রিকাটির ডিজিটাল সংস্করণের সব কনটেন্ট পড়তে, দেখতে, শুনতে পারেন। এই বাবদে গত ১২ মাসে পত্রিকাটির আয় বেড়েছে দ্বিগুণের বেশি। ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ৪০ শতাংশের বেশি।
এটাই সবচেয়ে বড় সুসংবাদ। কারণ, ডিজিটাল সাবস্ক্রিপশন থেকে আয়ের তুলনায় ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় অনেক বেশি। কিন্তু ডিজিটাল বিজ্ঞাপন কমতে শুরু করার নতুন প্রবণতা সংবাদপত্রগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। মুদ্রণ সংস্করণের বিজ্ঞাপন বাড়ার
আশা আর কেউ করছে না, আয়ের এই খাত সংকুচিত হতেই থাকবে। আশা ছিল, ডিজিটাল বিজ্ঞাপন ক্রমেই বাড়বে এবং এটাই হবে আয়ের প্রধান উৎস। সে জন্য সব সংবাদপত্র ডিজিটাল পাঠক বাড়ানোর দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছে, কারণ তারা ভাবছে, পাঠক বাড়লেই বিজ্ঞাপন বাড়বে। বড় সংবাদপত্রগুলোর ডিজিটাল পাঠক বাড়ছেও বটে, কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠক বাড়ার
মানেই বিজ্ঞাপন বাড়া নয়। বরং বিস্ময়করভাবে উল্টোই ঘটতে শুরু করেছে। গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস উভয়েরই ডিজিটাল পাঠক অনেক বেড়েছে এবং আরও বাড়ছে। কিন্তু তাদের উভয়েরই ডিজিটাল বিজ্ঞাপন কমতে শুরু করেছে এবং খুব সম্ভব কমতেই
থাকবে। এই দিক থেকে ওয়াশিংটন পোস্ট-এর ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় এক বছরে ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়া এককথায় বিস্ময়কর।
পত্রিকাটির এই বিস্ময়কর ব্যবসায়িক সাফল্যের রহস্য কী হতে পারে? এ ব্যাপারে যাঁরা কৌতূহলী হয়ে উঠেছেন, তাঁরা খোঁজখবর করার চেষ্টা করছেন। ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক প্রসারের প্রেক্ষাপটে প্রথাগত সংবাদমাধ্যমের ব্যবসার পদ্ধতিগুলো সেকেলে ও অকার্যকর হয়ে গেছে, টিকে থাকতে হলে অভিনব ব্যবসায়িক মডেল উদ্ভাবন করতে হবে—এমন কথা কয়েক বছর ধরে অনেকেই বলছেন। কিন্তু ওয়াশিংটন পোস্ট-এর মতো এ রকম বিস্ময়কর সাফল্য এর আগে দেখা যায়নি। প্রকাশক ফ্রেড রায়ান তাঁর ওই পত্রে পত্রিকাটির কর্মীদের বলেছেন, এক বছরের সাফল্যে তাঁদের এই বিশ্বাস আরও জোরালো হলো যে সাংবাদিকতাবহির্ভূত ডিজিটাল গণমাধ্যমের এই যুগে ‘কোয়ালিটি জার্নালিজম’ বা উৎকৃষ্ট মানের সাংবাদিকতার জন্যও একটা ‘ভায়াবেল বিজনেস মডেল’ আছে।
সেই মডেলটা কী ও কেমন, পরের কোনো লেখায় সে কথা বলার চেষ্টা করব।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]