সম্প্রতি আমি ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের রক্সটোন কলেজে পার্লামেন্ট বিষয়ে গবেষক ও সাংসদদের জন্য আয়োজিত একটি কর্মশালায় অংশ নিই। ১৯৯০ সালের পর থেকে প্রতি দুই বছর অন্তর এ ধরনের কর্মশালা হয়ে থাকে। তৃতীয় জর্জের সময় সাবেক প্রধানমন্ত্রী লর্ড নর্থের পৈতৃক আবাসন বর্তমানের রক্সটোন কলেজে এই দ্বাদশতম কর্মশালাটি হয়। এতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংসদবিষয়ক পণ্ডিত ও গবেষকদের সম্মিলন ঘটে। যে দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন, তার প্রায় সবই ওয়েস্টমিনস্টার মডেল অনুসারী দেশ। পার্লামেন্ট বিশেষজ্ঞ লর্ড নর্টনের তত্ত্বাবধানে আয়োজক ছিল আন্তর্জাতিক পার্লামেন্ট ইউনিয়ন ও যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয়ের আইন সেন্টার। প্রশাসন, জবাবদিহি, ওয়েস্টমিনস্টার মডেল, জনসম্পৃক্ততা, দারিদ্র্য দূরীকরণসহ অনেক বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত হয়। কর্মশালাটিতে যুক্তরাষ্ট্র, বাহরাইন, বাংলাদেশ, বেলজিয়াম, গ্রিস, কেনিয়া, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, রোমানিয়া, সিসিলি, শ্রীলঙ্কা ও তানজানিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘দারিদ্র্য বিমোচনে সাংসদ, সংসদ ও জনসম্পৃক্ততা’বিষয়ক গবেষণাকর্মের অংশ হিসেবে আমি ও আমার সহযোগী একটি প্রবন্ধ উপস্থাপন করি। আমাদের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে পিআরএসপি প্রণয়নে সাংসদদের ভূমিকা অনেকটা প্রান্তিক। বাংলাদেশে অনুসৃত তিনটি পিআরএসপির মধ্যে তৃতীয়টিতে সাংসদদের অংশগ্রহণ কিছুটা বাড়লেও শেষ বিচারে তাঁদের ভূমিকা ছিল গৌণ। একইভাবে সংসদীয় এলাকা পর্যায়ে মাননীয় সাংসদেরা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে অংশ নেন। তবে দলীয় কর্মী ও নিজস্ব ব্যক্তির কাছে সাংসদেরা অনেকটা পক্ষপাতদুষ্ট, যার ফলে আমজনতার সঙ্গে একধরনের বিযুক্তকরণের প্রক্রিয়া লক্ষ করা যায়। মাঠপর্যায়ে অংশগ্রহণভিত্তিক গবেষণাটি সাংসদ, সংসদ ও জনগণের বহুমুখী সম্পর্কের মেরুকরণ বুঝতে পরিচালিত হচ্ছে।
কর্মশালায় বাহরাইনের একজন সাংসদ জানিয়েছেন যে একজন ইহুদি নারী সাংসদ তাঁদের পার্লামেন্টে বাহরাইনের
হাজার ইহুদির প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে একজন ইহুদি নারী গবেষক তথ্য উপস্থাপন করে বলেছেন যে ইসরায়েলি সংসদে সাংসদদের দায়িত্ব ও কর্মপরিধির কোনো সংজ্ঞা নেই; না আইনে, না নীতিমালায়। যেটি আছে তা হলো সাংসদদের দায়িত্বের বর্ণনা, সাংসদেরাই নিজেদের কর্মপরিধি ঠিক করেন। তবে যেটি ব্যতিক্রম তা হলো ইসরায়েলের পার্লামেন্টই
হচ্ছে বিশ্বের একমাত্র উদাহরণ, যেখানে অনলাইনে কমিটি মিটিংসহ (প্রতিরক্ষার গোপন সিদ্ধান্ত ছাড়া) অনেক আলোচ্যসূচি ও সিদ্ধান্ত জনসমক্ষে উপস্থাপন করা হয়। একজন সাংসদ কোনোভাবেই চাকরি বা লাভজনক কাজে অংশ নিতে পারেন না। সেই সুবাদে একজন সাংসদকে সার্বক্ষণিকভাবে সংসদীয় কাজে মনোনিবেশ করতে হয়। বাংলাদেশের পার্লামেন্টে ৭০ ধারা মোতাবেক নিজ দলের বিরুদ্ধে সাংসদ যেমন ভোট দিতে পারেন না, তেমনি স্পেনিশ পার্লামেন্টেও একই ধারা বিরাজমান। স্পেনে দলের বিরুদ্ধে ভোট দিলে সাংসদকে জরিমানা করা হয়, অন্যদিকে ইসরায়েলি সাংসদেরা অনেকাংশে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন (যেমন: প্রাইভেট মেম্বারস বিল)।
>ওয়েস্টমিনস্টার মডেলের সর্বজনীন চিত্র নেই; কিছু কিছু গুণ যেমন, দ্বিদলীয় ব্যবস্থা, একক সংখ্যাগরিষ্ঠতার সরকার, আইনের শাসন, গুণগত রাজনৈতিক সংস্কৃতি—এগুলোর পারস্পরিক সহাবস্থানের দেখা মেলে না। একইভাবে সংসদীয় সার্বভৌমত্ব, নিরপেক্ষ সিভিল সার্ভিস, সুসংগঠিত দলীয় শৃঙ্খলা একরৈখিক এবং সমস্বত্বও নয়
কর্মশালায় একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হয়েছে, যা আগ্রহোদ্দীপক। স্কটল্যান্ডের স্ট্রাসক্লাইড বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক মার্ক যুক্তি দিয়ে দেখিয়েছেন যে ব্রিটিশ পার্লামেন্টে পাঞ্চ ও জুডি শোর উপস্থিতি লক্ষণীয়। হাউস অব কমন্সে বহুল আলোচিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরবিষয়ক অধিবেশনকে উদ্দেশ করে তিনি তাঁর যুক্তি দেন। তাঁর মতে, এই অধিবেশনটি আধা ঘণ্টার একটি মৌলিক বিতর্ক, যেখানে বিরোধী সাংসদেরাই অংশ নেন। পার্লামেন্ট অধিবেশন চলাকালে প্রতি বুধবার এটি অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে এটি শহরের সবচেয়ে ‘উৎকৃষ্ট শো’ হিসেবে বিবেচিত হতো। এখানে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক প্রশ্ন মোকাবিলা করার জন্য অল্প সময় পান।
বলা হয় যে ব্রিটেনে এই শোর আবেদন কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অসহিষ্ণু আচরণ, অযাচিত ভাষা প্রয়োগ এবং বাহাসের প্রতি তাঁর নির্লিপ্ততা। ওয়েস্টমিনস্টার পরিবারের অনেক দেশের প্রধানমন্ত্রীই হয়তো পাঞ্চ ও জুডি শোর ক্যারিকেচারে লিপ্ত রয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী ক্যামেরন ফ্রান্স সীমান্ত পেরিয়ে ব্রিটিশ ভূখণ্ডে অভিবাসীদের আগমনকে ব্যাখ্যা করেন নিম্নোক্তভাবে: ‘তোমরা (ব্রিটিশ) একঝাঁক মানব পালকে ভূমধ্যসাগর অতিক্রম করতে দেখতে পাচ্ছ; তারা উন্নত জীবন চায় আর সেটি হচ্ছে ব্রিটেনে।’ ক্যামেরনের এই বল্গাহীন উক্তিকে অনেকেই বর্ণবাদী বলে অভিহিত করেছেন। তিনি নিজ দেশের নাগরিকদের উদ্দেশ করে বলছেন না, তিনি বলছেন ভিনদেশের নাগরিকদের উদ্দেশে, যারা হলো রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও চাকরিপ্রত্যাশী। এরা তার কাছে অপর, একেবারেই আদি অপর।
অপর গুরুত্বপূর্ণ প্রবন্ধটি উপস্থাপিত হয়েছে ওয়েস্টমিনস্টার মডেল সম্পর্কে। ইউসিএলের সংবিধান ইউনিটের অধ্যাপক মেগ রাসেল ও তাঁর সহযোগী প্রত্যয়টির অর্থ ও সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তি দেখাচ্ছেন যে এই প্রত্যয়টি নিদারুণভাবে ধোঁয়াটে ও অস্পষ্ট। তাঁরা বলেন, ‘ওয়েস্টমিনস্টার প্রত্যয়টি আমাদের ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয়, পরে তুলনামূলক রাজনীতিতে বড় আকারের দ্যোতক হিসেবে আবির্ভূত হয়, যেখানে “ওয়েস্টমিনস্টার পরিবার” হিসেবে অন্য দেশসমূহকে অন্তর্ভুক্ত করে। অতিসম্প্রতি এই প্রত্যয়টি আদর্শ টাইপ হিসেবে “সংখ্যাগরিষ্ঠতার সরকার” হিসেবে বিবেচিত হতে থাকে।’ অথচ বেশির ভাগ দেশই ওয়েস্টমিনস্টার গণতন্ত্রের গুণাবলি ধারণ করে না বলে গবেষকেরা মনে করেন।
একাডেমিক ডেটাবেইসের প্রায় ২২৬টি পাঠ্যবইয়ে ওয়েস্টমিনস্টারের সংজ্ঞা বিশ্লেষণ করে গবেষকদ্বয় দেখান যে ওয়েস্টমিনস্টার প্রত্যয়টির সংজ্ঞা বিকৃত, খণ্ডিত এবং ক্ষেত্রবিশেষে বিরোধাত্মক। যেমন ওয়েস্টমিনস্টার মডেলের সর্বজনীন চিত্র নেই; কিছু কিছু গুণ যেমন, দ্বিদলীয় ব্যবস্থা, একক সংখ্যাগরিষ্ঠতার সরকার, আইনের শাসন, গুণগত রাজনৈতিক সংস্কৃতি—এগুলোর পারস্পরিক সহাবস্থানের দেখা মেলে না। একইভাবে সংসদীয় সার্বভৌমত্ব, নিরপেক্ষ সিভিল সার্ভিস, সুসংগঠিত দলীয় শৃঙ্খলা একরৈখিক এবং সমস্বত্বও নয়। ব্রিটিশ গবেষকেরা প্রত্যয়টিকে একক মডেল হিসেবে তাই বিবেচনা করতে রাজি নন। বরং তাঁরা প্রত্যয়টিকে ‘তালগোল পাকানো’ (মডেল) বলে অভিহিত করতে চান। সেই সুবাদে ওয়েস্টমিনস্টার প্রত্যয়টিকে অবসরে পাঠাতে চান এবং পরিত্যজ্যও ঘোষণা করতে চান।
অন্যদিকে খোদ যুক্তরাজ্যে ওয়েস্টমিনস্টার মডেল কার্যকর আছে কি না, সেটিও প্রশ্নাতীত নয় বলে অধ্যাপক মেগ ও তাঁর সহযোগী মনে করেন। যেমন: স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের কোয়াসি ফেডারেলের উপস্থিতি, হাউস অব লডসের আংশিক সংস্কার, ২০১০ সালের নির্বাচনে কোয়ালিশন সরকার নির্বাচিত হওয়ায় একক দলীয় সরকারের অবসান, যেটি কিনা ১৯৪৫–পরবর্তী সময়েও অক্ষত ছিল ইত্যাদি। এ ছাড়া সংবিধান পরিবর্তন ব্রিটেনকে ওয়েস্টমিনস্টার মডেল থেকে সরিয়ে নিয়ে অস্ট্রেলিয়া ও কানাডীয় সংসদীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে।
আবার কমনওয়েলথভুক্ত দেশগুলো সংকর মডেলের জন্ম দিয়েছে। ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার সঙ্গে ওয়াশিংটনের সরাসরি সিনেট নির্বাচন প্রথা যুক্ত করে অস্ট্রেলীয় ‘ওয়েস্টমিনস্টার’ প্রথা চালু করেছে। একই সঙ্গে প্রাচ্যে তথা ভারত ও শ্রীলঙ্কায় ‘ইস্টমিনস্টার’ প্রথা চালু রয়েছে। বলা হয়, এটি তাদের নিজস্ব ভূমিজাত ব্যবস্থা। তেমনিভাবে ক্যারিবীয় অঞ্চলেও কিম্ভূতকিমাকার ‘ওয়েস্টমিনস্টার’ ব্যবস্থা চালু রয়েছে।
যা হোক, কর্মশালায় বিতর্কসমূহ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই উপস্থাপিত হয়েছে। সাংসদদের আইন প্রণয়নের ভূমিকা ছাড়াও জবাবদিহির মাধ্যমে আমজনতার সঙ্গে স্থানিক পর্যায়ে নিরন্তর সম্পর্কিত থাকার বিষয়ে অংশগ্রহণকারীরা মত দেন। কর্মশালাটি আন্তপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ‘সংসদকে সহযোগিতা করার অভিন্ন নীতিমালাবিষয়ক প্রতিবেদন’কে গুরুত্ব দিয়ে শেষ হয়। বাংলাদেশ থেকে একজন সাংসদ ও একজন সংসদবিষয়ক কর্মকর্তার অংশগ্রহণের কথা থাকলেও তাঁরা উপস্থিত ছিলেন না। যুগপৎভাবে আইপিইউর সদস্য এবং ওয়েস্টমিনস্টার মডেলের অনুসারী দেশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদের এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ জরুরি বৈকি।
ড. জহির আহমেদ: অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং রিসার্চ ফেলো, সোয়াস, লন্ডন বিশ্ববিদ্যালয়।
[email protected]