দুই দ্বীপ উপজেলা কুতুবদিয়া আর মহেশখালী নিয়ে কক্সবাজার–২ আসন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে আব্দুর রাজ্জাকের বাকশাল প্রার্থী মো. ইসহাক বিএ জয়ী হয়েছিলেন। এরপর ২০০৮ পর্যন্ত সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হয় আরও তিনটি। ১৯৯৬ সালে সাধারণ নির্বাচনে বিএনপি ক্ষমতা হারালেও কুতুবদিয়া–মহেশখালীর এই আসনে বিএনপির প্রার্থী জিতে যায়।
২০০১ সালেও আসনটি বিএনপির হাতে থাকে তবে ২০০৮ সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বছরে এই আসনটির হাতবদল হয়। তবে আওয়ামী লীগ নয়, আসনটি পায় জামায়াত। সেবার আসন ভাগাভাগির নির্বাচনে এই আসনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। সে নির্বাচনে (২০০৮) আওয়ামী লীগের প্রার্থী আনসারুল করিম পেয়েছিলেন প্রায় ৮৭ হাজার ভোট, সেটা ছিল মোট কাস্টিং ভোটের প্রায় ৪৫ শতাংশ। এই আসনে এর আগে আওয়ামী লীগ কখনো এত ভোট পায়নি। এমনকি ১৯৯১ সালে বাকশালের মো. ইসহাক বিএ এই আসনে জিতলেও ভোট পেয়েছিলেন মাত্র ২৫ হাজার ৭২৭ অর্থাৎ কাস্টেট ভোটের ৩১ দশমিক ৪ শতাংশ। শতাংশের হিসাবে আনসারুল করিম অনান্য বছরের ভোটের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি ভোটার টানতে পেরেছিলেন। তাঁর সমর্থকেরা মনে করেন, পার্টি তাঁর পরিশ্রমের মূল্যায়ন করেনি।
২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে আওয়ামী লীগ এই আসনটি দেয় মহেশখালীর বাসিন্দা আশেক উল্লাহ রফিককে। আনসারুল করিমের আশা ছিল দল এবার তার দিকে ফিরে তাকাবে। সেটা হয়নি, বরং তিনি গণফোরামে যোগ দিয়ে মাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর দাবি, বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক কখনোই নৌকার পক্ষে ছিলেন না।
২০১৪ সালের আগে সব নির্বাচনে বিএনপির পক্ষে ছিলেন। ডিসেম্বরের ১১ তারিখে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওপর মহলে তাঁর অনেক গ্রহণযোগ্যতা আছে, তিনি স্থানীয় ষড়যন্ত্রের শিকার। বঞ্চিত নেতা–কর্মীদের পাশে দাঁড়ানোর জন্যই তিনি গণফ্রন্টের প্রার্থী হয়েছেন। তবে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হবেন না। আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ তাঁর পক্ষে আছেন। তাই জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। বিজয়ী হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দ্বীপবাসীর উন্নয়নে অবদান রাখবেন।
পেকুয়ার মগনামা ঘাট থেকে ডেনিশ বোটে (বড় জাহাজের বয়া নৌকা) কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে নেমে শেয়ারের ভ্যানে বসে পাশের আরোহী কৃষ্ণপদ জলদাসের কাছে জানতে বড় ইচ্ছা হয়, দ্বীপবাসীর উন্নয়নের মানে কী? ভোটের হালহকিকত কী? কত ভোটার আছেন জেলেপল্লিতে? তাঁদের অনুভূতি কী?
টেলিভিশন দেখেন, কিন্তু অনুভূতি ব্যাখ্যা করতে পারেন না এ কেমন কথা! ভ্যানে আরও আটজন লোক থাকলেও আমি কেন বোকা জাউলা কৃষ্ণপদকে বেছে নিলাম, সেটা অন্যদের পছন্দ হচ্ছিল না। বারবার থামিয়ে দিয়ে তাঁরা তাঁদের তফসিল শোনাতে চাচ্ছিলেন।
৯০০ খ্রিষ্টাব্দে জেগে ওঠা কুতুবদিয়া দ্বীপের অস্তিত্ব যেন দিন দিন দেশের মানচিত্র থেকে মুছে যাচ্ছে। ১৯৯১ সালের ৩১ বর্গমাইলের কুতুবদিয়া বর্তমানে ১৭ বর্গমাইলে এসে ঠেকেছে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের অসহায় মানুষ। সর্বশেষ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কুতুবদিয়ার ২০ কিলোমিটার বেড়িবাঁধ ধ্বংস হয়ে যায়। তাতে ২০ হাজার পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে যায়। কৃষিজমি, স্কুল, রাস্তাঘাটসহ সব ধরনের স্থাপনা এবং নিরাপদ পানির প্রাপ্যতা এখন হুমকির মুখে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া কুতুবদিয়ার সুরক্ষা সম্ভব নয়। খাজনার চেয়ে বাজনা বেশি মার্কা হওয়া বিদ্যুৎ (উইন্ড মিল) দেখতে পর্যটক মিলবে, কিন্তু বিদ্যুৎ মিলছে না। মেঘের পানি ও সূর্যের আলো ব্যবহারের জন্য সুষ্ঠু পরিকল্পনা দরকার। লবণচাষিরা লবণের দাম পাচ্ছেন না, তাঁরা ক্রমেই লবণ কারখানাগুলোর খেয়ালখুশির বন্দী শিকারে পরিণত হচ্ছে। দেশে লবণের মজুত থাকতে কেন লবণ আমদানির অনুমতি পেলেন লবণপতিরা? কোটিপতি, লাখোপতি, সেনাপতি ইত্যাদি শব্দ শুনলেও লবণপতি শব্দটি আগে শুনিনি।
৪০ ছুঁই ছুঁই কৃষ্ণপদ ১৯৯১ সালে ছিলেন ১০ বছরের বালক। তবে চেহারায় মনে হয় ৬০–৬৫। ১৯৯১ সালের সাইক্লোনে মা–বাবা আর দুই বোনকে হারিয়ে কাকি সাবিত্রীর কাছে বড় হয়েছেন। কাকি এখন চোখে দেখেন না। এই ভাদুরি পূর্ণিমাতেও তাঁদের ঘরে জল ঢুকেছে। আলি আকবর ডেল এখনো অরক্ষিত। কৃষ্ণপদ মনে করেন, আর্মি ছাড়া কাজ হবে না। না, কৃষ্ণপদ ভোটে আর্মি নামানোর কথা বলেননি। তাঁর চিন্তা বাঁধ, জোয়ারের পানি যেন ঘরে না ঢোকে। আমি চাপ দিই ভোটের বোতামে, কৃষ্ণের তাতে বড়ই বেতৃষ্ণা। তার একটাই প্রার্থনা, তাঁদের নিয়ে যেন কেউ টানাটানি না করে। শ্যাম রাখি না কুল রাখি, আমরা শান্তিকে রাখতে চাই। কৃষ্ণপদ যেন ক্ষণিকের জন্য বাউল হয়ে যান।
মাছ, মোমবাতি, নৌকা, আপেল, ধানের শীষ, হাতপাখা, চেয়ার, লাঙ্গল, কুলা মার্কা আর প্রার্থীর ছড়াছড়ি কেউ কি কৃষ্ণপদের মনের কথাটা শুনতে পাচ্ছে। ৩০ বছরে একটা শক্ত বাঁধ হয় না কেন?
কেন চল্লিশের কৃষ্ণপদকে দেখে বৃদ্ধ মনে হয়? কেন লবণকলের মালিকেরা কালে কালে লবণপতি হন? আর লবণচাষিরা ক্রীতদাস? শুঁটকি মাছ বাজার পায় না আর জোয়ারের পানিতে সয়লাব হয় জেলেপল্লি। কে কাকে সেই প্রশ্ন করবে? প্রশ্ন করার জবাবদিহির একটা ব্যবস্থা দেখতে চান সবাই।
অঙ্কের হিসাবে কুতুবদিয়া–মহেশখালীতে আওয়ামী বিরোধীরা জোট বাঁধলে তাঁদেরই জেতার সম্ভাবনা বেশি। এবার আওয়ামী বিরোধী জোট থেকে দুজন প্রার্থী। যেহেতু তাঁদের একজন এখনো বঙ্গবন্ধুর নামেই ভোট চাচ্ছেন, তাতেই ধাঁধা। তিনি কাদের ভোট কাটবেন? তবে পোস্টার মাইক গুনলে মনে হবে প্রার্থী বোধ হয় একজন আর মার্কাও একটাই।
পথ এখনো শেষ হয়নি।
গওহার নঈম ওয়ারা: শিক্ষক, গবেষক