কখন বাজবে বাবার বাঁশি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশির সুরের অপেক্ষায় রুমানা ও রবিন
বাঁশির সুরের অপেক্ষায় রুমানা ও রবিন

বুদ্ধি হওয়ার পর থেকে রুমানা শুধু বাবাকেই দেখেছে। তাই রান্নাও শিখেছে বাবার কাছ থেকেই। তবে কোনো দিন স্বাদ হয়, কোনো দিন হয় না। তা খেয়েই বাবা খুশি। মাটির চুলার ধোঁয়ায় চোখ কচলে রান্না করে সে। সঙ্গে ছোট ভাই রবিন। টুকটাক কাজ করে। কিন্তু সেসব কোনো কাজে আসে না। তবু বোনের পিছু ছাড়ে না। দুই ভাই-বোন মিলে রেঁধে-বেড়ে বাবার জন্য বসে থাকে। বাবা নূর ইসলাম একজন ফেরিওয়ালা। ফেরি করে গ্রামে গ্রামে পাঁপড় বিক্রি করেন। শিশুরাই তাঁর ক্রেতা। তাদের আকৃষ্ট করার জন্য তিনি পথে পথে বাঁশি বাজিয়ে ফেরেন। তাঁর দুই সন্তান রুমানা ও রবিন সারা দিন উত্কর্ণ হয়ে থাকে, কখন বাবার বাঁশি বাজবে। দূর থেকে বাঁশির শব্দ পেলেই ছুটে যায়। বাবা ছাড়া তাদের আর কেউ নেই যে!
রুমানার বয়স প্রায় ১২ বছর। ছোট ভাই রবিনের ৬। তাদের বাবার বয়স প্রায় ৩৫ বছর। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামে। বাড়িটাকে ঠিক বাড়ি বলা যায় না। গ্রামের মেহের আলী প্রামাণিকের পরিত্যক্ত জমিতে একটি খুপরিঘর। আর ঘরের দুয়ারে মসজিদের নলকূপ, পাশেই মাটির একটা চুলা। এ নিয়েই তাদের সংসার। আগে নূর ইসলামের বাড়ি ছিল কুষ্টিয়ার চিলমারীর চরে। নানা-নানির দেশে। বিয়ে করেছিলেন সেখানেই। আট বছর সংসার করেছেন। এর মধ্যে রুমানা ও রবিনের জন্ম হয়। এখন থেকে ছয় বছর আগের কথা। নূর ইসলাম দিনমজুরি করতেন। একদিন প্রায় দুই মণ ওজনের একটি বস্তা পড়ে তাঁর কোমরটা ভেঙে যায়। তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে যান। কিন্তু কোমার আর আগের মতো হয় না। ভারী কাজ করতে পারেন না। সংসারও ভালো চলে না। তখন রুমানার বয়স প্রায় ছয় বছর। আর রবিন দুধের শিশু। এ অবস্থায় তাঁর স্ত্রী সংসার ছেড়ে চলে যান।
অভিমানে নূর ইসলাম দুই শিশুসন্তানকে নিয়ে কুষ্টিয়া ছেড়ে বাবার দেশ রাজশাহীর চারঘাটের রায়পুরে চলে আসেন। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই খুপরিঘরটি খাড়া করেন। একসময় পাথরে পাঁচ কিল মারার মতো গতর ছিল তাঁর। সেই দিনমজুর নূর ইসলাম এখন ফেরিওয়ালা। তাঁর মনে হলো, ওজনে খুবই হালকা জিনিস হচ্ছে পাঁপড়। এই পাঁপড় নিয়েই তিনি রাস্তায় বের হবেন। হাতে একটা বাঁশি আর সাইকেলে পাঁপড়ের ঝুড়ি ঝুলিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। সেই থেকে তাঁর দিন যায় পথে পথে বাঁশি বাজিয়ে।
১০ সেপ্টেম্বর (শনিবার) তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঈদের প্রস্তুতি হিসেবে রুমানা মাটি দিয়ে ঘর লেপা-পোঁছার কাজ করছে। সারা গায়ে কাদা মেখে আছে। বাসায় মেহমান এসেছে দেখে কাদা নিয়েই দৌড় দিল পাশের বাড়িতে। দুখানা চেয়ার নিয়ে এল। ঘর লেপা-পোঁছা ছাড়া ঈদের আর কী প্রস্তুতি আছে, জানতে চাইলে রুমানা আর কথা বলে না। বাবা নূর ইসলাম বলেন, ‘ঈদের সময় সবাই বাড়িঘর গোছায়। আমাদের তো গোছানোর কিছু নাই। তাই মেয়ে ঘরটা লেপছে।’ লেপার পরে ঘরটা একটু নতুন মনে হয়। তা ছাড়া ঈদের জন্য আলাদা কোনো আয়োজন নাই। নূর ইসলাম প্রতিদিন সকাল আটটার দিকে বাড়ি থেকে বের হন। রাস্তায় বের হয়েই বাঁশিতে ফুঁ দেন। কেমন বাঁশি দেখতে চাইলে নূর ইসলাম ঝুড়ির ভেতর থেকে বাঁশিটা বের করে আনলেন। সম্পূর্ণ টিনের তৈরি চোঙার মতো লম্বা। মাথার দিকে খানিকটা ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। ঠিক তাঁর সংসারের মতোই। সাইকেলখানার অবস্থাও তথৈবচ।
নূর ইসলামের ব্যবসায়ের হিসাব নিয়ে দেখা গেল, সারা দিন পাঁপড় বেচে গড়ে তাঁর ১০০ টাকার মতো থাকে। এই দিয়েই সংসার চালাতে হয়। মেয়েটা স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। তিনজন মানুষের তিন বেলার খাবার তৈরি করতে হয়। এই রান্নাবাড়া, বাসন-কোসন ধোয়া-মাজা, ঘর-দুয়ার ঝাড়-ঝাঁটা দেওয়া—সব দায়িত্ব রুমানার। এত সব করেও মেয়েটা স্কুলে যায়, এ নিয়েই তার বাবা তৃপ্ত।
তাঁর কথায়, তাঁরা একবার রান্না করে দুবার খেতে চান, তা-ও যদি মেয়েটা পড়াশোনার দিকে মনোযোগ দেয়। ছেলেটা এবার স্কুলে যাওয়া শুরু করেছে; কিন্তু তাঁর আক্ষেপ, চকলেট কেনার পয়সা না পেলে ছেলেটা স্কুলে যেতে চায় না। যখন স্কুলে যাওয়ার বেলা হয়, তখন তিনি বাড়িতে থাকেন না। ওই সময় তাকে বুঝিয়ে বলার কেউ থাকে না। বোনটার কাছে পয়সার বায়না ধরে। নিজের কোনো আত্মীয়স্বজন আছে কি না, জানতে চাইলে নূর ইসলাম খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন। বললেন, ‘আমার এই দুইটা ছেলেমেয়ে ছাড়া আর কেউ নেই। সাইকেলখানা ছাড়া কোনো সম্পদও নেই।’
আবুল কালাম মুহম্মদ আজাদ: প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি।