কঙ্গোয় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। সংক্ষেপে ডিআরসি অথবা ডিআর কঙ্গো। রাজধানী কিনসাসা। ১৯৬০ সালে ডিআর কঙ্গো ৭৫ বছরের বেলজিয়াম উপনিবেশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ও উপনিবেশবিরোধী আন্দোলনের নেতা প্যাট্রিক লুমুম্বা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৬১ সালের জানুয়ারি মাসে কিংবদন্তি নেতা প্যাট্রিক লুমুম্বা বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন। ১৯৬৫ সালের নভেম্বর মাসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মবুতু নীরব সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেন এবং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা দেন। আশির দশকে কঙ্গোর অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে আসে। বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী দলের জন্ম হয়। ১৯৯৪ সালে রুয়ান্ডায় হুতু-তুতসি সাম্প্রদায়িক দাঙ্গার ফলে লাখ লাখ হুতু শরণার্থী কঙ্গোর পূর্বাঞ্চলে আশ্রয় নিলে ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। পরবর্তী কয়েক বছরে কঙ্গো দুবার যুদ্ধে জড়িয়ে পড়ে।যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ১৯৯৯ সালের জুলাই মাসে জাম্বিয়ার রাজধানী লুসাকায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ছয়টি দেশের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করা হয়। এই চুক্তি ‘লুসাকা শান্তিচুক্তি’ নামে পরিচিত। এই চুক্তির শর্তানুযায়ী, যুদ্ধবিরতির পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়। লুসাকা শান্তিচুক্তি অনুযায়ী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৩০ সেপ্টেম্বর ১৯৯৯ সালের রেজ্যুলশন ১২৭৯ মোতাবেক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা মনুক MONUC (United Nations Organization Mission in the Democratic Republic of Congo) গঠন করে। বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদলের সহযাত্রী হিসেবে কঙ্গো (মনুস্ক) গিয়েছিলাম ২০১২ সালের অক্টোবর মাসে। জাতিসংঘের ভাড়া করা বিমান ইউরোপা এয়ারলাইনসের বোয়িং ৭৬৭-এ বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর প্রায় ২০০ জন শান্তিরক্ষী সামরিক বাহিনীর সদস্যের সঙ্গী হন গণমাধ্যমের ছয় প্রতিনিধি। উগান্ডা ও কঙ্গোর সীমান্তে অবস্থিত উগান্ডার এনটেবি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমরা চলে আসি কঙ্গোর ইতুরি ব্রিগেড হেডকোয়ার্টারে। মনুস্কর ইতুরি ব্রিগেডে নিয়োজিত জাতিসংঘের পলিটিক্যাল অ্যাডভাইজার হেড অব অফিস ও অ্যাকটিং ডিরেক্টরের সঙ্গে আমাদের মিডিয়া প্রতিনিধিদল যখন সাক্ষাৎ করে, তখনই আমরা কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা শুনতে পাই। তিনি বলেন, ইতুরি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাব্বির-উল-করিমের নেতৃত্বে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সব অফিসার ও সেনা কঙ্গোর শান্তি রক্ষায় যে আত্মত্যাগ ও কঠোর পরিশ্রম করছেন, তা অতুলনীয়। তিনি কঙ্গোর বর্তমান সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কঙ্গোর বিভিন্ন অঞ্চলে এখনো যুদ্ধাবস্থা বিরাজ করছে। কঙ্গোর জাতীয় সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশি মিলিটারি কনটিনজেন্ট বুনিয়াসহ কঙ্গোর বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মনুস্কের সার্বিক নিয়ম ও পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রম পরিচালনা খুবই সন্তোষজনক। মিডিয়া টিমের এক সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জনগণ যে আত্মত্যাগের মাধ্যমে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল, সেই জনগণেরই একটি অংশ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে বাংলাদেশ সেনাবাহিনী (ব্যানব্যাট-১) ২০০৩ সালের ১৪ জুলাই থেকে ১৪ আগস্টের মধ্যে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ওরিয়েন্টাল প্রদেশের বৃহত্তম জেলা ইতুরির প্রধান শহর বুনিয়ার সার্বিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। এই জেলার সঙ্গে রয়েছে উগান্ডা, সুদান ও রুয়ান্ডার সীমান্ত। ৯ অক্টোবর, ২০১২ কঙ্গোর ওরিয়েন্টাল প্রদেশের ইতুরি ব্রিগেডের আওতাধীন বাংলাদেশ ব্যাটালিয়ন-১-এর কনটিনজেন্ট কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদের সঙ্গে আমাদের মিডিয়া টিমের সাক্ষাৎ ঘটে। সাক্ষাৎকালে কর্নেল ইফতেখার বলেন, মামপাশা ও ইতুরি অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচটি ক্যাম্পে অবস্থান করে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করাই এ কনটিনজেন্টের প্রতিটি শান্তিরক্ষীর মূল দায়িত্ব। এ ছাড়া জাতিসংঘ এবং তার অঙ্গসংগঠনগুলোর নিরাপত্তা বিধান তাদের দায়িত্বের অন্যতম অংশ। ব্যানব্যাট-১-এর অপারেশনাল কার্যক্রম ‘উইন হার্টেড মাইন্ড’-এর মাধ্যমে পরিচালিত হয়। বিগত এক বছর দায়িত্ব পালনকালে কঙ্গোর জাতীয় নির্বাচনসহ অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজে এ কনটিনজেন্টের প্রতিটি সদস্য অংশগ্রহণ করেন।কঙ্গোর শান্তিরক্ষা করতে গিয়ে যে ১১ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন, তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে ব্যানব্যাট-১-এর আঙিনায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। যার নাম ‘হিরোজ লিভ ফর এভার’। কর্নেল ইফতেখার বলেন, ব্যানব্যাট-১-এর শান্তিরক্ষীরা জাতিসংঘের আর্থিক সহায়তায় তাঁর আওতাধীন এলাকায় স্কুল নির্মাণ, স্কুলে আসবাব ও বই-খাতা প্রদান, চলাচলের সুবিধার জন্য রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণ ইত্যাদি বহুবিধ কাজ সম্পন্ন করে যাচ্ছেন। ওই দিন দুপুরের দিকে আমরা মিডিয়া টিমের সদস্যরা বুনিয়ায় অবস্থিত এনদ্রোমো ক্যাম্প থেকে সেনাবাহিনীর গাড়িবহরযোগে প্রায় ৩০ কিলোমিটার দূরে পাহাড়-জঙ্গলে ঘেরা বোগোড়ো আর্মি ক্যাম্পের উদ্দেশে যাত্রা করি। আমাদের উদ্দেশ্য ছিল, সেখানে বাংলাদেশি কনটিনজেন্ট পরিদর্শন ও তাদের কর্মতৎপরতা প্রত্যক্ষ করা। বোগোড়োতে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সাহসিকতা, একাগ্রতা ও দায়িত্ববোধ মিডিয়া টিমের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করে। কঙ্গোর স্থানীয় গ্রামপ্রধানদের সঙ্গে মিডিয়া টিম মতবিনিময় করে। মতবিনিময়কালে স্থানীয় গ্রামপ্রধানেরা বাংলাদেশি শান্তিরক্ষীদের ব্যবহার, আন্তরিকতা, সাহসিকতা ও দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। ফিরতি পথে মিডিয়া টিম বোগোড়ো আর্মি ক্যাম্প কর্তৃক নির্মিত মাইক্রো হেলথ সেন্টার পরিদর্শন করে। সেখানে চিকিৎসা নিতে আসা স্থানীয় কঙ্গোলিজ জনসাধারণের সঙ্গে মতবিনিময় করে। সেখানে অবস্থানরত ছোট শিশুরা মিডিয়া টিমের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তারা বাংলায় গান পরিবেশন করে এবং ‘বাংলাদেশ আমাদের বন্ধু’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। তাদের এই বাংলা গান মিডিয়া টিমের সদস্যদের অভিভূত করে। পরে আমরা দক্ষিণ কিভু প্রদেশের বুকাভুরে ব্যানইঞ্জিনিয়ার সদস্যদের কর্মতৎপরতা দেখার জন্য ক্যাম্প এরিয়ার মধ্যে তাঁদের নির্মিত স্বাস্থ্যসেবাকেন্দ্রে আসি। সেখানে বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা নিতে দেখি। বুনিয়া বিমানবন্দরে নিয়োজিত বাংলাদেশ এয়ার কনটিনজেন্ট সদস্যদের কার্যক্রম পরিদর্শনও আমাদের কর্মসূচির মধ্যে ছিল। যেখানে বাংলাদেশ বিমানবাহিনীর নারী কর্মকর্তা ফ্লাইং অফিসার মোনালিসা আমাদের ব্রিফ করেন। তিনি তাঁর রুমে বসে আবহাওয়া পরিস্থিতির খবরাখবর দেন। প্রত্যেক পাইলট বিমান নিয়ে আকাশে ওড়ার আগে অ্যারোনেট সেল থেকে আবহাওয়া সম্পর্কে ব্রিফ নিয়ে থাকেন। বিমানবাহিনীর আরও এক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কামাল বুনিয়া বিমানবন্দরে প্যাসেঞ্জার হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিং সম্পর্কে মিডিয়া টিমকে বিভিন্ন ধারণা দেন।পৃথিবীর অন্যান্য দেশের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা যে ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে জাতিসংঘের ছায়াতলে যুদ্ধমান অথবা জাতিগত বিবদমান দেশে শান্তিরক্ষায় অবদান রেখে চলেছেন, তা এককথায় অভূতপূর্ব ও নজিরবিহীন। বাংলাদেশের বর্তমান সরকার সেনা প্রেরণের মাধ্যমে বিশ্বশান্তি রক্ষার পাশাপাশি জনশক্তি রপ্তানি করেও সে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে। দেশ বৈদেশিক অর্থ উপার্জনের মাধ্যমে সমৃদ্ধিশালী হতে পারে। এস এম শামীম আলম: সহ-তথ্য অফিসার হিসেবে আইএসপিআরে কর্মরত।[email protected]