ফেসবুক তার ২৭০ কোটি ব্যবহারকারী নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে দাঁড়িয়ে আছে। ফলে কট্টর দক্ষিণপন্থী ইহুদিবাদী সংগঠনগুলো তাদের উদ্দেশ্য হাসিলের অস্ত্র হিসেবে এ প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাইবে—এটাই স্বাভাবিক।
উদাহরণস্বরূপ বলা যায়, বছর কয়েক আগে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলবিষয়ক মন্ত্রণালয় দেশটির আইডিসি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে এসিটি ডট আইএল নামের একটি অনলাইন কমিউনিটি প্রতিষ্ঠা করেছিল। এই কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিষয়ে ইতিবাচক জনমত জোরদার করতে তারা কাজ করবে। এ জন্য এসিটি ডট আইএল একটি বিশাল বাহিনী গড়ে তুলেছিল। তারা একটি অ্যাপ বানিয়ে তার মাধ্যমে ফেসবুকে ইসরায়েলের সমালোচনা করা পোস্টগুলো শনাক্ত করত এবং ওই সব পোস্টদাতার বিরুদ্ধে গণহারে রিপোর্ট করত। এতে পোস্টদাতার আইডি ব্লকড হয়ে যেত। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেল, ফেসবুকের কনটেন্টের মহাসমুদ্র থেকে ইসরায়েলবিরোধী কনটেন্ট বেছে বেছে বের করা এবং সেসব আইডির বিরুদ্ধে গণহারে রিপোর্ট করা অসম্ভব বিষয়।
এ কারণে কট্টর ইহুদিবাদী সংগঠনগুলো এখন ফেসবুক নিজেই যাতে তার প্রযুক্তি দিয়ে ইসরায়েলবিরোধী যেকোনো কনটেন্ট নিষিদ্ধ করে, সে জন্য তাকে চাপ দিচ্ছে। অর্থাৎ ইহুদিবাদী সংগঠনগুলোর রচিত সংজ্ঞায় যে যে কাজ ও আচরণ ইহুদিবিদ্বেষ হিসেবে বিবেচিত হয়, সেই সংজ্ঞাকে আদর্শ ধরে নিয়ে সেই সেই কনটেন্টকে ‘হেট স্পিচ’ বা ঘৃণা ছড়ানো কনটেন্ট হিসেবে চিহ্নিত করতে ফেসবুককে তারা চাপ দিচ্ছে। ফেসবুকের কাছে তাদের চাওয়া, ফেসবুক এমনভাবে তাদের অ্যালগরিদম ঠিক করে দিক যাতে যে কেউ ইসরায়েলের যেকোনো ধরনের সমালোচনা করে পোস্ট দিলে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
কট্টর ইহুদিবাদী ধনকুবের ও বিশ্বহিতৈষী অ্যাডাম মাইলস্টেইনের কাছ থেকে বিপুল অঙ্কের তহবিল পাওয়ার পর ইসরায়েল সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা স্টপঅ্যান্টিসেমিটিজম ডট ওআরজি নামক একটি ইসরায়েলপন্থী লবিয়িং গ্রুপ নতুন একটি প্রচার শুরু করেছে।
নিউজউইকে গত জুলাই মাসে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলবিষয়ক মন্ত্রী ওরিত ফারকাশ হাকোহেনের লেখা একটি উপসম্পাদকীয় ছাপা হয়। সেখানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক সব কোম্পানিকে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রান্স অ্যালায়েন্সের (ইহরা) ইহুদিবিদ্বেষ–সংক্রান্ত সংজ্ঞাটি অনুসরণ করে ইহুদিবিদ্বেষের সব ‘ভাইরাস’ উপড়ে ফেলতে বলেছেন।
এর কয়েক সপ্তাহ পর ৭ আগস্ট ইহুদিবাদী ১২০টি সংগঠনের একটি গ্রুপ ফেসবুকের পরিচালনা পর্ষদকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে ইহরার সংজ্ঞার ভিত্তিতে ফেসবুককে ঘৃণা ছড়ানো কনটেন্ট নির্ধারণ করতে আহ্বান জানানো হয়।
ইহরার এ সংজ্ঞা বিশ্বের ৩০টির বেশি দেশের দাপ্তরিক ক্ষেত্রে মেনে নেওয়া হয়েছে। এ সংজ্ঞা অনুযায়ী, ইসরায়েল বা যেকোনো ইহুদির বিরুদ্ধে জাতিগত পরিচয়ের ভিত্তিতে সমালোচনা করাকে ইহুদিবিদ্বেষ হিসেবে ধরা হয়, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিশ্বে সংখ্যালঘু ইহুদিদের সম–অধিকার নিশ্চিত করার জন্য এ সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। এমনকি ইহরার সংজ্ঞা অনুযায়ী, কেউ ফিলিস্তিনের পরাধীনতার বিরুদ্ধে কথা বললেও তা ইহুদিবিদ্বেষ বলে গণ্য হয়ে থাকে। নির্যাতিত, বঞ্চিত ও উপেক্ষিত যে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠায় এই আন্তর্জাতিক সংজ্ঞা নির্ধারণ করা হয়েছিল, সেই একই সংজ্ঞা আজ সাম্রাজ্যবাদবিরোধীদের দমন করার কাজে ব্যবহৃত হচ্ছে। সেই সংজ্ঞা এখন ইহুদিবাদের আধিপত্য প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হচ্ছে।
ইহুদি সংগঠনগুলোর গ্রুপের কাছ থেকে চিঠি পাওয়ার চার দিন পর ফেসবুকের প্রেসিডেন্ট ফর ইনটেগ্রিটি গাই রোজেন ঘোষণা করেন, ফেসবুক তার হেট স্পিচসংক্রান্ত নীতি নবায়ন করেছে এবং সেই নীতি অনুযায়ী, ‘ইহুদিরাই দুনিয়া চালাচ্ছে’ বা এ ধরনের বক্তব্যকে ঘৃণা ছড়ানো বক্তব্য হিসেবে গ্রহণ করে তা ফেসবুক থেকে অপসারণ করছে।
ফেসবুকের কনটেন্ট পলিসি–সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট মনিকা বিকার্ট স্বাক্ষরকারী সংগঠনগুলোর কাছে একটি চিঠি দিয়ে বলেছেন, ফেসবুক ইহরার সংজ্ঞার চেতনার সঙ্গে একমত এবং ফেসবুকের কাছে ‘ইহুদিরা সুরক্ষিত চরিত্র’ হিসেবে গণ্য হয়ে থাকেন।
তবে এখনো ফেসবুক ইহরার সংজ্ঞাকে গ্রহণ করার বিষয়ে রাজি হয়নি। হয়তো এর পেছনে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা কাজ করেছে। ফেসবুকের জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার স্টার্ন বলেছেন, ‘আমরা রাজনৈতিক মতামত বিনিময়ের ওপর গুরুত্ব দিয়ে থাকি। এ কারণে আমরা ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ সব দেশেরই সমালোচনাকে অনুমোদন দিয়ে থাকি।’
তবে কট্টর ইহুদিবাদী গ্রুপগুলোর কথা উপেক্ষা করে ফেসবুক প্রতিষ্ঠাতা এই ইহরার সংজ্ঞাকে কত দিন গ্রহণ না করে টিকে থাকতে পারবেন, সেটি চিন্তার বিষয়।
আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
নেভে গর্ডন : লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের অধ্যাপক