‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ আমাদের সদাশয় সরকারও কঠোর লকডাউন জারি করে প্রমাণ করেছে, আগেরগুলো লকডাউনই ছিল না। লকডাউন হলো স্থল, নৌ ও অন্তরিক্ষে সবকিছু বন্ধ থাকা। অস্ট্রেলিয়ায় মাত্র কয়েক শ মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর বহির্বিশ্বের সঙ্গে সব বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দিয়েছিল অনেক পশ্চিমা দেশও।
বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল একটি দেশে সে রকম পদক্ষেপ নেওয়া সম্ভব না হলেও লকডাউনের নামে আধেক খোলা, আধেক বন্ধ রাখার মহড়া থেকে দেশবাসী রেহাই চায়। বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারে তাদের ভালোর জন্য লকডাউন করা হচ্ছে, তাহলে তারা বিধিবিধান মানতে রাজি আছে। ১ জুলাই থেকে শুরু হওয়া সরকারের কঠোর লকডাউনের আজ তৃতীয় দিন। জরুরি সেবা এবং কিছু কিছু ব্যতিক্রম ছাড়া মানুষ ঘরেই থেকেছে। সরকারের বিধিনিষেধ মেনে নিয়েছে।
সরকার লকডাউনের বিষয়ে আগে থেকে কড়াকড়ি আরোপ করলে করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার কমানো যেত বলে বিশেষজ্ঞরা মনে করেন। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে যখন ভারতীয় ধরন ডেলটা ধরা পড়ল, তখন বিশেষজ্ঞরা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিলেন। সরকার ঘোষণাও দিল সীমান্ত বন্ধ থাকবে। কিন্তু সমস্যা হলো জীবনযাপনের অধিকাংশ ক্ষেত্রে পরনির্ভর এবং তৈরি পোশাকশিল্প ও প্রবাসী আয়নির্ভর একটি দেশের পক্ষে সীমান্ত বা আকাশপথ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।
প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জির পাঠানো খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যখন পাঁচজন রোগী মারা যান, তখন সেখানে অক্সিজেন সরবরাহে ঘাটতি ছিল। হাসপাতালের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দৈনিক হাসপাতালে ছয় হাজার লিটার অক্সিজেন প্রয়োজন। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা যায়, তাদের রিজার্ভে আছে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন। এরপর হাসপাতালের পক্ষ থেকে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের যশোর অফিসে যোগাযোগ করা হয়। তাঁরা দুপুরের মধ্যে অক্সিজেন যাবে বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু অক্সিজেন পাঠানো হয় রাত আটটার দিকে। আইসিইউ ও সিসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ রোগীদের হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হয়। কেন্দ্রীয় রিজার্ভের অক্সিজেন ফুরিয়ে গেলে সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা জানিয়েছে, ভারত থেকে অক্সিজেন আসতে দেরি হওয়ায় সময়মতো তারা সরবরাহ করতে পারেনি। রাত আটটার দিকে অক্সিজেন আসে। কিন্তু তার আগেই ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৫৫ মিনিটের মধ্যে ওই পাঁচ রোগী মারা যান।
কেবল অক্সিজেন নয়, আরও অনেক অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে আমরা ভারতের ওপর নির্ভরশীল। যেসব পণ্যে ভারতের ওপর নির্ভরশীল নই, সেসব পণ্যে চীন বা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল। এ নির্ভরশীলতা দিয়ে, কোনো মৌলিক শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা না করে আমরা উন্নত দেশের যে স্বপ্ন দেখছি, তা স্বপ্নটি থেকে যাবে। আমরা মিগ বা সাবমেরিন কিনতে যতটা উৎসাহী, অক্সিজেন উৎপাদনের কারখানা স্থাপনে ততটা নিরুৎসাহী। করোনার টিকা নিয়ে এখন হাহাকার। অথচ অন্যান্য যে টিকা কারখানা এখানে ছিল, তা বন্ধ করে দিয়েছি। বিদেশ থেকে আমদানি করলে কমিশন মেলে।
করোনার সংক্রমণ থেকে রেহাই পাওয়ার এখন পর্যন্ত প্রধান উপাদান হলো টিকা। কিন্তু এ টিকা নিয়ে যে বাংলাদেশ বড় সংকটে আছে, তা সরকারের নীতিনির্ধারকেরাও স্বীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তো একবার ক্ষোভের সঙ্গে বললেন, সবাই আশ্বাস দেয়, টিকা দেয় না। উন্নত দেশগুলোর কথা বাদ দিলাম, কিউবার মতো ভঙ্গুর অর্থনীতির দেশও যখন টিকা উৎপাদন করল, তখন আমরা সময়মতো উদ্যোগ নিলাম না কেন? এখন থেকে টিকা উৎপাদনের প্রক্রিয়া শুরু করলেও অনেক সময় লাগবে।
সরকারের মন্ত্রীরাও বলছেন, লকডাউন স্থায়ী সমাধান নয়। মাসের পর মাস সবকিছু বন্ধ থাকলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। জীবন কিংবা জীবিকার মধ্যে সমন্বয় দূরের কথা, অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। এ করোনার মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নিতে হবে। করোনার প্রথম ঢেউ ছিল প্রধানত শহরকেন্দ্রিক। অনেকে করোনা থেকে রক্ষা পেতে গ্রামে চলে গিয়েছিলেন। এবার শহর ও গ্রাম উভয় অঞ্চলে সমানভাবে সংক্রমিত। তাই মানুষকেও বুঝতে হবে, গ্রামে গেলেও ঝুঁকি কমবে না। বরং আসা-যাওয়ার পথে তারা বহু মানুষের সংস্পর্শে এলে সংক্রমিত হওয়ার ঝুঁকি আরও বাড়বে।
লকডাউনে কেমন আছে শহর ও গ্রামের মানুষ। গ্রামে যারা কৃষির ওপর নির্ভরশীল, তাদের হয়তো খাওয়া-পরার চিন্তা কম। কিন্তু জেলে, কামার, কুমার, তাঁতি সম্প্রদায়ের মানুষ নিরুপায়। আর শহরেও সব মানুষই তো মাস শেষে বেতন পান না। সব মানুষের ব্যবসা-বাণিজ্যও নেই যে এক-দুই সপ্তাহ ঘরে বন্দী থাকলেও তাঁরা চলতে পারবেন। দিন আনা দিন খাওয়া মানুষগুলো কীভাবে চলবেন? যাঁরা ফুটপাতে ছোট্ট দোকান সাজিয়ে বসতেন, যাঁরা রাস্তার মোড়ে কাজের জন্য সকালে টুকরি-হাতুড়ি, বাটালি নিয়ে অপেক্ষা করতেন, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তাঁরা কোথায় যাবেন? কী খাবেন?
সরকার লকডাউনের মধ্যে কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মালিকেরা শ্রমিকদের আনা-নেওয়ার ব্যবস্থা করেননি। এই যে গণপরিবহনের লাখ লাখ চালক-কর্মী দীর্ঘদিন অলস বসে থাকার পর গত ঈদের পর যানবাহন নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাঁরাও ফের বেকার হয়ে পড়লেন। একদিন গাড়ি বের না হলে মালিক মজুরি দেবেন না। একই কথা প্রযোজ্য নৌযানশ্রমিকদের বেলায়। করোনায় বেশির ভাগ খাবার দোকান বন্ধ হয়ে গেছে। অনানুষ্ঠানিক খাতেও লাখ লাখ শ্রমিক আছেন, যাঁদের নিয়োগপত্র নেই, বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড কিছুই নেই। মাস শেষে সামান্য মজুরির কটা টাকা পেতেন, তা-ও লকডাউনে বন্ধ। শুক্রবার ডেইলি স্টার-এ শেষ পাতার ছবিতে দেখা যায়, লকডাউনে রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ায় তিন রেস্তোরাঁকর্মী ঢাকা ত্যাগ করছেন রিকশাযোগে। অনিশ্চিত জীবন।
কেবল এই শ্রমিকেরা নন, করোনা লকডাউনে বড় বিপদে পড়েছেন নন-এমপিও শিক্ষকেরাও; যাঁদের কথা গতকাল প্রথম আলোয় কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক লিখেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধরনের শিক্ষক আছেন। যাঁরা ভাগ্যবান, তাঁরা সরকারি ভাতা পান, যা মূল বেতনের শতভাগ। কিন্তু যাঁরা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ফির ওপরই তাঁরা নির্ভর করেন। অনেক আগেই তাঁদের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে।
যশোর উপশহর মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তা পড়ে ক্ষমতাসীনদের মন না গললেও যেকোনো মানুষের চোখে পানি আসবে। অনার্স ও মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১৫ সাল থেকে কলেজটিতে কর্মরত আছেন তিনি। এমপিওভুক্ত না হওয়ায় কলেজ থেকে যে সামান্য বেতন পেতেন, তা-ও পাচ্ছেন না পাঁচ মাস ধরে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের চার সদস্য নিয়ে পড়েছেন চরম সংকটে। সামাজিক মর্যাদার কারণে এত দিন কারও কাছে সহায়তার জন্য হাত না পাতলেও এবার নিরুপায় হয়ে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকের আশ্রয় নিয়েছেন। এই শিক্ষকের অসহায়ত্বের খবরটি ঢাকার একটি অনলাইন পোর্টাল প্রকাশ করেছে। করোনা শরিফুল ইসলামের মতো কত হাজার হাজার শিক্ষককে, লাখ লাখ শ্রমজীবী মানুষকে চরম সংকটে ফেলেছে, সেই খবর কি সরকার রাখে? বাংলাদেশে এখন বৃহত্তর জনগোষ্ঠী বেকার কিংবা অর্ধ বেকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গবেষকদের কাছে নতুন দরিদ্রদের নাম-ঠিকানা চেয়েছেন। কিন্তু তিনি যদি একবার নিজের নির্বাচনী এলাকার নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আধপেটা খাওয়া শিক্ষক কিংবা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত শিক্ষকদের দিকে তাকাতেন, তাহলে নতুন গরিব হওয়া মানুষ দেখতে পেতেন। তাঁরা কেবল নতুন দরিদ্র নন, অনেকে অর্ধাহারে-অনাহারেও দিন কাটাচ্ছেন।
করোনা মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। লকডাউনে সেই কঠিন জীবন হয়েছে আরও কঠিনতর।
● সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি