কতিপয় আমলার লোভ ও আশ্রয়ণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গৃহহীন পরিবারগুলোকে সরকারি খাসজমিতে টিনের ছাউনি-পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিকে অনেকের কাছে ‘ঐতিহাসিক’ মনে হয়েছিল, কিন্তু এক বর্ষার বৃষ্টির আঘাতেই ঘরগুলো ভেঙে পড়তে শুরু করায় যে সত্যটা ফুটে উঠেছে, তা হলো দুর্নীতির সর্বগ্রাসী বিস্তারের প্রেক্ষাপটে আমলাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই নির্মাণযজ্ঞ যে মুখ থুবড়ে পড়বে, সেটা প্রধানমন্ত্রী অনুধাবন করতে পারেননি। সরকারি খাসজমিতে দুই শতক জায়গায় প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু মহাদুর্নীতিগ্রস্ত বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যবস্থাপনায় নির্মাণ-ঠিকাদারির বাস্তবতায় বরাদ্দ অর্থের সিংহভাগই যে স্রেফ লোপাট হয়ে যাবে, তা তো না বোঝার কিছু ছিল না।

এই পাকা ঘরগুলোর দেয়াল, পিলার বা মেঝেতে স্রেফ বালুর সঙ্গে নামকাওয়াস্তে সিমেন্ট দিয়ে পুঁজি-লুণ্ঠনের মহাযজ্ঞ চালানো হয়েছে, সেটারই অকাট্য প্রমাণ ফুটে উঠেছে ধসে পড়া ঘরের দেয়াল, পিলার ও মেঝেগুলোতে! টেলিভিশনে দেখা গেল হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে মেঝের ভাঙা অংশ উঠে আসছে, দেয়াল বা পিলার খসে পড়ছে। বালুর সঙ্গে যথাযথ অনুপাতের সিমেন্ট থাকলে এমন দশা হওয়া অসম্ভব! দেশের প্রান্তিক অবস্থানের গৃহহীন জনগোষ্ঠী দানের ঘরগুলোর জন্য প্রধানমন্ত্রীকে অজস্র শোকরিয়া জানিয়েছিল, সর্বনাশা দুর্নীতির তাণ্ডবে তাঁর সদিচ্ছা নস্যাৎ হতে দেখে তাঁরাও নিশ্চয়ই হতবাক!

‘দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স’ নীতি শুধুই কথায় পরিণত হওয়ায় এবং দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগের অভাব দেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতিকে গত এক যুগে এমন সর্বনাশা ও সর্বব্যাপ্ত স্তরে নিয়ে গেছে যে দেশের জনগণ এখন ‘মেগা প্রকল্প’সহ সব সরকারি প্রকল্পকেই দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের মহাযজ্ঞ হিসেবে বিবেচনা করছে। অতএব আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যে এক বর্ষার বৃষ্টিতেই হুড়মুড় করে ভেঙে পড়ছে, তাতে কারও অবাক হওয়ার কারণ নেই। বাংলাদেশের প্রতিটি সরকারি প্রকল্পের অবশ্যম্ভাবী নিয়তি হলো প্রাক্কলিত ব্যয় প্রকৃত ব্যয়ের চেয়ে অনেক বেশি নির্ধারণ সত্ত্বেও প্রকল্পের কাজ অহেতুক বিলম্বিত করে কয়েক দফায় প্রকল্পের ব্যয় বাড়িয়ে নেওয়া, যাতে আমলা, প্রকৌশলী, রাজনৈতিক নেতা-কর্মী এবং ঠিকাদারেরা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে প্রকল্প থেকে পুঁজি-লুণ্ঠনের মওকা পেতে পারেন। সে জন্যই এ দেশের প্রায় প্রতিটি সরকারি প্রকল্পের ব্যয় বিশ্বের উন্নত-উন্নয়নশীল নির্বিশেষে সব দেশের চেয়ে বেশি পড়ে যাওয়াই নিয়মে পরিণত হয়েছে।

‘দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স’ নীতি শুধুই কথায় পরিণত হওয়ায় এবং দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগের অভাব দেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতিকে গত এক যুগে এমন সর্বনাশা ও সর্বব্যাপ্ত স্তরে নিয়ে গেছে যে দেশের জনগণ এখন ‘মেগা প্রকল্প’সহ সব সরকারি প্রকল্পকেই দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের মহাযজ্ঞ হিসেবে বিবেচনা করছে।

আর ঠিকাদারদের প্রায় সবাই যেহেতু ক্ষমতাসীন দল বা জোটের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকাটাই এ দেশের নিয়ম, তাই ওপরে উল্লিখিত পুঁজি-লুণ্ঠনযজ্ঞের সবচেয়ে বড় ফায়দাভোগীও হয়তো রাজনৈতিক নেতা-কর্মীরাই। কিন্তু সব পর্যায়ের আমলাতন্ত্রও এর ভাগীদারে পরিণত হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত। ২০০১ সালে সরকারে ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগ, আর ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল বিএনপি-জামায়াত জোট। ২০০৭-২০০৮ সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবাজদের ‘প্রবল ঝাঁকি’ দেওয়ায় বাংলাদেশের ভাগ্যে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর না জুটলেও আমাদের অবস্থান এখনো দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে এবং বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১৫টি দেশের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

অথচ ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পালে প্রবল হাওয়া লেগেছে। দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ২০০৯-১০ অর্থবছর থেকে বাড়তে বাড়তে ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশে পৌঁছে গিয়েছিল। করোনাভাইরাস মহামারির তাণ্ডবে ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধির হার কমে গেলেও তা ৫ শতাংশের ওপরে রয়ে গেছে, যেটা অবশ্যই প্রশংসনীয়।

কিন্তু জিডিপির প্রবৃদ্ধির এই সাফল্যের সুফল যে সমাজের কয়েক হাজার ব্যবসায়ী-শিল্পপতি, রাজনৈতিক নেতা-কর্মী, দুর্নীতিবাজ আমলা এবং দুর্নীতিতে নিমজ্জমান সামরিক কর্মকর্তারাই একতরফা দখলে নিয়ে যাচ্ছেন, তারই অকাট্য প্রমাণ ফুটে উঠেছে ২০১৭ সালে বাংলাদেশ আরেকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জনের মাধ্যমে—ধনাঢ্য ব্যক্তি সৃষ্টির প্রতিযোগিতায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঁচ বছরে বার্ষিক ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘ওয়েলথ এক্স’-এর প্রতিবেদন ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট-২০১৮ মোতাবেক এই পাঁচ বছরে অতি ধনীদের সংখ্যা বৃদ্ধির দিক দিয়ে বড় অর্থনীতির দেশগুলোকে পেছনে ফেলে বিশ্বে ১ নম্বর স্থানটি দখল করেছে বাংলাদেশ।

ওই গবেষণা প্রতিবেদনে ৩০ মিলিয়ন বা ৩ কোটি ডলারের (প্রায় ২৫৫ কোটি টাকা) বেশি নিট সম্পদের অধিকারী ব্যক্তিদের ‘আলট্রা-হাই নেট-ওয়ার্থ’ ইনডিভিজু্যয়াল হিসেবে অভিহিত করে বলা হয়েছে বাংলাদেশে ধনকুবেরের সংখ্যা ২৫৫ জন। ধনাঢ্য ব্যক্তিরা এ দেশে যেভাবে নিজেদের আয় এবং ধনসম্পদ লুকোনোতে বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে থাকে, তাতে হয়তো দেশে ধনকুবেরের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। এটি বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক অর্জন। কারণ, ধনকুবেরদের সম্পদের প্রবল স্ফীতির অর্থই হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফলের সিংহভাগ দেশের ধনাঢ্যদের কাছে গিয়ে জমা হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ন্যায্য হিস্যা থেকে দেশের সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছেন ক্ষমতাসীন মহলের ভ্রান্ত নীতির কারণে।

এই ন্যক্কারজনক বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জনের পরও দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্বের টনক নড়ছে না। বেশ কয়েকজন ধনাঢ্য ব্যক্তির অতীতের কর্মকাণ্ডের মূল্যায়ন না করে বরং তাঁদের দেশের অর্থনীতি পরিচালনার প্রত্যক্ষ দায়িত্ব প্রদান করা হয়েছে ২০১৮ সালের নির্বাচনের পর গঠিত সরকারে। বর্তমান সরকারের আমলে ‘ক্রোনি ক্যাপিটালিজম’ আরও দৃঢ়ভাবে গেড়ে বসছে অর্থনীতি ও রাজনীতিতে। দেশের বর্তমান সাংসদদের ৬২ দশমিক ৭ শতাংশ ব্যবসায়ী, সরকারের মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ব্যবসায়ী।

সম্প্রতি বাংলাদেশ থেকে পুঁজি পাচার নিয়ে দেশের সংবাদমাধ্যমে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। কানাডার ‘বেগমপাড়া’ এবং মালয়েশিয়ার ‘সেকেন্ড হোম’ পুঁজি পাচারের প্রতীকী গন্তব্য হিসেবে প্রবলভাবে আলোচিত হলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, অন্যান্য ইউরোপীয় দেশ, দুবাই, সিঙ্গাপুর এবং ভারত প্রকৃতপক্ষে এ দেশের পুঁজি পাচারের সবচেয়ে বেশি সুফলভোগী। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিপ্লবের কল্যাণে পুঁজি পাচারকারীর নাম-ঠিকানা এবং হাঁড়ির খবর সংগ্রহ করা একেবারেই সহজ হয়ে যাওয়া সত্ত্বেও সরকারের সদিচ্ছা ও আগ্রহের অভাবে এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। অথচ নিচে উল্লেখিত প্রতিরোধ কার্যক্রমগুলো অবিলম্বে গ্রহণ করা উচিত বলে আমি মনে করি:

সম্প্রতি বাংলাদেশ থেকে পুঁজি পাচার নিয়ে দেশের সংবাদমাধ্যমে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। কানাডার ‘বেগমপাড়া’ এবং মালয়েশিয়ার ‘সেকেন্ড হোম’ পুঁজি পাচারের প্রতীকী গন্তব্য হিসেবে প্রবলভাবে আলোচিত হলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, অন্যান্য ইউরোপীয় দেশ, দুবাই, সিঙ্গাপুর এবং ভারত প্রকৃতপক্ষে এ দেশের পুঁজি পাচারের সবচেয়ে বেশি সুফলভোগী।

১. সরকারে চাকরিরত যেসব বেসামরিক ও সামরিক আমলার পরিবার দেশের অর্থ পাচার করে বিদেশে ঘরবাড়ি কিনে বসবাস করছে, তাঁদের চিহ্নিত করতে হবে। তাঁদের অবিলম্বে বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে অবসর-পরবর্তী সব আর্থিক সুযোগ-সুবিধা বাজেয়াপ্ত ও পেনশন বাতিল করতে হবে।

২. এসব কর্মকর্তার বিরুদ্ধে একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক মামলা করে প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের কারাদণ্ড নিশ্চিত করা এবং দেশে থাকা সম্পদ ক্রোক করতে হবে।

৩. যেসব ঋণখেলাপিকে তদন্তের মাধ্যমে পুঁজি পাচারকারী সাব্যস্ত করা যাবে, তাঁদের অবিলম্বে সব ব্যাংক থেকে ঋণ গ্রহণে অযোগ্য ঘোষণা করা এবং একটি ‘ঋণখেলাপি ট্রাইব্যুনাল’ গঠনের মাধ্যমে আপিল-সুবিধাহীন দ্রুত বিচার সম্পন্ন করা।

৪. কোনো ঋণখেলাপি ব্যাংকের মালিক কিংবা পরিচালক থাকলে অথবা তাঁরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পদে অধিষ্ঠিত থাকলে, তাঁদের ওই সব পদ থেকে অবিলম্বে অপসারণ করা।

৫. কোনো পুঁজি পাচারকারী ব্যবসায়ী-শিল্পপতিদের কোনো সংগঠনের নেতৃত্ব পদে থাকলে অথবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মী পুঁজি পাচারকারী সাব্যস্ত হলে ওই পদ থেকে তাঁকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে দুদকের মামলা করা।

সবশেষে সরকারপ্রধানের প্রতি অনুরোধ, দেশের অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিয়ে আপনি ইতিহাসে যে স্থান করে নিয়েছেন, সেটাকে ‘চিরস্থায়ী’ করতে হলে দুর্নীতির বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধযুদ্ধেও আপনাকে নেতৃত্ব দিতে হবে। আমার একান্ত কামনা, আপনি এ সুযোগ হারাবেন না।

● ড. মইনুল ইসলাম একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক