
গত বৃহস্পতিবার কলকাতার জনজীবন যখন ৪০ ডিগ্রি তাপমাত্রায় অতিষ্ঠ, তখন সেখানে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রীষ্মের আবহাওয়ার মতো ধীরে ধীরে গরম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিও। বহু বছর ধরেই সেখানকার রাজনীতিতে তিন ধারা ছিল—ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস। সম্প্রতি বিজেপিও আসর জমানোর চেষ্টা করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় গোর্খা গণমুক্তি মোর্চার সঙ্গে আঁতাত করে স্থানীয় নির্বাচনে ভালো ফল করেছে গেরুয়া বসনধারী এই দল। লোকসভা ও রাজ্য বিধানসভায় তাদের যথাক্রমে ২টি ও ৬টিআসন রয়েছে। অন্যদিকে গন্তব্যহীন কংগ্রেস কখনো বামফ্রন্টের সঙ্গে ঐক্য করে, কখনো আলাদাভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। চতুর্মুখ এই রাজনৈতিক সমীকরণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই অপ্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় মেয়াদে তাঁর আসন বেড়ে দাঁড়িয়েছে ২১১। মোট আসন ২৯৪।
মাত্র তিন দিন আগে বামফ্রন্টের ‘নবান্ন চলো’ কর্মসূচি শেষ হয় পুলিশের লাঠিপেটা, গ্রেপ্তার ও ব্যাপক হাঙ্গামার মধ্য দিয়ে। ক্ষমতা হারানোর পর এটা ছিল তাদের সবচেয়ে বড় শোডাউন। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার কর্মী-সমর্থক কর্মসূচিতে যোগ দেন। শিলিগুড়ি থেকে বাসে কলকাতায় আসার পথে চোখে পড়ে রাস্তার দুই পাশে বামফ্রন্টের ‘নবান্ন চলো’ কর্মসূচির লালরঙা অসংখ্য পোস্টার ও ফেস্টুন। তুলনায় বিজেপির কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। আনন্দবাজার পত্রিকা ঠাট্টা করে লিখেছে, শক্তি প্রদর্শনের প্রথম রাউন্ডের ফলাফল বাম-১, বিজেপি-০।
তবে বামফ্রন্টকে মোকাবিলায় পুলিশ যতটা মারমুখী ছিল, বিজেপির লালবাজার অভিযানে ততটা ছিল না। বরং বিজেপির নেতা-কর্মীদের জঙ্গিপনা ছিল চোখে পড়ার মতো। কাঁদানে গ্যাসের জবাবে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা মেরেছে, গাড়িতে আগুন দিয়েছে। ছবিতে দেখা যায়, কাঁদানে গ্যাসে আক্রান্ত সাংসদ রূপা গাঙ্গুলির সহায়তায় পানির বোতল এগিয়ে দিচ্ছে পুলিশ। বাংলাদেশের বাস্তবতায় এটি চিন্তাও করা যায় না।
বর্তমানে কেন্দ্রে যেমন বিজেপির বিকল্প শক্তি নেই, তেমনি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প হিসেবে কেউ নিজেকে দাঁড় করাতে পারেনি। বামফ্রন্ট ক্ষীয়মাণ, কংগ্রেস প্রায় চলনশক্তিহীন। এই সুযোগে বিজেপি সেখানে আধিপত্য বিস্তার করে আগামী নির্বাচনে জয়ী হতে চাইছে। উত্তর প্রদেশ ও আসামের পর ‘বঙ্গ বিজয়ই’ তাদের লক্ষ্য। আর মমতা এগোচ্ছেন সূচ্যগ্র মেদিনী ছেড়ে না দেওয়ার ধনুর্ভঙ্গ পণ নিয়ে।
রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল, মিছিল হোক আপত্তি নেই। কিন্তু কাউকে আইন ভাঙতে দেওয়া হবে না। আর বিজেপি নেতারা বলেছিলেন, যত বাধা আসুক, তাঁরা অভিযান সফল করবেনই। অভিযান সফল না বিফল, সেই রায় দেওয়ার সময় এখনো আসেনি। রাজ্য বিজেপি এখানেই থেমে থাকবে না। স্বস্তির দিক হলো, কলকাতায় এ ধরনের কর্মসূচি মানে ঢাকার মতো গোটা শহরকে অচল করে দেওয়া বা জনগণকে জিম্মি করা নয়। বৃহস্পতিবার সকালেই নির্দিষ্ট কয়েকটি রুটে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রবেশমুখে বসানো হয় দুই স্তরের ব্যারিকেড। প্রস্তুত ছিল নিচে জলকামান, ওপরে ড্রোনও। কিন্তু কলকাতার বাকি অংশের জনজীবন প্রায় স্বাভাবিক ছিল। পুলিশ ও রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি চলে। কখনো এ পক্ষ এগোয় তো ও পক্ষ পেছায়। অনেকটা মল্লযুদ্ধের মতো। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো প্রথমেই সর্বশক্তি নিয়ে বিরোধী নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে না।
ওই দিনই আরেকটি ঘটনা ঘটে। কলকাতায় রাজ্য পুলিশ ও বিজেপি নেতারা যখন সম্মুখসমরে অবতীর্ণ, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাসিমুখে বৈঠক করছিলেন। টিভির খবরে বারবার পাশাপাশি দুই চিত্রই দেখানো হচ্ছিল। একদিকে আগুন, ধস্তাধস্তি, আরেক দিকে কুশল বিনিময়। তৃণমূল কংগ্রেস মনে করে, পশ্চিমবঙ্গ সরকারকে বেকায়দায় ফেলতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অজনপ্রিয় করতেই কেন্দ্র দলীয় সাংসদদের বিরুদ্ধে একের পর এক মামলা ফাঁদছে। তাঁদের কারাগারে পাঠাচ্ছে।
এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার বৈঠক নিয়ে কলকাতার রাজনৈতিক মহলে বেশ জল্পনা চলছে। গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালেও তিনি সেখানে গিয়েছিলেন। দুই প্রধানমন্ত্রী তিস্তা চুক্তির বিষয়ে তাঁর সহায়তা চাইলে তিনি পাল্টা প্রস্তাব দেন, যা ঢাকা বা দিল্লি—কারও কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ভারতীয় সময় বেলা তিনটায় দিল্লিতে মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তখনো কলকাতা ছিল উত্তপ্ত। একদিকে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস, অন্যদিকে সরকারি গাড়িতে আক্রমণ, আগুন। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ফাটিয়েছে বলেও অভিযোগ রাজ্য সরকারের। বিজেপির পাল্টা অভিযোগ, পুলিশ হামলার অজুহাত দাঁড় করাতেই তৃতীয় কোনো পক্ষ দ্বারা এই অঘটন ঘটিয়েছে। তৃতীয় পক্ষ মানে সংখ্যালঘু মুসলমান, যারা মনে করেন, মমতার শাসনামলে নিরাপদে আছেন।
অনেকে প্রশ্ন করেছেন, বিজেপি নেতা-কর্মীরা যখন মমতার শাসনের অবসান চাইছেন, তখন বিজেপি সরকারপ্রধানের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন বসলেন? বসলেন এ কারণ যে রাজনীতিতে মত ও পথের যত ফারাকই থাক না কেন, একে অপরের সঙ্গে কথা বলতে হয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজতে হয়। কেবল ভারত নয়, সব গণতান্ত্রিক দেশেই এই রীতি চালু আছে। এমনকি একাত্তরে আমরা যাদের হার্মাদ বলে পরাজিত করেছি, সেই পাকিস্তানের নেতা-নেত্রীরাও সেটি মেনে চলেন। সম্ভবত বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম।
গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি ও আদর্শের ভিন্নতা থাকবে। সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বিরোধী দল রাস্তায় আন্দোলন করবে। আবার কেউ আইন ভাঙলে সরকার তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। তাই বলে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কথাবার্তা বন্ধ থাকবে কেন? গণতন্ত্র হলো আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে দেশ ও জনগণের জন্য যা কল্যাণকর মনে হবে, সে ব্যাপারে একটি ঐকমত্যে আসা। সব ক্ষেত্রে ঐকমত্য না হলে সংখ্যাগরিষ্ঠের মত মেনে নেওয়া। কিন্তু সরকার ও বিরোধী দল কিংবা রাজনৈতিক নেতা-নেত্রীদের মধ্য কথাবার্তা হবে না কেন?
কয়েক দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেত্রী সোনিয়ার সঙ্গে বসেছিলেন আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের একক প্রার্থী দেওয়া যায় কি না, সেই প্রশ্ন নিয়ে। এ নিয়ে দুই শিবিরেই কথাবার্তা চলছে। বিজেপি দ্বিতীয় মেয়াদে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে মেনে নিলে কিংবা নিরপেক্ষ কাউকে প্রার্থী করলে বিরোধী দলগুলো স্বাগত জানাবে। আর দলীয় কাউকে প্রার্থী করলে তারাও পাল্টা প্রার্থী দেবে, এ রকম ভাবনাই তাদের।
নির্বাচনের আগের ও পরের রাজনীতিও এক নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলে। কিন্তু নির্বাচনের পর কীভাবে দেশ পরিচালিত হবে, সেটাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। নির্বাচনের আগে বিজেপি নেতা নরেন্দ্র মোদি কংগ্রেস নেত্রী সোনিয়া ও রাহুলের নাম ধরে অনেক সমালোচনা করেছেন। কংগ্রেস সরকারের ব্যর্থতা তুলে ধরেছেন। কংগ্রেস মা ও ছেলের দল বলে উপহাস করেছেন। কিন্তু নির্বাচিত হয়ে তিনি কংগ্রেস নেত্রী ও রাহুল গান্ধীকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন বলে মনে পড়ে না।
কলকাতার রাজপথে যখন মমতা সরকারের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীরা জঙ্গি আন্দোলন করছেন, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠককে কীভাবে দেখছেন? এমন প্রশ্নের উত্তরে তৃণমূলের এক নেতা বললেন, সরকার ও দল এক নয়। আমরা বিজেপির নীতির সমালোচনা করি, গেরুয়া আদর্শের বিরোধিতা করি। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বসবেন না কেন? যত দিন তিনি (নরেন্দ্র মোদি) প্রধানমন্ত্রী পদে আছেন, তত দিন তাঁর কাছেই রাজ্যের ন্যায্য হিস্যার কথা বলতে হবে।
টিভিতে শুনলাম বিজেপির এক নেতাও প্রায় একই কথা বলছেন। দলের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে তাঁরা হরতাল না ডেকে আইনের আশ্রয় নিয়েছেন। বিজেপির ওই নেতা আরও বলেন, ‘আমরা দল হিসেবে পশ্চিমবঙ্গে মমতা সরকারের দমন-পীড়নের বিরোধিতা করছি। রাস্তায় আন্দোলন করছি। কিন্তু মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মানুষের স্বার্থের কথা বলেন, আমরা তার বিরোধিতা করব কেন? তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে নয়।’ এটা হলো যুক্তির কথা।
এই উদাহরণের পাশে বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা কী দেখতে পাই? দেখতে পাই, এখানে কেউ কারও সঙ্গে কথা বলেন না। এক দল আরেক দলকে শত্রু মনে করে। নেতা-নেত্রীরা সরকার ও দলের আলাদা অস্তিত্ব স্বীকার করেন না। বিরোধী দল রাস্তায় নামলে কিংবা প্রেস ব্রিফিং করে তাদের দাবি-দাওয়ার কথা জানালেও তাদের সঙ্গে আলোচনা করা যাবে না বলে ক্ষমতাসীনেরা হররোজ নসিহত করেন। আবার যে সরকারের কাছে বিরোধী দল সুষ্ঠু নির্বাচনের দাবিনামা পেশ করে, সেই সরকারকেই অবৈধ বলে আখ্যায়িত করে।
রাজনীতির এই দ্বিচারিতা কিংবা আকবর আলি খানের ভাষায় ‘ছলনাময়ী’ গণতন্ত্র আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]