কনোকোফিলিপসের জন্য গ্যাসের দাম বৃদ্ধি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাজ পাওয়ার জন্য নিজেদের সুবিধামতো তথ্য দেওয়া ও এক শর্তে চুক্তি করে পরে নানা কায়দায় তা বদল করে বাড়তি টাকাপয়সা নিয়ে যাওয়ার ইতিহাস বাংলাদেশের তেল-গ্যাস খাতে নতুন নয়। এই পুরোনো সমস্যাটি আবার নতুন করে তোলার কারণ মার্কিন তেল-গ্যাস কোম্পানি কনোকোফিলিপসের সাম্প্রতিক কিছু দাবি। গত জুন ও এই আগস্ট মাসে প্রথম আলোয় প্রকাশিত দুটি প্রতিবেদন বলছে, এই কোম্পানিটি গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে পাঁচ থেকে সাত টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়ার দাবি করেছে। তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে পিএসসির (২০০৮) আওতায় তারা এই ব্লক দুটি পেয়েছিল, সেখানে যে দামে সরকারের কাছে গ্যাস বিক্রি করার কথা, সেটা বাড়ানো। প্রতিবেদনে অবশ্য সরকারি সূত্র উল্লেখ করে বলা হয়েছে যে সরকার তাদের দাবি অনুযায়ী গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটি ‘না’ বাংলাদেশে ‘হ্যাঁ’ হতে কতক্ষণ! কারণ, প্রতিবেদনে সরকারের ভেতরের দুটি ধারার কথা বলা হয়েছে, একটি ধারা নাকি গ্যাসের দাম বাড়িয়ে কনোকোফিলিপসকে দিয়ে গ্যাস আবিষ্কারের চেষ্টার পক্ষে। সেই ভয় থেকেই এই লেখা।
গ্যাসের ঘাটতি, সামগ্রিকভাবে জ্বালানিসংকট ও গ্যাসের অব্যাহত চাহিদার মুখে পাঁচ থেকে সাত টিসিএফ গ্যাস পাওয়ার খবরের চেয়ে খুশির খবর আর কী হতে পারে! কিন্তু কনোকোফিলিপসের এই দাবি আসলে কতটা বিশ্বাসযোগ্য? ‘অনুসন্ধান কূপ খনন না করে এমন দাবির কোনো অর্থ হয় না’—এই মন্তব্য বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দীনের। তিনি জানালেন, এর বাইরে অন্য কোনো জরিপ বা সার্ভে করে গ্যাসের মজুত সম্পর্কে কিছুই বলা যায় না।
নিশ্চিত না হয়ে গ্যাসের মজুত সম্পর্কে কনোকোফিলিপসের এ ধরনের তথ্য দেওয়ার সঙ্গে সাঙ্গুর ঘটনাটির মিল পাওয়া যায়। সাঙ্গুর ক্ষেত্রেও বাস্তবের চেয়ে অনেক বেশি মজুত দেখানো হয়েছিল। শেল ওয়েল কোম্পানি যখন সাঙ্গুতে (শেল পরে কেয়ার্নের কাছে সাঙ্গুর দায়িত্ব হস্তান্তর করে চলে যায়) এক টিসিএফ গ্যাসের মজুত রয়েছে বলে দাবি করা শুরু করেছিল, তখন বাপেক্সের জিওলজিস্ট আবদুল মতিন বিভিন্ন সেমিনারে এই দাবির জোরালো বিরোধিতা করেছিলেন। কিন্তু এই বিরোধিতাকে তখন বিবেচনায় নেওয়া হয়নি। সাঙ্গুর ক্ষেত্রে মজুত বাড়িয়ে দেখানোর ফলে দৈনিক যে গ্যাস তোলার কথা (ডিসিকিউ), তার চেয়ে বেশি গ্যাস তোলার দাবি প্রতিষ্ঠা করা গেছে, ফলে নির্ধারিত সময়ের আগেই এর মজুত শেষ হয়ে কূপটি পরিত্যক্ত হয়েছে। সুনেত্র গ্যাসক্ষেত্রেও তিন টিসিএফ গ্যাসের মজুত আছে বলে ধারণা করা হয়েছিল। বাস্তবে সেখানে তোলার মতো কোনো গ্যাসই পাওয়া যায়নি। মগনামায় অনুসন্ধানের আগে কেয়ার্নের ধারণা ছিল, সেখানে সাঙ্গুর চেয়ে বেশি গ্যাসের মজুত রয়েছে এবং সেখানকার ভূতাত্ত্বিক কাঠামো এমন ছিল, যাতে সাঙ্গুর চেয়ে একে বেশি সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করাই ছিল স্বাভাবিক। এমনকি স্কটল্যান্ডে প্রতিষ্ঠানটির বোর্ড মিটিংয়েও শেয়ারহোল্ডারদের কাছে তখন মগনামায় ‘কয়েক টিসিএফ’ গ্যাসের সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু এসব সম্ভাবনার সবই পরে ভুল প্রমাণিত হয়েছে।
অনুসন্ধান কূপ খননের আগে কোনো গ্যাসক্ষেত্রে পাঁচ থেকে সাত টিসিএফ বা কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস মজুতের দাবির যে বিশ্বাসযোগ্যতা নেই তা পরিষ্কার। কনোকোফিলিপস গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে গ্যাস মজুতের যে দাবি করেছে, এর যেহেতু কোনো ভিত্তি নেই, তাই এটা বিবেচনায় নিয়ে পিএসসি সংশোধন বা গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি থাকতে পারে না। তবে গ্যাসের মজুত যা-ই থাক, একটি পিএসসির আওতায় চুক্তি করে তা সংশোধনের দাবিটিই অনৈতিক ও অগ্রহণযোগ্য। এ ধরনের কিছু করা হলে তা অবশ্যই একটি মন্দ নজির হিসেবে বিবেচিত হবে। বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে শেভরন এখন যে দামে সরকারের কাছে গ্যাস বিক্রি করছে, তারা যদি তখন এই উদাহরণ তুলে ধরে গ্যাসের দাম বাড়ানোর দাবি করে বসে!
গ্যাসের দাম বাড়ানোর পক্ষে কনোকোফিলিপস দুটি যুক্তি দিয়েছে। প্রথমত, গভীর সমুদ্রের যেখানে তারা গ্যাস পেয়েছে, তা খুব জটিল ভূতাত্ত্বিক কাঠামো। এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা ২০ শতাংশ এবং এর উত্তোলন ও সরবরাহ করা হবে ব্যয়সাপেক্ষ। তারা যে পিএসসি স্বাক্ষর করছে তাতে প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম নির্ধারিত আছে পাঁচ ডলার, এই দামে গ্যাস সরবরাহ করে তাদের পোষাবে না। দ্বিতীয়ত, এ অঞ্চলের অন্য দুটি দেশ ভারত ও মিয়ানমারের পিএসসিগুলোতে এই দাম আট থেকে ১০ ডলারের কাছাকাছি।
গ্যাসের দাম বাড়ানোর পক্ষে কনোকোফিলিপসের এই যুক্তি স্রেফ অগ্রহণযোগ্য। প্রথমত, ২০১২ সালের জুনে কনোকোফিলিপস যখন এই ব্লক দুটির জন্য পিএসসি স্বাক্ষর করে, এরপর এই বছর দুয়েকের মধ্যে গ্যাস অনুসন্ধান বা উত্তোলনের ক্ষেত্রে ব্যয়ের এমন কোনো বৃদ্ধি ঘটেনি, যাতে সামগ্রিকভাবে খরচ বেড়ে যেতে পারে। অনুসন্ধান রিগের ভাড়ার কথাই যদি ধরা হয়, তবে চুক্তি করার সময় আন্তর্জাতিক বাজারে যে দর ছিল তা থেকে এখন তা বাড়েনি। ১০ ও ১১ নম্বর ব্লকে (পানির গভীরতা চার হাজার ফুটের বেশি) অনুসন্ধান কূপ খনন করার জন্য তাদের যে রিগ ভাড়া করতে হবে, আন্তর্জাতিক বাজারে এর প্রতিদিনের ভাড়া গড়ে পাঁচ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এই দরেই গতকালও (২৩ আগস্ট) বিশ্বে ৮৩টি রিগ অনুসন্ধানকাজে লিপ্ত ছিল (সূত্র, রিগজোন)। ২০১২ সালে এ ধরনের একটি রিগের দৈনিক ভাড়া এর চেয়ে বেশি ছিল না। বড় শিল্প খাতে (যার মধ্যে জ্বালানি খাতও রয়েছে) আন্তর্জাতিক গ্রাহকদের সেবা প্রদানকারী যুক্তরাষ্ট্রের কলোরাডোভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএসের ওয়েবসাইটে ২০১১ সাল থেকে রিগের ভাড়ার যে তুলনামূলক চিত্র দেওয়া আছে, তাতে এটা পরিষ্কার যে সে সময়ের তুলনায় রিগের ভাড়া এখন বাড়েনি, বরং কিছুটা হলেও কমেছে। তবে এর চেয়েও বড় কথা হচ্ছে, গ্যাস অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সময়, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, নানা ঝুঁকি—এসব বিবেচনায় নিয়েই কনোকোফিলিপসের মতো একটি প্রতিষ্ঠানের চুক্তি করার কথা। তা না করে যদি প্রতিষ্ঠানটি চুক্তি করে থাকে তবে তো এর দক্ষতা নিয়েই প্রশ্ন তুলতে হয়!
দ্বিতীয়ত, মিয়ানমার বা ভারত বিদেশি তেল-গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে কী শর্তে চুক্তি করেছে বা তারা কত দামে কোম্পানিগুলোর কাছ থেকে গ্যাস কিনবে, তা দেখিয়ে পুরোনো চুক্তির গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি থাকতে পারে না। বাংলাদেশ সরকার যদি ভারত ও মিয়ানমারের সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিতে চায়, সে ক্ষেত্রে সামনে নতুন পিএসসি তৈরির সময় তা বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে সবচেয়ে বড় কথা, মিয়ানমারের বাস্তবতার সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে দেখলে চলবে না। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটি মাত্র বিদেশি কোম্পানিগুলোর কাছে উন্মুক্ত হতে শুরু করেছে। ফলে বিদেশি তেল-গ্যাস কোম্পানিকে আকৃষ্ট করার জন্য মিয়ানমার অনেক কিছুই করতে পারে। অন্যদিকে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বিদেশি তেল-গ্যাস কোম্পানিগুলো কাজ করছে। গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহের জন্য এখানকার যে অবকাঠামো, তার সঙ্গে মিয়ানমার তুলনীয় হতে পারে না। গ্যাসের চাহিদার বিষয়টিও বাংলাদেশে নিশ্চিত, গ্যাস তোলা মাত্রই তা বিক্রির নিশ্চিত বাজার রয়েছে এখানে।
এবার আসি ভারত প্রসঙ্গে। ভারতে গ্যাসের বেশি দামের যে কথা বলা হচ্ছে, তা আসলে ২০১৩ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান সি. রঙ্গরাজনের নেতৃত্বে গঠিত একটি কমিটির সুপারিশের সূত্রে। ওই কমিটি গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর যে প্রস্তাব করেছিল, তা বর্তমান মোদি সরকার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে (সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ২৪ জুলাই)। ফলে আগের দামই এখনো কার্যকর রয়েছে। পিএসসি অনুযায়ী ভারতে বর্তমান গ্যাসের দাম ইউনিট প্রতি ক্ষেত্রভেদে ২ দশমিক ৬ ডলার থেকে ৬ দশমিক ৭ ডলার। এরই মধ্যে মোদি সরকার একটি নতুন কমিটি করেছে এবং এই কমিটি আগামী ৩১ অক্টোবরের মধ্যে নতুন প্রতিবেদন দেবে। তাদের সুপারিশ করা গ্যাসের দাম ৫ দশমিক ৬ ডলার থেকে ৬ দশমিক ৭ ডলারের মধ্যে থাকতে পারে বলে জানা গেছে।
কনোকোফিলিপসের জন্য গ্যাসের দাম বাড়ানোর চিন্তা যদি সরকারের কোনো অংশ বা কারও মাথায় এখনো থেকে থাকে, তবে তা এখনই ঝেেড় ফেলা দরকার।

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]