কন্যাশিশু দিবস ও আমাদের মেয়েরা
গত ২৯ সেপ্টেম্বর শিশু অধিকার সপ্তাহের সূচনা হয়। ৩০ সেপ্টেম্বর পালিত হয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। শিশু অধিকার সপ্তাহ ও কন্যাশিশু দিবসের উদ্দেশ্য হলো, শিশুদের ব্যাপারে যেন আমরা যত্নবান হই, তারা যেন কোনো বঞ্চনা বা অবহেলার শিকার না হয়, সে জন্য সবাইকে সচেতন করা। লিঙ্গবৈষম্য রোধে ২০০০ সাল থেকে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। তারপর থেকে প্রতিবছরই কন্যাশিশু দিবস পালিত হয়ে আসছে। কিন্তু যে লক্ষ্য বা উদ্দেশ্যে দিবসটি পালিত হয়, সেই উদ্দেশ্য কি আদৌ পূরণ হচ্ছে? আসলেই কেমন আছে আমাদের কন্যাশিশুরা?
চাঁদপুরের আট বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে তার দরিদ্র বাবা-মা এক বছর আগে গাজীপুরের জয়দেবপুরের একটি বাড়িতে কাজ করতে পাঠান। কিন্তু গৃহকর্তা ও গৃহকর্ত্রীর অকথ্য নির্যাতনে জান্নাত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই জান্নাতুল ফেরদৌসের ওপর শুরু হয় নির্যাতন। বাসার কাজে সামান্য ত্রুটি হলেই নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন জান্নাতের গৃহকর্ত্রী ও গৃহকর্তা। তার পুরো শরীর ইলেকট্রিক তার দিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করেছেন তাঁরা। গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দিয়েছেন মাথার বিভিন্ন জায়গায়। ওই বাড়িতে জান্নাত সারা দিনে মাত্র একবার খাবার পেয়েছে। আর তাকে শুতে হয়েছে বাথরুমে।
গৃহকর্ত্রীর অনুমতি না নিয়ে বিস্কুট খেয়েছিল ১০ বছরের গৃহকর্মী সুখী। এ অপরাধে গৃহকর্তা ও তাঁর স্ত্রী মিলে সুখীকে শুধু মারধর করেই ক্ষান্ত হননি, তার মাথা দেয়ালের সঙ্গে বারবার ঠুকিয়ে মারাত্মকভাবে জখম করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুখী। ২০১২ সালে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় এ নির্মম ঘটনাটি ঘটে।
আট মাসের কন্যাশিশুকে পাশের বাসায় রেখে কাজে গিয়েছিলেন বাবা-মা। ঘণ্টা খানেক পরে তাঁরা জানতে পারেন তাঁর মেয়ের অবস্থা মুমূর্ষু। তাকে ধর্ষণ করা হয়েছে। মাস খানেক আগে গাজীপুরে এ ঘটনা ঘটেছে। বগুড়ার শেরপুর গত শুক্রবার তিন বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। খালি বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এই ধর্ষণকারীরা কেউ নাবালক বা কিশোর নন। তাঁরা পূর্ণবয়স্ক ব্যক্তি।
গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত তিন বছরের নিচে কমপক্ষে ২৪টি শিশু ধর্ষণের শিকার হয়। গত দেড় বছরে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, নওগাঁ, নাটোর, বগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশালে এই দুগ্ধপোষ্য শিশুরা ধর্ষণের শিকার হয়েছে।
মেয়েশিশুদের দুর্ভোগের এখানেই শেষ নয়। আমাদের দেশের মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। দেশের ৬৬ শতাংশ মেয়েরই বিয়ে হচ্ছে অল্প বয়সে। আমাদের দেশে যত শিশু অপুষ্টিতে ভোগে, তার বেশির ভাগই মেয়ে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এক থেকে চার বছরের শিশুদের ক্ষেত্রে ছেলেশিশুদের চেয়ে ৫০ শতাংশ বেশি মেয়েশিশু পুষ্টিহীনতায় ভোগে। পাঁচ বছরের কম বয়সী মেয়েরা ছেলেদের চেয়ে ১১ শতাংশ কম ক্যালরিযুক্ত খাদ্য পায়।
এই হচ্ছে আমাদের দেশের কন্যাশিশুদের অবস্থা। ভাবা যায়? হয়তো যায়। কেমন যেন গা-সওয়া হয়ে গেছে কন্যাশিশুদের ওপর এসব নিগ্রহের বিষয়। আমাদের দেশে মনে হয় সবই সম্ভব। কেমন করে বাঁচবে এখানে শিশুরা?
সময় হয়েছে কন্যাশিশুদের ওপর এসব বর্বর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সে জন্য শুধু রাষ্ট্র বা সরকার নয়, সচেতন হতে হবে গোটা সমাজকে। শুধু দিবস পালনের মধ্যে কার্যক্রম সীমিত রাখলে চলবে না, কন্যাশিশুদের কল্যাণে বাস্তবসম্মত কাজ করতে হবে। দিবসের মর্মটিকে সবার মনের গভীরে কীভাবে পৌঁছে দিতে পারি, তা নিয়ে ভাবা ও কাজ করার সময় এসেছে।
রোকেয়া রহমান: সাংবাদিক