৯ ডিসেম্বর, ১৯৭১। খুলনার পাইকগাছার কপিলমুনির দুর্ভেদ্য রাজাকার ক্যাম্পের পতন। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত সাঁড়াশি আক্রমণে খুলনা বিভাগের সবচেয়ে বড় রাজাকার ঘাঁটির পতন ঘটে। এ অঞ্চলের মুক্তিযোদ্ধা (এফএফ), বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ), মুজিব বাহিনী ও নৌ-কমান্ডোর যৌথ নেতৃত্বে খুলনা অঞ্চলের প্রায় চার হাজার দামাল ছেলে তিন রাত তিন দিন টানা যুদ্ধ করে এই দুর্গের পতন ঘটান। যুদ্ধে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (২১) ও আনসার আলী (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন খালেক, বড় খোকা, রুহুল আমিন, শহিদুল ইসলাম, তোরাব আলীসহ ১৬ জন মুক্তিযোদ্ধা। এই যুদ্ধে রাজাকার ক্যাম্পের রাজাকারদেরও ভয়াবহ পরিণতি ঘটে। মুক্তিযোদ্ধাদের আক্রমণ শুরু হয় ৭ ডিসেম্বর ভোররাত থেকে।খুলনার পাইকগাছা উপজেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র কপিলমুনি বাজার। এই বাজারেই ধনাঢ্য ব্যবসায়ী রায় সাহেব বিনোদবিহারী সাধুর ১৫-১৬ বিঘা নিয়ে চারদিকে প্রাচীরঘেরা দোতলা বিশাল অট্টালিকা। এই অট্টালিকায় স্বাধীনতাবিরোধীরা গড়ে তোলে খুলনা অঞ্চলের সবচেয়ে বৃহৎ রাজাকার ক্যাম্প। রাজাকাররা এই ক্যাম্পকে দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে গড়ে তোলে। খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রাজাকার, আলবদরদের প্রশিক্ষণ দেওয়া হতো এই ক্যাম্পে। পরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। এই ক্যাম্পের রাজাকাররা খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে বাঙালি হত্যা, নারী নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো অপকর্ম করেছে। তাদের অত্যাচার-নির্যাতনে ও ভয়ভীতির কারণে বহু মানুষকে এলাকাছাড়া হতে হয়েছে।বাংলাদেশ নৌ-কমান্ডের প্রধান গাজী রহমতউল্লাহর নেতৃত্বে এই যুদ্ধে অংশ নেন স ম আলাউদ্দিন (পরে ঘাতকের হাতে নিহত), শেখ ইউনুস আলী, প্রকৌশলী মুজিবুর রহমান (যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি), মোড়ল আবদুস সালাম, আবুল কালাম আজাদ, গাজী রফিক, কমান্ডার মানিক, শেখ আবদুল কাইয়ুম, স ম বাবর আলী ও কুটু। তাঁদের সম্মিলিত নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে খুলনা বিভাগের সবচেয়ে বড় রাজাকার দুর্গের পতন ঘটান।নৌ-কমান্ডের প্রধান গাজী রহমতউল্লাহ সেই ভয়াবহ যুদ্ধের স্মৃতি স্মরণ করে বলেন, রাজাকাররা কপিলমুনির বিনোদ সাধুর বাড়িতে দুর্ভেদ্য ঘাঁটি গড়ে তোলে। গড়ে তোলে বিপুল অস্ত্র ও গোলাবারুদের মজুদ। এই ক্যাম্পেই দেশের বিভিন্ন অঞ্চলের রাজাকারদের প্রশিক্ষণ দেওয়া হতো। ক্যাম্পের রাজাকাররা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়ে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করত। তারা প্রতিদিনই এলাকার মানুষকে ধরে নিয়ে নির্যাতন চালাত। তারা বহু মানুষকে হত্যা করে। বিভিন্ন এলাকা থেকে নারীদের ক্যাম্পে ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে। তাদের ভয়ে পাইকগাছা, কয়রা, তালা ও সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকার বহু মানুষ বাড়িছাড়া হয়। তাদের অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়ার কারণে সাধারণ মানুষ বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় খুলনা অঞ্চলের মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন রাজাকারদের এই দুর্ভেদ্য ঘাঁটির পতন ঘটানোর। সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের ৬ তারিখ দিবাগত ভোররাতে রাজাকার ঘাঁটিতে ভারী গোলাবর্ষণের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা এবং এর পরপরই তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ শুরু করা হয়।কপিলমুনি বাজার ঘাঁটি পতনের পর রাজাকারদের নির্যাতনের বর্ণনা দেন এই যুদ্ধের অন্যতম নেতা মোড়ল আবদুস সালাম ও শেখ আবদুল কাইয়ুম। তাঁরা জানান, মুক্তিযোদ্ধাদের সম্মিলিত সাঁড়াশি আক্রমণের একপর্যায়ে দুর্ভেদ্য রাজাকার ক্যাম্পের পতন ঘটে। রাজাকাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ক্যাম্পের ভেতর থেকে পাঁচ-ছয়জন নারীকে উদ্ধার করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। ক্যাম্পের একটি ঘরের দেয়ালে পেরেক ঠুকে ঝোলানো একজনের ক্ষতবিক্ষত লাশ মুক্তিযোদ্ধারা উদ্ধার করেন। সেই লাশ কার, তা চেনার কোনো উপায় ছিল না। তাঁর সারা গায়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে লবণ দিয়ে রাখা ছিল। এসব রাজাকারের প্রতি সেদিন যে ঘৃণা প্রদর্শন করা হয়েছিল, আজো মানুষ তাদের একইভাবে ঘৃণা করে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তাদের প্রতি দেশবাসীর এমন মনোভাব জারি থাকবে। যারা নিজ জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাদের এমনই প্রাপ্য।