
চীনের কমিউনিস্ট পার্টি পৃথিবীর সবচেয়ে বড় দল, যারা ক্ষমতায়ও আছে সবচেয়ে বেশি সময় ধরে। দলটির সদস্যসংখ্যা নয় কোটি, যেখানে অনেক দেশে এত মানুষই নেই। এখন পর্যন্ত তারা দ্রুত সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ঝাপটা মোকাবিলা করতে পেরেছে। বিশেষত, সোভিয়েত ইউনিয়নের পতনের প্রভাবও তারা মোকাবিলা করতে পেরেছে। বস্তুত, চীনা কমিউনিস্ট পার্টি তার প্রভাব আরও জোরদার ও কেন্দ্রীভূত করতে পেরেছে। সে কারণে তাদের কংগ্রেস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সমতুল্য।
ইতিমধ্যে সি চিন পিং আবারও দলের সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট হয়েছেন। বলা হচ্ছে, দেং জিয়াও পিংয়ের পর তিনিই চীনের সবচেয়ে শক্তিশালী নেতা। কিন্তু দেংয়ের সঙ্গে তাঁর কিছু মৌলিক পার্থক্য আছে। দেং কখনোই আনুষ্ঠানিকভাবে দল বা সরকারি যন্ত্রের প্রধান ছিলেন না। তিনি অনানুষ্ঠানিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং পর্দার পেছন থেকে শাসন করতেন। তিনি কদাচিৎ আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিতেন। আর সি চিন পিং সবকিছুরই চেয়ারম্যান, প্রতিটি খুঁটিনাটি বিষয় তাঁর নখদর্পণে থাকে।
সি চিন পিং যখন ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন, তখন চীন এক গভীর রাজনৈতিক সংকটে ছিল। বো সিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দলীয় নেতারা ক্যারিয়ারের স্বার্থে জনতুষ্টিবাদী প্রচারণা চালাচ্ছিলেন। যার পেছনে ছিলেন নিরাপত্তা বাহিনী ও দলের স্থায়ী কমিটির সদস্য চৌ ইয়ংকং। অন্যদিকে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা এমনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েন যে তাঁরা পদ কেনাবেচা পর্যন্ত শুরু করে দিয়েছিলেন। হু জিনতাও ও জিয়াং জেমিনের মতো সাবেক দলীয় নেতারা বিপদটা বুঝতে পেরে সি চিন পিংকে দল ও সামরিক ক্ষমতাকাঠামোকে পরিষ্কার করার সবুজসংকেত দেন।
সি এটা ব্যবহার করে ব্যাপক দুর্নীতিবিরোধী প্রচারণা শুরু করেন। এই প্রক্রিয়ায় তিনি কয়েক হাজার সিসিপি সদস্য ও দুই শতাধিক মন্ত্রী পর্যায়ের লোককে দল থেকে বিতাড়ন করে। তবে তিনি যে সংখ্যার চেয়ে মানের ওপর গুরুত্ব দিয়েছেন, সেই প্রচারণা কিন্তু অতটা পরিচিতি পায়নি। ফলে দলের সদস্যসংখ্যা বাড়ার হার কমে গেছে। দলভুক্তিকরণ ও সদস্যদের প্রশিক্ষণের নতুন ও কঠোর নিয়ম বাস্তবায়ন করা হয়, যার মধ্যে দলীয় সদস্যদের অবনমন ও শৃঙ্খলায় নিয়ে আসার নতুন বিধিও আছে।
দলীয় নেতৃত্বের কেন্দ্রীভূতকরণে সি নেতৃত্ব দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সব সংগঠন, স্তর ও সংস্থায় দলের উপস্থিতি থাকতে হবে। এমনকি বিদেশি ও ব্যক্তিগত মালিকানার প্রতিষ্ঠানেও দলীয় কমিটি থাকতে হবে। প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ বিষয়েই এই কমিটির সঙ্গে পরামর্শ করতে হবে। অন্যদিকে তিনি দল, রাষ্ট্র ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিন্ন নেতৃত্বের ওপর জোর দিচ্ছেন, যাতে একটি প্রদেশের দলীয় সম্পাদক ও স্থানীয় কংগ্রেসের চেয়ারম্যান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাজ করতে পারেন। এ ক্ষেত্রেও সি চিন পিং দেং জিয়াও পিংয়ের চেয়ে আলাদা, যিনি দল ও সরকারের মধ্যে বিভাজন চেয়েছিলেন।
এর আগে ২০১৩ সালের এক গুরুত্বপূর্ণ নথিতে সি চিন পিং বলেছিলেন, তিনি বাজার সংস্কারের পক্ষপাতী। ভবিষ্যতে বাজার শুধু মৌলিক ভূমিকায় থাকবে না, বরং তাকে ‘নির্ধারকের’ ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া আরও বলা হয়েছে, সরকারি খাত ও রাষ্ট্রকে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তখন থেকে রাষ্ট্রীয় মালিকানার বিষয়টি আরও শক্তিশালী হয়েছে। সংস্কার প্রস্তাবে বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে যে রকম ছোট ছোট ভাগে বিভক্ত করার প্রস্তাব ছিল, সেটা বাস্তবায়িত হয়নি।
অনেক জ্ঞানী মানুষ আজকের চীনে বেসরকারি খাতের প্রভাবের কথা বলেন। তা সত্ত্বেও অর্থনীতির কৌশলগত খাত এখনো বড় বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। শেয়ার মালিকানা ও অন্যান্য কায়দা–কানুনের মাধ্যমে তারা এখনো অনেক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে, যেগুলো একসময় বেসরকারি মালিকানায় ছিল।
সির নেতৃত্বে চীন পুঁজিবাদী হয়ে যায়নি। বাজারের মতো পুঁজিবাদী অর্থনৈতিক ধরন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে উৎপাদিকা শক্তির বিকাশের মাধ্যমে আরও সমৃদ্ধিশালী সমাজ নির্মাণের লক্ষ্যে এটি করা হয়েছে, যেটা সমাজতান্ত্রিক রূপান্তরের ভিত্তি। এটা এখনো সিসিপি নেতৃত্বের চূড়ান্ত লক্ষ্য। পশ্চিমা পর্যবেক্ষকেরা বলে থাকেন, চীনা নেতারা শুধু মুখে মুখে এই লক্ষ্যের কথা বলে আসছেন, যাঁরা মূলত পুঁজিবাদের ছদ্মবেশী অনুসারী। বরং তাঁরা এক প্রভাবশালী আদর্শিক ব্যবস্থার অংশ, যেটা সম্প্রতি দুর্বল না হয়ে বরং আরও শক্তিশালী হয়েছে।
এই ব্যবস্থা চীনা পার্টির সর্বময় ক্ষমতার ওপর নির্ভরশীল। নথিপত্র বা নেতাদের বক্তৃতায় মনে হয়নি, আগামী পাঁচ বছরে চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা দুর্বল হবে। সি চিন পিং চূড়ান্ত পর্যায়ে ক্ষমতা সংহত করার পর মৌলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রবর্তন করবেন—এমন প্রমাণ খুঁজে পাওয়া কঠিন। এর বিপরীতে দলীয় কংগ্রেসে সি চিন পিং বলেছেন,যারা স্বাধীনতা অক্ষুণ্ন রেখে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে চায়, তাদের জন্য ‘চীনা ধাঁচের’ সমাজতন্ত্রই শ্রেয়।
আল-জাজিরা থেকে নেওয়া, অনূদিত।
কেল এরিক ব্রডসগার্ড: কোপেনহেগেন বিজনেস স্কুলের এশিয়া রিসার্চ সেন্টারের অধ্যাপক।