কমিশনকেই দায়িত্ব নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নির্বাচন কমিশনের যে চারটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তার মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ অন্যতম। এখানে উল্লেখ্য, শুধু সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও পুনর্নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। স্থানীয় সরকার ইউনিটের অথবা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের কাজটি নির্বাচন কমিশনের নয়, এ দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।

বাংলাদেশে এমনিতেই নির্বাচন বিষয়াদি নিয়ে গবেষণাধর্মী ও গবেষণা নেই বললেই চলে। হালে, আমার জানামতে, নির্বাচনী শাসনব্যবস্থা (ইলেক্টোরাল গভর্ন্যান্স) নিয়ে দুটি পিএইচডি গবেষণা হয়েছে, যার একটি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনকি নির্বাচনের অন্যান্য বিষয় নিয়েও তেমন গবেষণাধর্মী লেখা নেই, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তো একেবারেই নেই। কাজেই এ বিষয়টি বেশির ভাগ রাজনীতিবিদ ও সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও জটিলও বটে।

পৃথিবীর বহু দেশে, বিশেষ করে যেখানে স্বাধীন নির্বাচন কমিশন কার্যকর, এ কাজটি নির্বাচন কমিশনের দায়িত্বে বর্তায় এবং বহু দেশে সীমানা পুনর্নির্ধারণের কাজটি আলাদাভাবে ভিন্ন আইন দ্বারা আলাদা কমিশন গঠন করত ওই কমিশনের ওপর এ দায়িত্ব অর্পিত হয়। আমাদের উপমহাদেশে ভারত ও নেপালে আলাদা কমিশন গঠন করে এই কাজটি সম্পন্ন করা হয়, যাতে নির্বাচন কমিশন বিতর্কের আবর্তে না পড়ে। যেসব দেশে একাধিক ক্ষুদ্র জাতিসত্তার উপস্থিতি রয়েছে অথবা একধরনের অভ্যন্তরীণ বিভক্তি রয়েছে, যার কারণে কিছুসংখ্যক আসন আলাদাভাবে বরাদ্দ রাখা হয়, সেসব দেশেও আসন পুনর্নির্ধারণ আলাদা কমিশন দ্বারা সম্পন্ন করা হয়ে থাকে। অন্যদিকে পাকিস্তান শুধু সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণই নয়, স্থানীয় সরকার সংস্থাগুলোর সীমানা নির্ধারণের দায়িত্বও নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।

আলাদা কমিশন গঠন অথবা নির্বাচন কমিশনের এ দায়িত্ব পালনের জন্য অবশ্যই আইন রয়েছে, যার আওতায় এ কাজ সম্পন্ন হয়। এ ধরনের আইন সব দেশে এক রকম নয়। জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা ইত্যাদিকে প্রাধান্য দিয়েই আইন তৈরি হয়। তবে বিশ্বব্যাপী সাধারণভাবে জনসংখ্যাকেই প্রাধান্য দেওয়া হয়, যার সঙ্গে জড়িত প্রশাসনিক ও যোগাযোগব্যবস্থা অন্তর্ভুক্ত। তবে মাঝেমধ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে আইনের পরিবর্তন-পরিবর্ধনও হয়ে থাকে। বহু দেশে সীমানা পরিবর্তনের সঙ্গে এলাকার প্রতিনিধিত্বের বিষয়টিও যুক্ত বলে বড় শহরগুলোতে আসন সীমিত রাখা হয়, যাতে প্রান্তিক অঞ্চলের আসন তেমন ঘাটতি বা বৃদ্ধি পায় না।

বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠভিত্তিক ‘ফাস্ট পাস্ট দ্য পোস্ট’-একক আসন এবং সংবিধান মোতাবেক আসনসংখ্যার ৩০০। কাজেই সীমানা পুনর্নির্ধারণ বিষয়টি জটিল এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে ওঠে। যেহেতু আমাদের দেশে স্থানীয় সরকারে চার স্তরের প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও সংসদ সদস্যরাও উন্নয়নের কাজে যুক্ত এবং আলাদাভাবে বরাদ্দ পেয়ে থাকেন, সেহেতু সীমানা পুনর্নির্ধারণের কাজকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। তাঁরা তাঁর নির্ধারিত আসনে বরাদ্দ পাওয়া অর্থ খরচ করেন। এর মাধ্যমে তাঁরা কার্যত ভোটারদের নিজের দিকে আকৃষ্ট করেন।

কাজেই যেকোনো পরিবর্তন সাধারণ প্রতিনিধিদের পছন্দ নয়। কারণ, সীমানা পুনর্নির্ধারণে পুনর্নির্ধারণের আওতায় আসনগুলোতে জনসংখ্যার সমতা আনতে নতুন আঙ্গিকে তৈরি হয়। বেশির ভাগ সময়ই সংযোজন-বিয়োজনের কারণে পরিচিত সংসদীয় আসনের চেহারা পরিবর্তন হয়। নতুন করে একজন প্রার্থীকে পরিচিত হতে হয় পুনর্নির্ধারিত আসনের সঙ্গে। তছনছ হয়ে যায় অনেক দিনের গড়া আসন। ফলে প্রার্থীরা, বিশেষ করে যিনি বা যাঁরা ওই আসনে নির্বাচিত হয়ে থাকেন, তাঁরা নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত বিষয়গুলো সহজে মেনে নিতে পারেন না। সীমানা পুনর্নির্ধারণ রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ার কারণেই সাংবিধানিকভাবে বিষয়টি আদালতের এখতিয়ারবহির্ভূত রাখা হয়েছে (সংবিধানের ধারা ১২৫ [এ] দ্রষ্টব্য)।

বাংলাদেশে ১৯৭৬ সালের আগে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কোনো আইন তৈরি হয়নি এবং তেমনভাবে কোনো পুনর্নির্ধারণও করা হয়নি। ১৯৭৩ সালে প্রথম নির্বাচনের আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আসনের সঙ্গে সমন্বয় করে ৩০০ আসন পুনর্বিন্যাস করা হয়েছিল। ১৯৭৬ সালে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়। যার সামান্য পরিবর্তন করা হয় ১৯৭৮ সালে। পরবর্তী সময়ে প্রশাসনিক বিন্যাসে মহকুমাগুলোকে জেলায় রূপান্তরিত করার কারণে ১৯৮৪ সালে জনসংখ্যার ভিত্তিতে ৩০০ আসন পূর্ণাঙ্গভাবে পুনর্বিন্যাস করা হয়। ওই অধ্যাদেশে সীমানা পুনর্নির্ধারণ মূলত জনসংখ্যার ও যোগাযোগব্যবস্থাকে মাথায় রেখে অ্যানাগল পদ্ধতিতে পুনর্বিন্যাস করা হয়। ১৯৮৪ সালের পর ছোটখাটো পরিবর্তন ছাড়া প্রায় ২৪ বছর সীমানা পুনর্বিন্যাস করা হয়নি, যদিও প্রতি আদমশুমারির ফলাফল প্রকাশের পর এবং নির্বাচনের আগে পুনর্বিন্যাস করার বাধ্যবাধকতা আইনসম্মত বিষয় ছিল। বিভিন্ন তথ্য প্রকাশ রাজনৈতিক চাপের কারণে ওই সময়কার কোনো নির্বাচন কমিশন এ বিষয়টিতে হাত দিতে চায়নি। এমনকি ১৯৯১ সালের নির্বাচনের আগে সময়ের অভাবে নির্বাচন কমিশন এ কাজটি করা থেকে বিরত ছিল। পরবর্তী সময়ে ১৯৯৪ সালে সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক চাপের কারণে কমিটি সম্পন্ন করতে পারেনি।

সীমানা পুনর্নির্ধারণ একটি চলমান বিষয়, অথচ বাংলাদেশে সীমানা পুনর্নির্ধারণ মানেই একটি রাজনৈতিক বিতর্ক, কারণ পুনর্বিন্যাস প্রক্রিয়ায় কেউ খুশি হন এবং কারও মনে হয়, এ কাজটি নির্বাচন কমিশন অসদুদ্দেশ্যে কোনো বিশেষ ব্যক্তি বা মহলকে সুবিধা দিতেই করেছে। এর প্রধান কারণ, এ কাজটি প্রতি আদমশুমারির পর করার কথা থাকলেও ২৪ বছর মূলত রাজনৈতিক চাপের কারণে সীমানা পুনর্নির্ধারণ ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়নি। এরই প্রেক্ষাপটে ২০০৮ সালে ৮৮টি আসনে পরিবর্তন আনতে হয়েছিল। ওই সময়ে সীমানা পুনর্নির্ধারণের নীতিমালা তৈরি করতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের লিজা হেডলিকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে রকিবউদ্দীন কমিশন পরবর্তী আদমশুমারির পর এবং ২০১৪ সালের নির্বাচনের আগে কয়েকটি আসনে পরিবর্তন এনে সীমানা পুনর্নির্ধারণ করেছিল।

বিশ্বের যেসব দেশে ধারাবাহিকভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়, সেসব দেশের আইন জনসংখ্যাকেই প্রাধান্য দিয়ে তৈরি করা হয়। একই সঙ্গে ধর্তব্যের মধ্যে নিতে হয় যোগাযোগব্যবস্থা, আঞ্চলিক অখণ্ডতা এবং যত দূর সম্ভব প্রশাসনিক বিষয়টিকেও। জনসংখ্যার ভিত্তির মূল কারণগুলো হলো-১. আদমশুমারি ১০ বছর অন্তর করা হয় এবং একজন সদস্য জনপ্রতিনিধি হিসেবে পরিচিত, ভোটারের প্রতিনিধি নন। ভোটাররা ওই অঞ্চলের সম্পূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন; ২. একটি আসনে যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিতে হয়; ৩. প্রশাসনিক অখণ্ডতা আমাদের দেশে জেলাভিত্তিক জনসংখ্যার ওপর আসন বিন্যাস করা হয় এবং ওই জেলার বাইরে অথবা যৌথভাবে কোনো আসন না রাখা; ৪. আঞ্চলিক অখণ্ডতা। এ বিষয়টি আমাদের দেশের কিছু কিছু বিশেষ জায়গার জন্য প্রযোজ্য, যেমন পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত এলাকা। আঞ্চলিক অখণ্ডতা ওই সব দেশের জন্য অপরিহার্য, যেসব দেশ নানা জাতি বা উপজাতি এবং বিভিন্ন ভাষাভাষী বা ভিন্ন সংস্কৃতিতে বিভাজিত। উদাহরণ ভারত, নেপাল এবং অনেকাংশে পাকিস্তান হলেও ওই সব দেশেও জনসংখ্যার ওপরই ভিত্তি করে মূলত সীমানা পুনর্নির্ধারিত হয়।

আমার এত ব্যাখ্যা এবং নীতিগত আলোচনার প্রেক্ষাপট হালে বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক ৩৮ আসনে পরিবর্তনের প্রাথমিক খসড়া প্রকাশ এবং তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক। আমার মতে, এ বিতর্কের পেছনে তেমন কোনো জোরালো যুক্তি রয়েছে বলে মনে হয় না। অনেকেই প্রশ্ন তুলেছেন যে নির্বাচনের মাত্র ছয় মাস আগে এবং আগামী আদমশুমারির আগে এ কাজটি কেন হাতে নেওয়া হয়েছে। আমি আগেই বলেছি, ২০১৪ সালের নির্বাচনের আগে আদমশুমারিকে ধর্তব্যের মধ্যে নিলেও আইন মোতাবেক ১১ তম জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কাজেই এখন কেন-এ প্রশ্নটি অবান্তর বলে মনে করি।

দ্বিতীয় যে বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে তা হলো প্রশাসনিক সুবিধায় উপজেলাভিত্তিক ২৮টি আসনকে পুনর্নির্ধারণ করা, যা অনেক উপজেলায় করা সম্ভব হয়নি। এ প্রশ্নটি অবশ্যই যৌক্তিক। কারণ, উপজেলার সংখ্যা ও সংসদীয় আসনের সংখ্যার অসমতা। কাজেই সর্বনিম্নে একক ইউনিয়ন কাউন্সিল ঠিক রেখে জেলাভিত্তিক আসন প্রয়োজন পুনর্বিন্যাস করা। উপজেলা ভিত্তিতে প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখা সম্ভব নয়। একইভাবে ভোটারভিত্তিক আসন বিন্যাসেও প্রশ্ন উঠতে পারে। সে ক্ষেত্রে প্রতি হালনাগাদের সঙ্গে পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। তবে আইন দ্বারা সময় নির্ধারণ করা যেতে পারে।

যা-ই হোক, নির্বাচন কমিশনের খসড়া শুনানির যে ব্যবস্থা রয়েছে, সেখানে ওই এলাকার সংক্ষুব্ধ জনগণ তাদের মতামত তুলে ধরতে পারবেন। জনগণের দ্বারা উত্থাপিত আপত্তি যৌক্তিক হলে তা কমিশনের খতিয়ে দেখা উচিত হবে। কমিশন এ কাজটি আইনের ভিত্তিতে করলেও নীতিমালাকে আরও স্পষ্টীকরণের প্রয়োজন ছিল। তবে বিদ্যমান আইনটির সংস্করণ ও পরিবর্তন প্রয়োজন রয়েছে। ২০১১ সালে এই আইনের পরিবর্তনের জন্য যে একটি খসড়া তৎকালীন সরকারকে পাঠানো হয়েছিল, তা আদৌ আমলে নেওয়া হয়েছিল কি না, তা জানা যায়নি। ওই সুপারিশ বিভিন্ন দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই করা হয়েছিল।

বর্তমান কমিশন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আইনের পরিবর্তনের জন্য সুপারিশ করতে পারে। আইনটি অবশ্যই যুগোপযোগী করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় শহর ও প্রান্তিক এলাকার আসন ভাগাভাগি আরও জটিল আকার ধারণ করবে।

এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার, কলাম লেখক ও পিএইচডি গবেষক
[email protected]