
অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামাকেয়ার বাতিল করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এখন কর সংস্কারের পথে হাঁটছেন। ক্ষমতা গ্রহণের আট মাস পর এই প্রশাসন কেবল তার চিন্তার রূপরেখা দিতে পেরেছে। কিন্তু আমরা যেটা জানি, তাতেই আতঙ্কিত হওয়ার মতো অনেক কিছু আছে।
কর নীতিতে দেশের মূল্যবোধের প্রতিফলন থাকা উচিত, একই সঙ্গে তাকে দেশের সমস্যা আমলে নিতে হবে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অধিকাংশ দেশ চারটি মূল সমস্যার সম্মুখীন হয়েছে, সেগুলো হলো ক্রমবর্ধমান আয়বৈষম্য, কর্মের অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন ও প্রবৃদ্ধির শ্লথগতি। এ ছাড়া যুক্তরাষ্ট্রকে ক্ষয়িষ্ণু অবকাঠামো পুনর্নির্মাণ এবং তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শক্তিশালী করতে হবে।
এই চ্যালেঞ্জের প্রতিক্রিয়ায় ট্রাম্প ও রিপাবলিকান প্রশাসন এমন এক কর সংস্কারের পরিকল্পনা করছে, যার মাধ্যমে মুনাফার বড় অংশ শুধু মধ্যবিত্তের হাতেই যাবে না, সেটা দেশটির বড়লোকদের হাতেও যাবে। অসমতা সমস্যা হলেও রিপাবলিকানদের প্রস্তাবিত কর সংস্কার বাস্তবায়িত হলে পরিস্থিতি আরও খারাপ হবে।
করপোরেশন ও বড় ব্যবসায়ীরাই বেশি লাভবান হবে। এই পক্ষপাত এই যুক্তিতে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে যে এতে অর্থনীতি চাঙা হবে। কিন্তু রিপাবলিকানদের এটা বোঝা উচিত যে প্রণোদনায় কাজ হয়। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি করে, তাদের কর কমানো উচিত, আর যারা তা করে না, তাদের কর বাড়ানো উচিত।
সর্বোপরি ব্যাপারটা এমন নয় যে যুক্তরাষ্ট্রের বড় করপোরেশনগুলো নগদের ঘাটতিতে পড়েছে। তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ওপর বসে আছে। বিনিয়োগ কমে যাওয়ার কারণ কিন্তু এই নয় যে কর কর্তনের আগে বা পরে মুনাফার পরিমাণ অনেক কম। কারণ, গত ৩০ বছরে জিডিপিতে কর-পরবর্তী করপোরেট মুনাফার পরিমাণ প্রায় তিন গুণ হয়েছে।
বস্তুত, বিনিয়োগের বড় অংশ আসছে জোগান যেখানে ঋণ থেকে আসছে এবং সুদ থেকে যেখানে কর কর্তন করা হচ্ছে, সেখানে করপোরেট করের কারণে পুঁজির খরচ ও বিনিয়োগের লভ্যাংশ সামঞ্জস্যপূর্ণভাবে কমে আসে। সে কারণে তত্ত্ব বা প্রমাণ কোনো কিছুতেই এই ইঙ্গিত পাওয়া যায় না যে করপোরেট কর কমানো হলে বিনিয়োগ বাড়বে।
রিপাবলিকানরা আবার ভৌগোলিক করব্যবস্থার স্বপ্ন দেখে, যেখানে মার্কিন করপোরেশনগুলোকে শুধু যুক্তরাষ্ট্রে উদ্ভূত আয়ের ওপর কর দিতে হবে। কিন্তু এতে শুধু রাজস্ব আয় কমবে। অন্যদিকে মার্কিন কোম্পানিগুলো উৎপাদন কারখানা এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে করের হার কম। করপোরেট কর হার সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার এই প্রতিযোগিতা বন্ধ করতে যুক্তরাষ্ট্রে ব্যবসারত প্রতিষ্ঠানের ওপর ন্যূনতম কর আরোপ করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের বড় অংশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণের দায়িত্ব মার্কিন রাজ্য ও স্থানীয় সরকারগুলোর। ফলে আঞ্চলিক পর্যায়ে আনুক্রমিক করব্যবস্থা চালু করতে রাজ্য আয়কর আরোপ করতে হবে। যেসব রাজ্যে আয়কর নেই, সেসব রাজ্য বিক্রয় করের মতো পশ্চাৎমুখী ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে গরিব ও শ্রমিকদের ওপর ব্যাপক চাপ পড়ে। ট্রাম্প প্রশাসনে যেহেতু অনেক ধনকুবের আছেন, যাঁদের অসমতা নিয়ে মাথাব্যথা নেই, সেহেতু তাঁরা চাইবেন ফেডারেল রাজস্ব থেকে রাজ্যের জন্য কিছু বরাদ্দ না রাখা হোক। এর মাধ্যমে রাজ্যগুলোকে বিক্রয় করের ওপর নির্ভরশীল করে রাখা হয়।
কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামনে যত সমস্যা হাজির হয়েছে, সেগুলো আমলে নিতে হলে তার আরও রাজস্ব দরকার। জীবনমানের উন্নয়ন ঘটাতে প্রাযুক্তিক উৎকর্ষ দরকার, যার জন্য আবার মৌলিক গবেষণা দরকার। কিন্তু জিডিপির অনুপাতে ফেডারেল সরকারের গবেষণায় বরাদ্দের পরিমাণ এখন ৬০ বছর আগের তুলনায় কম।
নির্বাচনের প্রার্থী হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণের সমালোচনা করলেও তিনি এখন যে কর হ্রাসের প্রস্তাব দিচ্ছেন, তাতে দেশটির ঋণ আরও অনেক বাড়বে। রোনাল্ড রিগ্যানের জমানার অভিজ্ঞতা এখনো প্রযোজ্য। মানে কর হার কমানো হলে প্রবৃদ্ধি বাড়ে না, এতে শুধু রাজস্ব কমে। ব্যাপারটা এই মুহূর্তে বিশেষভাবে সত্য, যখন বেকারত্বের হার কেবল ৪ শতাংশের ওপর। সম্মিলিত চাহিদায় তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটলেও এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কর হার বাড়বে। এতে বিনিয়োগ কমবে এবং প্রবৃদ্ধির গতি কমে যাবে।
বিকল্প এক কাঠামো গ্রহণ করা হলে রাজস্ব যেমন বাড়বে, তেমনি প্রবৃদ্ধিও বাড়বে। এর জন্য করপোরেট করব্যবস্থায় প্রকৃত অর্থেই সংস্কার আনতে হবে, যাতে বিশ্বের বড় করপোরেটগুলো যৎসামান্য কর দেওয়ার কায়দা করতে না পারে। কোনো কোনো ক্ষেত্রে যার পরিমাণ ৫ শতাংশের কম, যার কারণে তারা ক্ষুদ্র ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় অন্যায্য সুবিধা পাচ্ছে। এর মাধ্যমে ন্যূনতম কর আরোপ করে মূলধনীয় মুনাফা ও লভ্যাংশকে বিশেষ গুরুত্ব দেওয়ার রীতি বন্ধ করতে হবে। অতি ধনীদের অন্তত নাগরিকদের সমপরিমাণ কর দিতে বাধ্য করতে হবে। এর সঙ্গে কার্বন কর আরোপ করে সবুজ অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
কর নীতি দিয়েও অর্থনীতির রূপ পরিবর্তন করা যায়। বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার পাশাপাশি গবেষণা ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ভূমি ও রিয়েল এস্টেটের ফাটকাবাজির ওপর উচ্চতর করারোপ করে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ব্যয় বাড়াতে হবে। জীবনমানের দীর্ঘমেয়াদি উন্নয়নে এটা গুরুত্বপূর্ণ।
ধনকুবেরদের নেতৃত্বে পরিচালিত প্রশাসন নিজের লাভের লক্ষ্যই কাজ করবে সেটা তো প্রত্যাশিত, যাঁরা আবার মূলত ভাড়া খাটিয়ে মুনাফা করেছেন, উৎপাদনশীল উদ্যোগ থেকে নয়। কিন্তু রিপাবলিকানদের প্রস্তাবিত কর সংস্কার করপোরেটদের জন্য বড় এক উপহার। এতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিহার করা হবে। আর যুক্তরাষ্ট্রের ঘাড়ে বিপুল ঋণের বোঝা চাপানো হবে। পরিণামে বিনিয়োগ কমবে, অসমতা বাড়বে ও প্রবৃদ্ধির গতি কমে যাবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
জোসেফ ই স্টিগলিৎস: নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।