করমুক্ত আয়সীমা ও কর প্রদানের নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতন স্কেল পূর্ণভাবে বাস্তবায়ন এবং আয়কর প্রদানের নতুন প্রক্রিয়া কাকতালীয় হলেও একই সঙ্গে শুরু হচ্ছে। সুতরাং এ দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই ধরতে হবে। এবারের বেতন কমিশন ‘চাকা পুনরাবিষ্কারের’ নেশায় বহুকালের প্রথাসিদ্ধ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল রহিত করে বেতনভুক কর্মকর্তা-কর্মচারীদের যে দাগা দিয়েছে, সে ঘা না শুকাতেই আবার দুভাবে তাতে নুনের ছিটা দেওয়া হচ্ছে। বলা বাহুল্য, কর্মকর্তাদের সিলেকশন গ্রেডকে ‘পদোন্নতি’র মাধ্যমে পুষিয়ে দেওয়ার প্রস্তাব করা হলেও কর্মচারীদের থেকে ছিনিয়ে নেওয়া টাইম স্কেলের ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, তার কিছুই বলা হয়নি।
যা হোক, প্রথম নুনের ছিটাটি হচ্ছে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে তা ২ লাখ ৫০ হাজার টাকায় স্থির রেখে দেওয়া। প্রথম আলোর পাঠক ইসমাইল আহমদ গত ২৬ জুন প্রকাশিত চিঠিতে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে গত বছরের মতো ২ লাখ ৫০ হাজার টাকায় রেখে দেওয়াকে ‘ভয়ানক জুলুম’ বলে মন্তব্য করেছেন।
অপর একটি জাতীয় দৈনিকে গত ২৮ জুন প্রকাশিত ‘করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা কি ন্যায়সংগত?’ শীর্ষক নিবন্ধে আবদুল মোনেম বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দারিদ্র্যসীমার সংজ্ঞা (মাথাপিছু আয় দৈনিক ২ ডলার) বিশ্লেষণ করে দেখিয়েছেন, অতিদরিদ্র শ্রেণিভুক্ত ছয় সদস্যের একটি পরিবারের বার্ষিক আয় দাঁড়ায় ৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। সুতরাং করমুক্ত বার্ষিক আয়সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা করা হলেও ‘অতিদরিদ্র’ পরিবারকে আয়করের আওতায় আনা হয়। প্রশ্ন হচ্ছে, সরকার অতিদরিদ্রের কাছ থেকে আয়কর আদায় করে কাদের মধ্যে বিতরণ করতে চায়? কাদের উন্নয়নে ব্যয় করতে চায়? অর্থমন্ত্রী মহোদয় এবারের বাজেট বক্তৃতার শিরোনামেই ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার’ অঙ্গীকার ব্যক্ত করেছেন! অতিদরিদ্রের কাছ থেকে কর আদায় করে ধনীদের উন্নয়ন করলে কি ‘সমতাভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠিত হবে?
আবার ফিরে যাই ইসমাইল আহমদের চিঠিতে। তিনি লিখেছেন, ‘অনেক দুর্বল মানুষের ওপর জুলুম করা হবে। যেখানে কর বিভাগের সঙ্গে আঁতাত করে অনেক করদাতা কর ফাঁকির তালিকায় জামাই-আদরে থাকতে পারেন, সেখানে সেই রাস্তা বন্ধ না করে সরকার আমজনতার ওপর জুলুম চাপিয়ে দিচ্ছে।’
সরকারের মধ্যে থাকা কেউ কেউ এবং কিছুসংখ্যক স্তাবক দাবি করেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকুরেদের বেতন-ভাতা দ্বিগুণ করা হয়েছে (যা অর্থবছর ২০১৫-১৬-এর জন্য একেবারে অসত্য, বর্তমান বছরের জন্য আংশিক সত্য); তাহলে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ পাঁচ লাখ টাকা করা হয়নি কেন? আমার প্রস্তাব হচ্ছে, কর ফাঁকিবাজ সবাইকে করের আওতায় আনা নিশ্চিত করে করমুক্ত আয়সীমা অন্তত চার লাখ টাকায় উন্নীত করে দরিদ্রের কাছ থেকে কর আদায় করার জুলুম বন্ধ করা হোক। আর এই অঙ্কটি নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য একই হওয়া বাঞ্ছনীয়। কারণ, দেশে নারী উদ্যোক্তা বৃদ্ধির এই বৈষম্যমূলক কৌশল গ্রহণযোগ্য হতে পারে না। নারীরা কর কম দিয়ে বেশি অর্থ সঞ্চয় করতে পারলে তা ব্যয় হবে প্রধানত শাড়ি কেনা বা বড়জোর জমি বা বাড়ি কেনার খাতে। এগুলো কি উন্নয়নশীল খাত?
দ্বিতীয় নুনের ছিটাটি হচ্ছে আয়কর প্রদানের বার্ষিক ব্যবস্থা থেকে সরে এসে উৎসে ‘মাসিক কর কর্তন’ ব্যবস্থা চালু করা। লক্ষণীয় যে জাতীয় বাজেট একটি বার্ষিক আর্থিক পরিকল্পনা (উন্নয়নের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও থাকে), আয়করও হিসাব করা হয় বার্ষিক। বিগত অর্থবছরের আয়ের ওপর আয়কর প্রদানের জন্য অর্থবছর শেষ হওয়ারও প্রায় তিন মাস পর সেপ্টেম্বর মাসে আয়কর দিতে বলা হয় এবং সে সময় আবার এক থেকে দুই মাস বাড়ানো হয়। অর্থবছর শেষ হওয়ার পর প্রথম মাস জুলাইতে আয়কর দিতে বলা হয় না! অথচ এবার দিতে হবে উৎস থেকে সঙ্গে সঙ্গে। অর্থমন্ত্রী মহোদয়ের এই ‘দিন এনে দিন খাওয়ার’ প্রয়োজন হচ্ছে কেন? এত প্রয়োজন হলে আগের বছরের কর দিতে বিলম্বের অনুমতি দেওয়া হয় কেন?
উল্লেখ্য, এই ব্যবস্থায় নুনের ছিটাটি শুধু ব্যক্তি করদাতাদের গায়েই লাগবে না; তাদের মাসিক প্রদত্ত করের হিসাব রাখতে হবে দেশের সব হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের। জাতীয় রাজস্ব বোর্ডের জন্য বাড়তি কাজ করতে গিয়ে এসব অফিসকে গলদঘর্ম হতে হবে; তাদের ওপর লবণের ছিটা নয়, আস্ত দলা গিয়ে পড়বে! আর এসব অফিস থেকে বছরান্তে সনদ জোগাড় করতে চাকুরেদের কী আকারের ঝক্কি-ঝামেলা পোহাতে হবে তার ইয়ত্তা নেই। অতএব, বার্ষিক হিসাবকে বার্ষিক রাখাই বাঞ্ছনীয়। যদি সরকার মাসিক উৎসে কর কাটাকে সত্যিকারেই ‘ডিজিটাল’ করতে পারে (হিসাবরক্ষণ অফিসগুলোর মাধ্যম ছাড়া), শুধু তাহলেই কর প্রদান ও গ্রহণ মাসিক করা যাবে।
ড. আবদুস সাত্তার মোল্লা: শিক্ষা গবেষক ও বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য।
[email protected]