করোনার ভাইরাস দুর্নীতির ভাইরাস
এখন আমি বুঝেছি, এই সতর্কতার কালে, যখন বারবার সাবান–পানিতে হাত ধুয়ে হাতের চামড়া কুমিরের চামড়া বানিয়ে ফেলেছি; বাইরে যাই না, ফোটানো পানি ছাড়া খাই না, তখন আমাকে টাইফয়েডের জীবাণু কাবু করতে পারল কীভাবে? কারণ, আমি দেশি-বিদেশি নানান ভিটামিন এ শহরের নামী ওষুধের দোকান থেকে কিনে এনে খেয়েছিলাম! আর বিদেশি ভিটামিনগুলো আসলে বিদেশি নয়, মেড ইন নকল কারখানা। ভাড়াবাড়িতে নাকি কাজের মহিলারা ক্যাপসুলে মাটি ভরেন, আটা ভরেন আর তা বিদেশ থেকে আমদানি করা হয়েছে বলে সরবরাহ করা হয় শহরের নামীদামি ওষুধের দোকানে। আমার পেটে নিশ্চয়ই মাটিভরা ক্যাপসুলই পড়েছিল! কী সর্বনাশ, ভাবুন! ডাক্তার আপনাকে ওষুধ বাতলালেন, আপনি ওষুধ খাচ্ছেন ভেবে নিশ্চিত আছেন, আর আপনি খাচ্ছেন বাংলার উর্বর মাটি! সমকাল পত্রিকার ১২ জুলাইয়ের খবর, ‘কোটি টাকার নকল ওষুধ জব্দ, ১৬ জনের জেল, দুই ফার্মেসিকে জরিমানা।’
পত্রিকাটি লিখেছ, ‘রাজধানীর উত্তরা এলাকা থেকে কোটি টাকা মূল্যের বিদেশি নকল ও ভুয়া ওষুধ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসব ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ১৬ জনকে কারাদণ্ড দিয়েছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিদেশি ওষুধের নামে এসব নকল ও ভুয়া পণ্য বিক্রির দায়ে বিখ্যাত লাজ ফার্মা ও তামান্না ফার্মেসির উত্তরা শাখাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ডিবি পুলিশের গুলশান বিভাগ এই অভিযান চালায়।’
সেখান থেকে আসুন করোনা প্রতিরোধে ডাক্তারদের জন্য যে প্রতিরক্ষাসামগ্রী কেনা হয়েছিল, সেসবের ভেজালে। প্রথম আলোর ১৬ জুলাইয়ের খবর, ‘এন-৯৫ মাস্কের নামে প্রতারণা ছিল পূর্বপরিকল্পিত। এন-৯৫ মাস্কের নামে নিম্নমানের সাধারণ মাস্ক সরবরাহের ঘটনাকে “পরিকল্পিত প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ” হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি। কেন্দ্রীয় ঔষধাগারের কমিটির এই প্রতিবেদনের আলোকে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান জেএমআই এবং মালামাল গ্রহণ, বিতরণ বা অন্য যেকোনোভাবে এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।’
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সার্বিকভাবে পুরো স্বাস্থ্য খাতে কী হচ্ছে তা আল্লাহ মালুম। প্রথম আলোর খবরে আঁতকে উঠেছিলাম, ‘পরীক্ষা ছাড়াই করোনা শনাক্তের অভিযোগ, জেকেজির সিইও গ্রেপ্তার।...ফোন করলে বাসায় গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হতো। বিনিময়ে নেওয়া হতো সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ৮ হাজার ৬০০ টাকা। কিন্তু সেই নমুনার কোনো পরীক্ষা ছাড়া এক দিন পরেই পরীক্ষার ফল দেওয়া হতো। এমন অভিযোগ উঠেছে জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথ কেয়ার) বিরুদ্ধে।’
এরপর দেখা যাচ্ছে, মো. সাহেদ করিমের রিজেন্ট হাসপাতাল খালি করোনার নমুনা পরীক্ষা না করে প্রতিবেদন দিত তা–ই নয়, সেটি একটি চিকিৎসাপ্রতিষ্ঠানও বটে। প্রতারণা কত প্রকার ও কী কী, সবই দেখিয়ে দিয়েছেন সাহেদ নামের লোকটি, যাঁর কিনা সেলফি তোলার বাতিক ছিল, যিনি কিনা দেশের সব ভিআইপির সঙ্গেই ছবি তুলে রেখেছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোয় ছিলেন নিয়মিত সম্মাননীয় অতিথি!
প্রথম আলোর (২৪ মে ২০২০) এক প্রতিবেদন: ‘৪০০ কোটি টাকার হিসাব মিলছে না—বাজার যাচাই ছাড়াই ৪০০ কোটি টাকার যন্ত্র কিনেছে সাতটি সরকারি হাসপাতাল। এমনকি যে ধরনের বা যে মানের যন্ত্রপাতি দেওয়ার কথা ছিল, তা-ও দেয়নি ঠিকাদার। যন্ত্রপাতি কেনা ও সরবরাহে এই নয়ছয় করার পরও ঠিকাদার প্রাপ্যতার বেশি টাকা তুলে নিয়ে গেছে।...মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদন এবং প্রথম আলোর অনুসন্ধানে মাত্র এক অর্থবছরেই (২০১৩-১৪) এসব দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেছে। কেনাকাটায় অনিয়মের এসব অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনেও (দুদক)।’
৪ জুন ২০২০ কালের কণ্ঠ–এর খবর, ‘দেশের স্বাস্থ্য খাত কতটা নড়বড়ে, করোনাভাইরাস সংক্রমণের পর তা উন্মোচিত হয়েছে।...বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে পিপিই, ভেন্টিলেটর, মাস্ক, গগলসসহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম কেনার উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এসব স্বাস্থ্য সরঞ্জাম কেনায় যে খরচ ধরা হয়েছে, তা বর্তমান বাজারমূল্যের চেয়ে দুই থেকে চার গুণ বেশি।’
এই খবরে আরও আছে, ‘মাত্র ৩০টা অডিও-ভিডিও ফিল্ম তৈরির খরচ দেখানো হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। ৮০টা সেমিনার ও কনফারেন্স করে খরচ করা হবে ২ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বেশি অস্বাভাবিক খরচ দেখানো হয়েছে ওয়েবসাইট উন্নয়ন খাতে। মাত্র চারটি ওয়েবসাইট উন্নয়ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের খরচ হবে ১০ কোটি ৫০ লাখ টাকা।’ এ যে ‘বালিশ–কাণ্ডের’ চেয়েও ভয়াবহ! গণমাধ্যমে হইচই হওয়ার পরে এই প্রকল্পের পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে।
লুটপাট কোন পর্যায়ে গেছে তার একটা উদাহরণ আছে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ১৩ জুলাইয়ের খবরে, ‘অনলাইনে কর্মশালা হলেও অংশগ্রহণকারীদের ব্যাগ, ফোল্ডার, কলম, প্যাডের বদলে দেওয়া হয়েছে নগদ টাকা। এ খাতে প্রতিটি কর্মশালায় ১ লাখ ৯২ হাজার টাকা করে মোট ১ কোটি ৩৮ লাখ ২৪ হাজার টাকা দেওয়া হয় কর্মকর্তাদের।’
বাড়িতে বসে কর্মকর্তারা অনলাইনে সভা করেছেন, তার জন্য আপ্যায়ন বিল করা হয়েছে, খাতা-কলমের বিল করা হয়েছে। ভয়াবহ ব্যাপার হলো এটা করেছেন তঁারাই, যাঁদের এই সব ত্রুটি ধরার কথা—বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এসব খবরের ঘূর্ণিস্রোতে আমরা ভুলতে বসেছি কুয়েতে মানব ও মুদ্রা পাচারের অভিযোগে আটক সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামের (পাপুল) অপকর্মের দীর্ঘ তালিকা। আলোচনা থেকে হারিয়ে গেছে ক্যাসিনো–কাণ্ড, পাপিয়াদের অপকর্ম।
কী বলব দুঃখের কথা! এখন দুর্নীতিরও শ্রেণিবিভাগ করতে হচ্ছে। আমার চুল কেটে দিয়ে আপনার এক শ টাকা নেওয়ার কথা, আপনি চুল না কেটেই টাকা তুললেন, এই দুর্নীতি আর আমাকে দুধ খাইয়ে আপনার এক শ টাকা নেওয়ার কথা, আপনি আমাকে বুড়িগঙ্গার পানি খাইয়ে এক শ টাকা নিলেন—দুইটা এক নয়। আমার চুল কাটা না হলে আমি মারা যাব না, কিন্তু আমাকে আপনি দূষিত পানি খাইয়ে মারতে পারেন। কী করে একদল লোক ওষুধে ভেজাল দিতে পারে, কীভাবে করোনা পরীক্ষার নামে নমুনা সংগ্রহ করে সেসব ফেলে দিয়ে ঘরে বসে ইচ্ছেমতো নেগেটিভ–পজিটিভ রিপোর্ট লিখে দিতে পারে, কীভাবে ত্রুটিপূর্ণ পিপিই সরবরাহ করতে পারে! এরা তো শুধু খুনি নয়, গণখুনি!
এ অবস্থা কেন হলো? বাংলাদেশের মানুষ আমরা এত দুর্নীতিগ্রস্ত কেন? আমাদের সিস্টেম খারাপ বলে আমরা খারাপ, নাকি আমরা খারাপ বলে সিস্টেম খারাপ!
এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে দরকার একটা সার্বিক আন্দোলন। তাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্বাধীন সংবাদমাধ্যম। অধ্যাপক রেহমান সোবহান ঠিকই বলেছেন, স্বাধীন গণমাধ্যম সরকারের বন্ধু। ‘দক্ষিণ এশিয়া ও এর বাইরের দেশেও সংকটের মুহূর্তগুলোতে সরকারের মধ্যে সব সময় তথ্য গোপন করার প্রবণতা দেখা যায়। কিন্তু সংকটকালে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো প্রকৃত ঘটনা ও সত্যকে আড়াল করা। পরিস্থিতির সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোতে আলো ফেলতে পারে গণমাধ্যম।’ (প্রথম আলো, ১৫ জুলাই ২০২০)
বারবার প্রত্যাশা করি, কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে। সবকিছু ঠিক হয়ে আসবে। কিন্তু রোজ আরও বড় দুঃসংবাদ শুনি।
আলবেয়র কামুর দ্য প্লেগ উপন্যাসে যখন প্লেগ মহামারি চলে যাচ্ছে, নগরবাসী উৎসব করছে, তখন ‘কতার’ নামের এক লোক জনতার ওপরে গুলিবর্ষণ করতে থাকে। কারণ সে প্লেগের সময়ে দুর্নীতি করে টাকা করত। আমাদের দেশে বহু লোক করোনার প্রকোপ কমলে হাহাকার করবে, জনতার ওপরে গুলিও করে বসতে পারে। সাহেদের কোমরে যে পিস্তল দেখলাম, তাতে ভয়টা বাড়ে বই কমে না।
করোনাভাইরাস একদিন চলে যাবে, কিন্তু দুর্নীতির ভাইরাসের টিকা আমরা কবে পাব? আমাদের সব উন্নয়ন প্রয়াস, সরকারের নানা প্রকল্প, কৃষক-শ্রমিক- অভিবাসীদের কঠোর পরিশ্রম—সবকিছুকে করোনাভাইরাসের মতোই সংক্রমিত করে আইসিইউতে পাঠাচ্ছে দুর্নীতি, তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন।
আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক