বর্ধিত জনপ্রত্যাশা ও করোনা-পরবর্তী সময়ের পুলিশের দায়িত্ব ও কর্তব্য

যাকে ভালোবাসি, তাকে স্বীকৃতি দিতে বাধে না। আবার, যার সঙ্গে ভালোবাসা হতে হবে, তার হৃদয়ে আপনার জন্য ভালো লাগাও তৈরি হতে হয়। ভালো লাগা বা না লাগার অনুভূতি সৃষ্টির জন্য আবার প্রয়োজন ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়ার সুযোগ। এই মিথস্ক্রিয়ার সংখ্যা, ঘনত্ব ও মানের ওপর নির্ভর করে কারও সঙ্গে আপনার সম্পর্ক কতটা ভালো বা খারাপ হবে।
কোনো ব্যক্তি বা পক্ষের সঙ্গে নেতিবাচক ও নিম্ন মানের মিথস্ক্রিয়া যত বেশি ও ব্যাপক হবে, সেই ব্যক্তি বা পক্ষের সঙ্গে আপনার সম্পর্ক ততই খারাপ হবে। একইভাবে, যোগাযোগের মান উন্নত ও ইতিবাচক হলে প্রতিবার যোগাযোগের সঙ্গে আপনার প্রতি অপর পক্ষের ধারণাও ইতিবাচক হতে থাকবে। তৈরি হতে থাকবে ভালো লাগা। একসময় ভালো মানের এই যোগাযোগের তীব্রতায় ভালো লাগাও হবে সুতীব্র। তৈরি হবে ভালোবাসা ও প্রেম। সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে উত্তম মানের মিথস্ক্রিয়ার ফলস্বরূপও উভয়ের মধ্যে হতে পারে ভালো লাগা ও ভালোবাসা এবং এরই একটি পর্যায়ে সেবাদাতার জন্য রয়েছে সেবাগ্রহীতার পক্ষ থেকে স্বীকৃতি।
মিথস্ক্রিয়া আবার একটি বিষয়ভিত্তিক ধারণা। প্রতিটি বিষয়েই এক বা একাধিক মিথস্ক্রিয়া হতে পারে। যেমন কারও একটি গরু চুরি হয়েছে। এই বিষয়ে আইনি প্রয়োজনে তার সঙ্গে পুলিশের একাধিকবার মিথস্ক্রিয়া হতে পারে। আবার, একটি সার্টিফিকেট হারিয়ে যাওয়ার ঘটনায় জিডি করতে গিয়ে সাধারণত একবার মিথস্ক্রিয়া হতে পারে। এভাবে, সংখ্যার পাশাপাশি বিষয়ভেদে সেবার মান ও পরিমাণেও থাকতে পারে ভিন্নতা। যা–ই হোক, কোনো একটি নির্দিষ্ট সময়ের পরিসীমায় সম্পন্ন মিথস্ক্রিয়ার গড় মান ভালো হলে সেই সময়ের পরিমিতির মধ্যে পরিমাপকৃত সম্পর্ককে ভালো সম্পর্কই বলা হয়। মিথস্ক্রিয়ার কোনো একটি কাম্য গড় মান একটি নির্দিষ্ট সময় ধরে চলমান থাকলে ধাপে ধাপে তা ভালো লাগা, গ্রহণযোগ্যতা, আস্থা, ভালোবাসা ও স্বীকৃতির পর্যায়ক্রমিক স্তর পেরিয়ে ইতিবাচক সম্পর্কের একটি স্থিতিশীল অবস্থার দিকে যেতে থাকে। একসময় হয় সম্মিলন। চিরকালীন পথচলার আয়োজনে আসে পূর্ণতা—প্রেমিক যুগলের দাম্পত্যে প্রবেশের মতো। কোনো সম্পর্কই আবার চিরকালীন নয়। রয়েছে উত্থান-পতন, ভাঙা ও গড়া।
যেকোনো সম্পর্কের মতোই পুলিশ ও জনগণের মধ্যেও কাজ করে চলেছে জটিল এক সম্পর্কের রসায়ন। বুননে বিচ্ছেদে অঙ্কিত হয়ে চলেছে সম্পর্কের সর্পিল লেখচিত্র। যেহেতু রাষ্ট্রযন্ত্রের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সাধারণ মানুষ ও জনগণের সঙ্গে পুলিশের মিথস্ক্রিয়া অনেক বেশি পরিব্যাপ্ত ও ব্যাপক, তাই পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো বা খারাপ হওয়ার সুযোগ বা সম্ভাবনাও অন্য যে কারও থেকে বেশি। প্রিয় ও অপ্রিয় উভয় সম্ভাষণেই অলংকৃত হওয়ার তাপ ও তোপের মুখেই অবস্থান পুলিশের। পুলিশ খারাপ কাজ ও বার্তা নিয়ে যত বেশিবার মানুষের কাছে যাবে, ততই বেশি হবে পুলিশের প্রতি মানুষের খারাপ ধারণা। এই ধারণা বদ্ধমূল হতে হতে একসময় তীব্র ঘৃণায় রূপান্তরিত হয়। এই ঘৃণার পরবর্তী রূপ হিসেবে ভুক্তভোগীরা পুলিশকে প্রতিপক্ষ মনে করতে শুরু করে। এটি হচ্ছে সম্পর্কের নেতিবাচক দিকের সর্বোচ্চ স্তর। বিশেষ কোনো দৈব পরিস্থিতি বা পুনঃপরীক্ষার সুযোগ সৃষ্টি না হলে এখান থেকে ফিরে আসা খুব সহজ নয়।
আমরা বলি, যারে দেখতে নারি তার চলন বাঁকা। পুলিশের দশাও হয় ঠিক তেমনই। এমন পরিস্থিতিতে একটা সময় পুলিশের যেকোনো ভালো কাজও মানুষের মনে সন্দেহ জাগায়। পুলিশের ব্যক্তিগত কোনো অর্জন বা সুখের গল্প মানুষকে বিরক্ত করে, ঈর্ষান্বিত করে। পুলিশ সম্পর্কে বহু বছরের সঞ্চিত ভাবনা এবং অনুভূতির যৌগ এই পরিস্থিতি। এর দায় কোনো পুলিশ কর্মকর্তার একার নয়। আবার, এই অচলায়তন তৈরিতে পুলিশই একমাত্র পক্ষ নয়। যা–ই হোক, করোনা মহামারির আগে নেতিবাচক এই উচ্চতায় পৌঁছে পুলিশও হাঁপিয়ে উঠেছিল। হয়তো নিজেদের অজান্তেই অপেক্ষা করছিল একটি সুযোগের। খুব প্রয়োজন ছিল দেশ ও মানুষের সঙ্গে সম্পর্কের স্বরূপ পুনরুদ্ধারের। একাত্তরে পঁচিশে মার্চের ডায়েরিটা পুনরায় মেলে ধরে নতুন একটি অধ্যায় যোগ করা ছিল সময়ের দাবি।
করোনাও এল। এল সহসাই। এল পৃথিবী ও বাংলাদেশের মানুষের সামনে এক চরম দুর্দিন। গুটিয়ে নিল মানুষ নিজেকে। নিল প্রয়োজনেই। নিজেদের গুটিয়ে নেওয়ার প্রয়োজন ছিল পুলিশ সদস্যদেরও। তাঁদেরও রয়েছে প্রিয় স্বজন। তাঁদেরও ঘরে রয়েছে ফুটফুটে শিশু। রয়েছেন বৃদ্ধ মা ও বাবা। সহধর্মিণীরা পথ চেয়েই কাটিয়েছেন অভিশপ্ত এই করোনাকাল। পুলিশ গুটিয়ে যায়নি। জোর করেই ভুলতে হয়েছে এই করোনাকালে ‘গুটিয়ে নেওয়াই সুখ’। দেশ ও মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সময়ের যে দাবি, তার যোগ্য মূল্য দিতে মোটেও কার্পণ্য করেননি পুলিশের সদস্যরা। প্রাণবাজি রেখে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য। আর করোনাকালে ২৩ জুলাই পর্যন্ত দেশ ও মানুষের জন্য জীবন দিয়েছেন ৫৯ জন পুলিশ সদস্য। এই সংখ্যা বাড়ছেই। তাঁদের ত্যাগের তাপে গলতে শুরু করেছে ঘৃণা ও অস্বীকৃতির বরফ। মানুষও কাছে টেনে নিতে চাইছে পুলিশকে। দীর্ঘকালের সঞ্চিত মরচে সরে গিয়ে সবেমাত্র পুলিশের শৌকর্যের মোহনীয় মর্যাদার প্রকৃত রং ফুটতে শুরু করেছে বা ফুটেছেও অনেকটা। একই সঙ্গে নদীর ওপারেও বালুচরে জেগে উঠেছে কিছু; একটি আশঙ্কা।
ভাবমূর্তির মখমলি কৌটায় করোনাকালে স্বীকৃতির অনেক মুক্তাদানা সঞ্চয় করেছে পুলিশই। পুলিশের একটি অভিন্ন ও দৃশ্যমান ইউনিফর্ম রয়েছে। রয়েছে অভিন্ন নাম ‘পুলিশ’। করোনাকালে মাঠপর্যায়ে কর্মরত কোনো কোনো সংস্থা বা পক্ষ নানা নাম ও পরিচয়ে মানুষের কাছে পরিচিত। একই উৎস থেকে জাত হওয়া সত্ত্বেও মানুষ তাদের অগণিত ভিন্ন ভিন্ন পেশার নামকে একসুতায় গেঁথে একটি অভিন্ন পরিচয়ে দাঁড় করাতে পারেনি। সাধারণ কোনো শনাক্তকরণ চিহ্ন না থাকায়, তাদের ব্যক্তিগত বা টুকরা টুকরা অর্জনগুলো কোনো এক বিশেষ নামের অধীনে সমন্বিত হতে পারেনি। অন্যদিকে, অভিন্নতা ও সহজ দৃশ্যমানতার কারণে প্রত্যন্ত কোনো অঞ্চলেও পুলিশের কোনো এক সদস্যের একক কোনো ভালো কাজের পুরস্কার সহজেই জমা হয়েছে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ভাবমূর্তির ভান্ডারে।
অবশ্য, স্বাভাবিক সময়ে কমন একটি নাম, একটি ইউনিফর্ম ও দৃশ্যমানতাই অন্যতম বড় কারণ ছিল তুলনামূলক বেশি অজনপ্রিয়তার। অন্যের খারাপ কাজ যখন বহুধাবিভক্ত হয়ে কেন্দ্রীয় কোনো সমন্বিত বড় রূপ দাঁড় করাতে দেয়নি, তখনো পুলিশের ক্ষুদ্রাতিক্ষুদ্র সীমাবদ্ধতা ও খারাপ কাজ প্রতিষ্ঠানের নামেই লিপিবদ্ধ হয়েছে যুগের পর যুগ। সেই অসুবিধাটিই এখন এই করোনাকালে পুলিশের জন্য বাড়তি সুযোগ এনে দিয়েছে। তাই খুব বেশি আনন্দিত ও আশ্বস্ত/রিলাক্সড হওয়ারও কোনো কারণ নেই। বরং দুর্ভাবনার যথেষ্ট অবকাশ রয়েছে; রয়েছে একটি আশঙ্কাও।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সারা দিন কঠোর পরিশ্রম করা ও সাধারণ সেবায় সন্তুষ্ট একজন মাঠ কৃষককে দু–চার দিন ডেকে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসিয়ে অপ্রত্যাশিত আদর–আপ্যায়ন করে কৃষিবিষয়ক নানা নির্দেশনা ও পরামর্শ প্রদানের মাধ্যমে অপরিচিত উন্নত সেবার অভিজ্ঞতা দিলে পরবর্তী সময়ে কৃষি অফিসের কাছে কৃষকের প্রত্যাশায় ভিন্নতা আসবে। উন্নত ও সুখকর সেবার স্মৃতি মাথায় নিয়ে সেই কৃষক প্রথাগত স্বাভাবিক সেবায় আর সন্তুষ্ট হবেন না কিংবা অধিকতর অসন্তুষ্ট হবেন।
বাংলাদেশের নাগরিকদের কেউ কেউ ইউরোপ বা আমেরিকার কোনো দেশে কিছুদিন থেকে দেশে ফিরে যে হাপিত্যেশ করতে থাকেন—বিষয়টা অনেকটা সে রকম। উন্নত দেশের উন্নত পুলিশি সেবার অভিজ্ঞতা পেয়ে স্বদেশেও পুলিশের কাছে তাঁদের প্রত্যাশা বেড়ে যায়। বাংলাদেশের পুলিশকে তাঁরা যেমন দেখে গিয়েছিলেন, ফিরে এসে তাঁরা তার চেয়েও খারাপ পান, যেমন পান দেশীয় অন্য অনেক সেবাকে। এর কারণ আবশ্যিকভাবে এই নয় যে এর মধ্যে পুলিশি বা অন্যান্য সেবার মানের অবনতি ঘটেছে।
কোনো বিশেষ পরিস্থিতিতে সেবাগ্রহীতার প্রত্যাশা যদি সহসাই বেড়ে যায়, তখন সেবার মানের এই উত্তরণ ধরে রাখা জরুরি হয়ে পড়ে। তা করতে ব্যর্থ হলে সেবাদাতা প্রতিষ্ঠানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিশেষ পরিস্থিতি পূর্ব মানের চেয়েও অনেক নিচে নেমে যেতে পারে। অভূতপূর্ব ও বিশেষ মানবিক সেবার কারণে পুলিশের সদস্যরা যে সম্মান ও স্বীকৃতি এই করোনাকালে মানুষের কাছ থেকে পেয়েছেন, করোনাকাল অতিক্রান্ত হওয়ার পরপরই সেই স্বীকৃতি ও ভালো লাগা-ভালোবাসায়ও একই কারণে ভাটার টান পড়তে পারে।
কোনো ব্যক্তির কাছে আপনার কতটুকু প্রত্যাশা, তার ওপর নির্ভর করে সেই প্রত্যাশা পূরণে সেই ব্যক্তির ব্যর্থতায় তার ওপর আপনি কতটুকু সংক্ষুব্ধ হবেন। উদাহরণস্বরূপ, ঈদ সালামির একটি গল্প বলা যায়। ধরুন, একটি ছেলের ধারণা বা প্রত্যাশা ছিল তার বিদেশফেরত মেজ চাচা তাকে পাঁচ শ টাকা সালামি দেবেন। ছোট চাচা, যিনি দেশে থাকেন এবং ছোট একটি চাকরি করেন, তাঁর কাছে ছেলেটির প্রত্যাশা কম। ভেবেছিল ছোট চাচা তাকে বড়জোর এক শ টাকা সালামি দেবেন। বাস্তবে দেখা গেল, বিদেশফেরত চাচা তাকে এক শ টাকা সালামি দিয়েছেন। অন্যদিকে, ছোট চাচাও তাকে দিয়েছেন এক শ টাকা। দুজনই সমান দিয়েছেন। কিন্তু প্রত্যাশার ভিন্নতার কারণে ছেলেটি তার মেজ চাচাকে কঞ্জুস ভাবতে শুরু করেছে। করোনাকাল পার হওয়ার পর, পুলিশের অবস্থাটা আবার সেই বিদেশফেরত মেজ চাচার মতো না হয়।
করোনাকাল এখনো অতিক্রান্ত হয়নি। হয়তো আরও কিছু বা বহুদিন আমাদের অপেক্ষা করতে হবে। করোনার সঙ্গে সহাবস্থান হয়তো চলবে মাসের পর মাস কিংবা বছর এক, দুই, তিন। করোনার সঙ্গে বসবাসের সময়কালটা যেহেতু অনির্দিষ্ট, সংগত কারণেই সুরক্ষা বজায় রেখে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসবে। পুলিশি ব্যবস্থাও ক্রমেই ফিরে যাবে তার স্বাভাবিক চেহারায়। করোনার দিকে দৃষ্টিনিবদ্ধ পুলিশি ব্যবস্থার সঙ্গে আরও ব্যাপকভাবে যোগ হবে আইনশৃঙ্খলা ও জনশৃঙ্খলা রক্ষার বিষয়টি। করোনাকালে বর্ধিত প্রত্যাশার প্রসারিত হাত মানুষ মেলে ধরবে আমাদের সামনে। সেই হাত দুটিকে কীভাবে মানবিক সেবা ও সহযোগিতা দিয়ে করোনাকালের মতো পূর্ণ রাখা যায়, তা–ই হবে আসন্ন দিনগুলোয় বাংলাদেশ পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
লেখক: সহকারী মহাপরিদর্শক, পুলিশ সদর দপ্তর